দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন না, হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন না, হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল-দৈনিক ইত্তেফাক
- আ.লীগ জোটের মনোনয়ন-মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত দর-কষাকষি-দৈনিক প্রথম আলো
- অ্যাটর্নি জেনারেলের মন্তব্যে দেশবাসী স্তম্ভিত: রিজভী-দৈনিক যুগান্তর
- মনোনয়ন বাণিজ্যের প্রচার মিথ্যা ও বানোয়াট: জাপা মহাসচিব-দৈনিক মানবজমিন
- জিয়া উদ্দিন বাবলুকে প্রতিহত করতে রংপুরে জাপা নেতাদের অবস্থান-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- অশোধিত তেলের দামে রেকর্ড পতন, ফের পেট্রোপণ্যে শুল্ক বাড়াতে পারে কেন্দ্র-দৈনিক সংবাদ প্রতিদিন
- ঝাড়খণ্ড থেকে গুণ্ডা পাঠাচ্ছে বিজেপি, পুরুলিয়ার সভা থেকে আক্রমণ মমতার-দৈনিক আজকালকরতারপুর করিডর মানেই আলোচনা নয়, সার্কের আমন্ত্রণ ফিরিয়ে কড়া বার্তা সুষমার-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট....এ খবর দিয়েছে বাংলাদেশের সব পত্রপত্রিকা। ইউরোপীয় পার্লামেন্টের এমন সিদ্ধান্তের কারণ কী?
২. কাতারের ওপর অবরোধ বহাল রাখবে সৌদি ও মিশর। দেশ দুটির এ সিদ্ধান্তের যৌক্তিকতা কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
আ.লীগ জোটের মনোনয়ন-মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত দর-কষাকষাকষি-দৈনিক প্রথম আলো
আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক এবং জাতীয় পার্টিসহ অন্যান্য মিত্র দলগুলো যার যার সুবিধাজনক আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছে। কেউ নিজের দলের মনোনয়নে, কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দর-কষাকষি করার লক্ষ্যেই এই কৌশল নিয়েছে শরিকেরা। জোটের প্রধান দল আওয়ামী লীগও এতে সায় দিয়েছে।
আওয়ামী লীগ, ১৪ দল ও তাদের মিত্র দলের নেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে, ১০-১৫টি আসনে এখনো জটিলতা রয়ে গেছে। এ জন্য জোট ও মিত্রদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করা যায়নি। তবে কে কয়েকটি আসন পেতে পারে, মৌখিকভাবে সবাইকে একটা ধারণা দেওয়া হয়েছে। এতে জোটের অধিকাংশ শরিক ও মিত্ররা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। এ জন্য দর-কষাকষি চালিয়ে যাচ্ছে। আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এদিকে আওয়ামী লীগ শুরুতে ২৫০টি মনোনয়ন-চিঠি বিতরণ করেছিল। বিভিন্ন স্থানে ক্ষোভ-বিক্ষোভের পর আরও কিছু আসনে মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে। সান্ত্বনা দিয়ে ক্ষোভ থামানোই প্রধান লক্ষ্য।
প্রত্যাহারের শেষ দিন চিঠি দিয়ে যাঁদের পক্ষে প্রতীক বরাদ্দ দেওয়ার চিঠি দেওয়া হবে, তাঁরাই হবেন দল, জোট ও মিত্র দলের মূল প্রার্থী। এর মাধ্যমে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়াও কিছুটা ঠেকানো যাবে বলে আওয়ামী লীগের নেতারা মনে করছেন।
নৌকা প্রতীক নিয়ে যাঁরা নির্বাচন করবেন, তাঁদের প্রত্যেকেরই মনোনয়নের চিঠি নেওয়ার সময় প্রত্যাহারের চিঠিতে সই রেখে দেওয়া হয়েছে। ফলে দলের প্রত্যাহারের চিঠিতে যে কারও মনোনয়ন বাতিল হয়ে যাবে।
ড. কামাল হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন না-দৈনিক প্রথম আলো
ঢাকা–৬ আসনে মনোনয়নপত্র জমা দিতে এসে গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী বলেছেন, ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছে না। আজ বুধবার বেলা দেড়টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়ন ফরম জমা দেন সুব্রত চৌধুরী।
