নভেম্বর ২১, ২০১৮ ১২:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২১ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • জোটের সিদ্ধান্ত আমি নেব, প্রার্থীও আমিই চূড়ান্ত করব-এরশাদ-দৈনিক ইত্তেফাক
  • বিএনপি নেতা-কর্মীদের আ.লীগ-যাত্রা ফখরুল ঠেকাতে পারবেন না: কাদের-দৈনিক প্রথম আলো
  • অংশগ্রহণমূলক হলেও অবাধ হচ্ছে কি?-দৈনিক প্রথম আলো
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট কি নিখোঁজ-খবরটি গুজব?-দৈনিক যুগান্তর
  • গ্রামের ‘পাগল’ ছেলেটি র‌্যাবের চোখে ‘জঙ্গি’-দৈনিক মানবজমিন
  • রিটার্নিং কর্মকর্তাদের সাথে সভা না করতে মন্ত্রিপরিষদকে নির্দেশনা ইসির-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব নয়, সংসদীয় কমিটির বৈঠকে উঠল দাবি-দৈনিক সংবাদ প্রতিদিন
  • মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী নাবালিকা -দৈনিক আজকাল
  • মুসৌরিতে মুছে গেল বিজেপি, উত্তরাখণ্ড জুড়েই পুরভোটে বড় ধাক্কা গেরুয়া শিবিরের-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. নির্বাচন নিয়ে আলোচনার জন্য গণভবনে বৈঠক করেছেন এরশাদ এবং বি. চৌধুরী। বাংলাদেশের চলমান রাজনীতিতে এ বৈঠকের গুরুত্ব কতটুকু?

২. রাশিয়া ও আমেরিকার মধ্যে মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র ধ্বংস সংক্রান্ত আইএনএফ চুক্তির ভবিষ্যত সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ। প্রশ্ন হচ্ছে কেন এই উদ্বেগ?

তো জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

বিশ্লেষণের বাইরে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর:

বিএনপি নেতা-কর্মীদের আ.লীগ-যাত্রা ফখরুল ঠেকাতে পারবেন না: কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। দলের সভানেত্রী শেখ হাসিনার ক্লিয়ারেন্স পেলে, একটু সবুজ সংকেত পেলে সারা দেশে বিএনপির বিপুল নেতা-কর্মীর স্রোতোধারা আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে। এই যাত্রা মির্জা ফখরুল ইসলাম ঠেকাতে পারবেন না।

আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে দলবদলের রাজনীতির কোনো চমক আছে কি না, এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঘোড়াবদলের যে রাজনীতি, এটা গণতান্ত্রিক দেশগুলোয় নতুন কোনো বিষয় নয়। নতুন কোনো দৃশ্যপট নয়। তিনি বলেন, ‘কে কোন দিকে অবস্থান নেবে, অলরেডি তো হচ্ছেই। আমরা কিন্তু এখনো নেত্রীর ক্লিয়ারেন্স পাইনি। অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ 

মনোনয়নপ্রত্যাশী ৫ নেতা আটক, ইসিকে বিএনপি-প্রথম আলো

পুলিশি অভিযানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পাঁচ নেতা আটক হয়েছেন জানিয়ে তাঁদের পরিচয় নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে বিএনপি।

এ-সংক্রান্ত একটি চিঠি আজ বুধবার বাহকের মাধ্যমে ইসিতে পাঠায় বিএনপি। চিঠিতে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইসিতে পাঠানো বিএনপির চিঠি অনুযায়ী, আটক হওয়া পাঁচ নেতা হলেন ইব্রাহীম হোসেন (বাগেরহাট-৪), আনিসুজ্জামান খান (গাইবান্ধা-২), আনোয়ারুল হক (নেত্রকোনা-২), শেখ রবিউল আলম (ঢাকা-১০) ও আবু বক্কর (যশোর-৬)।

বিএনপির পক্ষ থেকে আটক নেতা-কর্মীদের অবিলম্বে ছেড়ে দিতে ব্যবস্থা নেওয়ার জন্য ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে।

