কথাবার্তা: বেসুরো ঢাকায় সফর শ্রিংলার
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- জরুরি স্বাস্থ্য পরিস্থিতি: কাজ তেমন হয়নি, অর্থের শ্রাদ্ধ-দৈনিক প্রথম আলো
- বায়ু দূষণে ৩ বছর কমেছে গড় আয়ু-দৈনিক ইত্তেফাক
- বেসুরো ঢাকায় সফর শ্রিংলার-দৈনিক মানবজমিন
- পাপিয়ার ‘পাপের তথ্য’ জানতে ওয়েম্টিন হোটেলকেট দুদকের চিঠি -দৈনিক যুগান্তর
- ঢাকা দক্ষিণে নতুন নির্বাচন চেয়ে ইশরাক হোসেনের মামলা-বাংলাদেশ প্রতিদিন
- যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- ঘণ্টায় ৫০ টাকাতেই ভিক্ষার জন্য মেলে শিশু-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- আরও এক বিজেপি নেতা গ্রেপ্তার, গোলি মারো স্লোগান কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেপ্তার চারজন-দৈনিক আজকাল
- সিএএ’র অধীনে কতজন নাগরিকত্ব পাওয়ার আবেদন করেছেন? তথ্যই নেই কেন্দ্রের কাছে-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১) এবার ঢাকা দক্ষিণে নুতন নির্বাচন চেয়ে ইশরাক হোসেন মামলা করেছেন। কী হতে পারে মামলার ফলাফল?
২)আন্ত-আফগান আলোচনায় প্রস্তুত তালেবান। তবে বন্দিদের মুক্তি দিতে হবে আগে-একথা বলেছে তালেবান। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
পাপিয়ার ‘ পাপিয়ার পাপের’ তথ্য জানতে ওয়েম্টিন হোটেলকেট দুদকের চিঠি -দৈনিক যুগান্তর
ব্লাকমেইল, প্রতারণা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নুর পাপিয়া ওরফে পিউ সম্পর্কে তথ্য জানতে ওয়েস্টিন হোটেলে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ সোমবার বিকালে অভিজাত হোটেল কর্তৃপক্ষকে এ চিঠি দেয়।
বিষয়টি নিশ্চিত করে দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, চিঠিতে ওয়েস্টিন হোটেলে পাপিয়া এ পর্যন্ত কতদিন অবস্থান করেছেন এবং সেখানে কত টাকা বিল দিয়েছেন সেটা জানতে চাওয়া হয়েছে। এছাড়া পাপিয়ার কাছে আসা ব্যক্তি ও হোটেলে অবস্থানকারীদের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনে ওই সময়ের ভিডিও রেকর্ডও চাওয়া হতে পারে। সূত্র জানায়, কারা ওই আস্তানায় যাতায়াত করত তাদের নামসহ পদ-পদবি উল্লেখ করে আগামী ৫ কার্যদিবসের মধ্যে দুদকে তথ্য দেয়ার কথা বলা হয়েছে চিঠিতে।
বেসুরো ঢাকায় সফর শ্রিংলার –দৈনিক মানবজমিন
সিএএ-এনআরসি বিতর্কের প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। দিল্লির হিংসা সেই ক্ষোভে ইন্ধন জুগিয়েছে বলেই মনে করা হচ্ছে। সে দেশের মন্ত্রী পর্যায়ের একাধিক ভারত সফর বাতিল করেছিল হাসিনা সরকার। আজ সেই তালিকায় নতুন সংযোজন, বাংলাদেশের স্পিকার শিরিন শরমিন চৌধুরীর নয়াদিল্লি সফর।
সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার আমন্ত্রণে নয়াদিল্লি আসার কথা ছিল শরমিনের। ৬ তারিখ ফেরার কথা ছিল তাঁর। কাল রাতে হঠাৎই তা স্থগিত করে দেয় ঢাকা। কারণ হিসাবে জানানো হয়েছে, ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শতবর্ষের অনুষ্ঠান শুরু হচ্ছে। তাতে বিশেষ দায়িত্ব থাকায় তিনি ভারতে যেতে পারছেন না।