গণফোরামের নির্বাহী সভাপতি বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি। ইসির আচরণের মনে হচ্ছে, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি।’
জামায়াত প্রসঙ্গে ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী বলেন, তিনি জামায়াত দেখেন না। জামায়াত যাঁরা, তাঁরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
খালেদা বাদ পড়লে বগুড়া-৬–এ লড়বেন ফখরুল-দৈনিক যুগান্তর/প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হলে তাঁর জন্য নির্ধারিত বগুড়া-৬ আসনে বিকল্প হিসেবে লড়বেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে মির্জা ফখরুল ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।এটি ছাড়াও মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকেও লড়বেন।
দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন না, হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল-দৈনিক ইত্তেফাক
ফোজদারি মামলায় দুই বছর বা এর অধিক দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না মর্মে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই মর্মে আদেশ দেন। ওই আদেশে আদালত বলেন, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুযায়ী নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ পাঁচজনের করা এক আবেদন খারিজ করে দিয়ে আদালত আদেশ দেন।
পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আরেক বিএনপি নেতা জাহিদ হোসেন। আজ ওই আবেদনের উপর শুনানি শেষে আপিল বিভাগ ‘নো’ অর্ডার দেন। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল রইলো বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
অ্যাটর্নি জেনারেলের মন্তব্যে দেশবাসী স্তম্ভিত: রিজভী-দৈনিক যুগান্তর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মন্তব্যে দেশবাসী স্তম্ভিত ও হতবাক। কারণ তিনি সাফ বলে দিয়েছেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য।
অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলায় দেয়া দণ্ডের বিরুদ্ধে তিনি আপিল করেছেন এবং তাতে স্থগিতাদেশ প্রার্থনা করেছেন।
কিন্তু সেই বিষয়ে আদালত এখনও সিদ্ধান্ত দেননি জানিয়ে রিজভী বলেন, আদালত আপিল গ্রহণ করেছেন; কিন্তু কোনো শুনানি হয়নি; আদালত কোনো রুল বা আদেশ দেননি। তা হলে তিনি কীভাবে বললেন- খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করতে চাই- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহীউদ্দীন খান আলমগীর, হুসেইন মুহম্মদ এরশাদের বিচারিক আদালতে সাজা হলেও আপিল চলমান অবস্থায় তারা নির্বাচন করেছেন কীভাবে?
তিনি বলেন, 'অ্যাটর্নি জেনারেল সাহেব আপনি তো আওয়ামী লীগের নেতা, আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তা হলে আপনি কীভাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা থাকেন ?'
সরকারি ক্ষমতার শক্তিতে বলীয়ান হয়ে আপনার মতো দলবাজ আগ্রাসী আইন কর্মকর্তা থাকলে ন্যায়বিচার পাওয়ার সব পথ বন্ধ হয়ে যাবে, বলেন রিজভী।
তিনি বলেন, বাংলাদেশের নজির হল- আপিল করেই নির্বাচন করা যাবে। কারণ আপিলকে ধরা হয় চলমান বিচারের অংশ। আপিল বিভাগের রায় আছে, নির্বাচনী তফসিল ঘোষণার পর কে যোগ্য বা অযোগ্য সেটি ঠিক করবে ইসি।
আর সেখানে যদি কোনো সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটে, তখন তা কেবল উচ্চ আদালতে আসতে পারে। এখন অ্যাটর্নি জেনারেল যা বলেছেন, তা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার শামিল, বলেন রিজভী।
মনোনয়ন বাণিজ্যের প্রচার মিথ্যা ও বানোয়াট: জাপা মহাসচিব-দৈনিক মানবজমিন
