ব্যালটের ঝামেলা দূর করবে ইভিএম- সিইসি: ভোটার শূন্য নির্বাচন করতেই ইভিএম -রিজভী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ-ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেবেন সিইসি-দৈনিক প্রথম আলো
- ব্যালটে ভোট দেয়ার ঝামেলা দূর করবে ইভিএম : সিইসি-দৈনিক ইত্তেফাক
- শরিকদের ৭০ আসন দিতে চায় আ’লীগ-দৈনিক যুগান্তর
- সাবেক প্রতিমন্ত্রী মিলন কারাগারে-দৈনিক মানবজমিন
- আওয়ামী লীগের প্রার্থী তালিকা নিয়ে ধোয়াশা-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- কাশ্মীরে বড় সাফল্য সেনার, জওয়ানদের গুলিতে খতম ৬ জঙ্গি-সংবাদ প্রতিদিন
- মোদীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, জোশীকে দিয়ে ক্ষমা চাওয়ালেন রাহুল-দৈনিক আনন্দবাজার
- অন্ধ্রপ্রদেশে তৈরি হবে নতুন বিধানসভা, যা হবে স্ট্যাচু অফ ইউনিটির থেকেও উঁচু-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
শুরুতে আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনীতি বিষয়ক খবর
ঐক্যফ্রন্টের বিরুদ্ধে এক জোট ইসি-পুলিশ কর্তারা: বিএনপি-দৈনিক প্রথম আলো
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ও পুলিশ কর্মকর্তারা এক জোট হয়েছে। তারা ঐক্যফ্রন্টের বিরুদ্ধে বৈঠকও করেছে। রিজভী বলছেন, বৈঠকের আলোচনায় মনে হয় বিএনপি ও ঐক্যফ্রন্টকে আসন্ন জাতীয় নির্বাচন থেকে কীভাবে দমন করা যায়, তারই ‘মহাপরিকল্পনা’ হয়েছে। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, ইসি ও পুলিশ কর্মকর্তাদের আলোচনায় এটি অত্যন্ত সুস্পষ্ট যে, দলীয় চেতনায় সাজানো পুলিশ কর্মকর্তাদের কোনো নড়চড় করবে না নির্বাচন কমিশন। সরকারের অনুকূলেই সমতল ভূমি নির্মাণ করতে দিনরাত কাজ করে যাচ্ছে ইসি। রিজভীর অভিযোগ ভোটার শূন্য নির্বাচন করতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে অটল সিইসি।
অন্যদিকে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ব্যালট পেপারে ভোট দেয়ার ঝামেলা দূর করতে হবে। আর এটি করতে পারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।
বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ-ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেবেন সিইসি-দৈনিক প্রথম আলো
বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আবু বকরের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধারের ঘটনা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার যশোর জেলা বিএনপির সহসভাপতি আবু বকরের লাশ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়। গত বুধবার সকালে বিএনপি থেকে ইসিতে মনোনয়নপ্রত্যাশী গ্রেপ্তার হওয়া পাঁচ নেতার তালিকা দেওয়া হয়েছিল। সেখানে আবু বকরের নাম ছিল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি প্রথমে জানান, তিনি এ বিষয়ে জানেন না। তিনি বলেন, ‘পুলিশ ফৌজদারি মামলা করবে। আমরা তো কিছু করতে পারব না।
তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকরের লাশ হওয়ার বিষয়টি বিএনপির অভ্যন্তরীন বিষয়’। খবরটি দৈনিক মানবজমিনে প্রকাশিত হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী মিলন কারাগারে-দৈনিক মানবজমিন
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে তিন মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ হাকিম শফিউল আজম এ আদেশ দেন।
শুক্রবার দুপুরে মিলনকে কচুয়ার বিশেষ আদালতে হাজির করা হলে আদালত আসামির পক্ষের আইনজীবীর কথা শুনে আগামী রোববার শুনানির দিন ধার্য করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। মিলনের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, ছিনতাই এবং চাঁজাবাজিসহ মোট ২৬টি মামলা রয়েছে।
শরিকদের ৭০ আসন দিতে চায় আ’লীগ-দৈনিক যুগান্তর
ভোটের হাওয়া লেগেছে সর্বত্র। শহর থেকে গ্রাম, হাটবাজার থেকে গ্রামের মেঠো সড়কের পাশে ছোট্ট চায়ের দোকান সব জায়গায় আলোচনার বিষয়বস্তু এখন একটিই-জাতীয় নির্বাচন। চায়ের কাপে ঝড় তুলছে নির্বাচনী আলাপ।
