মে ১৪, ২০১৯ ১১:৪৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ধানের দাম নাই: জাগো বাহে কুনঠে সবাই-দৈনিক প্রথম আলো
  • ৩-৪ দিনের মধ্যে পণ্য সরিয়ে নিতে ৫২ প্রতিষ্ঠানকে নির্দেশ-দৈনিক ইত্তেফাক
  • ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম-দৈনিক যুগান্তর
  • মুক্তিযোদ্ধা শব্দের আগে ‘ভুয়া’ বলা যাবে না : হাইকোর্ট-দৈনিক মানবজমিন
  • খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেনি সরকার : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • প্রিয়াঙ্কার কনভয় লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান, কী করলেন রাজীবতনয়া?-দৈনিক সংবাদ প্রতিদিন
  • মোদী-হাওয়া শেষ হয়নি, দাবি প্রধানমন্ত্রীর-দৈনিক আনন্দবাজারমোদির সরকার যেন ডুবন্ত এক জাহাজ’, মায়াবতীর
  • আত্মবিশ্বাস ভয় ধরাচ্ছে বিজেপিকে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

আজ শুরুতেই দৈনিক প্রথম আলোর একটি  কৃষি বিষয়ক দুর্ভাবনামূলক মন্তব্য নিবন্ধ তুলে ধরছি

নিবন্ধের শিরোনাম এরকম-ধানের দাম নাই: জাগো বাহে কুনঠে সবাই

ধানের মূল্য নেই, কৃষকের দুর্বিষহ অবস্থা

দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা তার এ নিবন্ধে লিখেছেন, কুড়িগ্রামের এক কৃষক বাপ অনেক হাউস করে তাঁর ছেলেকে শহরের কলেজে পাঠিয়েছিলেন। দল না করায় কলেজের ছাত্রাবাসে তার ঠাঁই হয়নি। মেসে থাকতে হয় তাকে। মেসে খরচ বেশি, নিরাপত্তা কম। কৃষক বাবা তাতেও রাজি ছিলেন। ছেলের মাথা আছে, পড়াশোনা করুক। সাধারণভাবে চলে ছেলে। তাতেও মাসে লাগে চার হাজার। এত দিন কষ্টেশিষ্টে ভেঙে ভেঙে মাসে হাজার চারেক পাঠাতেন বাপ। এ মাসে সাকল্যে এক হাজার টাকা পাঠিয়ে মাফ চেয়েছেন কৃষক বাপ। যেন তাঁর অপরাধ, তাই মাফ চান অপরাধী! বাপ কখন ছেলের কাছে মাফ চান? ধানের দাম পড়ে গেলে আর শ্রমের মজুরি না পেলে অসহায় বাপদের অপরাধী হওয়া ছাড়া আর উপায় কী?

এদিকে টাঙ্গাইলের বানকিনা গ্রামের আরেক দিশেহারা কৃষক আবদুল মালেক সিকদার ধানের দাম না পেয়ে রাগে-দুঃখে নিজের পাকা ধানখেতে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন। এবার ধানের দাম একেবারেই নেই। নানা অঞ্চলের কৃষকের সঙ্গে আলোচনার গড় করলে সরল হিসাবে এ বছর এক বিঘা বোরো জমি চাষ করতে কৃষকের খরচ হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার টাকা। সে জমিতে ধান উৎপাদন হয়েছে ১৫ মণের মতো। প্রতি মণ ধান ৫০০ টাকা দরে বিক্রি করে কৃষক পাচ্ছেন সাড়ে ৭ হাজার টাকা। প্রতি বিঘায় কৃষকের লোকসান ৬ হাজার ২০০ টাকা। এর কারণ হিসেবে দেখা যাচ্ছে, শ্রমিকসংকট বাড়ছে। ধানের বাজার এখন ফড়িয়া আর চালকল মালিকদের হাতের মুঠোয়। রকারিভাবে চাল কেনার ঘোষণা থাকলেও এখনো কেনার তোড়জোড় কোথাও শুরু হয়নি। এদিকে, আশা জাগানিয়ে বিষয় হচ্ছে-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ বিষয়ে আন্দোলনে নেমেছেন। ১০ দিনের জন্য পিতাদের কাছে ফিরে গিয়ে কাস্তে হাতে ধান কেটে তাদের রক্তের ঋণের জবাব দিয়ে আসি না কেন? পিতা কেন সন্তানের কাছে মাফ চাইবেন স্বাধীনতার এত বছর পরে?