জোটের সিদ্ধান্ত আমি নেব, প্রার্থীও আমিই চূড়ান্ত করব-এরশাদ-দৈনিক ইত্তেফাক

একদিন হাসপাতালে চিকিত্সা নিয়ে চারদিন গোপন স্থানে অবস্থানের পর দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাত্কার গ্রহণ অনুষ্ঠানে এলেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের নিয়ে মঞ্চে বসলেও উপস্থিত মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেওয়া হয়নি। তাদের উদ্দেশে এরশাদ বললেন, ‘তোমরা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার ওপর ছেড়ে দাও, আমার ওপর আস্থা রাখো। দলীয় প্রার্থী কারা হবে আমিই চূড়ান্ত করব। প্রাথমিকভাবে তিনশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করব। রাজনৈতিক কারণে অন্য জোটে যেতে হলে সেই সিদ্ধান্তও আমি নেব। দেশ, পার্টি ও নেতাকর্মীদের স্বার্থ বিবেচনা করে ভোট ও জোটের সিদ্ধান্ত নেব। প্রেসিডিয়াম সভায় আমাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। আমি কখনও মুক্ত ছিলাম না, এখনও মুক্ত নই। মামলা মাথায় নিয়ে দলের নেতৃত্ব দিচ্ছি। তোমরা ভালো থেকো।’

গ্রামের ‘পাগল’ ছেলেটি র‌্যাবের চোখে ‘জঙ্গি’-দৈনিক মানবজমিন

ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী গ্রামে আজ ভোর ৪টায় জঙ্গি সন্দেহে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। অভিযান শেষে ওই গ্রামের পশ্চিমপাড়ার কৃষক শরাফত হোসেন মন্ডলের ছেলে আকতারুজ্জামান সাগর (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। র‌্যাবের দাবি, সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।  তবে গ্রামবাসি জানায়, আটক আকতারুজ্জামান সাগর এক সময় মানসিক রোগী ছিলেন। ২০১৫ সালে তিনি পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসাও নেন। গত ১৪ দিন আগে সাগর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে বিয়ে করেন। নাম প্রকাশ না করার শর্তে আক্তারুজ্জামানের এক প্রতিবেশী বলেন, সে পুরো পাগল। ১৪ দিন আগে তার বিয়ে দেওয়া হয়েছে। বস্তা মাথায় দিয়ে শ্বশুর বাড়ি চলে যাওয়া, শ্বশুরের শরীর ভরে মূত্র ত্যাগ করাসহ পাগলের মতো বিভিন্ন আচরণ করেছে সে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-১০ বছরের পরিবর্তন অব্যাহত রাখাই আওয়ামী লীগের লক্ষ্য-দৈনিক কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১০ বছরে দেশের যে পরিবর্তন সূচিত হয়েছে তা অব্যাহত রাখাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বুধবার সকালে সেনাসদরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খেতাপপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, নির্বাচনী ইশতেহারে তার দল যে দিন বদলের প্রতিশ্রুতি দিয়েছিল তা আজ পূরণ হয়েছে। সমৃদ্ধ দেশ গড়ার এ অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের ঘোষণা দিয়েছিলাম দিন বদলের সনদ। আপনারাই বিবেচনা করে দেখবেন। সেই দিন বদল আমরা করতে পেরে ছিলাম কি না। আমি দাবি করব, আমি অবশ্যই দিন বদল করেছি। তবে আমাদের আরও অনেক দূর যেতে হবে, অনেক উন্নয়ন করতে হবে। যে দেশে ৪০ ভাগ দারিদ্র্য ছিল, সেটা আমরা ২১ ভাগে নিয়ে আসছি। আমাদের লক্ষ্য আরও পাঁচভাগ এই দারিদ্র্যের হার আমরা কমাব। বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশ।

বঙ্গবন্ধু স্যাটেলাইট কি নিখোঁজ?-দৈনিক যুগান্তর

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ শিরোনামের একটি খবরকে গুজব বলে নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়ের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’।বুধবার গণমাধ্যমে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ বলে প্রচার করা হয়। ফ্রান্সের থ্যালাস এলেনিয়া স্পেস কোম্পানি স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। এই স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বাংলাদেশ টেলিভিশন প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান প্রচার করছে।

এই খবরটি একটি ‘উদ্দেশ্যপ্রণোদিত গুজব’ বলে নিশ্চিত করে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব নয়, সংসদীয় কমিটির বৈঠকে উঠল দাবি-দৈনিক সংবাদ প্রতিদিন

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজধানী দিল্লিতে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার। বিলের খসড়া পেশ করে এদিন কমিটির বেশিরভাগ সদস্য দাবি করেন, বিলটি থেকে বাংলাদেশ শব্দটি বাদ দিতে হবে। অর্থাৎ শব্দটি বাদ দিলে বাংলাদেশ থেকে আগত অ-মুসলিম জনতা (হিন্দু, বৌদ্ধ ও অন্য ধর্মাবলম্বী মানুষজন) ভারতের নাগরিকত্ব পাবেন না।