নির্বাচনী আলোচনায় এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জোট-মহাজোট কীভাবে তাদের শরিকদের সন্তুষ্ট করবে সেই বিষয়টি। জোট-মহাজোটের আসন ভাগাভাগির দিকেই দৃষ্টি সবার। সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে। ১৪ দলের বাইরে এবার আওয়ামী লীগের নির্বাচনী সঙ্গী জাতীয় পার্টি, বিকল্পধারা ও নাজমুল হুদার তৃণমূল বিএনপি। মহাজোটের শরিক দলগুলোর মধ্যে ৭০ আসন ভাগ করে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। রোববার এ তালিকা প্রকাশের জোর সম্ভাবনা আছে। তবে আজ জোটবন্ধুদের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হলে আগামীকাল শনিবারও তালিকা প্রকাশ হতে পারে। দলটির মনোনয়ন বোর্ডের একাধিক সূত্র নিশ্চিত করেছে এ তথ্য।
আওয়ামী লীগের প্রার্থী তালিকা নিয়ে ধোয়াশা-দৈনিক নয়া দিগন্ত
নির্বাচনের জন্য আওয়ামীলীগ আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা এখনো প্রকাশ করেনি। কিন্তু দলীয় মনোনয়নপ্রত্যাশীরা তাদের নিজ নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রাপ্তির খবর প্রচার করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণও করছে। এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য লে. কর্নেল (অব:) ফারুক খান বলেন, ‘মনোনয়নের ব্যাপারে কাউকে এখনো নিশ্চিত করা হয়নি।
‘নাইকো মামলা নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য বেআইনি’-দৈনিক যুগান্তর
নাইকো মামলা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিয়েছেন, তা বেআইনি বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে নিজ চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে নাইকো মামলায় কানাডার মাউন্টেড পুলিশ ও এফবিআইয়ের প্রতিবেদন নিয়ে অ্যাটনি জেনারেলের বক্তব্য প্রত্যাখ্যান করেন খালেদা জিয়ার এ আইনজীবী। এর আগে বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, এফবিআই ও কানাডিয়ান পুলিশ প্রমাণ পেয়েছে যে, হাওয়া ভবনকে প্রভাবিত করে নাইকো থেকে ঘুষ নেয়ার প্রমাণ পাওয়া গেছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
মোদীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, জোশীকে দিয়ে ক্ষমা চাওয়ালেন রাহুল-দৈনিক আনন্দবাজার
গত বছর গুজরাট বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘অশোভন’ মন্তব্য করে সাসপেন্ড হতে হয়েছিল মণিশঙ্কর আয়ারকে। এ বার রাজস্থানে, ঠিক ভোটের আগেই, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘জাতিবৈষম্যমূলক’ মন্তব্যের জন্য, প্রবীণ কংগ্রেস নেতা সিপি জোশীকে দিয়ে ক্ষমা চাওয়ালেন রাহুল গাঁধী। সেই সঙ্গে জানিয়ে দিলেন, বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয় কংগ্রেস। নেতাদের আরও সাবধান হতে হবে। মন্তব্য করতে হবে বুঝে শুনে।
সম্প্রতি রাজস্থানে একটি জনসভায় বক্তৃতা রাখছিলেন সিপি জোশী। সেখানে নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতাদের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘‘বিজেপির অনেক নেতাই হিন্দু ধর্ম নিয়ে বড়াই করেন। কিন্তু ওঁদের জাত কেউ জানেন কি?
অন্ধ্রপ্রদেশে তৈরি হবে নতুন বিধানসভা, যা হবে স্ট্যাচু অফ ইউনিটির থেকেও উঁচু-দৈনিক আজকাল
দেশ জুড়ে বিতর্ক তুলে সম্প্রতি বিশ্বের উচ্চতম মূর্তি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপর থেকেই কে মাথা কত উঁচুতে তুলতে পারে, তার জন্য লড়াই চরমে। মহারাষ্ট্র চাইছে, মোদীর গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটিকে ছাপিয়ে যাক শিবাজির মূর্তি। আবার উত্তরপ্রদেশে রামের মূর্তি তৈরি হওয়ার ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্বের উচ্চতম শিবমূর্তিও তৈরি করার কথা শোনা যাচ্ছে। তবে এইসব বিতর্ককে ছাপিয়ে গেলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আস্ত একটা ভবন তৈরির ছক কষে ফেলেছেন তিনি, যেটা হবে প্যাটেলের ১৮২ মিটার মূর্তির থেকেও উঁচু। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে তৈরি হবে সেই ভবন। এটিই হবে অন্ধ্রপ্রদেশের বিধানসভা।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