খালেদা জিয়া আপোষ করলে প্রধানমন্ত্রীও হতে পারতেন : খন্দকার মাহবুব
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৪ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশে আঘাত হেনেছে ফণী, ৫ জনের মৃত্যু-দৈনিক ইত্তেফাক
- ফণীর প্রভাবে চাঁদপুরে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত-দৈনিক প্রথম আলো
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা গেছে: দৈনিক কালের কণ্ঠ
- ফণীর’ বিপদ কেটে গেছে, আশ্রয়কেন্দ্র ছাড়ার নির্দেশ-এনটিভি বিডি অনলাইন
- খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল-দৈনিক মানবজমিন
- খালেদা জিয়া আপোষ করলে প্রধানমন্ত্রীও হতে পারতেন : খন্দকার মাহবুব: দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- মাসুদকে পাকিস্তান ফেরত পাঠিয়েছিল কে? প্রশ্ন তুলে ফের বিজেপিকে আক্রমণ রাহুলের- দৈনিক আনন্দবাজার পত্রিকা
- এদিকে দৈনিক আজকালের খবর- ভারতীয় সেনাবাহিনী মোদিজির ব্যক্তিগত সম্পত্তি নয় বলে আক্রমন রাহুলের
- নিখুঁত পূর্বাভাসেই এড়ানো গিয়েছে বড় ক্ষতি, আবহাওয়া দপ্তরের প্রশংসায় রাষ্ট্রসংঘ-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন (৪ মে, ২০১৯)
১. সরকারের সমালোচনা করলে তাকে গুম হতে হয়, না হয় কারাগারে থাকতে হয় এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আসলে বাস্তবতা কী?
২. ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ইরান এবং আমেরিকার মধ্যে আসন্ন যুদ্ধের কোনও আশংকা নেই; তবে বিশেষ কোনও দুর্ঘটনার কারণে সামরিক সংঘাত বেঁধে যেতে পারে। আপনার কী মনে হয়?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
বাংলাদেশে আঘাত হেনেছে ফণী, ৫ জনের মৃত্যু-দৈনিক ইত্তেফাক
ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হেনে বাংলাদেশে প্রবেশ করেছে।শনিবার সকাল ৯টায় খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চল হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণীঝড়ের কেন্দ্রের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। ফণীর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফণীর আঘাতে শুক্রবার রাতে ও শনিবার সকালে নোয়াখালী,ভোলা, বরগুনা ও বাগেরহাটে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (৪৩) জানানো হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ফণী আরও উত্তর- উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ঘূর্ণিঝড় আকারে শনিবার সকাল ৬ টায় সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল এবং এদের পাশ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। এটি বাংলাদেশের উপর দিয়ে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সারাদেশে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে।
ফণীর প্রভাবে চাঁদপুরে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত-দৈনিক প্রথম আলো
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট প্রচণ্ড ঝড়ে গভীর রাতে চাঁদপুরের তিন উপজেলার শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় কমপক্ষে ১০ জন সামান্য আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে পৌনে চারটা পর্যন্ত প্রচণ্ড বেগে বাতাসের সঙ্গে ঝড়ে তাঁদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান বলেছেন, ‘জেলায় এক রাতের ঘূর্ণিঝড়ে ১০০ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে। চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের তিন গ্রামের ৫৬ টি, হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়নে ১২টি ও মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নের ৩টি গ্রামে ৪০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় এসব এলাকায় গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। নদী উত্তাল হওয়ায় সেখানে প্রশাসনিক কর্মকর্তা ও উদ্ধার তৎপরতা চালাতে স্বেচ্ছাসেবী সংগঠনও পৌঁছাতে পারছে না। রাজরাজেশ্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত লোকজন জানান, সেখান কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় এই ঝড়ের সময় যে যাঁর বাড়িতে অবস্থান করছিলেন।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা গেছে: দৈনিক কালের কণ্ঠ
বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আগাম তথ্য পেয়েছিলাম বিধায় আমাদের সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিলাম। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় ফণী নিয়ে দলীয় মনিটরিং সেলের কর্মকাণ্ড ও পর্যবেক্ষণ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, আমরা দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। গত ১০ বছর তার শাসনামলে সবদিক থেকে দেশের উন্নয়ন হয়েছে। বিশেষ করে উন্নয়নের একটি বড় অংশ হচ্ছে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে গভীর সমুদ্রের দুই হাজার কিলোমিটার দূরে শুরু হওয়া ঘূর্ণিঝড়ের খবর আমাদের দেশের আবহাওয়া অধিদফতর সংগ্রহ করতে সক্ষম হয়।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের সব প্রতিষ্ঠান নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে বসে সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছেন। সরকার এবং দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে।’
ফণীর বিপদ কেটে গেছে, আশ্রয়কেন্দ্র ছাড়ার নির্দেশ-এনটিভি বিডি অনলাইন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘ফণীর বিপদ কেটে গেছে। আশ্রয়কেন্দ্রে অবস্থান করা জনগণকে আজ শনিবার বিকেল ৪টার পর থেকে নিজ নিজ গৃহে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ডা. এনামুর রহমান আরো বলেন, ‘ফণীর’ বিপদ কেটে গিয়ে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

প্রতি মন্ত্রী বলেন, ‘ফণী’র প্রভাবে এখন পর্যন্ত সারাদেশে চারজন মারা গেছে। নিহত প্রত্যেকের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের পরিবারকে ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘ফণী’ দুর্বল হয়ে আঘাত হানার কারণে ফসলি জমির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবু ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ পৌঁছে দিতে বিমান বাহিনীর সব হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। এর আগে সারা দেশের ১৬ লাখ ৪০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।
সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, তথ্য সচিব মো. আব্দুল মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল- -দৈনিক মানবজমিন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল দুপুরে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, দক্ষিণের সভাপতি এস এম জিলানী, উত্তরের সভাপতি ফখরল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদারসহ নেতাকর্মীরা অংশ নেন।
খালেদা জিয়া আপোষ করলে প্রধানমন্ত্রীও হতে পারতেন: খন্দকার মাহবুব: দৈনিক নয়াদিগন্ত
বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি যদি অন্যায়ের সাথে আপোষ করতেন তাহলে শুধু জেল থেকে মুক্তি নয়, অনেক আগেই তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারতেন। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া আদর্শ একাডেমী আয়োজিত কারাবন্দি বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী তার এক বক্তব্যের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন এমন অভিযোগ করে খন্দকার মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময়ে কোন রাগ বা ক্ষোভের বশবর্তী না হওয়ার যে শর্ত আছে তা তিনি ভঙ্গ করেছেন।
প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেছেন, ‘তারেক রহমান বেশি বাড়াবাড়ি করলে তার মাকে (বেগম খালেদা জিয়া) জেল থেকে মুক্তি দেয়া হবে না’। প্রধানমন্ত্রীর এই কথার মাধ্যমে প্রমাণ হয় বেগম খালেদা জিয়া কোন অপরাধ বা দুর্নীতির কারনে জেলে বন্দি নন, প্রধানমন্ত্রীর কোন রাগের বা ক্ষোভের কারনেই বেগম খালেদা জিয়া আজ জেল থেকে মুক্তি পাচ্ছেন না। আর শপথ ভঙ্গের কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলেও মন্তব্য করেন খন্দকার মাহবুব।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
গাঁধীর হত্যাকারীদের থেকে দেশপ্রেম শিখব না, মোদী-বিজেপিকে আক্রমণ মমতার- দৈনিক আনন্দবাজার পত্রিকা
