পোশাক শ্রমিকদের মজুরি বাড়েনি, উল্টো ২৬ শতাংশ কমেছে: টিআইবি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- নুসরাত হত্যায় আ.লীগের সাংসদ-নেতারা জড়িত: রিজভী’-দৈনিক প্রথম আলো
- গণমাধ্যম কর্মীদের সুরক্ষা প্রদানে আসছে দুটি আইন: তথ্যমন্ত্রী-কালেরকণ্ঠ
- পোশাক শ্রমিকদের মজুরি বাড়েনি, উল্টো ২৬ শতাংশ কমেছে: টিআইবি-দৈনিক যুগান্তর
- সরকারের প্রথম ১০০ দিন উদ্যমহীন, উচ্ছ্বাসহীন ও উদ্যোগহীন: সিপিডি:-দৈনিক ইত্তেফাক
- উন্নয়ন কর্মকাণ্ডে বিকল্প অর্থায়ন চায় বাংলাদেশ- দৈনিক মানবজমিন
- শপথ না নিলে জনগণের রায়ের প্রতি অবমাননা করা হবে: শিক্ষামন্ত্রী-দৈনিক ইনকিলাব
ভারতের খবর:
- কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, ভগবানগোলায় হাঁসুয়ার কোপে এক কংগ্রেস কর্মীর মৃত্যু, জখম ২-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- গুজরাট দাঙ্গায় গণধর্ষিতাকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের-দৈনিক আজকাল
- বাংলাই চরম শিক্ষা দেবে বিজেপিকে, আরামবাগের সভা থেকে চ্যালেঞ্জ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
নুসরাত হত্যায় আ.লীগের সাংসদ-নেতারা জড়িত: রিজভী’-দৈনিক প্রথম আলো
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যায় আওয়ামী লীগের সাংসদ এবং ‘বড় বড় নেতা’ জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, এ হত্যায় জড়িত সাংসদ, নেতা ও পুলিশের কর্মকর্তাদের বাঁচানোর চেষ্টা করছে সরকার।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। আজ মঙ্গলবার সকালে এ সংবাদ সম্মেলন হয়। রিজভী বলেন, ‘সোনাগাজীর নুসরাতকে নিপীড়ন চালিয়ে তাঁর মুখ বন্ধ করতে গায়ে আগুন দিয়ে বর্বর কায়দায় হত্যার ঘটনায় সেখানকার আওয়ামী লীগের মিডনাইট এমপি, আওয়ামী সভাপতি থেকে শুরু করে বড় বড় নেতা জড়িত। তাঁদের সঙ্গে সহযোগিতা করেছে এসপি (জেলা পুলিশ সুপার) থেকে থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) পর্যন্ত।’
গণমাধ্যম কর্মীদের সুরক্ষা প্রদানে আসছে দুটি আইন : তথ্যমন্ত্রী-কালেরকণ্ঠ
দেশে গণমাধ্যম কর্মীদের চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে সুরক্ষা প্রদানে জাতীয় সংসদের আগামী অধিবেশনের পরের অধিবেশনে দুটি আইন উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আগামীকাল (বুধবার) একটি অধিবেশন শুরু হবে। কিন্তু এ অধিবেশনে আমরা আইন দুটি উপস্থাপন করতে পারব না। তবে আশা করছি এর পরের অধিবেশনে আইন দুটি উপস্থাপন করতে পারব। মন্ত্রী বলেন, ‘গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইনের খসড়া চূড়ান্ত করেছে তথ্য মন্ত্রণালয়। এটি ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি আইন মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে ভোটিং দিয়ে দেবে। এরপরই আমরা আইন দুটি জাতীয় সংসদে উপস্থাপন করব। তবে আগামীকাল শুরু হওয়া অধিবেশনে উপস্থাপন করা সম্ভব হবে না। আশা করছি এর পরের অধিবেশনে উপস্থাপন করতে পারব।’
পোশাক শ্রমিকদের মজুরি বাড়েনি, উল্টো ২৬ শতাংশ কমেছে: টিআইবি-দৈনিক যুগান্তর
তৈরি পোশাক খাতের মজুরি নিয়ে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে শুভঙ্করের ফাঁকি দিয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, নতুন কাঠামোতে মজুরি বাড়েনি, উল্টো ২৬ শতাংশ কমেছে।

