এপ্রিল ১৭, ২০১৯ ১৩:০৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • ভোট সুষ্ঠু না হলে নির্বাচনের ঔজ্জ্বল্য থাকে না: মাহবুব তালুকদার-দৈনিক যুগান্তর
  • খালেদার মুক্তির পথ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে নেতারা-দৈনিক প্রথম আলো
  • বিদ্যুৎ সংযোগ নেই অথচ বকেয়া বিলের মামলায় দিনমজুর কারাগারে-দৈনিক ইত্তেফাক
  • যশোরে মন্দিরে শিশু ধর্ষণের চেষ্টা, পুরোহিত আটক-দৈনিক মানবজমিন
  • ওয়াসায় অনিয়মের ছড়াছড়ি : টিআইবি-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • নোটবন্দির পর চাকরি খুইয়েছেন ৫০ লাখ পুরুষ! নয়া সমীক্ষায় আরও অস্বস্তিতে মোদী সরকার-দৈনিক আনন্দবাজার
  • ‘প্রিয়াঙ্কা গান্ধী চোরের স্ত্রী' বেফাঁস মন্তব্য করে বিতর্কে উমা ভারতী-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ধেয়ে আসছে প্রবল ধুলো ঝড়!‌ ইতিমধ্যে মৃত্যু ৩১ জনের-দৈনিক আজকাল 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. কী করবেন বিএনপির এমপিরা- এ শিরোনামে দৈনিক মানবজমিন একটি প্রতিবেদন করেছে। এতে বিএনপির এমপিদের শপথ নেয়া না নেয়ার প্রশ্ন আলোচনা করা হয়েছে। আপনার কী মনে হয়- বিএনপির এমপিরা শপথ নেবেন?

২. তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের নীতি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। আপনি কী বলবেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কযেকটি খবর:

খালেদার মুক্তির পথ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে নেতারা-প্রথম আলো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

সরকারের সঙ্গে সমঝোতা করে হলেও দলীয় প্রধান খালেদা জিয়াকে দ্রুত কারামুক্ত করার পক্ষে বিএনপির নীতিনির্ধারকদের একটি অংশ। তবে সমঝোতার বিপক্ষেও মত আছে। দলটির উচ্চপর্যায়ের নেতারা বলছেন, খালেদা জিয়ার কারামুক্তি এবং তাঁর চিকিৎসার ব্যাপারে দলে কারও ভিন্নমত নেই। সবাই চান, দ্রুত কারামুক্ত হয়ে খালেদা জিয়া দলের নেতৃত্ব দিন। কিন্তু তাঁর মুক্তি আইনি প্রক্রিয়ায়, আন্দোলনের মাধ্যমে নাকি সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করে, তা নিয়ে নেতাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। দলের গুরুত্বপূর্ণ সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বিএনপির যে সাংগঠনিক অবস্থা, তাতে আন্দোলন করে দলীয় প্রধানকে মুক্ত করার কথা দলের নীতিনির্ধারকদের চিন্তায় নেই। এ অবস্থায় বিএনপির শীর্ষ নেতৃত্বের একটি অংশ চায়, সরকারের সঙ্গে সমঝোতা করে খালেদা জিয়াকে জামিনে মুক্ত করা কিংবা প্যারোলে (নির্বাহী আদেশে) হলেও বের করে দেশে বা বিদেশে তাঁর চিকিৎসা করানো হোক। এ সমঝোতায় বিএনপির সাংসদেরা জাতীয় সংসদে যোগদান করতেও রাজি।

তবে দলের অপর একটি অংশ সমঝোতা করে খালেদা জিয়াকে কারামুক্ত করার প্রক্রিয়ার সঙ্গে একমত নয়। তাঁরা মনে করেন, সরকারের অনুকম্পা নিয়ে নেত্রীকে মুক্ত করা হবে অসম্মানের। এতে দল ও নেত্রীর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। যদিও এ বিষয়ে এই দুই চিন্তার নেতাদের মধ্যে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

স্বাধীন দেশে কুয়াশাচ্ছন্ন গণতন্ত্র কখনও কাম্য নয়: মাহবুব তালুকদার-দৈনিক মানবজমিন