ক্ষমতায় এলে সন্ত্রাসের বিরুদ্ধে মোদী সরকারের চেয়েও কঠোর পদক্ষেপ করে দেখাবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। শনিবার দিল্লিতে রাহুল গাঁধী। মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার কৃতিত্ব নিতে চাওয়ায় এ বার বিজেপিকে তীব্র আক্রমণে বিঁধলেন রাহুল গাঁধী। ১৯৯৯-তে অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে বিমান ছিনতাইয়ের কথা মনে করিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসের সঙ্গে আপস করার অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি।

পুলওয়ামার জবাবে গত ফেব্রুয়ারি মাসে বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার সেই কৃতিত্বকে হাতিয়ার করে নির্বাচনে ভোট চাইতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরের একাধিক নেতাকে। তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জমা পড়ে। চলতি সপ্তাহে রাষ্ট্রপুঞ্জ মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার পরও, বিজেপিকে একই অবস্থান নিতে দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক দৌত্যের ফলেই মাসুদ আজহারকে ‘নিষিদ্ধ জঙ্গি’ ঘোষণা করা হয়েছে বলেও দাবি করেন বিজেপি নেতারা। রাহুল গাঁধীর আপত্তি এখানেই। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘মাসুদ আজহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। কিন্তু কারা তাকে পাকিস্তান ফেরত পাঠিয়েছিল? সন্ত্রাসের সামনে কারা মাথা নুইয়েছিল? কারা ওকে মুক্তি দিয়েছিল? কংগ্রেস নয়, বরং তত্কালীন বিজেপি সরকারই এই কাণ্ড ঘটিয়েছিল। আসল কথা হল, বিজেপি-ই সন্ত্রাসের সঙ্গে আপস করে। কংগ্রেস কখনও কাউকে পাকিস্তান ফেরত পাঠায়নি, আর পাঠাবেও না।’’
এদিকে দৈনিক আজকালের খবর- ভারতীয় সেনাবাহিনী মোদিজির ব্যক্তিগত সম্পত্তি নয় আক্রমন রাহুলের
কংগ্রেসকে টেক্কা দেওয়ার সমস্ত রাস্তা খোলা রেখে ২০১৯ লোকসভা নির্বাচনে দলীয় ইস্তেহার প্রকাশ করল বিজেপি৷ রাহুল গান্ধীদের মতোই কৃষকবান্ধব ইমেজ ফিরে পেতে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হল ইস্তেহারে৷ সোমবার দিল্লিতে বিজেপির ইস্তাহার প্রকাশ করে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিলেন, ২০২২-এর মধ্যে ৭৫টি ‘সংকল্প' পূরণ করবেন৷

২০২২এ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি৷ সেকথা মাথায় রেখেই ৭৫টি প্রতিশ্রুতি ধরা হল ইস্তেহারে৷ সবচেয়ে নজর কাড়ল কৃষকদের প্রতি একগাদা প্রতিশ্রুতি৷ সুদ ছাড়া কৃষিঋণ, কৃষক সম্মান নিধি-সহ একাধিক সুবিধা প্রদান করা হবে বলে ইস্তেহারে উল্লেখ রয়েছে৷ এমনকী কৃষকদের জন্য আলাদা মন্ত্রক খোলার কথাও বলা হয়েছে৷ ২০১৪-র মতো এবারও বিজেপির নির্বাচনী ইস্তাহারে ফের রাম মন্দির তৈরির কথা বলা হয়েছে৷
নিখুঁত পূর্বাভাসেই এড়ানো গিয়েছে বড় ক্ষতি, আবহাওয়া দপ্তরের প্রশংসায় রাষ্ট্রসংঘ-দৈনিক সংবাদ প্রতিদিন
৪৩ বছরে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী৷ যা ইতিমধ্যেই তাণ্ডব চালিয়েছে ওড়িশায়৷ প্রাণহানি হয়েছে ঠিকই৷ তবে বিশেষজ্ঞদের মতানুযায়ী ঝড়ের দাপটের তুলনায় তা নগণ্য৷ আগাম সতর্কতার জেরেই বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলেই দাবি রাষ্ট্রসংঘের৷ ফণীর খুঁটিনাটি তথ্য নিখুঁতভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করার জন্য রাষ্ট্রসংঘের তরফে ভারতীয় আবহাওয়া দপ্তরের প্রশংসাও করা হয়েছে৷

প্রায় সপ্তাহখানেক আগেই পূর্বাভাস দিয়েছিল ভারতীয় আবহাওয়া দপ্তর৷ জানিয়ে দেওয়া হয়েছিল এপ্রিলের শেষ থেকে মে-র শুরুতেই ভারতে আছড়ে পড়তে চলেছে ফণী৷ আবহবিদরা জানিয়েছিলেন, ক্যাটেগরি ৫-এর এই প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ওড়িশা উপকূল ছুঁয়ে প্রবেশ করবে পশ্চিমবঙ্গে৷ এরপর তা চলে যাবে বাংলাদেশে৷ আরও জানানো হয়েছিল, শুক্রবার বেলা ১২টা থেকেই ফণী তাণ্ডবলীলা শুরু করবে৷ আবহাওয়াবিদদের পূর্বাভাসই যেন সত্যি হল৷ ওইদিনই নির্ধারিত সময়ের ঘণ্টাতিনেক আগে ঠিক ৮টা ৫০ মিনিট নাগাদ ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ফণী৷ ঝড়ের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় ওড়িশার অন্তত ১১টি জেলা৷এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে৷ ভেঙে যায় গাছ৷ উড়ে যায় জলের ট্যাঙ্ক৷ তবে শনিবার থেকে ওড়িশার পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে৷ শুরু হয়েছে ভেঙে যাওয়া গাছের ডালপালা সরিয়ে রাস্তা ফাঁকা করার কাজ৷ ভুবনেশ্বর বিমানবন্দরও স্বাভাবিকের পথে৷#
পার্সটুডে/বাবুল আখতার/৪