মঙ্গলবার রাজধানীতে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। তৈরি পোশাক খাতে সুশাসন: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থার সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা মিনা ও মো. মোস্তফা কামাল। সংবাদ সম্মেলনের টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইন অনুযায়ী প্রতিবছর পাঁচ শতাংশ হারে মজুরি বাড়ানোর নিয়ম। সে হিসেবে মজুরি বাড়েনি, বাস্তবে সার্বিকভাবে ২৬ শতাংশ কমানো হয়েছে।
সরকারের প্রথম ১০০ দিন উদ্যমহীন, উচ্ছ্বাসহীন ও উদ্যোগহীন: সিপিডি:-দৈনিক ইত্তেফাক
বর্তমানে সামগ্রিক অর্থনীতিতে এক ধরনের নেতিবাচক চাপ সৃষ্টি হয়েছে। বেশিরভাগ সূচকই নিম্নমুখী। বিশেষ করে বৈদেশিক লেনদেনে যে ঘাটতি সৃষ্টি হয়েছে তা আমাদের সোনার সংসারে আগুন লাগিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মনীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে ‘বর্তমান সরকারের প্রথম ১০০ দিন বাংলাদেশের উন্নয়নে স্বাধীন পর্যালোচনা শীর্ষক সিপিডির এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। দেবপ্রিয় বলেন, সরকারে প্রথম ১০০ দিন ছিল উদ্দমহীন, উত্সাহহীন উচ্ছ্বাসহীন, উদ্যোগহীন। তিনি উল্লেখ করেন, কোথাও যেন সরকারকে একটি প্রথিত গোষ্ঠী করায়ত্ব করে নীতি নির্ধারণ করছে।
উন্নয়ন কর্মকাণ্ডে বিকল্প অর্থায়ন চায় বাংলাদেশ-মানবজমিন
ভবিষ্যত উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অর্থ চায় বাংলাদেশ। তবে চীনের কাছে কখনো আর ঋণ বা লোন চাইবে না। বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠেয় বেল্ট অ্যান্ড রোড ফোরামের সম্মেলনের আগে সাউথ চায়না মর্নিং পোস্টকে এক কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি বলেছেন, যেসব দেশ উচ্চ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে না, তাদের জন্য যেকোন অংকের ঋণ বিপজ্জনক হতে পারে।

বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে সম্পর্কিত ঋণ শোধ করার মতো অর্থনৈতিক শক্তি অর্জন করেছে বাংলাদেশ। তিনি বলেছেন, তা সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমৃদ্ধ করতে ঢাকা এখন অন্য অর্থনৈতিক মডেলের দিকে নজর দিয়েছে।
শপথ না নিলে জনগণের রায়ের প্রতি অবমাননা করা হবে: শিক্ষামন্ত্রী-দৈনিক ইনকিলাব
নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে জনগণের রায়ের প্রতি অবমাননা করা হবে বলে মনে করছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যারা এখনো সংসদ সদস্য হিসেবে শপথ নেননি তাদেরকে দ্রুত শপথ নেয়ার আহ্বান জানান তিনি। দীপু মনি বলেন, শপথ গ্রহণ করা জনপ্রতিনিধির অধিকার। সেই সাথে তিনি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবেন-এটাই সবার কামনা।দীপু মনি আজ মঙ্গলবার সকালে চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় নির্বাচনে যারা অংশ নেন তারা মূলত জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই। জনপ্রতিনিধি হলে শপথ নিয়ে সংসদে যাওয়ার কথা, কিন্তু তারা সেটি না করলে জনগণের রায়ের প্রতি অবমাননা করা হবে। তাই জনগণ আশা করছেন, তারা দ্রুত শপথ নিয়ে সংসদীয় কর্মকান্ডে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করবেন।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, ভগবানগোলায় হাঁসুয়ার কোপে এক কংগ্রেস কর্মীর মৃত্যু, জখম ২
