নভেম্বর ২২, ২০১৮ ১২:৫৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপি গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে: কাদের-দৈনিক প্রথম আলো
  • ১৫ ডিসেম্বরের পর মাঠে সেনা বাহিনীর টিম : সিইসি-দৈনিক ইত্তেফাক
  • মামলা-গ্রেফতার চলছেই, ইসি নীরব ভূমিকায়: অলি ‘-দৈনিক যুগান্তর
  • ঐক্যফ্রন্টের ইশতেহারে যা থাকছে-দৈনিক মানবজমিন
  • রপ্তানি বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ইস্তফা শোভনের, কলকাতার নয়া মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম-সংবাদ প্রতিদিন
  • বিধানসভা ভেঙে দেওয়ায় ক্ষোভ, জম্মু-কাশ্মীরে ভোট হতে পারে লোকসভার সঙ্গেই-দৈনিক আনন্দবাজার
  • জম্মু–কাশ্মীরে নির্বাচন কখন সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন:‌ রাজ্যপাল-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

১৫ ডিসেম্বরের পর মাঠে সেনা বাহিনীর টিম : সিইসি-দৈনিক ইত্তেফাক

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনীর ছোট ছোট টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় পুলিশ বাহিনীর উদ্দেশে এ সব কথা বলেন সিইসি।তিনি বলেন, ১৫ ডিসেম্বরের পর সশস্ত্র বাহিনীর ছোট টিম পুলিশের সঙ্গে দেখা করবে। প্রতিটি জেলায় থাকবে সশস্ত্র বাহিনীর এসব ছোট ছোট টিম। এসব টিমকে নিয়ে সমন্বয় করে কাজ করতে হবে পুলিশকে।

সিইসি বলেন, সশস্ত্র বাহিনীর এই টিমের যাতায়াতের ব্যবস্থা পুলিশকে করে রাখতে হবে। অন্যান্য বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের তথ্য দিয়ে সহায়তা করতে পুলিশকে নির্দেশনা জানান সিইসি।

অনুষ্ঠানে পুলিশ বাহিনীকে ১২ দফা নির্দেশনা দিয়ে সিইসি নুরুল হুদা বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করার কথা আমরা বলিনি। এটা আপনারা করবেন না। কারণ এটা নিয়ে নানা প্রশ্ন ওঠে। ভোটগ্রহণ কর্মকর্তারা এতে বিব্রত হন। আমরা এটা চাই না। তিনি আরও বলেন, যদি তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয় তাহলে কোনো ব্যক্তির তথ্য গোপন সূত্র ব্যবহার করে সংগ্রহ করতে পারেন। বাড়িতে বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞাসা করার দরকার নেই। এটা আমরা চাই না।

বিএনপি গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে: কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি নির্বাচনী কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক আন্তর্জাতিক সেমিনারে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক বক্তব্য দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তাঁরা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩০০ থেকে ৪০০ নেতা-কর্মী অবস্থান করবেন। আওয়ামী লীগ যদি একইভাবে দলীয় নেতা-কর্মীদের কেন্দ্রে অবস্থান নিতে বলে, তাহলে কি গৃহযুদ্ধ হবে না?

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভাষ্য, ঐক্যফ্রন্টের সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে লন্ডন থেকে। জোটটির শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্য নেতাদের এক কানাকড়ি দামও নেই। বিএনপি তাঁদের ব্যবহার করছে।

আ স ম ফিরোজ নির্বাচন করতে পারবেন না, দাবি আইনজীবীর-প্রথম আলো

সুদ মওকুফের পর সোনালী ব্যাংক থেকে দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের ২৭ কোটি টাকা ঋণ পুনঃ তফসিলের সবশেষ সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন। হাইকোর্টের এই আদেশের ফলে আ স ম ফিরোজ এখন ঋণখেলাপি বলে জানিয়েছেন রিট আবেদনকারীপক্ষের আইনজীবী। তাঁর ভাষ্য, হাইকোর্টের আজকের আদেশের ফলে আ স ম ফিরোজ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

মামলা-গ্রেফতার চলছেই, ইসি নীরব ভূমিকায়: অলি-যুগান্তর

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম আজ এক অনুষ্ঠানে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে রিমান্ডে নেয়া হচ্ছে। মামলাও চলছে। অথচ নির্বাচন কমিশন (ইসি) নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতে জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য অলির।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এখনও নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য সব আয়োজন যেন করে রেখেছে সরকার ও প্রশাসন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নির্বাচন সুষ্ঠু করতে বিএনপির পক্ষ থেকে ১৩ দফা দাবি উত্থাপন শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন

রপ্তানি বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ

রপ্তানি বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং গুডসের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। এর আলোকে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি কূটনীতিকদের নির্দেশনা দেয়া হয়েছে ওই সব দেশের পণ্যের চাহিদার বিষয়ে তথ্য দেয়ার জন্য। যাতে আমরা রফতানি বৃদ্ধি করতে পারি।

ঐক্যফ্রন্টের ইশতেহারে যা থাকছে-দৈনিক মানবজমিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারের খসড়ায় থাকছে- জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, সুশাসন ইত্যাদি। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমণ্ডির অফিসে ঐক্যফ্রন্টে ইশতেহার কমিটির বৈঠক শুরুর আগে এমন ইঙ্গিত দেন ডা. জাফরুল্লাহ। 

