চিকিৎসার নামে খালেদা জিয়াকে ‘বিষ প্রয়োগ’ করা হচ্ছে কিনা শঙ্কা রিজভীর
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- চিকিৎসার নামে খালেদা জিয়াকে ‘বিষ প্রয়োগ’ করা হচ্ছে কিনা শঙ্কা রিজভীর -দৈনিক যুগান্তর
- ‘শুধু বলেন, ছেলে আমাকে মারবে কেন?’-দৈনিক প্রথম আলো
- ভবনসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা দেওয়া হবে : আইনমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- বিচারের জন্য ভিসিকে সোমবার পর্যন্ত সময় দিলেন নুর-দৈনিক নয়া দিগন্ত
- তরুণদের জন্য কর্মসংস্থান তৈরিই এখন মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- উন্নয়নের স্পিড ব্রেকার, শিলিগুড়িতে মমতাকে বেনজির আক্রমণ মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
- রাফায়েল দুর্নীতি নিয়ে লেখা বই রুখতে গিয়ে মুখ পুড়ল নির্বাচন কমিশনের-দৈনিক আনন্দবাজার
- ‘সেনাকে নিয়ে রাজনীতি করবেন না’ যোগীকে বললেন প্রাক্তন জওয়ানরা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
রাঙামাটিতে সন্ত্রাসীদের দুপক্ষের গোলাগুলি: অন্তত ৭ জন নিহত-দৈনিক যুগান্তর
রাঙামাটির রাজস্থলী উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।বুধবার সকালে রক্তাক্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক। তিনি গণমাধ্যমকে বলেন, আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিপক্ষের সঙ্গে আরাকান লিবারেশন পার্টির সংঘর্ষ হয়েছে। এ সময় দুপক্ষ গুলি ছোড়ে। এতে ৭ জন নিহত হন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তরুণদের জন্য কর্মসংস্থান তৈরিই এখন মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
দেশের তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করাই এখন মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আমার খুব ভাল লাগছে, অনেক ছেলেমেয়ে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে ব্যবসার হাল ধরছে। শিল্পায়ন নিয়ে কাজ করছে। এভাবেই এগিয়ে যাবে দেশের অর্থনীতি। আমার মূল লক্ষ্যই এখন কর্মসংস্থান তৈরি করা, দারিদ্র্র্য বিমোচন করা। এসব পদক্ষেপেই দেশের জিডিপি এখন ৮ দশমিক ৩ শতাংশে পৌঁছে গেছে। আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি এসব কথা বলেন।
চিকিৎসার নামে খালেদা জিয়াকে ‘বিষ প্রয়োগ’ করা হচ্ছে কিনা শঙ্কা রিজভীর-দৈনিক যুগান্তর
চিকিৎসার নামে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্লো পয়জনিং (ধীরে ধীরে বিষ প্রয়োগ) করা হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শবে মিরাজ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ আশঙ্কার কথা বলেন। রিজভী বলেন, সুস্থ অবস্থায় খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি মারাত্মক অসুস্থ, তাকে হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে। আমাদের ভয় হচ্ছে সরকার কারাগারের মধ্যে তাকে চিকিৎসার নামে অন্য কিছু করছে কিনা? তাকে স্লো পয়জনিং করা হচ্ছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে- তিনি গুরুতর অসুস্থ হলেন কীভাবে?
