ডিসেম্বর ০৮, ২০১৮ ১২:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিলন সমর্থকদের-দৈনিক ইত্তেফাক
  • সুশাসন-গুম, মানবাধিকার ও নির্বাচন-দৈনিক প্রথম আলো
  • লন্ডনে বসে তারেক রহমান দেশবিরোধী ষড়যন্ত্র করছেন: নানক-দৈনিক যুগান্তর
  • অবৈধ অস্ত্র নিয়ে শঙ্কা বাড়ছে-দৈনিক মানবজমিন
  • গণমাধ্যমকে নিয়ন্ত্রণের কৌশল নিয়েছে সরকার : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • শনিবার রাজ্যে আসছেন না অমিত শাহ, বাতিল সফর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • সার্জিক্যাল স্ট্রাইককে অতিরঞ্জিত করে রাজনীতি হয়েছে:‌ প্রাক্তন সেনা আধিকারিক-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. নির্বাচন কমিশন সরকারের কথায় চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনার পর্যবেক্ষণ কী?

২. জাতিসংঘে হামাস বিরোধী প্রস্তাব পাস করতে পারে নি আমেরিকা। আমেরিকা কেন ব্যর্থ হলো বলে আপনি মনে করেন?

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

সার্জিক্যাল স্ট্রাইককে অতিরঞ্জিত করে রাজনীতি হয়েছে:‌ প্রাক্তন সেনা আধিকারিক-দৈনিক আজকাল

দু’বছর অতিক্রান্ত সার্জিক্যাল স্ট্রাইকের। কিন্তু এখনও সেই তরজা চলছে। এবার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা। সেই সময় সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন হলেও হুডার মতে, গোটা ঘটনাটিকে অতিরঞ্জিত করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে রাজনীতি করা হয়েছে। প্রসঙ্গত, হুডার কাঁধেই ছিল সার্জিক্যাল স্ট্রাইককে সফল করার দায়িত্ব।

উরির সেনা ছাউনিতে হামলার কয়েকদিন পরেই পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা জওয়ানরা। পরে সেই সার্জিক্যাল স্ট্রাইকের কথা প্রকাশ্যে আনা হয়। এই প্রসঙ্গে হুডা বলেন, ‘ওই সময় সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন ছিল। কিন্তু এভাবে বিষয়টিকে অতিরঞ্জিত করা কিংবা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করা উচিত নয়।’ 

বুলন্দশহরে পুলিস অফিসার খুনের ঘটনায় আটক সেনা জওয়ান-দৈনিক আজকাল

বুলন্দশহরের ঘটনায় অন্যতম অভিযুক্ত সেনা জওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল উত্তরপ্রদেশ পুলিস। শুক্রবার রাতে জম্মু–কাশ্মীরের সোপোর শহর থেকে জীতেন্দ্র মালিক ওরফে জীতু ফৌজিকে আটক করা হয়। তবে গ্রেপ্তার নয়, আপাতত জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। এমনটাই জানানো হয়েছে সংবাদমাধ্যমের পক্ষ থেকে। 

বুলন্দশহরের বাসিন্দা জীতু চাকরিসূত্রে শ্রীনগরে থাকেন। কিন্তু ঘটনার সময় ১৫ দিনের ছুটিতে তিনি নিজের বাড়িতে ছিলেন। বুলন্দশহরের ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশ ছেড়ে দেন জীতু। তদন্তে জানা গিয়েছে, সোমবার বুলন্দশহরের ঘটনার বিভিন্ন ভিডিওতে এই সেনা আধিকারিককে দেখা গিয়েছে।

শনিবার রাজ্যে আসছেন না অমিত শাহ, বাতিল সফর-দৈনিক সংবাদ প্রতিদিন

শনিবার রাজ্যে আসছেন না অমিত শাহ। শুক্রবার কলকাতা হাই কোর্টের রায় ঘোষণার পরই, বাতিল করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরসূচি। শুক্রবার রাতে কোচবিহার থেকে কলকাতায় ফিরে এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি, তিনি হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- গঙ্গাজল ও গোবর জল দিয়ে বিজেপির সভাস্থল ‘পবিত্র’ করলেন তৃণমূলকর্মীরা। রথযাত্রার অনুমতি দেয়নি আদালত। কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানাতে সভা করেছে বিজেপি। কোচবিহারে পালটা শুদ্ধিকরণ অভিযানে নামলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ঝিনাইডাঙায় যেখানে সভা হয়েছিল, সেই জায়গাকে গঙ্গা ও গোবরজল ছিটিয়ে ‘পবিত্র’ করলেন শাসকদলের মহিলা কর্মীরা। এদিকে জাতীয় সড়ক আটকে সভা করার অভিযোগে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়দের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে থানায়।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