এপ্রিল ১১, ২০১৯ ১২:১৩ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ এপ্রিল বৃহস্পতিবার কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ-দৈনিক প্রথম আলো
  • কাউকে জোর করে প্যারল দেয়া যায় না : তথ্যমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • ‘নিপীড়ক' অধ্যক্ষকে আইনি সহায়তা, আ’লীগ নেতা বুলবুল বহিষ্কার-দৈনিক যুগান্তর
  • মালিকদের সাথে সমন্বয় করে শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে: শিল্পমন্ত্রী:-দৈনিক ইত্তেফাক-
  •  নুসরাতের ঘটনার তদন্ত যেন তনুর মতো না হয়: হাইকোর্ট-মানবজমিন
  • বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশার রাজনীতি থেকে বেরিয়ে আসুন : তথ্যমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • লাইভ: কোচবিহারে ইভিএম কারচুপির অভিযোগ তৃণমূলের -দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • জিতলে গোর্খাদের আত্মপরিচয় ফিরিয়ে দেব, দার্জিলিং–এ প্রতিশ্রুতি মমতার -দৈনিক আজকাল
  • ইভিএমে কংগ্রেসের বোতাম কাজ করছে না, অভিযোগ মানল নির্বাচন কমিশনও -দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ-দৈনিক প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীর সোনাগাজী উপজেলার অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রেস সচিব আরও বলেন, নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা নুসরাতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ৬ এপ্রিল নুসরাত জাহান রাফির শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত জাহান রাফি মারা যান।

কাউকে জোর করে প্যারল দেয়া যায় না: তথ্যমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্যারলে মুক্তি প্রসঙ্গে বলেছেন, কাউকে জোর করে প্যারল দেয়া যায় না। যিনি প্যারল চান, তিনিই একমাত্র আবেদন করলে প্যারল বিবেচনার সুযোগ থাকে, অন্যথায় কোনো সুযোগ নেই।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়াকে নিয়ে সরকার কোনো তামাশা করছে না। বিএনপিই খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশা করছে। বিএনপি সকাল-বিকেলে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের টেম্পারেচার কত হলো, ৯৮ ডিগ্রি নাকি ৯৯ ডিগ্রি- এগুলো বলার মাধ্যমে তাকে তামাশার পাত্র বানিয়েছে।

নিপীড়ক অধ্যক্ষকে আইনি সহায়তা, আলীগ নেতা বুলবুল বহিষ্কার-দৈনিক যুগান্তর

নুসরাত জাহান রাফি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নিপীড়ক অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষে মামলা পরিচালনা করায় ফেনীর কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বুলবুল সোহাগকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।

ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বুলবুল সোহাগ

তিনি বৃহস্পতিবার সকালে যুগান্তরকে বলেন, কেন্দ্রের নির্দেশে বুলবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আবদুর রহমান বলেন, সিরাজউদ্দৌলাসহ অন্য আসামিদের আইন সহায়তা দেয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে কেন্দ্রের এ সিদ্ধান্তের আগেই বুধবার বুলবুলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ। ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর হোসেন গণমাধ্যমকে জানান, বুধবার উপজেলা কমিটি বসে অ্যাডভোকেট বুলবুল সোহাগকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বিষয়টি তাকে (বুলবুলকে) জানিয়ে দেয়া হয়েছে।

মালিকদের সাথে সমন্বয় করে শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে: শিল্পমন্ত্রী:-দৈনিক ইত্তেফাক-

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘শিল্প মালিকরা সবসময় লাভ খোঁজে, তাদের মধ্যে মানবিক দিক কম। তবু কলকারখানার মালিকদের সাথে সমন্বয় করেই শ্রমিকদের সমস্যাগুলোর সমাধান করতে হবে। কর্মক্ষেত্রে শুধু নারী বলে নয়, সব শ্রমিকের স্বার্থকেই দেখতে হবে। বর্তমান সরকার একটি মানবিক সরকার আমরা সবকিছুর সমন্বয় করে আরও এগিয়ে যেতে চাই।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন

বুধবার ২০১৯ উন্নয়ন সমন্বয় ও কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘আইএলও কনভেনশন: কর্মস্থলে নারীর অবদান ও সুরক্ষা এবং নীতিনির্ধারকদের ভূমিকা শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সংলাপে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন কেয়ার বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরী। সংলাপের বিষয় উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের পরিচালক (উইমেন এ্যামপাওয়ারমেন্ট) হোমায়রা আজিজ এবং আসিফ ইমরান খান।

নুসরাতের ঘটনার তদন্ত যেন তনুর মতো না হয়: হাইকোর্ট-মানবজমিন

ফেনীর নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়ানোর ঘটনার তদন্ত যেন কুমিল্লার তনুর মতো না হয়। নুসরাতের মৃত্যুর পর আজ এ মন্তব্য করেন হাইকোর্ট। পত্রিকায় মৃত্যুর খবর দেখে ব্যারিস্টার সায়েদুল হক সুমন আদালতের নজরে আনলে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন, আমরা এ বিষয়ে  কোনো আদেশ দিতে চাই না। আমরা শুধু বলব, নুসরাতের ঘটনা তনু বা অন্যদের মতো যেন হারিয়ে না যায়। ঘটনার বিষয়ে তদন্ত কাজে যেন কোনো গাফিলতি না থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে মারা যান নুসরাত।

নুসরাত হত্যা মামলায় আসামী করা হলো আ’লীগ-ছাত্রলীগ নেতাদের, গ্রেফতার : ৮-দৈনিক নয়াদিগন্ত

