মার্চ ০২, ২০২০ ১৩:২২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ মার্চ সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপিকে মুজিববর্ষের কর্মসূচিতে আসার আহ্বান নাসিমের-দৈনিক ইত্তেফাক
  • ১০ রুশ সুন্দরীকে বাংলাদেশে ঢুকতে সহায়তা করেন সেই সরকারি কর্মকর্তা!-দৈনিক যুগান্তর
  • এ বছরই তিস্তা চুক্তি হতে পারে: হর্ষ বর্ধন শ্রিংলা-দৈনিক প্রথম আলো
  • দিল্লি, তেলেঙ্গানায় করোনা ভাইরাস-দৈনিক মানবজমিন
  • ভোটার উপস্থিতি কম হওয়ার দায় ইসির নয়: সিইসি-বাংলাদেশ প্রতিদিন
  • টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাশে র‌্যাবের অভিযানে নিহত ৭-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • ফাঁসির দিন পিছনোর আর্জি খারিজ দিল্লি আদালতে, প্রাণভিক্ষার আর্জি পবনের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • এবার কলকাতার রাজপথেও ‘গোলি মারো’ স্লোগান বিজেপির, নীরব দর্শক পুলিশ-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘স্বৈরাচারী সরকারকে না তাড়ানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না’, নেতাজি ইন্ডোরে ঘোষণা মমতার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব। বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনাভাইরাস এবং দিল্লি দাঙ্গার আপডেটের খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। আর পাপিয়ার খবর এখন বাংলাদেশের  সর্বত্র আলোচনার বিষয়।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল-দৈনিক প্রথম আলোর শিরোনাম

বিশ্বের ৬০ টিরও বেশি দেশে করোনাভাইরাসের বিস্তার ঘটেছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। রোগের প্রাদুর্ভাব কেন্দ্র চীনে মৃত্যুর ঘটনা বাড়ায় আজ সোমবার মৃত মানুষের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যায়। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ ছড়ায়। এখন তা ৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি সবচেয়ে খারাপ। সবশেষ গত শনিবার ও গতকাল রোববার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া প্রথম তাদের কোভিড-১৯ রোগীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। প্রাদুর্ভাব ঠেকাতে প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার নিজ দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছে।

দিল্লি, তেলেঙ্গানায় করোনা ভাইরাস-দৈনিক মানবজমিন

ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছে গেছে নতুন করোনা ভাইরাস। দিল্লি এবং তেলাঙ্গানায় দু’জনের দেহে এই ভাইরাস সনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকার। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি ও জি নিউজ। এতে আরো বলা হয়, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে যে ব্যক্তির দেহে করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ পাওয়া গেছে তিনি ইতালি সফর করেছিলেন। অন্যজন, যিনি তেলেঙ্গানায় আক্রান্ত হয়েছেন তিনি সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন।

এ বছরই তিস্তা চুক্তি হতে পারে: হর্ষ বর্ধন শ্রিংলা-দৈনিক প্রথম আলো

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, তিস্তা নদীর তথ্য হালনাগাদ করে তা সমন্বয়ের চেষ্টা চলছে। সম্ভবত এ বছরের মধ্যে অভিন্ন নদীটির পানি বণ্টনের চুক্তি সই হবে। আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত এক সেমিনারে হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে হর্ষ বর্ধন শ্রিংলা আজ সকালে প্রথমবারের মতো ঢাকায় আসেন। দৈনিক যুগান্তর এ সম্পর্কে লিখেছে, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে দুই দেশের সোনালি অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। আর দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, শ্রিংলা বলেছেন,সিএএ আইনের প্রভাব বাংলাদেশে পড়বে না।

১০ রুশ সুন্দরীকে বাংলাদেশে ঢুকতে সহায়তা করেন সেই সরকারি কর্মকর্তা!-দৈনিক যুগান্তর

