মার্চ ৩০, ২০২০ ১২:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ছুটির মেয়াদ বাড়তে পারে-দৈনিক প্রথম আলো
  • বিদেশে আটকাপড়াদের প্রয়োজনীয় অর্থ পাঠানো যাবে: বাংলাদেশ ব্যাংক -দৈনিক ইত্তেফাক
  • নীর‌বে দাফন কর‌লেন স্ত্রী‌কে-দৈনিক মানবজমিন
  • দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১, মোট সুস্থ ১৯-দৈনিক যুগান্তর
  • করোনা: নিউইয়র্কে একদিনে ৮ বাংলাদেশির মৃত্যু-বাংলাদেশ প্রতিদিন
  • সরকারের পলিসি হলো 'নো টেস্ট, নো করোনা' : রিজভী-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • আজ মৃত্যু আরও ৩ জনের, দেশে করোনা আক্রান্ত বেড়ে ১০৭১-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে! নিন্দায় সরব প্রিয়াঙ্কা গান্ধী-দৈনিক সংবাদ প্রতিদিন
  • লকডাউন উঠছে ১৫ এপ্রিল থেকেই, জানিয়ে দিল কেন্দ্র-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. দেশে ২৪ ঘণ্টায় একজন করোনা রোগী শনাক্ত। একথা জানিয়েছেন বাংলাদেশের আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আমরা আগেও দেখেছি তার দেয়া এমন তথ্যে বাংলাদেশে বিতর্ক উঠেছে। কী বলবেন আপনি?

২.  আমেরিকা এবার স্বাস্থ্য সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইরানরে পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। তার এ অভিযোগ সম্পর্কে আপনার মন্তব্য কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। 

প্রথমে বাংলাদেশের করোনা পরিস্থিতির নিয়ে বিভিন্ন দৈনিকের গুরুত্বপূর্ণ খবর।

বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি

দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১, মোট সুস্থ ১৯।গত দুদিনে দেশে কোনো করোনা রোগী শনাক্ত না হলে নতুন করে একজন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।দৈনিক যুগান্তরের খবর।দৈনিকটির আরও কয়েকটি খবর এরকম-দেশ এখন ভালো আছে, নিরাপদে আছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যশোরে আইসোলেশন ওয়ার্ডে এক শিশুর মৃত্যু হয়েছে। শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, ভরসা রাখুন-ভিডিও বার্তায় জানালেন হানিফ। সরকার উদাসীন না থাকলে করোনার তীব্রতা প্রকট হতো না বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

দৈনিক মানবজমিনের শিরোনাম-নীর‌বে দাফন কর‌লেন স্ত্রী‌কে- খিলগাঁওয়ের ঘটনা। অগ্রাধিকার তালিকা করে সমন্বিতভাবে ত্রাণ বিতরণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইত্তেফাকে পরিবেশিত হয়েছে। সংকট মোকাবেলায় সরকার ও গণমাধ্যম ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। কুষ্টিটায় করোনায় মৃত্যু, বাড়ি লকডাউনের খবর দিয়েছে একই দৈনিক।

করোনায় অঘোষিত লকডাউনে ঢাকা শহর

দৈনিক প্রথম আলো লিখেছে, ছুটির মেয়াদ বাড়তে পারে। এতে লেখা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে টানা ১০ দিনের ছুটি চলছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এই ছুটির মেয়াদ আরও কিছুদিন বাড়তে পারে।

অঘোষিত

মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ সোমবার প্রথম আলোকে এমন আভাস দিয়ে বলেন, কাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বিদেশে আটকাপড়াদের প্রয়োজনীয় অর্থ পাঠানো যাবে: বাংলাদেশ ব্যাংক-দৈনিক ইত্তেফাক

করোনা ভাইরাসের জন্য পৃথিবীর প্রায় সব দেশই আন্তর্জাতিক আগমন-বহির্গমন বন্ধ করে দিয়েছে। এর ফলে বিদেশে ভ্রমণে গিয়ে এবং চিকিৎসার জন্য গিয়ে বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি। তাদের খরচের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে রবিবার রাতে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে আটকাপড়াদের প্রয়োজনীয় ব্যয় সামলাতে তাদের ভ্রমণ বা চিকিংসা কোটা অনুযায়ী অর্থ তাদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে দেয়া যাবে।

