দেশের ছেলেদের পশুতে পরিণত করা হচ্ছে: ড. কামাল
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- দেশের ছেলেদের পশুতে পরিণত করা হচ্ছে: ড. কামাল-দৈনিক প্রথম আলো
- আবরার হত্যার বিচার কার্যক্রম দ্রুত শেষ করা হবে:স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
-
আবরার হত্যাকাণ্ডে জড়িত থাকায় অমিত সাহাকে গ্রেফতার: ডিএমপি: দৈনিক যুগান্ত
- ভারতের সঙ্গে চুক্তি নিয়ে স্ট্যাটাস, খুলনা আওয়ামী লীগ নেতা বহিষ্কার: দৈনিক ইত্তেফাক
- রাঘববোয়ালদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হলে অভিযানের সুফল পাওয়া যেতে পারে-দৈনিক মানবজমিন
- দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবি বিএনপি'র-দৈনিক নয়াদিগন্ত
ভারতের খবর:
- দু’মাস পরে পর্যটকদের জন্যে খুলে দেওয়া হল কাশ্মীরের দরজা, আরও একটু শিথিল বিধিনিষেধ-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ‘মোদি পদবিধারীরা চোর’ মন্তব্যে নিজেকে নির্দোষ দাবি রাহুলের-দৈনিক আজকাল
- পাকিস্তানের পাশেই আছি, ভারত সফরের প্রাকমুহূর্তেই বেসুরো জিনপিং-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
দেশের ছেলেদের পশুতে পরিণত করা হচ্ছে: ড. কামাল-দৈনিক প্রথম আলো
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের ছেলেদের পশুতে পরিণত করা হচ্ছে। তিনি আবরার হত্যার বিচারে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করার দাবি জানান।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আবরার হত্যার বিচারের দাবিতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ড. কামাল হোসেন এসব কথা বলেন। আবরারকে যাঁরা পিটিয়ে হত্যা করেছেন, তাঁদের প্রসঙ্গ টেনে ড. কামাল হোসেন বলেন, ‘এদের ছেলে বলব না। এরা জানোয়ার। নিরীহ লোককে এরা পিটিয়ে পিটিয়ে হত্যা করে। আমরা দেশের ছেলেদের পশুতে পরিণত করছি। এটা ভয়াবহ। দেশকে এই অবস্থা থেকে মুক্ত করতে হবে।’গণফোরাম সভাপতি বলেন, ‘যারা রুগ্ণ, তারাই এগুলো করতে পারে। গুরুতরভাবে রুগ্ণ। একটা ছেলে নিজের মত প্রকাশ করেছে, তাকে এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। এটা আমাদের সভ্যতার, স্বাধীনতা অর্জনের ও সংবিধানের ওপর আঘাত।’
আবরার হত্যার বিচার কার্যক্রম দ্রুত শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী-কালেরকণ্ঠ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের পিটিয়ে হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, আবরার হত্যার চার্জশিট দ্রুততম সময়ে দেয়া হবে।
আবরায় হত্যার ঘটনায় আটক বুয়েট ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডে অমিত জড়িত কিনা তদন্তের পর বলা যাবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর কতৃর্পক্ষের সঙ্গে আলাপ করে হলগুলোতে তল্লাশি অভিযান চালানো হবে। একই সঙ্গে শুধু শুদ্ধি অভিযান নয়, দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার।
শিবির সন্দেহে গত রবিবার রাতে আবরারকে হলের কক্ষ থেকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের বুয়েট শাখার কয়েকজন সদস্য। তাঁকে নির্যাতনের পর রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারকে ফেলে রাখে তারা। পরে ডাক্তারকে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন। আবরার হত্যার ঘটনায় ১৫ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আবরার হত্যাকাণ্ডে জড়িত থাকায় অমিত সাহাকে গ্রেফতার: ডিএমপি: দৈনিক যুগান্ত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততা থাকায় ছাত্রলীগ নেতা অমিত সাহাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, আবরার হত্যা মামলার এজাহারে অমিতের নাম নেই। কিন্তু এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা রয়েছে তার। অমিতের পাশাপাশি আবরারের সহপাঠী মিজানুর এবং আরাফাতেরও এই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অমিতকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর আবরারের সহপাঠী মিজানুরকেও গ্রেফতার করা হয়। এ নিয়ে আবরার হত্যার ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হলো।