জাতীয় পার্টির মনোনয়ন বাণিজ্যের বিষয়ে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এটা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। এটা কোনো একটি স্থান থেকে এসেছে, আমাকে ও দলকে হেয় প্রতিপন্ন করতে এটা ছড়ানো হয়েছে। তিনি বলেন, সারা জীবন ধরে এ ধরনের কোনো অভিযোগ আসল না। এটি একটি অনাকাক্সিক্ষত ঘটনা। কোনো একটি লোক এটা করাচ্ছে। আজ বুধবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক অনির্ধারিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, একটি কুচক্রি মহল হীন উদ্দেশ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বানিজ্যের অপপ্রচার চালাচ্ছে। যার সাথে সত্যের কোন সম্পর্ক নেই, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
করতারপুর করিডর মানেই আলোচনা নয়, সার্কের আমন্ত্রণ ফিরিয়ে কড়া বার্তা সুষমার
প্রধানমন্ত্রীকে সার্ক সম্মেলনে যোগদান করার জন্য পাকিস্তানের আমন্ত্রণ পত্রপাঠ প্রত্যাখ্যান করল ভারত। বুধবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়ে দিলেন, সার্ক (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) সম্মেলনে ভারত যোগ দেবে না। পাশাপাশি করতারপুর করিডরের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার যে কোনও সম্পর্ক নেই, সে কথাও সাফ জানিয়ে দিয়েছেন বিদোশমন্ত্রী।
মঙ্গলবারই পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সাল জানান, সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে। তার ২৪ ঘণ্টাও কাটল না। বুধবার হায়দরাবাদে সাংবাদিক সম্মেলনে সুষমা এ দিন বলেন, ‘‘আমন্ত্রণ এসেছে। কিন্তু তাতে আমরা সদর্থক সাড়া দিচ্ছি না। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে পাকিস্তান মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত কোনও আলোচনা হবে না। আমরা সার্ক সম্মেলনে যোগ দিচ্ছি না।’’
ঝাড়খণ্ড থেকে গুণ্ডা পাঠাচ্ছে বিজেপি, পুরুলিয়ার সভা থেকে আক্রমণ মমতার-দৈনিক আজকাল
লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক টানাপোড়েন তত বাড়ছে। বুধবার পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেছেন ঝাড়খণ্ড থেকে গুণ্ডা পাঠিয়ে পুরুলিয়াকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। মমতা বলেন, ‘গেরুয়া ফেট্টি বেঁধে একদল লোক ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ায় আসছে। আগে এঁরাই লাল ফেট্টি বাঁধত। এখন গেরুয়া ফেট্টি বাঁধে। সিপিএমের হাত ধরেই বিজেপি বাংলায় ঢুকেছে। বাংলার মানুষ এঁদের জবাব দেবেন। এবারের ভোটে বাংলায় একটি আসনও পাবে না বিজেপি।’ রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন মমতা ব্যানার্জি।
অশোধিত তেলের দামে রেকর্ড পতন, ফের পেট্রোপণ্যে শুল্ক বাড়াতে পারে কেন্দ্র-দৈনিক সংবাদ প্রতিদিন
গত ২ সপ্তাহ ধরে ভারতের বাজারে পেট্রল, ডিজেলের দাম নিয়মিত হারে কমছে। অক্টোবরের শুরুর দিকে যে দাম ছিল, তাঁর সঙ্গে তুলনা করলে এই মুহূর্তে পেট্রোপণ্যের মূল্য অনেকটাই নিয়ন্ত্রণে। এর পিছনে বিরোধীদের যুক্তি, পাঁচ রাজ্যে ভোটের মুখে সংস্থাগুলি কেন্দ্রের নির্দেশেই দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যদিও, পেট্রোপণ্যে মূল্য হ্রাসের মূল কারণ, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য হ্রাস। গত দেড় মাসে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমেছে প্রায় ৩০ শতাংশ। দেখতে গেলে সে তুলনায় ভারতের বাজারে তেলের দাম অতটা কমেনি। অর্থাৎ, অশোধিত তেলের দাম কমার সুবিধা সরাসরি পাননি সাধারণ মানুষ। এবার সাধারণের কপালে আরও দুর্ভোগ আসতে চলেছে। কারণ, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভোটের পর নতুন করে শুল্ক বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