এপ্রিল ০৫, ২০২০ ১২:৩১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৫ এপ্রিল রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • দেশে এক দিনে নতুন শনাক্ত ১৮, মৃত্যু বেড়ে ৯-দৈনিক প্রথম আলো
  • কেউ চাকরি হারাবেন না: প্রধানমন্ত্রী -দৈনিক ইত্তেফাক
  • ছুটি বাড়লো ১৪ই এপ্রিল পর্যন্ত, জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ নয়-দৈনিক মানবজমিন
  • কেউ যেন ঢাকায় প্রবেশ বা বের হতে না পারে, আইজিপির নির্দেশ-দৈনিক যুগান্তর
  • করোনায় ব্রিটেনে আরও ৪ বাংলাদেশির মৃত্যু-বাংলাদেশ প্রতিদিন
  • ভারত-পাকিস্তানে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই-দৈনিক সমকাল
  • চলবে কেবল চীনের ফ্লাইট-বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত-দৈনিক কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:    

  • মোদীকে ফোন করে হাইড্রক্সিক্লোরোকুইন চাইলেন ট্রাম্প-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা, প্রাক্তন রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীদের ফোন প্রধানমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • গোটা বিশ্বে এরকম অর্থনৈতিক সঙ্কট কখনও তৈরি হয়নি’, উদ্বেগ বাড়াল আইএমএফ‌-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব। বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনাভাইরাসের আপডেট খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। একনজরে সেসব খবর দেখে নেয়া যাক।

বিশ্ব করোনা পরিস্থিতি-

করোনাভাইরাস-মৃত্যু বাড়ছে প্রতিনিয়ত

দৈনিক যুগান্তর লিখেছে, বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা- ১২,১০,৪৩৯  জন, মৃতের সংখ্যা- ৬৫,৪৪৯  জন এবং সুস্থ্য হয়েছেন ২,৫১,৮২২  জন। করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ ব্রিটিশ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ব্রিটেনে ২৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাজ্য সরকারের ।

করোনা মোকাবিলায় যে কৌশলে এগিয়ে দরিদ্র এই দেশগুলো-দৈনিক প্রথম আলো

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন বা জার্মানির মতো সমৃদ্ধ অর্থনীতির দেশ নয় তারা। যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সাড়া দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্যও নেই তাদের। অর্থনীতি, চিকিৎসা ও প্রযুক্তিতে দারুণভাবে এগিয়ে থাকা উন্নত দেশগুলোতে যখন করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়, তখন তা থেকে বাদ যায়নি দরিদ্র ওই দেশগুলোও। কিন্তু ঘনবসতিপূর্ণ ও সামর্থ্যে পিছিয়ে থাকা এ দেশগুলো এখন পর্যন্ত সফলভাবে পরিস্থিতি মোকাবিলা করছে। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এখনো বেশ কম। এমন চারটি দেশকে নিয়ে গত বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার।

দরিদ্র এই দেশগুলোর এমন সাফল্যের পেছনে করোনাভাইরাসের সংক্রমণ রোধে তাদের সরকারের মরিয়া চেষ্টাকেই সাধুবাদ জানাচ্ছেন মহামারি রোগ বিশেষজ্ঞরা। এই বিশেষজ্ঞদের একজন নাইজেরিয়ার চিকউয়ি হেকওয়েজু।

বাংলাদেশে এক দিনে নতুন শনাক্ত ১৮, মৃত্যু বেড়ে ৯ জন-

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দৈনিক প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, দেশে নতুন করে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক দিনে এ সংখ্যা সর্বোচ্চ। এ পর্যন্ত সংক্রমিত মানুষের সংখ্যা ৮৮। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছিল নয়জন। আজ অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে যুগান্তর প্রথমআলোসহ বেশ কয়েকটি দৈনিকে বিভিন্ন এলাকা লকডাউনের খবর দিয়েছে। এসব খবরে লেখা হয়েছে, কুমিল্লায় জ্বর–শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু পর  ৭ পরিবাকে লকডাউন করা হয়েছে। মিরপুরে এক পরিবারের দুজন করোনায় আক্রান্ত হওয়ার পর সেখানকার ২৫ পরিবার লকডাউনে।

কেউ যেন ঢাকায় প্রবেশ বা বের হতে না পারে, আইজিপির নির্দেশ।

যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি সেবার সঙ্গে নিয়োজিতরা ছাড়া রাজধানী কেন্দ্র করে সাধারণ মানুষের আগমন-বহির্গমন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

