বিআরটিসির বাস এত তাড়াতাড়ি নষ্ট হয় কেন, প্রশ্ন সেতুমন্ত্রীর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ মে রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- যাত্রীরা ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছেন দেড় ঘণ্টায়!-দৈনিক প্রথম
- নারীদের উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
- বিআরটিসির বাস এত তাড়াতাড়ি নষ্ট হয় কেন, প্রশ্ন সেতুমন্ত্রীর-দৈনিক যুগান্তর
- কেরানীগঞ্জে আদালত স্থানান্তরের বিরুদ্ধে খালেদার রিট-দৈনিক ইত্তেফাক
- দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-দৈনিক মানবজমিন
- খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অপরাজনীতি করবেন না : বিএনপিকে তথ্যমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
ভারতের খবর:
- ‘প্রত্যেক ধর্মের নিজস্ব সন্ত্রাসী রয়েছে,’গডসে বিতর্কে অবস্থান স্পষ্ট কমলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- গডসে একজনকে মেরেছে, রাজীব গান্ধী মেরেছে ১৭ হাজার মানুষকে: বিজেপি সাংসদ-দৈনিক আজকাল
- এবার লোকসভায় নবনির্বাচিত ২৩৩ জন সাংসদ ধর্ষণ, হত্যা, সন্ত্রাস সহ ফৌজদারি মামলায় অভিযুক্ত–দৈনিক সংবাদ প্রতিদিন –দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
যাত্রীরা ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছেন দেড় ঘণ্টায়!-দৈনিক প্রথম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও গোমতী নদীর ওপর নির্মিত দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু গতকাল শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে। আর কিছুদিন আগে চালু হয়েছে দ্বিতীয় কাঁচপুর সেতু। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নতুন এই তিনটি সেতু নির্মাণের সুফল পেতে শুরু করেছে কুমিল্লার মানুষ।

গতকাল শনিবার ও আজ রোববার ঢাকা থেকে কুমিল্লায় যেতে দেড় ঘণ্টার মতো সময় লেগেছে। অথচ এই পথ পাড়ি দিতে আগে কখনো কখনো ৮ থেকে ১০ ঘণ্টাও লাগত। সেতুর কাছে গাড়ির লম্বা লাইন না থাকলে সাধারণত তিন থেকে চার ঘণ্টায় পৌঁছাতেন যাত্রীরা। যানজট এড়িয়ে দ্রুত পৌঁছানোর জন্য ভোরে রওনা দিতেন অনেকেই। তবে সব সময় সেই চেষ্টাও কাজে আসত না।
নারীদের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
মেয়েদের কর্মসংস্থানে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গুই থেকে যাবে। এ জন্য বয়স্কভাতা, বিধবাভাতা, শান্তিনিবাসসহ সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় নারীদের উন্নয়নে কাজ করছে সরকার। এ সময় নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ ও যুগোপযোগী করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

আজ রবিবার সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ন্যান্সের বিশেষ সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, মেয়েদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ করে দিতে হবে। তা না হলে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে।
বিআরটিসির বাস এত তাড়াতাড়ি নষ্ট হয় কেন, প্রশ্ন সেতুমন্ত্রীর-দৈনিক যুগান্তর
বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) সেবায় অসন্তুষ্টি প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিসিকে আমি দেউলিয়া প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না। বিআরটিসির বাসগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, জানালার কাচ থাকে না, এটি কেন? যারা এর দায়িত্বে আছেন তারা কি দেখেন না? বিআরটিসি দেউলিয়া হলে আপনারাও দেউলিয়া হয়ে যাবেন।

রোববার দুপুরে বিআরটিসি ভবনে ‘বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস’ শীর্ষক পর্যালোচনা ও মতবিনিময়সভা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে গ্র্যাচুইটির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিআরটিসিতে নতুন ৬০০ গাড়ি এসেছে। আরও ছয় হাজার এলেও সমস্যার সমাধান হবে না, যদি শৃঙ্খলায় না আসি। ঈদের সময় সরকারি এ পরিবহনে বেশি ভাড়া আদায়ের অভিযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি গাড়িতে যদি এমন হয়, তা হলে বেসরকারি গাড়ির কী হবে?
কেরানীগঞ্জে আদালত স্থানান্তরের বিরুদ্ধে খালেদার রিট-দৈনিক ইত্তেফাক
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তর করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

সোমবার বিচারপতি ফারাহ মাহুবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী কায়সার কামাল। রিটে স্বরাষ্ট্র ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে প্রজ্ঞাপনটির উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। রিটের বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংবিধান অনুযায়ী বিচার হবে প্রকাশ্য আদালতে। কিন্তু কারাগারে স্থানান্তর হওয়া আদালতে সকল আইনজীবীর প্রবেশাধিকার নেই। এখানে সংবিধান লঙ্ঘন হয়েছে। তাছাড়া আইনের বিধান অনুসরণ করে আদালত স্থানান্তর করা হয়নি।
দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-দৈনিক মানবজমিন
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আলম (৪০) উপজেলার সীমান্তবর্তী ধর্মজান ইউনিয়নের কামদেবপুর গ্রামের মোশাহক আলীর ছেলে। আজ রোববার ভোরে সীমান্তের কাঠালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্মজৈন এলাকার সীমান্তঘেঁষা ২০/১০ নম্বর পিলারের এস মহাতলা নামক স্থানে আলমকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অপরাজনীতি করবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অপরাজনীতি না করতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি বলেন, ‘দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছে সরকার। কিন্তু বিএনপি নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে অপরাজনীতি করছেন এটা তিনি জানলে দলীয় নেতাদের ওপর রুষ্ঠ হবেন।’