তিনি বলেন, আমরা আজকে ইশতেহার তৈরি করার জন্য বৈঠকে বসেছি। প্রথমে ড্রাফট তৈরি করবো। পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাশ হবে। জাফরুল্লাহ চৌধুরী জানান, ১১ দফার ভিত্তিতে ইশতেহার করা হবে। তবে এটা আরো বিস্তৃত হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইশতেহার ছাপানো হবে বলেও জানান জাফরুল্লাহ চৌধুরী।

সংবাদ সম্মেলনে ড. দেবপ্রিয় ভট্টাচার্য-প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতিতে সুশাসন প্রয়োজন-দৈনিক মানবজমিন

প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতির জন্য প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি থাকা দরকার বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণ’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও ড. মোস্তাফিজুর রহমান। ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণ’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করেন সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজেম। 

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতিতে সুশাসন থাকা দরকার। সেজন্য প্রতিযোগিতাপূর্ণ রাজনীতিও দরকার। ব্যবসায়ীরা রাজনীতিতে যুক্ত হচ্ছেন।

ব্যক্তির প্রয়োজনে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছেন। এ কারণে ছোট ছোট উদ্যোক্তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পান না। রাজনীতি এখন বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। স্বল্প উন্নত দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে ব্যবসায়ীদের বড় ভূমিকা থাকা উচিত। এক্ষেত্রে  উদ্যোক্তারা প্রস্তুত কিনা, তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি। রাজনৈতিক নেতাদের হলফনামার সত্যতা যাচাই করতে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচনের পরেও এসব হলফনামার আপডেট রাখারও পরামর্শ দেন তিনি। 

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

জম্মু–কাশ্মীরে নির্বাচন কখন সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন:‌ রাজ্যপাল-দৈনিক আজকাল

বুধবার বিধানসভা ভাঙার কারণ, ওই দিনটা ইদের দিন বলে পবিত্র ছিল।  বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথাই বললেন জম্মু–কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। বুধবার শবেবরাতের অনুষ্ঠান ছিল ইসলাম ধর্মাবলম্বীদের। সেদিনই বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল। সরকার গড়ার দাবি জানিয়ে মেহবুবার ফ্যাক্স না দেখেই বিধানসভা ভেঙে দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন, বুধবার ইদ থাকায় সব সরকারি দপ্তরই বন্ধ ছিল। সেটা জানতেন মেহবুবা। বিধানসভা ভাঙার সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক করেছেন বলে জানিয়ে রাজ্যপালের ক্ষোভ, বুধবার তাঁর রাঁধুনি যিনি ফ্যাক্স মেশিন দেখাশোনা করেন, তিনিও ছুটি নিয়েছিলেন। রাজভবনে তিনি সম্পূর্ণ একা ছিলেন। তাঁকে খাবার দেওয়ার মতোও কেউ ছিলেন না। তবে মেহবুবার ফ্যাক্স পেলেও তাঁর সিদ্ধান্তে তিনি অনড় থাকতেন বলে সাফ জানিয়েছেন রাজ্যপাল।

ইস্তফা শোভনের, কলকাতার নয়া মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম-দৈনিক সংবাদ প্রতিদিন

সমস্ত জল্পনার অবসান৷ মেয়র পদে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়৷ সূত্রের খবর, কলকাতা পুরসভার নয়া মেয়র হচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ এখনও সরকারি ভাবে ঘোষণা না হলেও, শীর্ষ মহল সূত্রে খবর, মেয়রের দৌঁড়ে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিমই৷ কেবল মেয়রই নয়, ডেপুটি মেয়র পদেও রদবদল করা হচ্ছে৷ নয়া ডেপুটি মেয়র হচ্ছেন মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ৷ বর্তমানে ডেপুটি মেয়র রয়েছেন ইকবাল আহমেদ৷ তাঁকেও সরিয়ে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর৷

জানা গিয়েছে, মন্ত্রিসভা থেকে শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার পরেই, তাঁর মেয়র পদে ইস্তফা নিয়েও জলঘোলা হচ্ছিল৷ তৃণমূল সূত্রে খবর, তাঁকে মেয়র পদেও ইস্তফা দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

কলকাতার বুকে সাঙ্কেতিক রেডিও বার্তার চালাচালি, বড় ষড়যন্ত্রের আশঙ্কা-আনন্দবাজার

কয়েক দিন অন্তর চলছে সাঙ্কেতিক ভাষায় সন্দেহজনক রেডিয়ো যোগাযোগ। কলকাতা শহরের ২৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই চলছে ওই যোগাযোগ। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে,পাশ্তো বা আফগানিস্তানের কোনও উপজাতীয় ভাষায় কথোপকথন চলছে। অথচ সেই বার্তার অর্থ কেউ উদ্ধার করতে পারেননি। আর তাই নিয়েই রাজ্য পুলিশের গোয়েন্দা থেকে শুরু করে ঘুম ছুটেছে কেন্দ্রীয় গোয়েন্দাদেরও।

কারণ, ২০১৬ সালে বসিরহাটের ভয়ঙ্কর গণ্ডগোলের কয়েক দিন আগেই এ রকম সন্দেহজনক রেডিয়োবার্তা বিনিময় হয়েছিল সীমান্ত পার থেকে। তবে সেই বার্তা ছিল বাংলায়। এবারে সাঙ্কেতিক এই বার্তার মধ্য দিয়ে কী ঘটানোর ছক চলছে তা ভেবেই অস্থির গোয়েন্দারা।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২