মে ১৭, ২০১৯ ১১:৪৭ Asia/Dhaka
  • সরকার দেশকে অকার্যকর রষ্ট্রে পরিণত করছে: খন্দকার মোশাররফ হোসেন

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৫ মে শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে গাম্বিয়া-দৈনিক কালেরকণ্ঠ
  • ভূমধ্যসাগরে নৌকাডুবি: পাচার চক্রের ৩ সদস্য আটক-দৈনিক যুগান্তর
  • রাজধানীতে বিএনপির ঝটিকা মিছিল-দৈনিক ইত্তেফাক
  • সরকার দেশকে অকার্যকর রষ্ট্রে পরিণত করছে-মানবজমিন
  •  ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু-দৈনিক নয়াদিগন্ত-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • ‘প্রত্যেক ধর্মের নিজস্ব সন্ত্রাসী রয়েছে,’ গডসে বিতর্কে অবস্থান স্পষ্ট কমলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • আপত্তি প্রত্যাহার চীনের,রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকায় মাসুদ আজহার –দৈনিক বর্তমান
  • গদ্দার টিকিট চেয়েছিল, দিইনি, অর্জুনের গড়ে হুঙ্কার মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে গাম্বিয়া-দৈনিক কালেরকণ্ঠ

রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা। আজ শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিশ্রুতির কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। ড. মামাদু টাঙ্গারা জানান, রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে নিতে গাম্বিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রোহিঙ্গা সংকট মানবিক ইস্যু, তার দেশ এই ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন বিশেষ করে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের প্রশংসা করেন তিনি। বৈঠকে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধামন্ত্রীর মুখ্য সচিব এম নজিবুর রহমান প্রমুখ।

ভূমধ্যসাগরে নৌকাডুবি: পাচার চক্রের ৩ সদস্য আটক-দৈনিক যুগান্তর-

অবৈধভাবে ইউরোপে পাঠানোর সময় সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত সন্দেহে পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, শুক্রবার বেলা ১১টায় কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বাংলাদেশি। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

রাজধানীতে বিএনপির ঝটিকা মিছিল-দৈনিক ইত্তেফাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি। শুক্রবার সকাল ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঝটিকা মিছিলটি শুরু হয়। মিছিলটি নাইটেংগেল-কাকরাইল মোড়ের দিকে অগ্রসর হতে গিয়েও কিছুটা এগিয়ে আবার নয়াপল্টনের দিকে ফিরে যায়। মিছিল থেকে ‘আমার নেতা তোমার নেতা শহীদ জিয়া শহীদ জিয়া, খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে দিতে হবে, স্বৈরাচারের পতন হবেই এবার নিশ্চয়’- এসব স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

সরকার দেশকে অকার্যকর রষ্ট্রে পরিণত করছে-মানবজমিন

সরকার দেশকে অকার্যকর রষ্ট্রে পরিণত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুভ বুদ্ধপুর্ণিমা ২০১৯ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সবদিক থেকে সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে।

তিনি বলেন, কৃষকরা তাদের পাকা ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কৃষক তাদের ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির আগে যে জনসমর্থন ছিল, সরকারের অত্যাচার নির্যাতনের কারণে এই জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এখন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু-দৈনিক নয়াদিগন্ত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন গন্তব্যে আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন কাউন্টার থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রতিবছরের মতো রাজধানীর গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট কাটতে ভোর থেকেই বিভিন্ন কাউন্টারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল- এ চারটি বিভাগের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের টিকিট বিক্রি হচ্ছে রাজধানীর গাবতলী ও আশপাশের এসব এলাকা থেকে।  গত দুই বছরের মতো এবারও ঈদযাত্রায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়া থাকছে। চাহিদা অনুযায়ী এবার বিভিন্ন রুটে নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে। এর আগে গত ৯ মে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের এক বৈঠকে আগাম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত হয়। পরিবহন সংশ্লিষ্টরা জানান, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আগের মতো তাৎক্ষণিক টিকিট বিক্রি করা হচ্ছে।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