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া

গ্রেফতার হওয়ার আগে যুবলীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে দেশ ছাড়ার পরামর্শদানকারী সরকারের সেই শীর্ষ কর্মকর্তার ব্যাপারে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জানা গেছে, পাপিয়া তার সহায়তাকারীদের মনোরঞ্জনের জন্য ১০ রুশ তরুণীকে ঢাকায় আনেন। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটকে দেয়।পরে সরকারের উচ্চ পর্যায়ের ওই কর্মকর্তা রুশ সুন্দরীদের বাংলাদেশে ঢুকতে পাপিয়াকে সহায়তা করেন।তবে তদন্তের স্বার্থে ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি র‌্যাবের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, সরকারের শীর্ষ পর্যায়ে এ তথ্য পৌঁছে গেলে ওই কর্মকর্তা অসুস্থতার দোহাই দিয়ে পরবর্তী কয়েকদিন অফিসে যাননি।

দৈনিকটি আরও লিখেছে,  গ্রেফতার হওয়ার আগে নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে দেশ ছাড়ার পরামর্শ ‍দিয়েছিলেন সরকারের ঐ শীর্ষ কর্মকর্তা।

ঢাকা উত্তরের নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা-দৈনিক মানবজমিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আজ সোমবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে তিনি এই মামলা করেন। মামলায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ আটজনকে বিবাদী করা হয়েছে।

তাবিথ আউয়ালের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই নির্বাচনে দুর্নীতি অনিয়ম হয়েছে। যে কারণে এই নির্বাচন বাতিল এবং নির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে অবৈধ ঘোষণা করার জন্য আদালতে মামলা করেছেন। মামলায় নতুন নির্বাচনের তারিখ ঘোষণা চেয়ে আবেদন করা হয়েছে।

মানবজমিনের এ সম্পর্কিত একটি প্রতিবেদনের শিরোনাম-‘ইতিহাসের নতুন অধ্যায়, ভোট থাকবে, ভোটার থাকবে না

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, ভোট দিতে না পারাটা  যদি ভোটারের ব্যর্থতা হয় তাহলে নির্বাচন কমিশন সফল কিনা- এটাই একটা প্রশ্ন। নির্বাচন কমিশন সেটাই বলুক। আজ ভোটার দিবস পালনকালে নির্বাচন কমিশনার কবিতা খানম ভোট দিতে না পারাটা ভোটারদের ব্যর্থতা বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. তোফায়েল আহমেদ এ কথা বলেন।  তোফায়েল আহমেদ বলেন, ভোটার দিবসের স্বার্থকতা কি? এ দিবসটা কে পালন করছে? নির্বাচন কমিশন পালন করছে, জনগণ তো করছে না। এখানে তো জনগণের কোন অংশগ্রহণ নেই। এটাকে ভোটার দিবস বলা ঠিক হয়নি। নির্বাচন কমিশন দিবস হওয়া উচিৎ ছিলো বলেও মন্তব্য করেন তিনি।’ এদিকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বিএনপিকে মুজিববর্ষের কর্মসূচিতে আসার আহ্বান নাসিমের-দৈনিক ইত্তেফাক

অতীতে করা ভুল স্বীকার করে নিয়ে মুজিববর্ষের কর্মসূচিতে যোগ দেয়ার জন্য বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রবিবার (১ মার্চ) বিকেলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১৪ দল আয়োজিত এক শপথগ্রহণ কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

উত্তর-পূর্ব দিল্লিতে মৃত্যু মিছিল অব্যাহত, নর্দমা থেকে উদ্ধার আরও তিন দেহ-দৈনিক সংবাদ প্রতিদিন

মৃত্যু মিছিল যেন থামতেই চাইছে না দিল্লিতে। উত্তর-পূর্ব দিল্লিতে অশান্তির সূত্রপাতের পর আটদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার উপদ্রুত এলাকা থেকে আরও তিনটি দেহ উদ্ধার হয়েছে। গোকুলপুরি এলাকার নর্দমা থেকে মিলেছে একটি দেহ। চাঁদবাগ সংলগ্ন ভাগীরথী বিহারের খাল থেকে আরও দু’টি দেহ মিলেছে। তবে কারোর পরিচয় জানা যায়নি বলেই খবর। এদিকে উত্তর-পূর্ব দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬।

পুলিশ সূত্রে খবর, গোকুলপুরির ওই নর্দমাটি থেকে এর আগে আরও চারটি দেহ উদ্ধার হয়েছিল। এমনকী আইবি আধিকারিক অঙ্কিত শর্মারও দেহে মিলেছিল ওই নর্দমায়। অশান্তি চলাকালীন এদের খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। উদ্ধার হওয়া দেহগুলিতে পচন ধরে গিয়েছিল বলে খবর।