কিছু কিছু কারখানা চালু হওয়ার খবরের মধ্য শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৈরি পোশাক শ্রমিকসহ হাজার হাজার মানুষের ঢাকামুখী ঢল নামে। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর রাতে আইজিপি এ নির্দেশনা দেন বলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা একটি গণমাধ্যমকে জানিয়েছেন।

কেউ চাকরি হারাবেন না: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা নিয়ে কর্মপরিকল্পনা ঘোষণা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে সরকার। ঘোষণা করা হয়েছে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তা। এ অবস্থায় ‘কাউকে চাকরি থেকে বিতাড়িত করা হবে না’ বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে সরকারি বাসভবন গণভবনে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করেন তিনি। শ্রমিক-কর্মচারী বা অন্যান্য কর্মজীবী মানুষ যাতে কর্মহীন না হয়ে পড়েন, সে জন্য প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা প্যাকেজ, ঋণসুবিধা দেওয়ার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, কেউ কষ্ট করুক সেটা আমি চাই না। সবার কষ্ট লাঘব করাটাই আমাদের দায়িত্ব। সে লক্ষ্য নিয়েই আমরা এ প্যাকেজ ঘোষণা দিয়েছি। সুবিধাটা সবাই পাবেন।

দৈনিক যুগান্তরের খবর-করোনায় বিএনপির বিশেষ তহবিল গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান আ’লীগের।

মীর্জা ফখরুলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে দেশের অর্থনীতি রক্ষায় ৮৭ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের যে প্রস্তাব বিএনপি দিয়েছিল- তা প্রত্যাখ্যান করে দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার বিকালে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কোথাও খোলা, কোথাও বন্ধ, কাজে হাজার হাজার শ্রমিক-দৈনিক মানবজমিন

অঘোষিত লকডাউনের মধ্যে দেশের সেলাইকর্মীদের কাজে দাওয়ার দৃশ্য

কারখানা খোলা। কারখানা বন্ধ। দুই দফায় দু’রকম সিদ্ধান্ত। শেষ পর্যন্ত বিজিএমইএ এর তরফ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার আহবান জানানো হয়। এই আহবানে কেউ সাড়া দিয়েছেন, কেউ দেননি। কারখানা খোলা রেখেছেন অনেকেই। মরণঘাতি করোনা ভাইরাসের ঝুঁকি নিয়েই সেখানে কাজ করছে হাজার হাজার শ্রমিক। ঢাকার আশুলিয়া, সাভার, গাজীপুর এলাকায় বিভিন্ন কারখানায় অবাধে কাজ চলছে।কোনো কোনো কারখানা আংশিক খোলা রাখা হয়েছে। শ্রমিকরা জানতেন, ৫ই এপ্রিল থেকে কাজ করতে হবে। একদিকে লকডাউন। যানবাহন চলাচল বন্ধ। অন্যদিকে চাকরি হারানোর ভয়। তাই চাকরি রক্ষা করতেই ঢাকায় এসেছেন হাজার হাজার শ্রমিক। ময়মনসিংহ, টাঙ্গাইল থেকে গতকাল পায়ে হেঁটে এসেছেন তারা।

চলবে কেবল চীনের ফ্লাইট-বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত-দৈনিক কালের কণ্ঠ

এ খবরে লেখা হয়েছে, দেশে বিমানের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সময় ৭ এপ্রিল থেকে বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে চীনের ফ্লাইট। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে। এ নিয়ে দুই দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।

করোনাভাইরাস

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন কালের কণ্ঠকে জানান, বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি বলেন, আগে চারটি দেশের ফ্লাইট নিষেধাজ্ঞার বাইরে ছিল। এবার এই নিষেধাজ্ঞার বাইরে কেবল চীনের ফ্লাইট।

এর আগে করোনাভাইরাসের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। এরপর আরেক আদেশে এই সময়সীমা আরো সাত দিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়।

‘রাস্তায় নামন ছাড়া উপায় আছিল না’-প্রথম আলো

পান্থপথের মোড় থেকে একটু এগিয়ে ফয়জুন্নেসা বসে পানের সঙ্গে চুন মেশাচ্ছেন। কেউ ত্রাণ দেবে এখানে? প্রশ্ন শুনেই ফয়জুন্নেসা পান মুখে বললেন, ‘আইজ তিন দিন রাস্তায় নামছি। কিচ্ছু পাই নাই। সকালে একটা পানের আধাটা খাই, আর বাকিটা দুফরে। রাইতে পোলায় কিছু আনলে ৫ জনের সংসারে ভাগে এট্টু পেটে কিছু দেই।’