ঘরে থাকলে ভাত খাওয়াবে কে?-দৈনিক মানবজমিন

Image Caption

দ্যাশে কি করোনা আইলো। মানুষ নাকি মইরা যায়। সরকার সব কিছু বন্ধ কইরা দিছে। আমি ও ৪ দিন দোকান বন্ধ কইরা ঘরে ছিলাম। এহন ভাতের চাউল নাই। তাই দোকান খুইল্লা বইছি । ঘরে থাকলে আমারে ভাত খাওয়াবে কে? জীবন বাঁচান লাগবো ত। ভাত না খাইলেও মরণ আবার অসুখ হইলেও মরণ।

কথা গুলো ৫০ বছর বয়সী জুলেখা বিবি'র। রোববার সন্ধ্যায় কথা হয় তার সঙ্গে। তিনি জানান, অভাব অনটনের কারণে দেশের এমন পরিস্থিতির মধ্যে দোকান খুলতে হয়েছে। ঘরে চাল নাই। আগে যা ছিল সব শেষ। না পেরে আজ রাস্তায় নামছি। জীবন বাঁচাতে কাজ তো করতেই হবে।  বৃদ্ধ স্বামীর কাজে সহযোগিতা করতে তিনি বেঁচাকেনা করেন। পরিবারে আয় করার মতো কেউ নেই। তাই ফুটপাত ও সড়কের অলিগলিতে বসে তার ভ্রাম্যমাণ শুটকির দোকান। দৈনিক আয়ের টাকা দিয়েই চলে তার ছোট সংসার। করোনায় কোন সাহায্য সহযোগিতাসপায়নি জুলেখা বিবি।
জুলেখা বিবির মতো দিন আনে দিন খায় এমন হাজারো মানুষের কষ্টের শেষ নেই। আয় নেই, তাই ঘরে চাল কিনে নেয়ার সামর্থ্য নেই অসংখ্য পরিবারের। একজনের খাবার ভাগ করে খাচ্ছেন অনেকে। ঘাতক করোনা ভাইরাসের থাবায় কাঁপছে বিশ্ব। গৃহবন্দি দেশের মানুষ। করোনা পরিস্থিতি মোকাবিলায় ঘর থেকে বাইরে না যেতে অনুরোধ করা হয়েছে। বন্ধ অফিস আদালত।  

করোনা পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন রাজধানীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কয়েকদিন কাজকর্ম বন্ধ থাকায় মানুষদের মাঝে খাবারের জন্য শুরু হয়েছে হাহাকার।

আনন্দ বাজারে ফুটপাতে পিঠা বিক্রেতা ছালেহা বেগম জানান, সন্তান পেটে থাকতে স্বামী মারা গেছেন। বৃদ্ধ শশুর- শাশুড়ি আ র সন্তান নিয়েই বস্তিতে  থাকেন। তার আয় দিয়েই চলে সংসার। বছরের বেশি ভাগ সময় পিঠা বিক্রি করেন। অন্য সময় বাসা বাড়িতে কাজ করেন। এখন করোনা ভাইরাসের কারণে পিঠাও বিক্রি করতে পারেন না। করোনার ভয়ে বাসা বাড়িতেও কেউ কাজে নেয় না। এমন ভাবে চলতে থাকলে মানুষ না খেয়ে মারা যাবে। শুনেছি চাউল, ডাল দেয়। আমরা তো পেলাম না।

চা বিক্রেতা হালিম জানান, দিনে যা রোজগার হয় তা দিনেই শেষ হয়ে যায় । যেটা জমানো হয় সেটা দিয়ে বাসা ভাড়া দেই। করোনাভাইরাসের কথা শুনেছি।  সরকার যদি আমাদের সহযোগীতা করেন। বাড়ি ভাড়া ১/২ মাস ফ্রি করে দিতেন তাহলে আমরা বাড়িতে থাকতে পারতাম। এখন পেটের জ্বালা আর থাকার জন্য ঝুঁকি নিয়ে চা বিক্রি করি। কাষ্টমার ও এখন অনেক কম। ভয়ে কেউ চা খেতে চান না।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা আমাদের বিপদের সময় এগিয়ে আসলে কষ্ট কিছুটা হলেও কমে যেত।