ভারতের সঙ্গে চুক্তি নিয়ে স্ট্যাটাস, খুলনা আওয়ামী লীগ নেতা বহিষ্কার: দৈনিক ইত্তেফাক-
খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. শেখ বাহারুল আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ফেসবুকে ‘ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে স্ট্যাটাস দেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া কেন তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে না, তা আগামী ৭ দিনের ভিতরে জানাতে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।
বাহারুল আলম তার ফেসবুকে লিখেছেন, ‘ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তি বলা হলেও বাস্তবে এক পক্ষীয় সিদ্ধান্ত-বাংলাদেশের জনগণের স্বার্থ ও অধিকার উপেক্ষিত।’
রাঘববোয়ালদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হলে অভিযানের সুফল পাওয়া যেতে পারে-দৈনিক মানবজমিন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশলার বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহি পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ছাত্র সংগঠন কেন্দ্রিক অভিযান চলার মধ্যেও সরকার সমর্থনপুষ্টদের দ্বারা বুয়েটের ছাত্র হত্যার ঘটনা হতাশাজনক। মানুষ প্রত্যাশা করেছিল সরকার সমর্থিত ছাত্র সংগঠন কেন্দ্রিক অভিযান চলার ফলে এখন হয়তো ছাত্রলীগের মধ্যে শঙ্কা, ভয় বা সচেতনতা সৃষ্টি হয়েছে। কিন্তু সেটি হয়নি- এটা বোঝা গেল বুয়েটের ছাত্র হত্যার ঘটনায়।
তিনি বলেন, অভিযান যে ব্যাপক বা গভীরভাবে বিস্তৃত হচ্ছে না, এই হত্যাকা- তার দৃষ্টান্ত। ছাত্র সংগঠনগুলোর এই ধরনের অপরাধ প্রবণতা সংস্কৃতির অংশ হয়ে গেছে।
ইফতেখারুজ্জামান মানবজমিনকে আরও বলেন, যে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে, এটির উপকারিতা দেশবাসীকে পেতে হলে সরকারকে তিনটি জিনিস কার্যকর করতে হবে। প্রথমত, প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন শূণ্য সহিষ্ণুতাকে গুরুত্ব দিবেন। সত্যিকার অর্থেই শূণ্য সহিষ্ণুতাকে নিশ্চিত করতে হবে।
দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবি বিএনপি'র-নয়া দিগন্ত
সম্প্রতি ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বার্থবিরোধী চুক্তি করেছে জানিয়ে বিএনপি বলেছে, আমরা প্রতিবেশী ভারতের সাথে সমতাভিত্তিক সুসস্পর্ক চাই। কিন্তু এই সরকার যা করছে- তাতে দেয়া নেয়ার বিষয় নেই- আছে শুধু দেয়ার। এমনকি ভারতকে গ্যাস-পানি দেয়ার বিনিময়ে প্রধানমন্ত্রী পেয়েছেন ‘ঠাকুর‘ পুরস্কার। দেশের স্বার্থবিরোধী এমন অসম চুক্তির অধিকার জনগণ সরকারকে দেয়নি। কাজেই আমরা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের সময় স্বাক্ষরিত সকল চুক্তি ও সমঝোতার বিষয়ে বিস্তারিত জানতে চাই এবং দেশের স্বার্থ হানিকর সকল চুক্তি বাতিল চাই।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির পক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে জনগণের কাছে দায়বদ্ধ নয়- এমন একটি শক্তি যখন কৌশলে রাষ্ট্রক্ষমতা দখল করে তখন তার পরিণতি দেশ ও দেশের জনগণের জন্য কতটা ভয়াবহ ও ক্ষতিকারক হয় তার সাম্প্রতিক প্রমাণ প্রধানমন্ত্রীর ভারত সফরের ফলাফল।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
দু’মাস পরে পর্যটকদের জন্যে খুলে দেওয়া হল কাশ্মীরের দরজা, আরও একটু শিথিল বিধিনিষেধ-দৈনিক আনন্দবাজার পত্রিকা