কূটনীতিকদের বক্তব্য, বঙ্গবন্ধুর শতবর্ষ অনুষ্ঠানের পরিকল্পনা দীর্ঘদিন আগেই তৈরি। তা বিবেচনায় রেখেই ওম বিড়লার আমন্ত্রণ স্বীকার করেছিলেন বাংলাদেশের স্পিকার। তা হলে শেষ মুহূর্তে সেই কারণ দেখিয়ে সফর বাতিল কেন?ঢাকা সূত্রের বক্তব্য, বাংলাদেশে যে ভাবে মোদী-বিরোধিতা বাড়ছে, তাতে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে রয়েছেন শেখ হাসিনা। ১৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। সেই সফর পাকা করতে দু’দিনের সফরে ঢাকা গিয়েছেন নতুন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। একটি অনুষ্ঠানে দীর্ঘ বক্তৃতা দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে তিনি কিছুটা ইতিবাচক প্রলেপ দিতে চেষ্টা করেছেন। মোদীর সফরে তিস্তা ছাড়া অন্য ছ’টি নদীর জলের বাঁটোয়ারা নিয়ে চুক্তি পাকা হতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছেন। প্রশ্নের জবাবে জানিয়েছেন, তিস্তা-জট কাটাতে ভারত সরকার সক্রিয়। অসমে এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগ নিরসন করতে শ্রিংলা বলেছেন, ‘‘ঘনিষ্ঠতম প্রতিবেশী হিসাবে এটাই স্বাভাবিক যে এক দেশের ঘটনা অন্য দেশে ঢেউ তুলবে। কিন্তু অসমে এনআরসি প্রক্রিয়া সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ। এর সঙ্গে বাংলাদেশ সরকার বা মানুষের সম্পর্ক নেই।’’ তাঁর বার্তা, মায়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীরা যাতে তাঁদের দেশে ফিরতে পারেন, সে জন্য নয়াদিল্লি সক্রিয়। বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দেখা করেছেন শ্রিংলা।
‘ইন্টারন্যাশনাল লিজিং থেকে ১৬০০ কোটি টাকা লুট, কানাডায় পাচার’-দৈনিক মাবনজমিন
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) ১৬০০ কোটি টাকা লুট হয়ে গেছে। আর এই টাকা লুট করেছে পিকে হালদার ও তার গ্রুপ। টাকা লুটের পর তিনি কানাডা চলে গেছেন। ধারণা করা হচ্ছে, ওই টাকা পাচার হয়ে গেছে। শুধু তাই নয়, এই টাকা লুট আইএলএফএসএল-এর ম্যানেজমেন্টকে নিজেদের মতো করে সাজিয়ে দখলে নেয়। সংস্থাটি থেকে সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান খন্দকার ইব্রহিম খালেদ এসব কথা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদকে হাইকোর্টের নির্দেশে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিলো। ২৫ দিন দায়িত্ব পালনের পর তিনি গতকাল সোমবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
সিএএ’র অধীনে কতজন নাগরিকত্ব পাওয়ার আবেদন করেছেন? তথ্যই নেই কেন্দ্রের কাছে-দৈনিক সংবাদ প্রতিদিন
দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়া প্রায় ২ মাস হতে চলল। অথচ, এই আইনের অধীনে এখনও পর্যন্ত কতজন নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, সে তথ্যই নাকি কেন্দ্রের কাছে নেই। একটি আরটিআইয়ের জবাবে এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
দীনেশ চড্ডা নামের চণ্ডিগড়ের এক সমাজকর্মী তথ্যের অধিকার আইনে জানতে চেয়েছিলেন, এখনও পর্যন্ত ঠিক কতজন মানুষ সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এবং সেই আবেদনকারীদের মধ্যে কোন ধর্মের মানুষের সংখ্যা বেশি। ধর্মের ভিত্তিতে আবেদনকারীদের সংখ্যাটাও জানতে চান দীনেশ। আবেদনকারীদের মধ্যে কোন দেশের শরণার্থী সংখ্যা সবচেয়ে বেশি? তাঁর প্রশ্নের তালিকায় ছিল সেটিও। কিন্তু, স্বরাষ্ট্র মন্ত্রক দীনেশের কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেনি। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে ঠিক কতজন আবেদন করেছেন, তার সর্বশেষ তথ্য তাঁদের কাছে নেই। তাছাড়া ১৯৫৫-র নাগরিকত্ব আইন অনুযায়ী এই ধরনের হিসেব রাখারও কোনও প্রয়োজন নেই।