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

স্বাধীন দেশে কুয়াশাচ্ছন্ন গণতন্ত্র কখনও কাম্য নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বলেন, যারা গণতন্ত্রের প্রতি বিশ্বাস করেন না, তারা ভোটের উৎসবকে কলুষিত করতে চান, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইলেকট্রোরাল ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। মাহবুব তালুকদার বলেন, ‘ভোট’ দুই অক্ষরের একটি ছোট শব্দ। ছোট শব্দ হলেও এর ব্যাপ্তি অত্যন্ত বিস্তৃত ও ব্যাপক। ভোটের সঙ্গে আরও দু’টি শব্দ ওতপ্রোতভাবে জড়িত। একটি হলো নির্বাচন, অন্যটি গণতন্ত্র।

ওয়াসায় অনিয়মের ছড়াছড়ি : টিআইবি-দৈনিক নয়া দিগন্ত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ওয়াসা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ বুধবার টিআইবি’র মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।টিআইবির গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা ওয়াসায় পছন্দের ব্যক্তিদের নিয়োগে শর্তের পরিবর্তন করা হয়। দেখা গেছে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে সর্বোচ্চ বয়স ৫৯ হলেও ২০১৫ সালে শর্ত শিথিল করে ৬০ বছর করা হয়েছিল। এছাড়া ওয়াসার চুক্তিভিত্তিক নিয়োগে বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করা হয়ে থাকে। এছাড়া বিশেষ ক্ষেত্রে বোর্ডর সিদ্ধান্ত উপেক্ষিত হয়। নিয়ম বহির্ভূতভাবে পদায়ন ও বদলিতে সংস্থাটির অনিয়ম রয়েছে। অনিয়ম রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেয়ার ক্ষেত্রেও। এছাড়া প্রশাসনিক কাজে সিবিএর অযাচিত হস্তক্ষেপ রয়েছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

নোটবন্দির পর চাকরি খুইয়েছেন ৫০ লাখ পুরুষ! নয়া সমীক্ষায় আরও অস্বস্তিতে মোদী সরকার-দৈনিক আনন্দবাজার

নোটবন্দির পর চাকরি খুইয়েছেন ৫০ লাখ পুরুষ

‘৪৫ বছরে দেশে কর্মসংস্থানের হাল সবচেয়ে খারাপ’। সরকারি সমীক্ষার রিপোর্ট ফাঁস হয়ে এমন তথ্য সামনে চলে আসায় বেজায় অস্বস্তিতে পড়েছিল মোদী সরকার। বিরোধীদের বেকারত্বের তির সামলাতে হিমশিম খেতে হচ্ছিল শাসক দলকে। এ বার ভোটের মধ্যেই চাকরি খোয়ানো নিয়ে এমন এক সমীক্ষার ফল সামনে এল, যা মোদী সরকারের অস্বস্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। নতুন সমীক্ষায় উঠে এসেছে, নোটবন্দির পর থেকে গত দু’বছরে প্রায় ৫০ লক্ষ পুরুষ চাকরি হারিয়েছেন।মহিলাদের ধরলে স্বাভাবিক ভাবেই এই সংখ্যা আরও অনেকটাই বেড়ে যাবে, দাবি সমীক্ষায়।

ধেয়ে আসছে প্রবল ধুলো ঝড়!‌ ইতিমধ্যে মৃত্যু ৩১ জনের-দৈনিক আজকাল

অসময়ের বৃষ্টি এবং সঙ্গে ধুলোর ঝড় কমপক্ষে ৩১ জনের প্রাণ কাড়ল গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং হিমাচল প্রদেশে। মঙ্গলবারের এই প্রাকৃতিক দুর্যোগে গুজরাটে বাজ পড়ে এবং ধুলোর ঝড়ে প্রায় ন’জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে গুজরাটের আহমেদাবাদ, রাজকোট, বনসকন্ঠ, পাটান, মেহসানা, সবরকন্ঠ এবং আনন্দ। ভারি বৃষ্টি ও ঝড়ের জেরে নষ্ট হয়েছে শষ্য। সবজি বিক্রেতারাও এই অসময়ের ঝড়–বৃষ্টিতে বিপদে পড়েছেন। তাঁদের সবজি নষ্ট হয়ে গিয়েছে। বাজে আবহাওয়ার কারণে সবরকন্ঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির র‌্যালি বাতিল হয়ে যায়। বুধবার তাঁর এই র‌্যালি হওয়ার কথা ছিল।

