শেইখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দির রচনাবলী ও দর্শনের নানা দিক
গত কয়েক পর্বের ধারাবাহিকতায় আজও আমরা হিজরি ষষ্ঠ শতক তথা খ্রিস্টিয় দ্বাদশ শতকের ইরানি দার্শনিক ও আরেফ শেইখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দির রচনাবলী ও দর্শনের নানা দিক সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শেইখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দির দর্শনের নানা দিক ও বিভাগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে গত পর্বে আমরা বলেছিলাম গবেষকরা নানাভাবে সোহরাওয়ার্দির রচনাগুলোর শ্রেণী-বিন্যাস করেছেন। তাদের কেউ কেউ তিন ভাগে, কেউ কেউ চার ভাগে এবং অন্য অনেকে পাঁচ ও এমনকি ছয় ভাগেও ভাগ করেছেন এই মহান দার্শনিকের রচনাবলীকে।
আমরা আরও বলেছিলাম শেইখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দির রচনাগুলোকে ব্যাখ্যা ও মন্তব্যের আলোকে কেউ কেউ ছয় ভাগে বিভক্ত করেছেন। এই শ্রেণীর গবেষকরা সোহরাওয়ার্দির ইশরাকি দর্শন সংক্রান্ত বক্তব্যগুলোকে রেখেছেন প্রথম ভাগে। আর দ্বিতীয় ভাগে রাখা হয়েছে তার চারটি আরবি বই। বইগুলো হচ্ছে তত্ত্বীয় ও শিক্ষণ-বিষয়ক।
ব্যাখ্যা ও মন্তব্যের আলোকে বিন্যস্ত-করা সোহরাওয়ার্দির রচনাবলীর তৃতীয় ভাগে রাখা হয়েছে ফার্সি ও আরবি ভাষায় লেখা তার ছোট ছোট কয়েকটি পুস্তিকা। আসলে সোহরাওয়ার্দি তারই পাঁচটি বড় বইকে খুব সহজ ভাষায় ও সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেছেন এসব পুস্তিকায়। আর ওই পাঁচটি বই হল: হিকমাত আল ইশরাক বা ইশরাকি তথা আলোকিত দর্শন, আততালুইহাত বা ইশারা তথা টিকা, আলমুশারে ওয়া আল মুতারেহাত তথা নানা পথ ও পরিকল্পনা, আলমুকাওয়েমাত বা প্রতিরোধ এবং আল্ লামাহামাত বা সাধারণ বিষয়াদি।
শেইখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দির রচনাগুলোকে ব্যাখ্যা ও মন্তব্যের আলোকে যারা ছয় ভাগ করেছেন তারা এই শ্রেণী-বিন্যাসের চতুর্থ ভাগে রেখেছেন হায়াকাল আননুর বা 'আলোর নানা পিরামিড' ও আল আলোয়াহিল ইমাদিয়াহ বা 'ইমাদুদ্দিনকে নিবেদিত ফলকগুলো' শীর্ষক দু'টি গুরুত্বপূর্ণ বইসহ অন্য আরও কয়েকটি পুস্তিকা। সোহরাওয়ার্দি এ দু'টি গুরুত্বপূর্ণ পুস্তিকা লিখেছিলেন আরবি ভাষায়। কিন্তু পরে তিনি নিজেই নিজের এ দুটি পুস্তিকা ফার্সি ভাষায়ও অনুবাদ করেন। সোহরাওয়ার্দির 'রিসালাহ ফি ইতিক্বাদা আল হুকমা' তথা দার্শনিকদের বিশ্বাস সংক্রান্ত পুস্তিকা শীর্ষক আরবি পুস্তিকা এবং পারতুনামেহ বা 'আলোর ঝলক' ও বুস্তানে ক্বুলুব বা 'হৃদয়গুলোর বাগান' শীর্ষক ফার্সি পুস্তিকা স্থান পেয়েছে এই বিশেষ শ্রেণীতে।
'বুস্তানে ক্বুলুব' বা হৃদয়গুলোর বাগান শীর্ষক ফার্সি পুস্তিকাটি সোহরাওয়ার্দির লেখা পুস্তিকা কিনা তা নিয়ে কেউ কেউ সন্দেহ পোষণ করেছেন। কিন্তু উচ্চ পর্যায়ের সব গবেষকই এ পুস্তিকাটিকে সোহরাওয়ার্দির বই বলেই মনে করেন।
শেইখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দি তার রচনাবলীতে প্রতীকি গল্প ও উপমা ব্যবহারে খুব দক্ষতার পরিচয় দিয়েছেন। আত্মা বা নাফস্-এর উন্নয়ন ও তাকে আলোকিত করা এবং সৌভাগ্যের পর্যায়ে উপনীত করার কথা বলা হয়েছে এ ধরনের অনেক প্রতীকি গল্পে ও উপমায়। ব্যাখ্যা ও মন্তব্যের আলোকে বিন্যস্ত-করা সোহরাওয়ার্দির রচনাবলীর চতুর্থভাগে রাখা হয়েছে এ ধরনের লেখা ও রচনা-ভিত্তিক ছোট বই বা পুস্তিকা। সোহরাওয়ার্দি তার এসব বইয়ের বেশিরভাগই লিখেছিলেন ফার্সি ভাষায়। আক্বলে সোরখ বা লাল বুদ্ধিবৃত্তি, সি মোরগের দূত বা সাফিরে সি মুরগ, জিব্রাইলের পাখার শব্দ, সুফিদের জামায়াতের সঙ্গে একদিন ও মেরাজ শীর্ষক পুস্তিকা – এ জাতীয় কয়েকটি উল্লেখযোগ্য বই। এ বইগুলো এখনও ছাপাখানা থেকে প্রকাশ করার উদ্যোগ নেয়া হয়নি।
ব্যাখ্যা ও মন্তব্যের আলোকে বিন্যস্ত-করা সোহরাওয়ার্দির রচনাবলীর পঞ্চম ভাগে রাখা হয়েছে যেসব বই সেসবের মধ্যে রয়েছে দর্শনসহ নানা বিষয়ের ব্যাখ্যা-বিশ্লেষণ জাতীয় রচনা, অনুবাদ এবং কুরআন ও হাদিস বিষয়ক রচনা। পবিত্র কুরআনের কয়েকটি সুরার তাফসির এবং বিশ্বনবী (সা)'র বিশেষ কিছু হাদিসও রয়েছে এইসব রচনায় যা এখনও প্রকাশ করা হয়নি। ইবনে সিনার ইশারাত বা মন্তব্য-সমাহার শীর্ষক বইয়ের ব্যাখ্যাও রয়েছে সোহরাওয়ার্দির এই শ্রেণীর অপ্রকাশিত রচনায়।
ব্যাখ্যা ও মন্তব্যের আলোকে বিন্যস্ত-করা সোহরাওয়ার্দির রচনাবলীর পঞ্চম ভাগে আরও স্থান পেয়েছে ইবনে সিনার রিসালাত আততাইর বা 'পাখির বাণী' ও রিসালাত ফিল ইশক তথা প্রেম বিষয়ক রচনা শীর্ষক বইয়ের ফার্সি অনুবাদ। সোহরাওয়ার্দি ইবনে সিনার শেষোক্ত বইটির অনুবাদ-ভিত্তিক বইয়ের নাম দিয়েছেন 'প্রেমের বাস্তবতা বা প্রেমিকদের প্রেমাষ্পদ'।
ব্যাখ্যা ও মন্তব্যের আলোকে বিন্যস্ত-করা সোহরাওয়ার্দির রচনাবলীর ষষ্ঠ ভাগে স্থান পেয়েছে দোয়া ও মুনাজাত বিষয়ক তার কিছু রচনা। প্রার্থনার জগতে তার এসব রচনা অসাধারণ ও অভিনব হিসেবে সমাদৃত হয়েছে। দুঃখজনকভাবে সোহরাওয়ার্দির এই রচনাগুলোও অপ্রকাশিত রয়ে গেছে।
শেইখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দির রচনাগুলোকে রচনার সময়ের ক্রমধারায় বিন্যস্ত করা বেশ কঠিন। কারণ তিনি তার নানা বই ও রচনার অংশ বিশেষকে অন্য অনেক রচনায় যুক্ত করেছেন। তাই তার বই ও রচনাগুলোর রচনার সুনির্দিষ্ট সন-তারিখ বের করা খুব কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, সোহরাওয়ার্দির লেখা মোট বইয়ের সংখ্যা পঞ্চাশেরও বেশি। এসব বই লেখা হয়েছে আরবি ও ফার্সি ভাষায়।
আলোকিত দর্শন শীর্ষক দর্শনের অনন্য ধারার রূপকার শেইখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দির নানা রচনা এবং অবদান সম্পর্কে আমরা আরও কথা বলব আমাদের এই ধারাবাহিকের আগামী আসরে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক কৃতজ্ঞতা।
পার্সটুডে/মু.আমির হুসাইন/ মো: আবু সাঈদ/ ২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।