এ প্রসঙ্গে দীনেশ চড্ডা বলছেন, “আমি শুধু জানতে চেয়েছিলাম এতে কত মানুষ উপকৃত হবে। কারণ, সরকার শুরু থেকেই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চলেছে। এমনকী, রবিরারও কলকাতার জনসভায় অমিত শাহ দাবি করেন সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) অধীনে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। কিন্তু, এখন তো দেখছি অমিতের মন্ত্রকের কাছেই কোনও তথ্য নেই ঠিক কত মানুষ উপকৃত হবেন।”
নির্ভয়া কাণ্ড: আইনি জটিলতায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ফাঁসি-দৈনিক সংবাদ প্রতিদিন
ফের অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল নির্ভয়ার দোষীদের ফাঁসি। এ নিয়ে তৃতীয়বার। সোমবার এই মর্মেই রায় দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। পরবর্তী রায় না দেওয়া পর্যন্ত মুকেশ, অক্ষয়, বিনয় ও পবনের ফাঁসি আটকে রইল। এদিন পবন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আরজি জানিয়েছে। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রাণভিক্ষার আরজি জানিয়েছে। তাই ৩ মার্চের ফাঁসির উপর স্থগিতাদেশ চেয়ে পাতিয়ালা হাই কোর্টে আবেদন জানায় পবন ও অক্ষয়। সেই আবেদনের শুনানি শেষেই মৃত্যু পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করল আদালত।
আইন বলছে, চার দোষীর নিজেকে বাঁচানোর সমস্ত আইনি সহায়তা পাওয়ার সুয়োগ শেষ হয়নি। এদিকে মৃত্যু পরোয়ানা জারির পর দোষীদের ১৪ দিন সময় পাওয়ার কথা। তাই সোমবার পবনের প্রাণভিক্ষার আরজি খারিজ হলেও নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করতে হবে। এর পরেও আরও ১৪ দিন সময় পবনকে দিতে হবে। এমনকী রাষ্ট্রপতির আরজি খারিজ হওয়ার পরও তা চ্যালেঞ্জ করতে পারে দোষীরা। সেক্ষেত্রে সেই আরজির শুনানি না শেষ হওয়া পর্যন্ত মৃত্যু পরোয়ানা জারি করা যায় না। তাই আরও একবার নির্ভয়ার দোষীদের ফাঁসি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল আদালত।
ঘণ্টায় ৫০ টাকাতেই ভিক্ষার জন্য মেলে শিশু-দৈনিক আনন্দবাজার পত্রিকা
ছেলে না মেয়ে? বয়সই বা কত? দৈনিক মজুরি নির্ধারণে এই উত্তরগুলোই জরুরি। কলকাতা তো বটেই, রাজ্যে সব থেকে বেশি চাহিদা ২-৩ বছর বয়সি শিশুদের। সারা দিনের জন্য কোনও শিশুকে ভিক্ষার কাজে পাঠালে প্রেরক ৫০০-৬০০ টাকা পাবেন। তিনি ওই শিশুর অভিভাবক হোন বা না হোন। আর ঘণ্টা পিছু দর ৫০ টাকা। এর পরেই চাহিদার তালিকায় অসুস্থ বা অঙ্গহানির শিকার বয়স্কেরা। দৈনিক ২০০-৩০০ টাকায় তাঁদের সঙ্গে কথা পাকা হয়। তবে পার্ক স্ট্রিট বা ধর্মতলার মতো জায়গায় ভিক্ষা করলে সেই টাকা আরও বেশি মেলে। চাহিদার নিরিখে সব শেষে থাকেন কিশোর-কিশোরী এবং মহিলারা।
এই হিসেবেই শহর জুড়ে ভিক্ষার ব্যবসা রমরমিয়ে চলছে বলে অভিযোগ। ব্যবসা যারা চালান তাঁরাই ঠিক করেন, কোন কিশোরী কবে কোন শিশুকে কোলে নিয়ে বেরোবে। কয়েক মাস আগে কালীঘাট থানা এলাকার একটি পকসো (দ্য প্রোটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, ২০১২) মামলার তদন্তে এই ব্যবসার চেহারাটাই আরও এক বার সামনে এসেছে। ওই মামলায় তিন জনের বিরুদ্ধে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তদের দু’জনই নাবালক। জাতীয় মানবাধিকার কমিশন সূত্রের খবর, প্রতিদিন এ দেশে প্রায় ৪০ হাজার শিশু অপহৃত হয়। যার মধ্যে ১০ হাজার শিশু নিখোঁজই থেকে যায়। আরও আশঙ্কার, সারা দেশে প্রায় তিন লক্ষ শিশু প্রতিদিন হয় নেশার কবলে পড়ে, নয়তো মারধরের শিকার হয়ে ভিক্ষা-ব্যবসায় ব্যবহৃত হয়। উদ্বেগ বাড়িয়ে সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট আবার জানিয়েছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিখারি পশ্চিমবঙ্গেই।
