এপ্রিল ০৭, ২০১৯ ১৩:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৭ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রের প্র্যাকটিসে পরিণত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • মেডিকেল বোর্ড গঠন-দগ্ধ ছাত্রীর অবস্থা যেকোনো দিকে মোড় নিতে পারে-দৈনিক প্রথম  আলো
  • খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশনে বিএনপি-দৈনিক ইত্তেফাক
  • পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র চবি ক্যাম্পাস-দৈনিক নয়া দিগন্ত
  • মদ কেড়ে নিলো রাবির দুই শিক্ষার্থীর প্রাণ-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • উনি তো তুঘলকের ঠাকুরদা, হিটলারের জ্যাঠামশাই: মাথাভাঙায় মোদীকে তোপ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিজেপির প্রতি জনসমর্থন দেখে ভয় পেয়েছেন দিদি, কোচবিহারের সভায় দাবি মোদীর-দৈনিক আনন্দবাজার
  • ‌ময়নাগুড়ির সভা থেকে মোদিকে আক্রমণ মমতার ‘-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশনে বিএনপি-দৈনিক ইত্তেফাক

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন করছে দলটির নেতাকর্মীরা। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে অনশন শুরু করেন তারা। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই অনশন চলে বিকেল পাঁচটা পর্যন্ত।বিএনপির অনশনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম-কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

খবরে লেখা হয়েছে, কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে হত্যার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে আজ রবিবার এ আদেশ দেন।

অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রের প্র্যাকটিসে পরিণত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলের ওপর দেশটির সতর্কতা জারির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে বাংলাদেশে অ্যালার্ট দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এত চমৎকার পরিবেশ থাকা সত্ত্বেও কেন তারা সন্তুষ্ট না, বুঝতে পারছি না। অ্যালার্ট জারি তাদের প্র্যাকটিসে পরিণত হয়েছে। রোববার রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেডিকেল বোর্ড গঠন-দগ্ধ ছাত্রীর অবস্থা যেকোনো দিকে মোড় নিতে পারে-দৈনিক প্রথম আলো

ফেনীর সোনাগাজী উপজেলায় দগ্ধ মাদ্রাসা ছাত্রীর চিকিৎসার জন্য নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। আজ রোববার সকাল দশটায় এই বোর্ড গঠন করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। যেকোনো সময় যেকোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শারীরিক অবস্থা যেকোনো দিকে মোড় নিতে পারে। বোনের শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর বড় ভাই।গতকাল শনিবার মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে বান্ধবীকে মারধর করা হচ্ছে-এমন খবর পেয়ে সেখানে গিয়েছিলেন ছাত্রীটি। যাওয়ার পরই তাঁকে ঘিরে ধরেন বোরকা পরা চার-পাঁচজন ছাত্রী। তাঁরা শাসাতে থাকেন, অধ্যক্ষের বিরুদ্ধে কেন মিথ্যা অভিযোগ এনেছেন। জবাবে মেয়েটি বলেছিলেন, তিনি যে অভিযোগ করেছেন, তা সত্য এবং ‘শেষ নিশ্বাস’ পর্যন্ত তিনি এর প্রতিবাদ করবেন। এরপর ওই ছাত্রীদের কেউ তাঁর হাত, কেউ পা ধরেন এবং গায়ে আগুন ধরিয়ে দেন। শনিবার চিকিৎসকেরা বলেছিলেন, আগুনে মেয়েটির শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে।এদিকে, ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার সোনাগাজীর সেই মাদ্রাসায় আজ ক্লাস হয়নি।

প্রথম আলোর জ্যেষ্ঠ সহ–সম্পাদক সারফুদ্দিন আহমেদ তার এক মন্তব্য কলামে লিখেছেন রাজনীতি নাই, রাজনৈতিক সংঘাত আছে

তিনি লিখেছেন, মেলা দিন দেশে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ নাই। ধাওয়া-পাল্টাধাওয়া নাই। সরকারি ও বিরোধীদের চিরায়ত কামড়াকামড়ি নাই। টক শোতে দুই পক্ষের নেতাদের দিগ্‌বিদিক অঙ্গসঞ্চালনজাত মৃদু হাতাহাতি কিংবা চক্ষু উৎপাটনের হুমকিসংবলিত তির্যক বাণী বিনিময় নাই। দুই পক্ষের ‘একান্ত নিরপেক্ষ’ (‘অনুগত’ বললে পাছে তাঁরা কষ্ট পান) কথাযোদ্ধারাও টেলিভিশনে এখন কদাচিৎ এ ওর দিকে ফিরে দাঁত-মুখ খিঁচিয়ে ‘ডিবেট’ করেন।