‘প্রিয়াঙ্কা গান্ধী চোরের স্ত্রী' বেফাঁস মন্তব্য করে বিতর্কে উমা ভারতী-দৈনিক সংবাদ প্রতিদিন

নির্বাচনের পারদ যত চড়ছে, রাজনীতির ময়দানে ততই প্রবল আকার নিচ্ছে বাগযুদ্ধ৷ কমিশনের তরফে কুমন্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হলেও, লাভ আদৌ হচ্ছে কিনা, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন৷ মায়াবতী, যোগী আদিত্যনাথ, আজম খানের পর এবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন উমা ভারতী৷ প্রিয়াঙ্কা গান্ধীকে ‘চোরের স্ত্রী’ বলে কটাক্ষ করেছেন তিনি৷

সপ্তদশ লোকসভা নির্বাচনে সবার নজর রয়েছে বারাণসী কেন্দ্রের দিকে৷ ওই কেন্দ্র থেকে লড়ছেন নরেন্দ্র মোদি স্বয়ং৷ সেখান থেকে কংগ্রেসের হয়ে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা৷ দলের তরফে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলেও, রাজনীতির অন্দরমহলে কান পাতলে কমপক্ষে এই জল্পনাই শোনা যাচ্ছে৷ এই প্রসঙ্গেই প্রিয়াঙ্কা গান্ধীকে উদ্দেশে কটাক্ষের সুর চড়ান উমা ভারতী৷ তিনি বলেন, ‘‘একটি গণতান্ত্রিক দেশে যে কেউ ভোটে দাঁড়াতে পারেন৷ কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী মোদির বিরুদ্ধে দাঁড়ালেও কোনও প্রভাব ফেলতে পারবেন না। তাঁর স্বামী চুরির অভিযোগে অভিযুক্ত৷ তাঁর স্বামীর বিরুদ্ধে জালিয়াতির মামলা চলছে৷ একাধিকবার হাজিরা দিতে হচ্ছে৷ তদন্তকারী সংস্থা তাঁর স্বামীর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে৷ সেই ব্যক্তির স্ত্রীকে মানুষ কীভাবে ভোট দেবে? একজন চোরের স্ত্রীকে যেভাবে দেখা হয়, দেশের মানুষও প্রিয়াঙ্কাকে সেইভাবেই দেখবেন।’’

লোকসভা নির্বাচনে আমেঠি ও ওয়ানাড় কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এই প্রসঙ্গ তুলেও প্রিয়াঙ্কার পাশাপাশি কংগ্রেস সভাপতিকেও কটাক্ষ করেছেন উমা ভারতী। তিনি বলেন, ‘‘দু’টি লোকসভা কেন্দ্র থেকে লড়ার সিদ্ধান্ত নিয়ে নিজের পরাজয় নিজেই স্বীকার করে নিয়েছেন রাহুল৷’’ প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এমন কুমন্তব্যের জেরে প্রবল বিতর্কের মুখে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। রাজনীতির ময়দানে দাঁড়িয়ে একজনকে ব্যক্তিগত আক্রমণ মোটেও ভাল চোখে দেখছেন না কেউই৷

ভারতে এসে ভোটপ্রচারের জের, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ঢাকা ফিরলেন ফিরদৌস-দৈনিক আজকাল

ওপার বাংলা ও এপার বাংলায় গত ক’দিন ধরে প্রচুর জল্পনা-কল্পনার পর অবশেষে ঢাকা ফিরলেন  অভিনেতা ফিরদৌস। মঙ্গলবার বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে রাত সাড়ে ১০টায় দেশে ফিরেছেন তিনি।লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নেওয়ায় ভারতে তুমুল সমালোচনা চলছে দু’বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ফিরদৌস আহমেদকে নিয়ে।আলোচনা থেকে বাদ ছিল না বাংলাদেশও। মডেল কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে ভারতীয় ভিসা বাতিল হয়েছে তাঁর। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কে জড়ান ফিরদৌস। তাঁর ভিসা বাতিল করে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতাকে  কালো তালিকাভুক্তও করেছে।ফিরদৌসের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই তিনি ঢাকায় পৌঁছে গিয়েছেন। কিন্তু, ফোন বন্ধ রেখেছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