সেপ্টেম্বর ২২, ২০১৯ ১৩:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ঢাকায় ক্যাসিনো আছে জেনেও ব্যবস্থা নেয়নি পুলিশ-দৈনিক প্রথম আলো
  • রোহিঙ্গা নিয়ে সরকারবিরোধী কাজ করলে ব্যবস্থা' -দৈনিক কালেরকণ্ঠ
  • হাতকড়া পরেও র‌্যাবকে ১০ কোটি টাকার অফার দেন জি কে শামীম-দৈনিক যুগান্তর
  • বাংলাদেশ সফরে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং-দৈনিক ইত্তেফাক
  • দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে’-দৈনিক মানবজমিন
  • প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চলছে : পলক–দৈনিক নয়া দিগন্ত–

 

ভারতের খবর:

  • আজ ঐতিহাসিক ‘হাউডি মোদী’ সমাবেশ, সভায় যোগ দিতে হিউস্টনে মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • সৌদি আরবে কর্মরত বাঙালি শ্রমিকরা এনআরসি আতঙ্কে-দৈনিক বর্তমান
  • অভিভাবক হিসাবে গিয়েছি, যাদবপুর কাণ্ডে অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল–দৈনিক সংবাদ প্রতিদিন

 

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

 

ঢাকায় ক্যাসিনো আছে জেনেও ব্যবস্থা নেয়নি পুলিশ-দৈনিক প্রথম আলো

রাজধানীতে ক্যাসিনোর অস্তিত্ব সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে জানতে পারে ২০১৭ সালের জুনে। পরের বছরের মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি সাধারণ ডায়েরি করে পল্টন থানায়। তারপরও ক্যাসিনোগুলো বন্ধে কোনো উদ্যোগ নেয়নি পুলিশ।

পুলিশেরই একাধিক দায়িত্বশীল সূত্র বলেছে, ক্যাসিনোগুলো চলছিল রাজনীতিক ও পুলিশের যৌথ উদ্যোগে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৮ জুন জননিরাপত্তা বিভাগের তৎকালীন উপসচিব তাহমিনা বেগম পুলিশ সদর দপ্তরকে ক্যাসিনো–সম্পর্কিত একটি অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে চিঠি পাঠান। অভিযোগটি করেছিলেন মোহাম্মদপুরের আজিজ মহল্লা এলাকার বাসিন্দা মোবারক খান।

রোহিঙ্গা নিয়ে সরকারবিরোধী কাজ করলে ব্যবস্থা': -দৈনিক কালেরকণ্ঠ

'কিছু কিছু এনজিও বিএনপির মতোই রোহিঙ্গাদের উসকে দিচ্ছে। কোনো এনজিও যদি মানবিকসেবার আড়ালে সরকারবিরোধী কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।'

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে জেলার আটটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, 'রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের উদ্যোগের ঘাটতি নেই। বিশৃঙ্খলা সৃষ্টি ও উসকানি না দিয়ে এই সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করুন। কারণ এই দেশটি আমাদের সকলের।'

হাতকড়া পরেও র‌্যাবকে ১০ কোটি টাকার অফার দেন জি কে শামীম-দৈনিক যুগান্তর

টেন্ডার, চাঁদা ও অস্ত্রবাজি এবং অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া যুবলীগ নেতা জি কে শামীম আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে নানান ফন্দিফিকির খোঁজেন। তিনি প্রভাবশালীসহ নানা মহলে জোর লবিং চালান। মোটা অংকের টাকা অফার দেন বিভিন্নজনকে।

টেন্ডার, চাঁদা ও অস্ত্রবাজি এবং অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া যুবলীগ নেতা জি কে শামীম

এমনকি হাতে হাতকড়া পড়ানোর পরও র‌্যাবকে ১০ কোটি টাকার প্রস্তাব করেন তাকে ছেড়ে দিতে। অভিযানে অংশ নেয়া এক র‌্যাব সদস্য জানান, হাতে হ্যান্ডকাফ লাগানোর পর জি কে শামীম তদবিরের হাল ছেড়ে দেন। এবার তিনি অভিযানে উপস্থিত র‌্যাব কর্মকর্তাদের ম্যানেজের কৌশল নেন। একজন র‌্যাব কর্মকর্তাকে তিনি তাৎক্ষণিকভাবে ১০ কোটি টাকার অফার দেন। জি কে শামীম বলেন, ‘আমাকে ছেড়ে দিন। এখনই ১০ কোটি টাকা দিচ্ছি। চাইলে আরও দেব। যেখানে যেভাবে বলবেন সেখানে টাকা পৌঁছে দেব। শুধু আমাকে এবারের মতো ছেড়ে দিন।’

বাংলাদেশ সফরে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং-দৈনিক ইত্তেফাক-

ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং পিভিএসএম, এভিএসএম, এডিসি ২১-২৪ সেপ্টেম্বর ২০১৯ বাংলাদেশ সফর করছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে দু’জন প্রতিনিধি রয়েছেন। সফরকালে নৌবাহিনী প্রধান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।অ্যাডমিরাল বাংলাদেশ নৌবাহিনীর খুলনা ও চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডারদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে একটি সেমিনারে অংশ নেবেন।

দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে-দৈনিক মানবজমিন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে। এই সরকারকে যদি আমি বলি জুয়াড়ি সরকার, আমার অপরাধ হতে পারে না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কারণ, সরকার সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন জুয়ায় আশ্রয় নিয়েছে। তারা ভাবছে জুয়া খেলে, কোনও রকমে টিকা থাকা যায়।  যাবে না, কারণ এটা হচ্ছে গণতন্ত্রকামী মানুষের দেশ।আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মহিলাদল আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন। খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চলছে : পলক–দৈনিক নয়া দিগন্ত

দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।আজ রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আইসিটি বিষয়ক সমাবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান চলমান থকবে। দুর্নীতিবাজরা কোনো দলের হতে পারে না। তারা দেশ ও জনগণের শত্রু। দেশরত্ম শেখ হাসিনা কখনো অন্যায়ের সাথে আপস করেননি উল্লেখ করে তিনি আরো বলেন, দুর্নীতিবাজরা যত বড় শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আসতেই হবে। এ দেশে দুর্নীতিবাজরা কোনো ঠাঁই নেই।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

আজ ঐতিহাসিক হাউডি মোদী সমাবেশ, সভায় যোগ দিতে হিউস্টনে মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা -দৈনিক আনন্দবাজার পত্রিকা

 ‘রবিবার মেগা শো। ‘হাউডি-মোদী’ সভা ঘিরে পারদ চড়ছে অনাবাসী ভারতীয়দের মধ্যে। ঐতিহাসিক সেই সমাবেশে যোগ দিতে শনিবার রাতেই হিউস্টনে পৌঁছলেন নরেন্দ্র মোদী। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদী। হিউস্টনে সমাবেশ ছাড়াও নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দেবেন তিনি।এ দিনের অনুষ্ঠানের আগে টুইটে একটি বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

হিউস্টনের বাসিন্দাদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘হাউডি হিউস্টন! হিউস্টনে এখন উজ্জ্বল বিকেল। এই গতিশীল ও প্রাণবন্ত শহরে একটি বড়সড় অনুষ্ঠানের প্রত্যাশা করছি। শহরের ৫০ হাজার আসনের এনআরজি স্টেডিয়ামে হবে ওই সমাবেশ। অনুষ্ঠানে যোগ দেবেন একাধিক মার্কিন সাংসদ, বিশিষ্ট ইন্দো-আমেরিকানরাও। মঞ্চে থাকবেন ৪০০ জন শিল্পীও। এর মধ্যেই অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা ‘টেক্সাস ইন্ডিয়া ফোরাম’ দাবি করেছে, স্টেডিয়ামের একটিও আসন খালি থাকছে না। এমনকি স্টেডিয়ামের বাইরেও ভিড় থাকবে বলে উদ্যোক্তাদের দাবি। ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা, এই তিন ঘণ্টা ধরে চলবে অনুষ্ঠান।

সৌদি আরবে কর্মরত বাঙালি শ্রমিকরা এনআরসি আতঙ্কে-দৈনিক বর্তমান

এনআরসি আতঙ্ক ক্রমশই মারাত্মক আকার নিচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে অন্নদা রায় (৩৯) এর আত্মঘাতী হওয়ার বিষয়টি এনআরসি ইস্যুতে জড়িয়ে যাওয়ায় নাগরিকপঞ্জির বিষয়টি অন্যমাত্রা পেয়েছে। এনআরসির ঢেউ সুদূর সৌদি আরবেও পৌঁছে গিয়েছে। মুর্শিদাবাদ, মালদহ, নদীয়া প্রভৃতি জেলা থেকে প্রচুর যুবক কর্মসূত্রে সেখানে রয়েছেন। তাঁদেরও গ্রাস করেছে এনআরসি আতঙ্ক। এই সব জেলার বহু যুবক কর্মসূত্রে রিয়াধ, দামাম এবং মক্কার সহ বিভিন্ন এলাকায় রয়েছেন। এনআরসির আতঙ্ক এতটাই জাঁকিয়ে বসেছে যে তাঁরা ছুটি নিয়ে দেশে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন। সেখানে প্রচার হয়েছে, নথি ঠিক না থাকলে দেশে ঢুকতে দেওয়া হবে না। তাই সকলেই চাইছেন, দেশে ফিরতে। এই আতঙ্ক গ্রাস করার আগেই কেউ কেউ এই সময় ছুটি নিয়ে দেশে ফিরেছেন। তাঁরা তো নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন।

অভিভাবক হিসাবে গিয়েছি, যাদবপুর কাণ্ডে অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপালদৈনিক সংবাদ প্রতিদিন

যাদবপুর কাণ্ডে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সাফ জানালেন, অভিভাবক হিসাবে যা করা উচিত ছিল, তাই করেছেন৷ তা না হলে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত৷ ছাত্রদের সঙ্গে কানেক্টেড হতেই হবে, তিনি তাই করেছেন৷ রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে যাদবপুর প্রসঙ্গে মুখ খোলেন রাজ্যপাল৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে বামপন্থী পড়ুয়াদের নিগ্রহ এবং রাজ্যপালের সেখানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করা ইস্যুতে, রাজ্য রাজনীতিতে যেভাবে বিতর্ক তৈরি হয়েছে৷ এদিন সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন রাজ্যপাল৷ দ্ব্যর্থহীন ভাষায় ঘটনার নিন্দা করেন তিনি৷ এবং বলেন, ‘‘সংবিধানকে রক্ষা করা আমার শপথ আমি নিয়েছি৷ তা আমি করবই৷ ছাত্রদের সঙ্গে আমাদের কানেক্টেড হতেই হবে৷ অভিভাবক হিসাবে তাই করেছি৷’’#

পার্সটুডে/বাবুল আখতার/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন