এপ্রিল ১৩, ২০১৯ ১৩:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বর্ষবরণে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী -দৈনিক যুগান্তর
  • মাদ্রাসা অধ্যক্ষের নির্দেশে নুসরাতকে আগুন দেওয়া হয়: পিবিআই-দৈনিক প্রথম  আলো
  • নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি শাহাদাত গ্রেফতার-দৈনিক ইত্তেফাক
  • খালেদার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
  • নুসরাতের খুনীদের আশ্রয়দাতা আওয়ামী লীগ নেতাদের বিচার চাইলেন নাসিম -দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • মহাকাশে চিনা আগ্রাসন রুখতে ‘মিশন শক্তি’ নিয়ে ভারতের পাশে পেন্টাগন-দৈনিক সংবাদ প্রতিদিন
  • রাফাল চুক্তির পরই অনিল অম্বানির ১,১২৫ কোটির কর মকুব করে ফ্রান্স, দাবি ফরাসি সংবাদপত্রে-দৈনিক আনন্দবাজার
  • নির্বাচন কমিশনকে ‘অপদার্থ'বললেন চন্দ্রবাবু-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি

আজকের জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হিসেবে পরিবেশিত হয়েছে সোনগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের বিষয়টি। এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর শিরোনাম এরকম-

মাদ্রাসা অধ্যক্ষের নির্দেশে নুসরাতকে আগুন দেওয়া হয়: পিবিআই

নুসরাতের আগুন দেয়া হয় মাদ্রাসা অধ্যক্ষের নির্দেশে-পিবিআই

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১৩ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাঁদের মধ্যে পুলিশের হাতে আটক সাতজন। ওই হত্যাকাণ্ড মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার নির্দেশে ঘটেছে বলে আজ শনিবার এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, -ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি শাহাদাত হোসেনকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন দৈনিক ইত্তেফাকের মুক্তাগাছা সংবাদদাতা মনোনেশ দাস। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে বরিশালের মুলাদীতে বখাটেদের নিপীড়ন ও উৎপাত সহ্য করতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেছে এক মেধাবী স্কুলছাত্রী। তার নাম লিয়া আক্তার। দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, নুসরাতের খুনি অধ্যক্ষ সিরাজকে আশ্রয়দাতা ফেনীর তথাকথিত আওয়ামী লীগ নেতার বিচার চাইলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বর্ষবরণে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। পহেলা বৈশাখ কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার হুমকি না থাকলেও বর্ষবরণের উৎসব নির্বিঘ্ন করতে ঢাকাসহ সারা দেশে গোয়েন্দা বাহিনীর নজরদারি সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রমনা পার্কে ডিএমপির নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সরকার বাধা না দিলে দু’দিনেই মুক্তি পাবেন খালেদা জিয়া : নজরুল ইসলাম খান-দৈনিক নয়া দিগন্ত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

খবরে লেখা হয়েছে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার বাধা না দিলে দু’দিনের মধ্যেই বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন। তিনি বলেন, খালেদা জিয়া কোন অপরাধ করেননি, তিনি কোনো দুর্নীতির সাথেও জড়িত নন। কিন্তু সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে দিনের পর দিন জেলখানায় বন্দি করে রেখেছে। আর দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 'শুধু অনশন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। তাকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে আনতে হবে। এ জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে।'

ভুটানের সঙ্গে ৫ সমঝোতা স্মারক সই-দৈনিক যুগান্তর

স্বাস্থ্য, কৃষি, জাহাজ চলাচল, পর্যটন ও জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা জোরদারের জন্য বাংলাদেশ এবং ভুটানের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় বাণিজ্যে পরিবহন ও ট্রানজিট কার্গো চলাচলে অভ্যন্তরীণ জলপথ ব্যবহারের বিষয়ে দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