‘শুধু বলেন, ছেলে আমাকে মারবে কেন?’-দৈনিক প্রথম আলো
‘আমি সবকিছুই বাদ দিলাম। শুধু একটাই প্রশ্ন, শুধু বলেন, ছেলে আমাকে মারবে কেন? গায়ে হাত তুলবে কেন?’এ কথা বলেই কেঁদে ফেললেন ৭৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহজাহান আলী। তাঁর অভিযোগ, ছেলে মেজবাহ উদ্দিন প্রায়ই তাঁকে মারধর করেন। এই বয়সে শরীর এবং মনে সে মার সহ্য করতে পারছেন না। ছেলে কেন মারবে—এর বিচার চান তিনি। গত মাসে এই বাবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এক চিঠিতে লিখেছেন ছেলের এই মারধরের কথা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয় সে চিঠি। ছেলে তাঁকে শুধু কিল, ঘুষি, লাথিই মারেন না, অকথ্য ভাষায় গালিগালাজ করেন, জীবননাশের হুমকি দেন এবং আর্থিকভাবে চাপের মধ্যে রাখারও অভিযোগ করেন তিনি। এই বাবা তাঁর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ছেলের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করেন এই বাবা। একই মাসে মিরপুর মডেল থানায় এই ছেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। সেখানেও ছেলের মারধর ও বাড়ির ভাড়াটেদের কাছ থেকে সব ভাড়া তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন।
ওয়াশিংটনে আলোচনা-রোহিঙ্গা সমস্যা সমাধানের আশু সম্ভাবনা নেই-দৈনিক প্রথম আলো
দিল্লির জিন্দাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেহজিনপাও কিপজেন মনে করেন, রোহিঙ্গা সমস্যার সমাধান শিগগিরই হবে না। বাংলাদেশ জোর করে রোহিঙ্গা উদ্বাস্তুদের ফেরত পাঠাবে না। মিয়ানমার উদ্বাস্তু প্রত্যাবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও তেমন আগ্রহী নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও এই প্রশ্নে আগ্রহ কমে আসছে। এই অবস্থায় রোহিঙ্গা উদ্বাস্তুরা হয়তো আগামী ১০ বা ২০ বছর বাংলাদেশেই রয়ে যাবে।গতকাল মঙ্গলবার ওয়াশিংটনের উইলসন সেন্টারে ‘রোহিঙ্গাদের ভবিষ্যৎ কী?’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক কিপজেন এই মন্তব্য করেন।
ভবনসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা দেওয়া হবে : আইনমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আদালতে ঝুলে থাকা ভবনসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা দেওয়া হবে। আইন ভঙ্গ করা ভবনের বিরুদ্ধে রাজউক ব্যবস্থা নিতে গিয়ে যেসব মামলা হয়, তা দ্রুত নিষ্পত্তিতে গণপূর্ত মন্ত্রণালয়কে সহায়তা দেবে আইন মন্ত্রণালয়। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে নির্মিত ভবনগুলো ভাঙার বিষয়ে যেসব মামলা বিচারাধীন সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে এ্যাটর্নি জেনারেল অফিস উদ্যোগ নেবে।’
বিচারের জন্য ভিসিকে সোমবার পর্যন্ত সময় দিলেন নুর-দৈনিক নয়া দিগন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ঘটনার বিচারের জন্য সোমবার পর্যন্ত সময় দিয়েছে আন্দোলন স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। এরমধ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিত না করা হলে নতুন কর্মসূচি দেয়ার কথা জানান তিনি। এসএম হলে এক শিক্ষার্থীকে মারধর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচি ছিল তা স্থগিত করা হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
উন্নয়নের স্পিড ব্রেকার, শিলিগুড়িতে মমতাকে বেনজির আক্রমণ মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
এ রাজ্যে উন্নয়নের ‘স্পিড ব্রেকার’ মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দেশের অন্য রাজ্যে যে গতিতে উন্নয়ন করতে পেরেছেন, এ রাজ্যে সে গতিতে পারেননি। কারণ, এখানে একটি স্পিড ব্রেকার আছে, যাঁকে সবাই দিদি নামে চেনে। স্পিড ব্রেকার সরলে রাজ্যে উন্নয়ন হবে।’ চিটফাণ্ডের প্রসঙ্গ তুলেও এ রাজ্যের শাসকদলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বারের লোকসভা নির্বাচনে বাংলাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। বাংলা থেকে যত বেশি সম্ভব আসন নিজেদের দখলে রাখার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, দলীয় কর্মীদের চাঙ্গা করবে মোদীর এই প্রাক-নির্বাচনী সভা।
‘সেনাকে নিয়ে রাজনীতি করবেন না’ যোগীকে বললেন প্রাক্তন জওয়ানরা-দৈনিক আজকাল
বীর জওয়ানদের রাজনৈতিক লড়াই থেকে দূরে রাখার আর্জি জানালেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত অভিজ্ঞ আধিকারিকরা। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতীয় সেনাদের ‘মোদির সেনা’ বলে সম্বোধন করায় ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন সেনারা। তাই তাঁরা আর্জি করেছেন রাজনৈতিক লড়াই থেকে তাঁদের দূরে রাখা হোক। এক প্রাক্তন সেনা জানিয়েছেন, রাজনৈতিক ফায়দার জন্য সেনাদের ব্যবহার করা খুবই লজ্জাজনক।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