করোনাভাইরাস বিশ্বজুড়ে

করোনাভাইরাসের কারণে সমাজের নিম্নবিত্তদের অনেকেই এখন কর্মহীন। সাহায্যের আশায় রাস্তায় রাস্তায় ঘুরছেন তাঁরা।ফয়জুন্নেসার সঙ্গে ছিলেন জুলেখা, রহিমন ও জাহাঙ্গীর আলম। কাঁঠাল বাগানের বাসিন্দা। অন্যের বাসায় গৃহকর্ম ও দিনমজুরের কাজ করে সংসার চালান। কিন্তু এক ভাইরাস তাঁদের রোজগারের পথ বন্ধ করে দিয়েছে। এলাকায় কেউ সাহায্য করেছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘পাই নাই। যেরা দেয়া হেরা মুখ চিন্না দেয়।’পান্থপথের বেশ কয়েকটি স্থানে ত্রাণের আসায় মানুষ সড়কের ধারে বসে আছে। গ্রিনরোডের কনসেপ্ট টাওয়ারের সামনে কয়েকজন বসে আছেন। গত কয়েক দিন ধরেই ত্রাণ পাবার আশায় রাজধানীর বিভিন্ন সড়কে খেটে খাওয়া ও নিম্নবিত্ত মানুষ ঘুরছে। এরকম অনেকের কথা তুলে আনা হয়েছে প্রথম আলোর প্রতিবেদনে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দেশে করোনা-আক্রান্ত বেড়ে ৩৩৭৪, মৃত্যু ৭৭ জনের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৭৭। সুস্থ হয়ে উঠেছেন ২৬৭ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, আক্রান্তের সংখ্যায় এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৮৫। অন্য দিকে, দিল্লিতেও প্রতি দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৪৫। এদিকে করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, করোনার ছোবলে বিধ্বস্ত ভারত। লকডাউন করে সংক্রমণ রোখার মরিয়া প্রচেষ্টা কেন্দ্রের। অথচ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বললেন সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাথে

এমন পরিস্থিতিতে ৮ এপ্রিল সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে রবিবার দেশের প্রাক্তন দুই রাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রীদের ফোন করলেন নরেন্দ্র মোদি। পরামর্শও চাইলেন তিনি।

গোটা বিশ্বে এরকম অর্থনৈতিক সঙ্কট কখনও তৈরি হয়নি’, উদ্বেগ বাড়াল আইএমএফ‌-দৈনিক আজকাল

Image Caption

গোটা বিশ্বে এরকম অর্থনৈতিক সঙ্কট কখনও তৈরি হয়নি। এবার উদ্বেগ বাড়াল আন্তর্জাতিক অর্থভান্ডার। করোনা সংক্রমণের জেরে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই জোরাল হচ্ছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্বের অর্থনীতি। বর্তমান পরিস্থিতি ২০০৮–০৯–র অর্থনৈতিক সঙ্কটকেও ছাপিয়ে গিয়েছে। আইএমএফ–এর প্রধান ক্রিস্টালিয়া জর্জিয়েভা বলেছেন, ‘আইএমএফ–এর ইতিহাসে আমরা কখনও দেখিনি, বিশ্ব অর্থনীতি এভাবে থমকে গিয়েছে। এরকম সঙ্কট আগে কখনও তৈরি হয়নি। আমরা চরম অর্থনৈতিক মন্দার মধ্যে ঢুকে গিয়েছি। বর্তমান অর্থনৈতিক সঙ্কট ২০০৮–এর চেয়েও ভয়ঙ্কর। এই পরিস্থিতির মোকাবিলায় সবার একজোট হওয়া প্রয়োজন।’

মোদীকে ফোন করে হাইড্রক্সিক্লোরোকুইন চাইলেন ট্রাম্প-দৈনিক আনন্দবাজার

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করার জন্য নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন তিনি। শনিবার এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “এ ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন তাঁরাও।”ট্রাম্প আরও বলেন, “ভারতে বিপুল পরিমাণে এই ওষুধ তৈরি হয়। সেখানে এই ওষুধের চাহিদাও রয়েছে প্রচুর। যে পরিমাণ ওষুধের বরাত দিয়েছি আমরা, তা সরবরাহ করার জন্য অনুরোধ জানিয়েছি ভারতকে।”#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