তরোয়াল–গদা নিয়ে ভোট চাইছে বিজেপি, দিলীপকে নিশানা মমতার-দৈনিক আজকাল

মমতা বন্দোপাধ্যায়

শিলিগুড়িতে প্রার্থী অমর রাইয়ের প্রচারে সভা করতে এসে নাম না করে বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ মমতার। রাম নবমী উপলক্ষ্যে বিজেপি সভাপতির তলোয়ার হাতে নিয়ে বলেছেন, মানুষকে রক্ষার জন্য অস্ত্র হাতে নিয়েছি। তারপরেই শিলিগুড়ির সভা মঞ্চ থেকে নাম না করে বিজেপি নিশানা করে মমতা বলেন, ‘রামনবমীর নাম করে অনেকেই তরোয়াল, গদা হাতে তুলে নিয়ে ভোট চাইছে। এই কালচার বাংলায় চবে না। এঁদের বাইরে গেরুয়া ভেতরে কালো। এভাবে ভোটে জেতা যায় না। বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে। তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে না।’

মহাকাশে চিনা আগ্রাসন রুখতে ‘মিশন শক্তি’ নিয়ে ভারতের পাশে পেন্টাগন-দৈনিক সংবাদ প্রতিদিন

‘মিশন শক্তি’ নিয়ে আবারও ভারতের পাশে দাঁড়াল পেন্টাগন। জানাল, মহাকাশে বিপদ বুঝেই উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। আন্তর্জাতিক মহলের মতে, মহাকাশে একাধিপত্য স্থাপনে যে গতিতে উন্নতি করছে চিন, তাতে আশঙ্কার কালো মেঘ দেখছে ওয়াশিংটন৷ এমতো পরিস্থিতিতে নয়াদিল্লিকে তাদের সমর্থন তাই যথেষ্ট উল্লেখযোগ্য ৷ভারতের ‘এ-স্যাট' পরীক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশও করা হয় মার্কিন সেনেটে। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দেয় সেনেট আর্মড সার্ভিসেস কমিটির মার্কিন স্ট্র্যাটেজিক কম্যান্ডার জেনারেল জন ই হাইটেন৷ ভারতের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, আমার মনে হয়, মহাকাশে বিপদ বুঝেই এই পরীক্ষা করেছে ভারত।

রাফায়েল চুক্তির পরই অনিল অম্বানির ১,১২৫ কোটির কর মকুব করে ফ্রান্স, দাবি ফরাসি সংবাদপত্রে-দৈনিক আনন্দবাজার

অনিল অম্বানী

ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার কথা যখন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন কর বাবদ অনিল অম্বানীর সংস্থার কাছ থেকে প্রায় ১১৮২ কোটি টাকা পাওনা ছিল ফরাসি সরকারের। প্রধানমন্ত্রীর রাফাল ঘোষণার ছ’মাস পর অবশ্য দেখা যায়, তাৎপর্যপূর্ণ ভাবে অনিলের সেই কর প্রায় পুরোটাই মকুব করে দিয়েছে ফ্রান্স। আজ এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে ফরাসি সংবাদপত্র ‘লা মদে। যদিও এই নিয়ে কোনও রকম বিশেষ সুবিধা পাওয়া বা পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে রিলায়েন্স কমিউনিকেশন।

নির্বাচন কমিশনকে ‘অপদার্থ’ বললেন চন্দ্রবাবু-দৈনিক আজকাল

‘‌যেভাবে ভোট হয়েছে তা একটা বড় প্রহসন।দেশের বিপর্যয়।'অন্ধ্র প্রদেশে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের পরদিন শুক্রবার সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর দাবি, সরকারিভাবেই জানা গিয়েছে ৪৫৮৩টি ইভিএম যান্ত্রিক ত্রুটির ফলে কাজ করেনি। অথচ, ডেপুটি নির্বাচন কমিশনের সাফাই অনুযায়ী অন্ধ্রে ইভিএম নিয়ে কোনও সমস্যা হয়নি। নাইডু বললেন, ‘আমি কোনও দিনও এধরনের অবাস্তব, সহানুভুতিহীন, অপদার্থ নির্বাচন কমিশন দেখিনি। আপনারা কি গণতন্ত্রকে নিয়ে মজা করছেন। নির্বাচন কমিশন এখন বিজেপির শাখা অফিসে পরিণত হয়ে গিয়েছে। একজন বয়স্ক রাজনৈতিক নেতা হিসেবে আমি এব্যাপারে কমিশনকে সতর্কও করেছিলাম।কমিশনের কাছ থেকে কোনও সদর্থক সাড়া না পেলে অবস্থান বিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