ছাত্র রাজনীতির খবরে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

খবরটিতে লেখা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ আলটিমেটাম দেন তারা। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের গঠিত নতুন পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে অধিক তদন্তের মাধ্যমে অর্থবহ কমিটি গঠনের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিগত কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু বলেন, বিগত সময়গুলোতে যারা সক্রিয়ভাবে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, তাদের একটি বৃহৎ অংশকে বাদ কিংবা সঠিক মূল্যায়ন না করে ছাত্রলীগে নিষ্ক্রিয়, সাবেক চাকরিজীবী, বিবাহিত, অছাত্র, গঠনতন্ত্রের অধিক বয়স্ক, বিভিন্ন মামলার আসামি, মাদকসেবী, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের দায়ে আজীবন বহিষ্কৃতসহ নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পদায়ন করা হয়েছে। এমন ব্যক্তিদের পদায়ন দেখে ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণকর্মী হিসেবে আমাদের ব্যথিত করেছে। ছাত্রলীগের ঢাবি শামসুন্নাহার হলের সভাপতি নিপু ইসলাম তন্বী বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত ওই কমিটি ভেঙে না দিলে বিক্ষোভ, অনশনসহ আমরা গণপদত্যাগ করব।রোকেয়া হলের সভাপতি লিপি আক্তার বলেন, তদন্ত কমিটি মানি না।

ভেজাল বিষয়ক দৈনিক ইত্তেফাকের প্রধান খবরের শিরোনাম-৩-৪ দিনের মধ্যে পণ্য সরিয়ে নিতে ৫২ প্রতিষ্ঠানকে নির্দেশ

বিস্তারিত খবরে লেখা হয়েছে, ৫২টি পণ্যের প্রতিষ্ঠানকে তাদের পণ্য বাজার থেকে সরিয়ে নিতে ৩ থেকে ৪ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সরিয়ে না নিলে ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কথা জানান। অন্যদিকে তিনি জানান, দুধের মান নিয়ন্ত্রণে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তিযোদ্ধা শব্দের আগে ‘ভুয়া’ বলা যাবে না : হাইকোর্ট-দৈনিক মানবজমিন

Image Caption

মুক্তিযোদ্ধা শব্দের আগে ‘ভুয়া’ বলে সম্বোধন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। যদি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের কেউ এটা করে তাহলে তাদের তলব করা হবে বলেও হুঁশিয়ার করেছেন আদালত। আজ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত বিষয়ে শুনানিতে এই আদেশ দেন। 

আদালত বলেন, মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে কিন্তু মুক্তিযোদ্ধারা কখনো ভুয়া হতে পারে না। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করে ভুয়া মুক্তিযোদ্ধা শব্দের ব্যবহার করা যাবে না। একজন ভুয়া সনদধারীর কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলা যায় না।

সবশেষে রাজনীতির খবর

দৈনিক নয়া দিগন্তের শিরোনাম- খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেনি সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন, ‘বর্তমান জনধিকৃত সরকার গণতন্ত্রের জন্য অকুতোভয় আপসহীন সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেনি।’ তিনি বলেন, ‘সুচিকিৎসা ও জামিনে বাধা প্রদানের পেছনে গভীর ভয়ংকর নীলনকশা এখন দিনের আলোর মতো স্পষ্ট। পুরো আইনী প্রক্রিয়াতে প্রতিহিংসাপরায়ণতা আর জিঘাংসায় ভরপুর। দেশনেত্রীকে প্রাণহানির হুমকির মুখে ফেলে রেখে প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে।’ আজ রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।এদিকে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,‘খালেদা জিয়া ভালো আছেন, রোজাও রাখছেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মোদী-হাওয়া শেষ হয়নি, দাবি প্রধানমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