কমিটির অনেক সদস্য জানান, পাকিস্তান, আফগানিস্তান থেকে অ-মুসলিম জনতা (হিন্দু, বৌদ্ধ ও অন্য ধর্মাবলম্বী মানুষজন) ভারতের নাগরিকত্ব পেলে তাঁদের কোনও অসুবিধা নেই। এই বিলের ২ নম্বর ধারায় কেন্দ্রীয় সরকার রাখতে চাইছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আগত সে দেশের সংখ্যালঘু ‘অ-মুসলিম’ জনতাকে (হিন্দু, বৌদ্ধ, পার্সি, শিখ, জৈন, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন)। এঁদের অবৈধ অনুপ্রবেশকারী বলা যাবে না। নিপীড়িত এই সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। কিন্তু যৌথ সংসদীয় কমিটির কয়েকজন সদস্যের দাবি, এক্ষেত্রে বাংলাদেশকে বাদ দিতে হবে তালিকা থেকে। কারণ সেখানকার হিন্দু, বৌদ্ধরা দলে দলে এ দেশে চলে এলে তা অসম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় সমস্যা তৈরি হবে। ওই তিনটি রাজ্য-সহ অনেক রাজ্যে সামাজিক, আর্থিক ও রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। তাই নাগরিকত্ব সংশোধনী বিল থেকে ‘বাংলাদেশ’ শব্দটি বাদ দিতে হবে।

মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী নাবালিকা-দৈনিক আজকাল

অতিরিক্ত কার্টুন দেখার নেশা। সারাক্ষণ কার্টুনেই বুঁদ হয়ে থাকত নাবালিকা। এইকারণে প্রায়ই স্কুলে যেত না সে। মঙ্গলবার এই কারণে মা তাঁকে বকুনি দেয়। মায়ের বকুনি খেয়ে তারপরই ফাঁকা ঘরে গলায় শাড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হল নাবালিকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে।

নরেন্দ্রপুরের রাধানগর পশ্চিম পাড়ার বাসিন্দা সোমনাথ মণ্ডল। পেশায় রাজমিস্ত্রি। সোমনাথের স্ত্রী ছায়া মণ্ডলও একটি কারখানায় কাজ করেন। তাঁদেরই একমাত্র মেয়ে সহেলী মণ্ডল। বয়স ১৩ বছর। পরিবারের তরফে জানা গিয়েছে, টিভিতে অতিরিক্ত কার্টুন দেখার কারণে মাঝেমধ্যেই স্কুলে যেত না সহেলী। মঙ্গলবারও কার্টুন দেখার জন্য স্কুল কামাই করে কিশোরী। বকা দেন মা ছায়া মণ্ডল।

এরপর বাবা সোমনাথ মণ্ডল ও মা ছায়া মণ্ডল দু’জনেই কাজে চলে যান। সন্ধেবেলায় কাজ থেকে ফিরে এসে সোমনাথ মণ্ডল দেখেন, ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁর। এরপরই দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে তিনি দেখেন, ফ্যানের সঙ্গে গলায় শাড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে মেয়ে।

মুসৌরিতে মুছে গেল বিজেপি, উত্তরাখণ্ড জুড়েই পুরভোটে বড় ধাক্কা গেরুয়া শিবিরের-দৈনিক আনন্দবাজার

মাত্র এক বছর আগেই উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় দেখা গিয়েছিল। কিন্তু, বছর ঘুরতে না ঘুরতেই সে ছবিকি বদলাতে শুরু করল? বুধবার পুরভোটের ফলাফলের দিকে নজর ঘোরালে তেমনটাই মনে হচ্ছে। বছরখানেক আগে এ রাজ্যে ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৫৭টি আসনেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। তবে এ দিন রাজ্যের যে ৮৪টি পুরসভা নির্বাচনের ফল জানা গিয়েছে, তার মধ্যে মাত্র ৩৪টি পুরসভা দখল করতে পেরেছে বিজেপি। বাকি ৫০টি পুরসভার দখল নিয়েছেন বিরোধী কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা।

উত্তরাখণ্ডের মুসৌরিতে একেবারে ধুয়েমুছে গিয়েছে বিজেপি। নির্দল প্রার্থীদের পাশাপাশি মুসৌরির দখল নিয়েছে কংগ্রেস। মুসৌরি হারের দিনেই বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ উঠল কংগ্রেস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, দেহরাদূনের একটি গণনাকেন্দ্রে বিতর্কিত বিজেপি বিধায়কগণেশ যোশী জোর করে ঢুকতে গেলে বাধা দেন তাঁরা। এমনকি,গণেশ জোশীর সঙ্গে ধস্তাধস্তিও হয় কংগ্রেস কর্মীদের।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১