প্রত্যেক ধর্মের নিজস্ব সন্ত্রাসী রয়েছে, গডসে বিতর্কে অবস্থান স্পষ্ট কমলের

নাথুরাম গডসে স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাসী, এই মন্তব্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কমল হাসন। এই মন্তব্যের পর তাঁর দিকে জুতো ছুড়ে হামলার চেষ্টাও হয়েছে। এ বার মাক্কাল নিধি মইয়াম প্রতিষ্ঠাতা বললেন, প্রতিটি ধর্মেই সন্ত্রাসবাদী রয়েছে। কমলের কথায়, গ্রেফতারির ভয় তিনি পান না। তাঁকে গ্রেফতার করতেই পারে। এতে অশান্তি বরং আরও বাড়বে। তবে এটা হুমকি নয়, কারণ তিনি শান্তির পক্ষে। কমলের কথায়, ‘‘এ কথা আমি যে প্রথম বার বলছি, এমনটা নয়। আসলে সন্ত্রাসবাদ তো কোনও ধর্মের সঙ্গে সংযুক্ত নয়। যে কোনও ধর্মেই সন্ত্রাসী থাকতে পারে। হিন্দুরা যে খুব পবিত্র, এ কথা জোর দিয়ে বলতে পারি না।’’ মাক্কাল নিধি মইয়াম-এর প্রার্থী এস মোহনরাজের সমর্থনে প্রচারে গিয়েছিলেন হাসন। সেখানে নাথুরাম গডসেকে স্বাধীন ভারতের প্রথম ‘হিন্দু সন্ত্রাসবাদী’ বলে বিজেপির আক্রমণের মুখে পড়েন। তামিলনাড়ুর আরাভাকুরিচির ওই জনসভায় হাসন বলেন, ‘‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী এক জন হিন্দু। তিনি মোহনদাস কর্মচন্দ গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসে। তাঁকে দিয়েই (সন্ত্রাসবাদ) শুরু হয়েছিল।’

গডসে একজনকে মেরেছে, রাজীব গান্ধী মেরেছে ১৭ হাজার মানুষকে:‌ বিজেপি সাংসদ-দৈনিক আজকাল

 দফা ভোট সামনে। শুরুটা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর পথে হেঁটেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের বিজেপি সাংসদ নলীন কুমার কাটেল। জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসকে দেশভক্ত বলায় গোটা দেশে সমালোচনার মুখে পড়েছিলেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। এবার সেই গডসের সঙ্গেই রাজীব গান্ধীর নাম জড়িয়ে মন্তব্য করলেন কর্নাটকের এই বিজেপি সাংসদ। প্রজ্ঞার মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় চলাকালীনই টুইটে নলীন লেখেন, গডসে একজনকে মেরেছিল, মুম্বই হামলার সময় কাসভ ৭২ জনকে মেরেছিল আর রাজীব গান্ধী মেরেছিল ১৭ হাজার মানুষকে। এবার বিচার করুন, কে সবচেয়ে বেশি নির্দয় ছিল?‌ আর তাঁর এই মন্তব্যের পর দেশজুড়ে আবারও সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। যদিও পরে সেই টুইটটি তিনি নিজের টুইটার হ্যান্ডেল থেকে মুছে দেন।

নতুন সরকারের নেতৃত্ব দেবে কংগ্রেসই, অবস্থান বদল গুলাম নবি আজাদেরদৈনিক বর্তমান

বৃহস্পতিবার বলেছিলেন আঞ্চলিক দলগুলির থেকে কেউ প্রধানমন্ত্রী হলে অসুবিধা নেই কংগ্রেসের। কারণ, একমাত্র লক্ষ্য হল বিজেপিকে ক্ষমতা থেকে তাড়ানো। ২৪ ঘণ্টার মধ্যেই সেই অবস্থান পুরোপুরি বদলে ফেললেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।

শুক্রবার এই প্রসঙ্গে তিনি বলেন, “এটা কখনই সত্যি নয় যে প্রধানমন্ত্রী পদ বা সরকার গঠনের জন্য উৎসাহিত নয় কংগ্রেস। এমনিতে আমরাই দেশের সবচেয়ে পুরনো ও বড় রাজনৈতিক দল। তাই যদি পাঁচ বছরের জন্য সরকার চালাতে হয় তাহলে সবচেয়ে বড় রাজনৈতিক দলকে একটা সুযোগ দিতেই হবে। যদিও বৃহস্পতিবার তিনি বলেছিলেন, “লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। তখন রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী করতে হবে, এমন কোনও জেদ ধরবে না কংগ্রেস। এনডিএ জোটের বাইরে থাকা কোনও আঞ্চলিক দল থেকে যদি যোগ্য কেউ প্রধানমন্ত্রী হতে চান তাহলে আমরা বাধা হয়ে দাঁড়াব না।”#

পার্সটুডে/বাবুল আখতার/১৭