২০১৪-র মতো এখনও দেশের প্রতিটি ঘরে মোদী হাওয়া বইছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের রতলামে ভোট প্রচারে গিয়ে আজ এ নিয়ে বিরোধীদের পাল্টা আক্রমণ করেন তিনি।

গত লোকসভা ভোটের পর থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট ও উপনির্বাচনে বিজেপিকে হারের মুখ দেখতে হয়েছে। বিরোধীরা তো বটেই, মোদী হাওয়ার অস্তিত্ব নিয়ে বিজেপির ভিতর থেকেই প্রশ্ন উঠছিল। লোকসভা ভোটের আগে বিরোধী দলগুলি সেই প্রচারকে আরও তীব্র করে দিয়েছে। আজ এরই জবাব দিয়েছেন মোদি। এ দিন তাঁর মন্তব্য, ‘‘পন্ডিতেরা দাবি করেছেন, এ বারের ভোটে নাকি কোনও হাওয়া নেই। হাওয়া আছে- যুব সমাজ এবং মা-বোনেরা। তারা স্থিার করেছেন এবার তাদের  ভাইকে জেতাবেন। প্রধানমন্ত্রীর দাবি, মহিলারা তাঁকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

মোদির সরকার যেন ডুবন্ত এক জাহাজ’, মায়াবতীর আত্মবিশ্বাস ভয় ধরাচ্ছে বিজেপিকে-দৈনিক আজকাল

মায়াাবতী বলেছেন মোদি সরকার এখন ডুবন্ত জাহাজ

ফের মোদিকে আক্রমণ মায়াবতীর। এবার মোদি সরকারকে ডুবন্ত জাহাজ বলে কটাক্ষ করলেন বিএসপি সুপ্রিমো। মায়াবতী দাবি করেছেন বিজেপি সরকারের এখন এতটাই খারাপ অবস্থা যে আরএসএসও তাদের ছেড়ে দিয়েছে। লোকসভা নির্বাচনে একাধিক দফায় একবারও আরএসএস সমর্থকদের বিজেপির হয়ে প্রচার করতে দেখা যায়নি, দাবি করেছেন মায়াবতী। আরএসএসও হাত সরিয়ে নিচ্ছে দেখে অনেকটা অসহায় হয়ে গিয়েছেন মোদিও। 

প্রিয়াঙ্কার কনভয় লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান, কী করলেন রাজীবতনয়া?-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয়াঙ্কা গান্ধী

সম্প্রতি যে ঘটনা দেখেছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী এক নির্বাচনি প্রচার সভা সেরে যখন কনভয়ে ফিরছিলেন তখন তাকে উদ্দেশ্যে করে ‘মোদি…মোদি…’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলেন একদল বিজেপি সমর্থক৷তখন মমতা বিরক্তি প্রকাশ করেছিলেন। একই ঘটনা ঘটল মধ্যপ্রদেশে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনি প্রচারের সময়। প্রচার সেরে কনভয় নিয়ে যাওয়ার সময়, প্রিয়াঙ্কাকে উদ্দেশ্যে করেও একইভাবে স্লোগান দিল বিজেপির কিছু সমর্থক। প্রিয়াঙ্কা তখন রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করেন । তাঁকে অস্বস্তিতে ফেলার যে ছক কষেছিলেন বিজেপি সমর্থকরা, তা ব্যর্থ করে দেন প্রিয়াঙ্কা। গাড়ি থেকে নেমে একগাল হাসি নিয়ে বিজেপি সমর্থকদের সঙ্গে করমর্দন করেন তিনি৷ তাঁদের শুভেচ্ছাও জানান৷ করমর্দন করে কংগ্রেস নেত্রী তাঁদের বলেন, ‘‘আপনারা আপনাদের জায়গায়, আমি আমার জায়গায়। অল দ্য বেস্ট’’৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রাজীবকন্যার সেই সৌজন্যের ভিডিও৷

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