পার্লামেন্টে অধিবেশন বসে, কিন্তু জমে না। ‘দুধভাত’ মার্কা বিরোধী দলের নেতারা খালি ‘পঠিত বলিয়া গণ্য হইল’ ধরনের ‘তারকা চিহ্নিত জরুরি জনগুরুত্বসম্পন্ন’ আলোচনা করেন।সব মিলিয়ে মধ্যবিত্ত এনজিওপুষ্ট নিরীহ বাঙালির পানসে জীবনে যা-ও একটু রাজনৈতিক বিনোদন অবশিষ্ট ছিল, তা-ও মাঠে মারা গেছে।তার মানে, রাজনৈতিক কর্মকাণ্ড বলতে স্বাভাবিকভাবে আমরা যে জিনিস বুঝি, আদতে সে জিনিস আর নাই। বিশেষ করে ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর থেকে ‘পলিটিক্যাল অ্যাকটিভিটিস’-এর ভিটেয় ঘুঘু চরছে। সেই ভিটেয় সরকারপন্থী দলগুলোকে মাঝেমধ্যে পা ছড়িয়ে বসতে দেখা যায় বটে, কিন্তু বিরোধীদের ধারেকাছে পাওয়া যায় না।

এই অবস্থার মধ্যে একটি মর্মান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তাদের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত তিন মাসে দেশে দৃশ্যত রাজনীতি না থাকলেও রাজনৈতিক গন্ডগোল থেমে নেই। এই তিন মাসে রাজনৈতিক মারামারিতে মারা গেছেন ২৩ জন। হাত-পা ভেঙে কিংবা গুলি খেয়ে হাসপাতালে গেছেন ১ হাজার ২৪ জন। এই সব ‘অংশগ্রহণমূলক কাইজ্যা’ হয়েছে মূলত সরকারপন্থী দলের নেতা-কর্মীদের নিজেদের ভেতর। নির্বাচনের পরের তিন মাসে কমপক্ষে ৯২টি রাজনৈতিক সংঘাত হয়েছে।

মদ কেড়ে নিলো রাবির দুই শিক্ষার্থীর প্রাণ-দৈনিক মানবজমিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী অতিরিক্ত মদপানে মারা গেছেন। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, প্রাথমিকভাবে জানা  গেছে গতকাল রাতে নগরীর মোন্নাফের মোড় এলাকার একটি মেসে ওই দুই শিক্ষার্থী মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-মাদক ক্রয়ের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা। এ খবরে লেখা হয়েছে, টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক ক্রয়ের টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে ফরমান আলী নামের এক যুবক আত্মহত্যা করেছে। তিনি উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এসব খবরে দেশে মাদক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার চিত্র ফুটে ওঠে। একইসাথে ধর্মীয় ও ঐতিহ্যগত মূল্যবোধের অবক্ষয়ের চিত্রটিও বোঝা যায়।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

বিজেপির প্রতি জনসমর্থন দেখে ভয় পেয়েছেন দিদি, কোচবিহারের সভায় দাবি মোদীর-দৈনিক আনন্দবাজার

বাংলার মাটিতে দাঁড়িয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার কোচবিহারের রাসমেলা মাঠে নির্বাচনী সভা করেন তিনি। সেখানে সারদা, নারদ এবং রোজভ্যালি কাণ্ড নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার উন্নয়নের পথে ‘স্পিড ব্রেকার’ বলে উল্লেখ করেন। পিসি-ভাইপোর রাজত্বে বাংলা অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলেও দাবি করেন মোদী। এ দিন নরেন্দ্র মোদী অভিযোগ তোলেন, ‘‘সাধারণ মানুষকে সভায় আসতে বাধা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও মানুষ যে ভালবাসা দেখিয়েছেন তাতে আমি অভিভূত। বাধা সত্ত্বেও এত মানুষ যে ভিড় জমিয়েছেন, এটাই দিদির পরাজয়ের পরিচয়।’’

উনি তো তুঘলকের ঠাকুরদা, হিটলারের জ্যাঠামশাই: মাথাভাঙায় মোদীকে তোপ মমতার-দৈনিক আনন্দবাজার/সংবাদ প্রতিদিন

দিনহাটার পর দিন মাথাভাঙায় নির্বাচনী প্রচারে গিয়ে ফের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করলেন নরেন্দ্র মোদীকেও। তাঁকে ‘হিটলারের জ্যাঠামশাই’ এবং ‘বিন তুঘলকের ঠাকুরদা’ বলে কটাক্ষ করলেন মমতা। মমতার কটাক্ষ, মোদী টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছেন। জনগণের উন্নয়নের জন্য কিছু করেনি, বরং জনগণকে বোকা বানিয়ে ধোঁকা দিচ্ছে মোদী সরকার। ভোটের মরসুমে রাজ্যে প্রচারে আসার জন্য নরেন্দ্র মোদীকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেন মমতা।তিনি নাম না করে মোদিকে কটাক্ষ করে বলেছেন ‘দিল্লির বাবুরা পাহাড় জ্বালায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