দু’মাসেরও বেশি সময় পর পর্যটকদের জন্যখুলে দেওয়া হল ভূ-স্বর্গের দরজা। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের ৬৪ দিন পরে বৃহস্পতিবার পর্যটকদের জন্যে বিধিনিষেধ তোলা হল। সোমবারই প্রশাসনিক বৈঠক করে পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যপাল সত্যপাল সিংহ। এদিন সেই সিদ্ধান্তই কার্যকর হল।

প্রশাসনের তরফে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের সিদ্ধান্ত জানানোর আগে, অগস্ট মাসের শুরুতে পর্যটকদের উপত্যকা খালি করে দিতে বলা হয়। সম্ভাব্য সন্ত্রাসী হামলার কথা ঘোষণা করা হয়েছিল সেই সময়। স্থগিত হয় এ বছরের অমরনাথ যাত্রা। এর পরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্র। উপত্যকায় বাতিল হয় টেলিফোন, ইন্টারনেট পরিষেবা। গ্রেফতার হন চারশোর বেশি রাজনৈতিক নেতা।
‘মোদি পদবিধারীরা চোর’ মন্তব্যে নিজেকে নির্দোষ দাবি রাহুলের-দৈনিক আজকাল
এবারের লোকসভা ভোটে প্রচারের সময় কর্নাটকের কোলারে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেছিলেন ‘কেন সব চোরদের পদবিই মোদি হয়।’ আইপিএল দুর্নীতিতে যুক্ত ললিত মোদি, পিএনবি কেলেঙ্কারিতে যুক্ত নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করেই রাহুল ওই মন্তব্য করেছিলেন ভোটপ্রচারে। তাঁর সেই মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারায় মানহানির মামলা দায়ের করেছিলেন সুরাট পশ্চিমের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি।

তাঁর অভিযোগ ছিল এধরনের মন্তব্য করে রাহুল মোদি সমাজকে অপমান করেছেন। বৃহস্পতিবার সেই মামলার প্রেক্ষিতে গুজরাটের সুরাট ম্যাজিটেরিয়াল আদালতে হাজিরা দিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করে আদালতে হাজিরা দেওয়া থেকে পুরোপুরি নিষ্কৃতি পেতে আবেদন করেছেন রাহুল। আগামী ১০ ডিসেম্বর ওই মামলার শুনানির দিন ধার্য করে আদালত বলেছে সেদিন রাহুলের উপস্থিতির দরকার নেই। কংগ্রেস নেতা শক্তি সিং গোহিল রাহুলের পক্ষ নিয়ে বলেছেন, ‘একটি গণতন্ত্রে ক্ষমতাসীন দলের উচিত বিরোধীদের সমালোচনা সহ্য করা।রাহুলজি শুধু বলেছিলেন, ললিত মোদি এবং নীরব মোদি চোর এবং নরেন্দ্র মোদি ব্যর্থ।
পাকিস্তানের পাশেই আছি, ভারত সফরের প্রাকমুহূর্তেই বেসুরো জিনপিং-দৈনিক সংবাদ প্রতিদিন
ভারত সফরের দু’দিন আগেই উল্টো সুরে গাইলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। স্পষ্ট জানালেন, কাশ্মীর প্রশ্নে এবং সব ইস্যুতে চিন পাকিস্তানের পাশেই আছে। ভবিষ্যতেও থাকবে। চিন সফরে ব্যস্ত পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতির দিকে আমরা ভালভাবে নজর রাখছি। পাকিস্তানের স্বার্থের সঙ্গে যে ইস্যুগুলি জড়িত, তাতে আমরা পাকিস্তানকে সমর্থন করব। একইসঙ্গে তিনি বলেন, কাশ্মীর নিয়ে আমরা আমাদের পুরনো অবস্থানে অনড়। অর্থাৎ কাশ্মীর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। আলাপ-আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষকে কাশ্মীর নিয়ে বিরোধ মিটিয়ে নিতে হবে।

শি জিনপিংয়ের ভারত সফরের আগে চিন থেকে ইমরানকে কার্যত ডেকে পাঠানো হয়। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করেন চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। পরে তিনি বলেন, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের পাশে আছে চিন। চিনের সংবাদমাধ্যম জিনহুয়া জানিয়েছে, ইমরানকে বুধবার সকালে জিনপিং নিজে বলেছেন, ‘‘কোনটা ঠিক কোনটা ভুল, সেটা আমাদের কাছে স্পষ্ট। কাশ্মীর সহ সব ইস্যুতে আগের মতোই পাকিস্তানের পাশেই থাকবে চিন। আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিস্থিতিতে যে পরিবর্তনই আসুক, পাকিস্তানের সঙ্গে চিনের বন্ধুত্ব বরাবরই পাথরের মতো শক্ত হয়েছে।’’#
পার্সটুডে/এমবিএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।