বিশ্বের করোনা পরিস্থিতি। যুগান্তরের পরিসংখ্যানগত তথ্যে বলা হয়েছে, এখন পর্যন্ত বিশ্বে-৭,২৩,৭৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন-৩৪,০০০ জন। আর সুস্থ হয়েছেন-১,৫১,৮৩৩ জন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

আজ মৃত্যু আরও ৩ জনের, দেশে করোনা আক্রান্ত বেড়ে ১০৭১-দৈনিক আনন্দবাজার পত্রিকা

Image Caption

লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, রবিবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১০২৬ জন। সোমবারের মধ্যে সেই সংখ্যাটা ৪৫ বেড়ে হয়েছে ১০৭১ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা এখন ২৯। যদিও রবিবার গভীর রাতে, কালিম্পঙে যে মহিলার মৃত্যু হয়েছে, তা কেন্দ্রীয় মন্ত্রকের তথ্যে এখনও যোগ করা হয়নি। রোববার রাতেই রাজ্যে নতুন করে তিন জন করোনা আক্রান্ত হন।সারা দেশে রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে ছিল মহারাষ্ট্র। কিন্তু এ দিন তাকে টপকে গিয়েছে কেরল। ওই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৯৪ জন। ১৯৩ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। তবে দেশে সবচেয়ে বেশি, আট জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। কর্নাটকে ৮০ করোনার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উত্তরপ্রদেশেও ৭৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

লকডাউন উঠছে ১৫ এপ্রিল থেকেই, জানিয়ে দিল কেন্দ্র-দৈনিক আজকাল

এমনিতেই কোনও পরিকল্পনা ছাড়া আচমকা ২১ দিনের লকডাউন ঘোষণা করে দেওয়ায় বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অসহায়, উদভ্রান্ত পরিযায়ী শ্রমিকদের, মাথায় লটবহর, কোলে সন্তান নিয়ে দলে দলে হেঁটে বাড়িমুখো যাত্রার ছবিটা দেশ তো বটেই সারা বিশ্বে কেন্দ্রের ভাবমূর্তিতে কালি লেপে দিয়েছে। এর মধ্যে গুজব রটেছে সরকার লকডাউনের সময়সীমা ১৪ এপ্রিল মধ্যরাত থেকে আরও বাড়াতে পারে সরকার। দেশে রোষ আরও বাড়ার আগেই তাই আত্মরক্ষার্থে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সোমবার কেন্দ্র সাফ জানিয়ে দিল, লকডাউনের সময়সীমা বাড়ানোর খবর পুরোটাই গুজব। সোমবার সকালে মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা বললেন, ‘এধরনের রিপোর্ট দেখে আমি তাজ্জব। লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনাই নেই।’

উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে! নিন্দায় সরব প্রিয়াঙ্কা গান্ধী-দৈনিক সংবাদ প্রতিদিন

জীবাণুনাশক স্প্রে করায় প্রিয়াঙ্কা গান্ধী সরকারের সমালোচনা করলেন

লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন দেশজুড়ে কর্মরত পরিযায়ী শ্রমিকেরা। নানা পদ্ধতিতে তারা নিজেদের পরিবারের কাছে ফিরে আসার জন্য উন্মুখ হয়ে রয়েছেন এই সময়ে এক নয়া ছবি দেখা গেল উত্তরপ্রদেশের বরেলিতে। শ্রমিকদের বরেলির রাস্তায় বসিয়ে তাদের শরীরে জীবাণুমুক্ত করার জেট স্প্রে দিয়ে রাসায়ণিক স্প্রে করা হচ্ছে। আর এই ছবি ভাইরাল হতেই যোগী সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন সকলে।এই ঘটনার তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০