‘পরিকল্পিত গণহত্যা হয়েছে দিল্লিতে’, নেতাজি ইন্ডোরের মমতা-দৈনিক আনন্দবাজার

পাখির চোখ পুরভোট। তবে সেই কর্মসূচির সূচনামঞ্চেই বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির হিংসাকে ‘পরিকল্পিত ভাবে গণহত্যা’র দাবি করলেন তিনি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ নামে এক নতুন কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা। সেই মঞ্চ থেকে দিল্লির সাম্প্রতিক হিংসাকে ‘পরিকল্পিত ভাবে গণহত্যা বলেন তিনি।

কী বললেন মমতা? এক নজরে:

দিল্লির ভয়াবহ সহিংসতা

 আমি কেন গণহত্যা বলছি? কারণ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।• দেশের সম্মান তলিয়ে দিয়েছে এই সরকার।• যাঁরা দিল্লির মতো একটা ছোট জায়গা সামলাতে পারে না, তাঁরা দেশ সামলাবে?• কংগ্রেসের সারা দেশে সংগঠন রয়েছে। কেন প্রতিবাদ নেই সারা দেশে?• দেশের প্রতিষ্ঠান নাম যখন-তখন বদলে দেওয়া হচ্ছে।• দেশের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে।• দেশকে অসম্মান করা হচ্ছে। • এ দেশ থেকে যত দিন বিজেপি না যাবে, তত দিন আন্দোলন চলবে। • আজ সারা দেশে জাতের নামে আগুন লাগানো হচ্ছে।• আজ দেশের অর্থনীতি বেহাল। বেকার সংখ্যা কোথায় চলে গিয়েছে?• নিজের মতো করে দল করলে অন্য জায়গায় চলে যান।• দল একটাই, জোড়াফুল। 

রাজপথেও ‘গোলি মারো’ স্লোগান বিজেপির, নীরব দর্শক পুলিশ-দৈনিক সংবাদ প্রতিদিন

দিল্লির নির্বাচনের প্রাক্কালে সিএএ বিরোধীদের ‘টার্গেট’ করে বিজেপি নেতা কপিল মিশ্রের মিছিল থেকে স্লোগান উঠেছিল, ‘দেশ কে গদ্দারো কো, গোলি মারো সালো কো…’! তারপর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও নির্বাচনী সভা থেকে এই বিতর্কিত স্লোগান তুলেছিলেন। দুজনকেই নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার কলকাতার রাজপথও এই বিতর্কিত স্লোগানে মুখরিত হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাস্থলের বাইরে ধর্মতলায় বিজেপির মিছিল থেকে উঠল ‘গোলি মারো’ স্লোগান। যা নিয়ে ফের বিতর্ক মাথাচাড়া দিয়েছে। দেশজুড়ে সিএএ বিরোধী আন্দোলনকারীদের দেশদ্রোহী তকমা দিয়ে বারবার এই স্লোগান দেওয়া হয়েছে বিজেপির মিছিল থেকে।

ফাঁসির দিন পিছনোর আর্জি খারিজ দিল্লি আদালতে, প্রাণভিক্ষার আর্জি পবনের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

আগামিকাল মঙ্গলবার কি ফাঁসি হচ্ছে নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতের? আপাতত এই প্রশ্ন ঘিরেই তোলপাড় আইনজীবী মহল। এক দিকে পবন গুপ্তের প্রাণভিক্ষার আর্জি এখনও রাষ্ট্রপতির কাছে। আবার ফাঁসির দিন পিছনোর আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির পটিয়ালা হাউস কোর্ট। রীতি অনুযায়ী আবার প্রাণদণ্ডে দণ্ডিতদের সমস্ত আইনি বিকল্প শেষ হওয়ার পরেও ১৪ দিন সময় দিতে হয় প্রস্তুতির জন্য। সব মিলিয়ে তীব্র দোলাচলে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া। ফাঁসি থেকে বাঁচেত নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতের মধ্যে তিন জনের সমস্ত আইনি বিকল্প শেষ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২