অক্টোবর ১৭, ২০১৯ ১৩:৪৬ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
    একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • আবরার হত্যা: অপেশাদার আলামত সংগ্রহ কিসের আলামত-দৈনিক প্রথম আলো
  • 'অধিগ্রহণ করা অতিরিক্ত জায়গায় মিলিটারি ফার্ম হবে'-জানালেন ওবায়দুল কাদের- দৈনিক কালেরকণ্ঠ
  • আবরার হত্যার দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি রবের- দৈনিক যুগান্তর
  • কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ মাদক কারবারি নিহত: দৈনিক ইত্তেফাক-
  • যেভাবে টেন্ডার সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন শামীম-দৈনিক মানবজমিন
  • আসাদ দিবসের মতো আবরার দিবস পালন করা হবে: ডা: জাফরুল্লাহ –দৈনিক  নয়া দিগন্ত

ভারতের খবর:

  • ‘ভারত-পাকিস্তান ক্রিকেট কবে? সৌরভ বললেন, মোদীজি-ইমরানকে জিজ্ঞাসা করুন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • অযোধ্যার বিতর্কিত জমির দাবি থেকে সরে আসার সিদ্ধান্ত সুন্নি ওয়াকফ বোর্ডের, সূত্রের খবর-দৈনিক আজকাল
  • পুনরায় চালু করা হবে ভারত-পাক যুদ্ধে বন্ধ রেলপথ, জানালেন হাসিনা-দৈনিক সংবাদ প্রতিদিন    

আবরার হত্যা: অপেশাদার আলামত সংগ্রহ কিসের আলামত-দৈনিক প্রথম আলো

ডিবি পুলিশের তিনজন সদস্য আবরার হত্যাসংশ্লিষ্ট আলামত সংগ্রহ করছেন—এমন একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, কোনো গ্লাভস ছাড়াই খালি হাতে তাঁরা বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে বিভিন্ন আলামত নাড়াচাড়া করছিলেন। তাঁদের পায়ে কোনো শু কভারও দেখা যায়নি।

আবরার ফাহাদ

খালি হাতে কোনো আলামত ধরা যাবে না-এটা ফরেনসিক সায়েন্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। ফরাসি ফরেনসিক বিশেষজ্ঞ এবং অপরাধবিজ্ঞানী এডমুন্ড লোকার্ড প্রবর্তিত একটি নীতির সঙ্গে এ বিষয়টি জড়িত। এই নীতি অনুসারে একজন অপরাধী যখন অপরাধ করে ক্রাইম সিন থেকে চলে যায়, তখন সে সেখান থেকে কিছু জিনিস তার জ্ঞাত বা অজ্ঞাতসারে নিয়ে যায় এবং তার শরীরের কোনো চিহ্ন (চুল, পশম, আঙুল বা পায়ের ছাপ ইত্যাদি) ফেলে যায়। এটাকে বলে প্রিন্সিপল অব এক্সচেঞ্জ। যাঁরা আলামত সংগ্রহ করছিলেন, তাঁরা পূর্বপ্রস্তুতি নিয়ে ক্রাইম সিনে এসেছেন বলে মনে হয়নি। কারণ, আলামত বহন করার মতো কোনো এভিডেন্স ব্যাগ তাঁদের কাছে ছিল না।

'অধিগ্রহণ করা অতিরিক্ত জায়গায় মিলিটারি ফার্ম হবে'- জানালেন ওবায়দুল কাদের  - দৈনিক কালেরকণ্ঠ

পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা অতিরিক্ত জায়গায় দুধ ও মাংস উৎপাদনে গবাদি প্রাণীর প্রজনন ও জাত উন্নয়ন মিলিটারি ফার্ম প্রতিষ্ঠা করা হচ্ছে। সেনাবাহিনী তত্ত্বাবধানে এই ফার্ম পরিচালিত হবে। এ কাজের জন্য সেনাবাহিনীকে ২১৫৬ একর জমি ছেড়ে দেওয়া হবে।

আগামী সপ্তাহে এ উপলক্ষে সেনাবাহিনীর সাথে সেতু বিভাগের একটি এমওই চুক্তি স্বাক্ষরিত হবে। বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ১ এর ভিজিটর সেন্টারে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, এটি প্রতিষ্ঠা করা হবে জাজিরা প্রান্তে। এটি প্রতিষ্ঠিত হলে দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে। অপ্রয়োজনীয় জমি পতিত না রেখে দেশের আর্থ-সামাজিক ও আর্থিক সম্ভাবনার জন্য এ জমিতে আধুনিক উন্নতমানের মিলিটারি ফার্ম গড়ে তোলা হবে।

