ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ শেখ হাসিনার
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ শেখ হাসিনার-দৈনিক প্রথম আলো
- জামায়াত নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা আবেদন নিষ্পত্তির নির্দেশ-দৈনিক ইত্তেফাক
- ফের আফরোজা আব্বাসের প্রচারণায় হামলা-দৈনিক মানবজমিন
- ৫ বছরে এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির-দৈনিক যুগান্তর
- দিরাইয়ে পাঁচ শতাধিক আ’লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ঋণ মকুবের পাশাপাশি ধানের সহায়ক মূল্য বৃদ্ধি, শপথ নিয়েই চমক বাঘেলের-দৈনিক সংবাদ প্রতিদিন
- ৯৯ শতাংশ পণ্যকেই আনা হবে ১৮ শতাংশ জিএসটি-র আওতায়, ইঙ্গিত মোদীর-দৈনিক আনন্দবাজার
- ‘কৃষিঋণ মকুব না করা পর্যন্ত মোদিকে ঘুমোতে দেব না’, হুঁশিয়ারি রাহুলের-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ শেখ হাসিনার-দৈনিক প্রথম আলো
বিগত দিনে দেশ পরিচালনা করতে গিয়ে নিজের ও দলের নেতাদের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করে দেব—এটা আমাদের জাতির কাছে ওয়াদা।’
আজ মঙ্গলবার সকালে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় তিনি বলেন, ‘আমি নিজে এবং দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব।’
৫ বছরে এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির-দৈনিক যুগান্তর
দেশের সবচেয়ে বড় সমস্যা তরুণদের বেকারত্ব দূরে নতুন কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছে বিএনপি।দলটি ক্ষমতায় এলে আগামী ৫ বছরে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। বিএনপির নির্বাচনী ইশতেহারে এই অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এ ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে বিএনপি। ইশতেহারে তরুণ প্রজন্মের ভাবনা ও তাদের মূল সমস্যা কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।
জামায়াত নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা আবেদন নিষ্পত্তির নির্দেশ-দৈনিক যুগান্তর
জামায়াতের নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা চেয়ে চার ব্যক্তির আবেদন তিনদিনের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে জামায়াতের ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণের মনোনয়নপত্র বৈধ ঘোষণার ইসির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে।আজ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে জামায়াতে ইসলামীর ২৫ নেতার একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। রিটে ‘ধানের শীষ’ প্রতীকে ২২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনজন প্রার্থী নির্বাচনে যে প্রতিদ্বন্দিতা করছেন তাদের অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন জানানো হয়। পরে গতকাল সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ আবেদনের উপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।
মাহবুব তালুকদার সত্য বলেননি: সিইসি-দৈনিক প্রথম আলো
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই—নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের করা এ মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘মাহবুব তালকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে।’
আজ মঙ্গলবার রাঙামাটিতে একাদশ সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
গতকাল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘আমি মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।’ নির্বাচন কমিশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কমিশনার এসব কথা বলেন।
আজ মাহবুব তালুকদারের এ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে সিইসি দ্বিমত পোষণ করেন। নূরুল হুদা বলেন, ‘সবাই নিজেদের মতো প্রচারণা চালাচ্ছেন। লেভেল প্লেয়িং ফিল্ডে অসুবিধা কোথায়?’