ভগবানগোলায় তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর। হাঁসুয়ার কোপে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। জখম হয়েছেন আরও দুই কংগ্রেস কর্মী। মৃত ওই কংগ্রেস কর্মীর নাম আব্দুল কালাম টিয়ারুল শেখ। নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ওই দুই আহত কংগ্রেস কর্মী। আহতেরা হলেন মেহবুব শেখ এবং তাহিজুল শেখ। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ভোট সন্ত্রাস ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। তৃণমূলের দাবি, এই ঘটনা কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। মুর্শিদাবাদের ভগবানগোলায় বালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বুথের (১৮৮ নম্বর) সামনে কংগ্রেস এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।
বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তপন বিধানসভা এলাকায় বজরা পুকুর স্কুলের ১৪৮ নম্বর বুথ দখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি সমর্থক মন্টু রায়। তার উপর ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো হয়, বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে
গুজরাট দাঙ্গায় গণধর্ষিতাকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের-দৈনিক আজকাল
দেরিতে হলেও ন্যায় পেলেন ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় গণধর্ষিতা বিলকিস বানো। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপক গুপ্তার বেঞ্চ বিলকিসকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে গুজরাট সরকারকে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে।
বিলকিস ২০০২ সাল থেকে প্রায় যাযাবরের জীবন চাপন করছেন জানতে পেরে এদিন বেঞ্চ বিলকিসকে রাজ্য সরকারের চাকরি এবং বসতবাড়ি দিতেও নির্দেশ দিয়েছে। বিলকিস মামলায় যে পাঁচ পুলিস অফিসারের বিরুদ্ধে তদন্ত বেপথে চালিত করার অভিযোগ উঠেছিল তাঁদের মধ্যে চারজনের পেনশন বন্ধ এবং একজনকে পদাবনতির নির্দেশ দিয়েছে বেঞ্চ। সুপ্রিম কোর্ট আগেই গুজরাট সরকারের কাছে রিপোর্ট চেয়েছিল, ওই মামলায় তারা কী পদক্ষেপ করেছে। সেই ব্যাপারেই এদিন শীর্ষ আদালতে রাজ্য রিপোর্ট দিয়ে জানিয়েছে, ওই চারজন অফিসারের পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাই চরম শিক্ষা দেবে বিজেপিকে, আরামবাগের সভা থেকে চ্যালেঞ্জ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
ভরা গ্রীষ্মে সাত দফা ভোট নিয়ে এই প্রথম নির্বাচনী জনসভায় আপত্তি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী৷ আরামবাগে দলীয় প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে সভার শুরুতেই তাঁর মন্তব্য, “দেশে এত দফায় ভোট এই প্রথম৷ বিজেপি নিজের সুবিধার জন্য এতগুলো দিনে ভোট করছে৷ গরমে মানুষের কষ্টের কথা ভাবেনি৷” এই গরমে তাঁরও যে একটানা জনসভা করতে কষ্ট হচ্ছে, পরোক্ষে সেই বার্তাও দিলেন৷

আজ তৃতীয় দফা ভোটে মালদহের দু’টি বুথে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশের প্রসঙ্গ তুলে ক্ষোভ ফেটে পড়লেন মমতা৷ তাঁর মন্তব্য, “আমার কাছে অভিযোগ এসেছে, ইংরেজবাজারের ১৬৬,১৬৭ নং বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী ঢুকে বিজেপির হয়ে ভোট করাচ্ছে৷ একই অভিযোগ পেয়েছি ইটাহার থেকেও৷ কেন এমনটা হবে? বাহিনীর কাজ নিরাপত্তা বজায় রাখা৷ বিজেপির হয়ে কাজ করা নয়৷ আমরা এই বিষয়টি কমিশনে জানিয়েছি৷” সেইসঙ্গে জনসভায় উপস্থিত মানুষজনকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘আপনাদের কেউ এভাবে ভোট করাতে এলে, তাঁদের কথা শুনবেন না৷ আপনার ভোট আপনার সিদ্ধান্ত৷ নিজের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন৷’#
পার্সটুডে/বাবুল আখতার/২৩