আবরার হত্যার দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি রবের- দৈনিক যুগান্তর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃত্বের ব্যানারে ‘বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান ডাকসুর সাবেক এ ভিপি।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব

আবদুর রব বলেন, দেশের জন্য, দেশের জনগণের পক্ষে কথা বলার কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে। দেশের স্বার্থ বিকিয়ে দেয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে লেখার মাধ্যমে প্রতিবাদ করায় সরকার পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আরবারকে নয়, তাকে হত্যার মাধ্যমে পুরো জাতিকে হত্যা করা হয়েছে। কারণ আবরার দেশের স্বার্থবিরোধী চু্ক্তির বিরোধীতা করেছিলেন। তাকে হত্যার দায় স্বীকার করে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত।

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ মাদক কারবারি নিহত: দৈনিক ইত্তেফাক-

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চর পাড়া এলাকার সামশুল আলমের ছেলে জিয়াবুল হক জিয়া প্রকাশ বাবুল (৩০) ও বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আজিম উল্লাহ (৪৬)। এ সময় কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-সার্কেল নিহাদ আদনান তাইয়ান, উপ-পরিদর্শক সাব্বির আহমেদ, কনেস্টবল রাইসুল ইসলাম আসাদ ও শুক্কুর আহত হন।

যেভাবে টেন্ডার সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন শামীম-দৈনিক মানবজমিন

টেন্ডার মুঘল জি কে শামীম। বড় বড় সব সরকারি কাজ ছিল তার কব্জায়। শুধু তার নিজের প্রতিষ্ঠান জিকে এন্ড বি কোম্পানির নামেই তিন হাজার কোটি টাকার কাজ চলছিল। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আরও প্রায় ২০ হাজার কোটি টাকার কাজ তার দখলে ছিল। অন্য কোম্পানির কাজ চললেও সেখান থেকে নিয়মিত কমিশন পেতেন জিকে শামীম।

জি কে শামীম

আর এসব করতে তার কৌশলেরও অভাব ছিলো না। সংশ্লিষ্টদের নিজের কব্জায় রাখতে মনোরঞ্জনের ব্যবস্থাও করতেন। গোপন ক্যামেরায় সেগুলোর আপত্তিকর ভিডিও ধারন করে পরবর্তীতে ফাঁদে ফেলতেন। ফলে তার পক্ষে আর কাজ না করে উপায় থাকতো না তাদের। মোট কথা, হুমকি-ধামকি, ভয়ভীতি, ঘুষ প্রদান, সুন্দরী নারী সাপ্লাই, ব্লাকমেইলিং- সবই ছিলো তার টেন্ডার বাগানোর অন্যতম কৌশল। আর এসব কাজে তার সহযোগি ছিলেন অন্তত: ১০ জন। দু’দফায় ১৯ দিনের রিমান্ডে তার কাছ থেকে এমন চাঞ্চলকর তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আসাদ দিবসের মতো আবরার দিবস পালন করা হবে: ডা: জাফরুল্লাহ দৈনিক  নয়া দিগন্ত

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবরার যে আত্মদান করেছেন আমরা যেন তাকে সবাই মনে রাখি। আমরা যেন তাকে ভুলে না যাই। যেভাবে আমরা আসাদ দিবস পালন করি ঠিক সেভাবে আমরা তাকেও স্মরণ করব এবং তার আদর্শকে ধারণ করবো।

ডা: জাফরুল্লাহ চৌধুরী আবরার ফাহাদের কবর জিয়ারত করছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার রায়ডাঙ্গায় ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ছাত্রলীগের হামলায় নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ বলেন, আমার কাছে খুব কষ্ট লেগেছে যখন শুনেছি আবরারের ছোট ভাইটা ঢাকা কলেজ ছেড়ে এসেছে। কেন তাকে ঢাকা কলেজ ছেড়ে আসতে হবে? একজন স্বজন হারিয়েছে বলে তাকেও ঢাকা কলেজ ছাড়তে হবে? কি জন্য এলো সেটা জানতেই আজকে আমার এখানে আসা। আমি তার সাথে কথা বলতে চাই এবং সে জন্যই এসেছি। তার নিরাপত্তা আমরা সবাই মিলেও কেন দিতে পারবো না?