যুগান্তর ও মানবজমিনের কয়েকটি রাজনৈতিক খবর তুলে ধরছি
ফের আফরোজা আব্বাসের প্রচারণায় হামলা- এ শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের গণসংযোগে আবারো হামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি রোডে এ ঘটনা ঘটে। এ সময় একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিএনপির সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলার বলেছেন,ভয়ভীতি ও ত্রাসমুক্ত নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। নির্বাচনী সহিংসতায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, গোলাম মাওলা রনি সিইসিকে উদ্দেশ্য করে বলেছেন, আমার কিছু হলে আপনারা মামা ভাগ্নে দায়ী হবেন।
খেলাপি ঋণই বড় সমস্যা: অর্থমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
ব্যাংক খাতে খেলাপি ঋণই বড় সমস্যা বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আর্থিক খাতে সুশাসনের অভাব রয়েছে বলা যাবে না। তবে ব্যাংক খাতে বড় সমস্যা খেলাপি ঋণ। তা–ও আবার সরকারি ব্যাংকগুলোতে। বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে রয়েছে। এই হার আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। খেলাপি ঋণ সমস্যার সমাধানটা একটু কঠিন—এমন মন্তব্য করে মুহিত বলেন, খেলাপি ঋণ আদায়ে করণীয় বিষয়ে তিনি একটি প্রতিবেদন তৈরি করছেন, যা আগামী সরকারের জন্য রেখে যাবেন। ওই প্রতিবেদনে থাকবে ১০ শতাংশ খেলাপি ঋণ হলেই সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদনটি এখনো লিখতে শুরু করেননি বলেও জানান তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মইনুলের জামিন-দৈনিক যুগান্তর
টেলিভিশনের লাইভ টকশোতে নারী সাংবাদিককে মন্তব্যের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক ব্যারিস্টার মইনুল হোসেনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।মাসুদ রানা বলেন, ঢাকার গুলশান থানায় ২৬ অক্টোবর করা এ মামলায় মইনুলকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
গত ১৬ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেনকে জামায়াতের এজেন্ট বললে তিনি সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ করে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন।
এ নিয়ে ফেসবুকে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। মাসুদা ভাট্টিসহ নারী সাংবাদিকরা মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এবার ভারতের দুটি খবর তুলে ধরছি
৯৯ শতাংশ পণ্যকেই আনা হবে ১৮ শতাংশ জিএসটি-র আওতায়, ইঙ্গিত মোদীর-দৈনিক আনন্দবাজার
ফের বদলানো হবে জিএসটি অর্থাৎ পণ্য এবং পরিষেবা করের পরিকাঠামো। সরকার চাইছে, দেশের ৯৯ শতাংশ পণ্যকেই ১৮ শতাংশ জিএসটি-র নিচে নিয়ে আসতে। মুম্বইতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি পরিকাঠামোতে বদল আনতে এই মুহূর্তে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ‘‘জিএসটি চালুর আগে সারা দেশে নথিভুক্ত সংস্থার সংখ্যা ছিল ৬৫ লক্ষ। জিএসটি চালুর পর সেই সংখ্যা আরও ৫৫ লক্ষ বেড়েছে। ৯৯ শতাংশ পণ্যকে আমরা ১৮ শতাংশ জিএসটি-র আওতার নিচে নিয়ে আসার জন্য কাজ শুরু করেছি।’
‘কৃষিঋণ মকুব না করা পর্যন্ত মোদিকে ঘুমোতে দেব না’, হুঁশিয়ারি রাহুলের-দৈনিক আজকাল
প্রতিশ্রুতি রক্ষা করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশে শপথ গ্রহণের দু’ঘণ্টার মধ্যে কৃষিঋণ মকুব করেছেন কংগ্রেস মু্খ্যমন্ত্রী কমলনাথ। ছত্তিশগড়ের নবনিযুক্ত কংগ্রেস সরকারও কৃষিঋণ মকুব করেছে। বাকি রয়েছে রাজস্থান। সেখানেও কৃষিঋণ মকুব হওয়ার পথে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। যেটা ছ’ঘণ্টার মধ্যে করে দেখিয়েছে কংগ্রেস, সেটা গত সাড়ে চার বছরে করে উঠতে পারেনি মোদি সরকার। নোটবন্দির নামে কৃষকদের টাকা লুঠ করে দেশের দশ থেকে পনেরো জন শিল্পপতির হাতে তুলে দিয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে কংগ্রেসের জয়কে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব মানুষের জয় বলে মনে করেন রাহুল।
মঙ্গলবার সংসদের বাইরে সাংবাদিক বৈঠকে রাহুল ফের মোদিকে আক্রমণ করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুটি ভারত তৈরি করেছেন। একদিকে রয়েছে গরিব মানুষ, যুব সমাজ, কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্যদিকে রয়েছে দেশের ১৫ জন শিল্পপতি।’ গোটা দেশের কৃষিঋণ মকুব না করা পর্যন্ত মোদিকে ঘুমোতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাহুল। সংসদে বিরোধীরা একজোট হয়ে মোদির উপর চাপসৃষ্টি করবে বলে জানিয়েছেন তিনি।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