নুসরাত হত্যা মামলায় আসামী করা হলো আলীগ-ছাত্রলীগ নেতাদের, গ্রেফতার : ৮-দৈনিক নয়াদিগন্ত

ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় সোমবার দায়ের করা এজাহারে সংশোধনী এনে কারাবন্দী অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোকসুদ আলম এবং মাদরাসা শাখা ছাত্রলীগ সভাপতিসহ ৮ আসামীর নাম উল্লেখ করে এজাহার দাখিল করেছেন।

Image Caption

সংশোধিত মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন, মাদ্রাসার ইংরেজি প্রভাষক আবছার উদ্দিন, মাদ্রাসার ছাত্র নূর উদ্দিন, মাদরাসা শাখা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শামীম, ছাত্রলীগ নেতা জোবায়ের আহম্মদ, জাবেদ হোসেন, হাফেজ আবদুল কাদের এবং হাতমোজা ও চশমা পরা বোরকা ৪ জন সহ অজ্ঞাত আরো অনেকে।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

লাইভ: কোচবিহারে ইভিএম কারচুপির অভিযোগ তৃণমূলের -দৈনিক আনন্দবাজার পত্রিকা

প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপির উত্থানের পরে এই প্রথম লোকসভা নির্বাচনের মুখোমুখি পশ্চিমবঙ্গ। সরাসরি নিরাপত্তা বাহিনীর জওয়ানকে আঙুল তুলে হুমকি ‘বুথে ঢুকেছেন কেন?’ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের হুমকি দেওয়ার সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হল। কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটে নাক গলানোর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। সংবাদমাধ্যমকে  তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, নিয়ম না মেনে বুথের মধ্যে ঢুকে পড়ছেন বিএসএফ জওয়ানরা। পাশাপাশি ইভিএম কারচুপির অভিযোগও তুলেছেন তিনি। তাঁর দাবি, নির্বাচন কমিশনে জানালেও অভিযোগ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত তিনি তাঁর অভিযোগ জেলাশাসককে জানিয়েছেন। একই সঙ্গে তাঁর দাবি, রাজ্যের পুলিশ দিয়ে ভোট করালে অনেক সুষ্ঠু ভাবে নির্বাচন করানো সম্ভব হত।

জিতলে গোর্খাদের আত্মপরিচয় ফিরিয়ে দেব, দার্জিলিংএ প্রতিশ্রুতি মমতার -দৈনিক আজকাল

এবার যদি দার্জিলিং আসনে তৃণমূলের প্রার্থী জেতেন, তাহলে কথা দিচ্ছি, আগামী জিটিএ নির্বাচনের আগে গোর্খাদের আত্মপরিচয় ফিরিয়ে দেব।’‌ বৃহস্পতিবার দার্জিলিং–এর চকবাজারে দলীয় প্রার্থী অমর সিং রাই–এর হয়ে ভোটপ্রচারে গিয়ে পাহাড়বাসীকে এই প্রতিশ্রুতিই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্টের অবদানের জন্য তাঁদের প্রশংসা করেন মমতা।

বিজেপিকে ঠুকে মমতা বললেন, দার্জিলিং–এর প্রার্থী হিসেবে তিনি ভূমিপুত্র অমর সিং রাইকেই টিকিট দিয়েছেন।

তৃণমূল দল থেকে কাউকে পছন্দ করেননি। কারণ ভূমিপুত্র হিসেবে দার্জিলিং–এর যাবতীয় সমস্যা অমর সিং রাই সব চেয়ে ভালো মতোন উপলব্ধি করতে পারবেন। বিমল গুরুং এবারও বহিরাগত বিজেপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় তাঁর সমালোচনা করে মমতা বলেছেন, গত পাঁচ বছরে আগের বারের জয়ী সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া কখনও দার্জিলিং–এ আসেননি। অথচ তিনি প্রতি তিন মাস অন্তর পাহাড়ে এসে সেখানের সমস্যা সমাধানের চেষ্টা করেন। মমতার অভিযোগ, পাহাড়ে অশান্তি হলে বিজেপিরই লাভ।

ইভিএমে কংগ্রেসের বোতাম কাজ করছে না, অভিযোগ মানল নির্বাচন কমিশনও -দৈনিক সংবাদ প্রতিদিন

ভোট আসতেই ফের মাথাচাড়া দিয়ে উঠল ইভিএম বিতর্ক। এরাজ্যে ইতিমধ্যেই ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। একই বিতর্ক উসকে দিয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ওমরের অভিযোগ, পুঞ্চের কয়েকটি বুথে ইভিএমে কংগ্রেসের বোতামটিই কাজ করছে না। ফলে, ভোট দিতে পারছেন না কংগ্রেস সমর্থকরা।

টুইটারে একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। টুইটারে যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে একজন নির্বাচনী আধিকারিক জানাচ্ছেন, “লোকের কোনও সমস্যা নেই। কিন্তু ভোট নেওয়া যাচ্ছে না ইভিএমের জন্য। বোতাম কাজ করছে না। চার নম্বরের হাতওয়ালা বোতামটি কাজ করছে না। শুধু এই বুথে নয়, পুঞ্চের অনেক জায়গাতেই এই সমস্যা দেখা দিয়েছে। এই একটাই সমস্যা, আর কোনও সমস্যা নেই। এমন কেন হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না। ” আধিকারিক যখন এই কথা বলছেন, তখন পিছনে দাঁড়িয়ে থাকা জনতারা বলছেন, শুধু একটা-দুটো নয় অনেক মেশিনেই সমস্যা হচ্ছে।

পার্সটুডে/বাবুল আখতার/১১