বাসে সফর হায়দরাবাদের করোনা আক্রান্তের, সংক্রমণের আশঙ্কায় উদ্বিগ্ন প্রশাসন-দৈনিক সংবাদ প্রতিদিন
ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ফল হবে মারাত্মক। কারণ এদেশে মারণ রোগটিকে ঠেকানোর jঅন্য বিধিনিষেধ আরোপ করার মতো পরিকাঠামো নেই। কয়েকদিন আগে এমনটাই জানিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। তা, সেই আশঙ্কা যে অমূলক নয়, তা এবার প্রমাণিত হল।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর করোনা আক্রান্ত ব্যক্তি আর পাঁচজনের মতোই একটি বাসে সফর করেছিলেন। তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ই রাজেন্দ্র জানান, গত ১৯ ফেব্রুয়ারি দুবাই থেকে বেঙ্গালুরুতে নিজের কর্মক্ষেত্রে পৌঁছান ভারতের দ্বিতীয় করোনা আক্রান্ত ওই সফটওয়ার ইঞ্জিনিয়ার। তারপর জ্বর নিয়েই একটি বাসে চেপে হায়দরাবাদ রওনা দেন তিনি। ফলে তাঁর সংস্পর্শে আসা বাড়ির লোকজন ও অফিসের সহকর্মীদের উপর নজর রাখছে স্বাস্থ্যদপ্তর।
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামালু জানান, গায়ে প্রবল জ্বর নিয়ে হায়দরাবাদে একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসা করাতে যান করোনা আক্রান্ত ওই ব্যক্তি। উপশম না হওয়ায় রবিবার বিকেলে তিনি সরকারি গান্ধী হাসপাতালে আসেন। তারপরই পরীক্ষায় তাঁর শরীরে নভেল করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তারপরই একটি টুইট করে শ্রীরামালু জানান, আক্রান্তের বাড়ির লোকদের স্বাস্থ্যের উপর নজর রাখা হচ্ছে। এছাড়াও, মঙ্গলবার অতিরিক্ত মুখ্য সচিব, কমিশনার ও স্বাস্থ্যদপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, দিল্লি থেকেও করোনায় (nCoV19) আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই খবর জানিয়ে বলা হয়েছে, দিল্লির ওই ব্যক্তি ইটালি থেকে ফিরেছিলেন কিছুদিন আগে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারতে হাতে গোনা কয়েকজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। তবে আশঙ্কা তৈরি হচ্ছে দেশটির বিপুল জনসংখ্যা ও ঘন বসতি নিয়ে। এর ফলেই ভারতএ করোনার প্রতিরোধ করার ক্ষমতা অত্যন্ত সীমিত বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। তাই চিনের পরে যে করোনা ভাইরাসের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে যে দেশ তাদের সবচেয়ে চিন্তায় রেখেছে তা হল ভারত।
আরও এক বিজেপি নেতা গ্রেপ্তার, গোলি মারো স্লোগান কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেপ্তার চারজন-দৈনিক আজকাল
অমিত শাহের সভায় যাওয়ার মিছিল থেকে ‘দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো’ স্লোগান দেওয়ার অভিযোগে ধ্রুব বসু, পঙ্কজ প্রসাদ ও সুরেন্দ্রকুমার তিওয়ারি নামে তিনজনকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানার পুলিশ। সোমবার তিনজনকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। মঙ্গলবার আরও এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সুজিত বড়ুয়া।
এই ঘটনায় সিসিটিভি ফুটেজের সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত ফুটেজও মিলিয়ে দেখা হয় বলে খবর।এরপর নিশ্চিত হয়েই গ্রেপ্তার করা হয়েছিল। আদালতে তোলা হলে এদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