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

ভারত-পাকিস্তান ক্রিকেট কবে? সৌরভ বললেন, মোদীজি-ইমরানকে জিজ্ঞাসা করুন-দৈনিক বাংলাবাজার পত্রিকা

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট কবে হবে? দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মনে এই প্রশ্ন অনেক দিন ধরেই উঁকি দিচ্ছে।

২৩ অক্টোবর থেকে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত রবিবার বোর্ডের বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধিরা মহানাটকের পর তাঁকেই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন। প্রাক্তন জাতীয় অধিনায়ক আপাতত ভেসে যাচ্ছেন শুভেচ্ছার বন্যায়। প্রাক্তন ক্রিকেটাররা একদা সতীর্থরা জানিয়েছেন অভিনন্দন। থাকছে প্রচুর প্রত্যাশাও।

যার মধ্যে অন্যতম, বাইশ গজে ভারত-পাকিস্তানকে মুখোমুখি দেখা। আবার কবে দেখা যাবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ? সৌরভ বলেছেন, “এই প্রশ্নটা মোদিজি ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে আমাদের সরকারের অনুমতির প্রয়োজন হয়। তাই এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সন্ত্রাসে মদত দেওয়ার জন্যই পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে ক্রিকেটীয় সম্পর্ক নেই ভারতের।

অযোধ্যার বিতর্কিত জমির দাবি থেকে সরে আসার সিদ্ধান্ত সুন্নি ওয়াকফ বোর্ডের, সূত্রের খবর-দৈনিক আজকাল

অযোধ্যা মামলায় আবার নতুন নাটক। অযোধ্যার বিতর্কিত জমির দাবি থেকে সরে আসতে চাইছে সুন্নি ওয়াকফ বোর্ড। সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়া মধ্যস্থতাকারী দল তাঁদের রিপোর্টে একথাই আদালতকে জানিয়েছে, সূত্রের খবর। বিতর্কিত জমির দাবি থেকে সরে আসার পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি, অযোধ্যায় বর্তমানে যে মসজিদটি রয়েছে, সেটি সংস্কার করে দিক সরকার। বাবরি মসজিদের জন্য নতুন জায়গা দেওয়া হোক, তাহলে রাম মন্দির নির্মাণে আর কোনও সমস্যা থাকবে না।

সূত্রের খবর, মধ্যস্থতাকারী দলকে একথাই জানিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। এই খবর প্রকাশিত হতেই আশার আলো দেখতে শুরু করেছেন রাম জন্মভূমির দাবিদাররা। তাহলে কি এবার সত্যি সত্যিই ১৩০ বছরেরও বেশি পুরনো অযোধ্যা মামলার নিষ্পত্তি হতে চলেছে?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সুপ্রিম কোর্টের মধ্যস্থতাকারী দলে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএম কালিফুল্লা, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর ও অভিজ্ঞ আইনজীবী শ্রীরাম পাঞ্চু। মার্চ মাস থেকে সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে এই দল।

পুনরায় চালু করা হবে ভারত-পাক যুদ্ধে বন্ধ রেলপথ, জানালেন হাসিনা-দৈনিক সংবাদ প্রতিদিন

আরও মজবুত হতে চলেছে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক৷ এবার দুই পড়শি দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে বেনজির সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হসিনা৷ তিনি জানিয়েছেন, ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে যেসব রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো পুনরায় চালু করা হবে৷

বুধবার রাজধানী ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-কুড়িগ্রাম রুটে প্রথম ট্রেন চালু এবং রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেসের র‍্যাক প্রতিস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন হাসিনা। সেখানেই তিনি বলেন, ‘১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ হওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে যে সমস্ত রুটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সেগুলো আবার আমরা চালু করতে চাইছি। এই লাইনগুলি ফের চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে আরও লাভবান হবে। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিরোধী দলকে নিশান করে হাসিনা আরও বলেন, ‘বিএনপি সরকারের আমলে অনেক রেল ও রেললাইন বন্ধ করে দেয়। এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল।’#

পার্সটুডে/বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।