তথ্যমন্ত্রী রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘ওনারা একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলছেন। খালেদা জিয়া যে পায়ে ব্যথা, তা নিয়েই তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পায়ের এই সমস্যা নিয়ে তিনি বিরোধীদলীয় নেত্রীর দায়িত্বও পালন করেছেন। এটা তার কোনো নতুন শারীরিক সমস্যা নয়, বরং পুরনো সমস্যা। এটাকে তারা বড় করে দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
‘ভারতের সঙ্গে আলোচনায় বসতে তৈরি আছি, বললেন পাক বিদেশমন্ত্রী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
‘ ‘না, ‘যুদ্ধং দেহি’ মনোভাব আর নেই। বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের উপর ভরসা আছে। এক মাস পনেরো দিনের ব্যবধানে তা ফের বুঝিয়ে দিল পাকিস্তান। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগের দিন পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, মোদী ক্ষমতায় ফিরলে আলাপ-আলোচনায় সমস্যা মেটার আশা বেশি।
আর ফলাফল ঘোষণার দু’দিনের মাথায়, শনিবার পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বললেন, ‘‘বকেয়া সব সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য ভারতের সঙ্গে আলোচনায় বসতে তৈরি হয়েই রয়েছে ইসলামাবাদ।’’রেডিও পাকিস্তানের খবর, শনিবার মুলতানে ইফতারের নৈশভোজে পাক বিদেশমন্ত্রী বলেছেন, এই অঞ্চলের (পড়ুন, ভারতীয় উপমহাদেশ) শান্তি ও সমৃদ্ধির স্বার্থেই এ বার আলোচনার টেবিলে বসে পড়া উচিত ভারত ও পাকিস্তানের। তার জন্য পাকিস্তান তৈরিই রয়েছে।
৩০–এ শপথ, জুনেই বিদেশ সফরে যাচ্ছেন মোদি-দৈনিক আজকাল
আবার ক্ষমতায় ফিরছেন তিনি। এবারে আরও শক্তি নিয়ে। এরই মধ্যে পরিকল্পনা সেরে ফেলেছেন তিনি। ৩০ তারিখ প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই নিজের বিদেশ সফরের দিনক্ষণ ছকে ফেলেছেন তিনি। জুনেই তিনি পাড়ি দিচ্ছেন বিদেশে।
সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে কিরঘিজস্থান যাবেন তিনি। দুই দিনের এই সফর শুরু হচ্ছে ১৩ জুন থেকে। ১৩ এবং ১৪ এই দুদিন সেখানে কাটাবেন তিনি। সূত্রের খবর এই বৈঠকে তৈনি মুখোমুখি হতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছে জানতে পেরে ইমরান খান শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁকে। তখনই মোদিকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন ইমরান।
এবার লোকসভায় নবনির্বাচিত ২৩৩ জন সাংসদ ধর্ষণ, হত্যা, সন্ত্রাস সহ ফৌজদারি মামলায় অভিযুক্ত–দৈনিক সংবাদ প্রতিদিন
নবনির্বাচিত, তরতাজা মুখ নিয়ে আগামী ৩০ তারিখ গঠিত হবে নতুন মন্ত্রিসভা৷ সংসদ ভবনে পা দেবেন একগুচ্ছ নতুন জনপ্রতিনিধি৷ কিন্তু এবারের নয়া সংসদ গঠনের সময় একটু কলঙ্কের দাগও মিশে থাকবে৷ পরিসংখ্যান বলছে, নতুন সাংসদদের প্রায় অর্ধেকের গায়েই লেগে রয়েছে অপরাধীর তকমা৷

জয়ীদের কেরিয়ার খতিয়ে দেখে বিশ্লেষকরা বলছেন, ৫৩৯ জন জয়ী প্রার্থীর মধ্যে ২৩৩ জনের বিরুদ্ধে কোনও না কোনও অপরাধের মামলা চলছে৷ তাঁরা নিজেরাই প্রার্থীপদে মনোনয়নের সময় তা প্রকাশ করেছেন৷ যেমন, কেরলের ইদুক্কিতে কংগ্রেসের সাংসদ ডিন কুরিয়াকোসের বিরুদ্ধে অন্তত ২০০টি মামলা চলছে বলে তিনি জানিয়েছেন৷ তার মধ্যে অন্যতম অনুপ্রবেশ, ডাকাতি, খুনের মতো গুরুতর মামলা৷ ১৯ জন মহিলাদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত৷ হয় ধর্ষণ, নয়তো অপহরণ কিংবা খুন৷#
পার্সটুডে/বাবুল আখতার/২৬