জুন ১৫, ২০২০ ১৭:২৬ Asia/Dhaka

ক. বন্ধুরা, প্রিয়জনের আজকের আসর থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজও আসরের শুরুতেই যথারীতি একটি হাদিস আপনাদের শোনাব।

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন: আমার উম্মত যতদিন পরস্পরের সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে, নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আন্তরিকতার সঙ্গে অতিথির সেবা করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে এবং কোনো দুঃখ-দুর্দশা তাদের স্পর্শ করবে না।

খ. আমাদের প্রতিজ্ঞা পারলৌকিক মুক্তি এবং ইহলোকিক সুন্দর জীবন।  এ লক্ষ্য অর্জনের পথ বাৎলে দেয় এমন যেকোনো বাণী কেবল শুনব না বরং তা মানারও চেষ্টা করব।

ক. আজকের আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশ থেকে। এটি লিখেছেন, রাজধানী ঢাকার গ্রিন রোডের ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি ডাবলু আনোয়ার। এ চিঠি ডাকে দেয়া হয়েছে গত বছরের অক্টোবর মাসের ১৫ তারিখে। চিঠিটি সম্প্রতি আমাদের হাতে এসেছে।

বহলুল: ভাই আনোয়ারের হাতের লেখা খুবই সুন্দর। বারবার পড়তে ইচ্ছা করে এটি। ডাবলু আনোয়ার আমাদের অনেক পুরনো শ্রোতা। তিনি বহু আগে আমাদের কাছে নিয়মিত চিঠি লিখতেন।

খ. সত্যিই তাই হাতের লেখা এবং লেখার হাত দু'টোই সুন্দর। এ ভাই লিখেছেন, ইরান মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী দেশ। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আমেরিকাকে দমন করার জন্য ইরান একাই যথেষ্ট বলেই মনে করেন এ ভাই।  তিনি আরও লিখেছেন, আমি মনে করি সবদিক দিয়ে ইরানের শক্তিশালী হওয়া উচিত। এর জন্য যা যা করা উচিত তাই করুক ইরান।

ক. চমৎকার চিঠি। ধন্যবাদ ভাই ডাবলু আনোয়ার।  অনেকদিন পর যখন লেখা শুরু করলেন তখন তা চালিয়ে যান ভাই। আর চিঠিতে অনুষ্ঠান সম্পর্কেও মতামত দেবেন। হ্যাঁ চিঠির সঙ্গে বৃষ্টি ভেজা দিন নামে একটি হাতে আঁকা ছবিও পাঠিয়েছেন। চিত্রাঙ্কণটি সুন্দর হয়েছে।  এ জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা আপনার উত্তরোত্তর কল্যাণ কামনা করছি। 

বহলুল: তা হলে এ বারে শ্রোতা ভাইয়ের কথা শুনি।

খ. অবশ্যই। তাহলে চলুন শুনি একজন ভারতীয় শ্রোতাবন্ধুর কথা। হ্যাঁ তিনি নিজেই তার পরিচয় দিয়েছেন। .

ক. দুনিয়াতে শর্ট ওয়েবে রেডিও সম্প্রচার কমছে এবং কমছে শ্রোতার সংখ্যাও। এ অবস্থায়ও ভাই অভিজিৎ মণ্ডলের শর্ট ওয়েবে রেডিও শোনার কারণ কি আমাদের বলবেন?

খ. এতোক্ষণ পশ্চিমবঙ্গের শ্রোতাভাই অভিজিৎ মণ্ডলের কথা শুনছিলেন। শর্ট ওয়েবের প্রতি এ রকম বিশ্বস্ত শ্রোতাবন্ধুর সংখ্যা সত্যিই কম। তবে আপনার কথা শুনে বেশ ভালো লেগেছে ভাই অভিজিৎ। ভবিষ্যতে আবারও আপনার সঙ্গে কথা হবে।

বহলুল: এবারে তাকাবো মানে আপনি তাকাবেন রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে। হ্যাঁ শুরু করুন..

ক. ধন্যবাদ বহলুল ভাই। ইরানের সেনাবাহিনীর কাছে ৮টি সামরিক বিমান হস্তান্তর: বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২০ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আটটি জঙ্গিবিমান পেয়েছে। বিদেশে তৈরি করা এসব বিমানে ইরানের বিশেষজ্ঞদের মাধ্যমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে প্রেসটিভি জানিয়েছে।

খ. রেডিও তেহরানের ওয়েবসাইটে এ খবরে অন্যতম মন্তব্যকারী বন্ধু হলেন আল্লামা লাকসামি। তিনি লিখেছেন, ইরান এগিয়ে চলো আমরা আছি তোমার সঙ্গে। ইরান জিন্দাবাদ আমেরিকা ইসরাইল মুর্দাবাদ। আর একই খবরে ‘এ সরকার’ ছদ্মনামের এক পাঠক লিখেছেন, চালিয়ে যাও ইরান।  আমরা আছি তোমার সঙ্গে।

বহলুল: মানে হলো সত্যপথে চলো ইরান বিশ্ব আছে তোমার সঙ্গে- এ বাণীই দিয়েছেন এ সব পাঠক বন্ধু।

ক. এদিকে ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২১ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা গিরিরাজ সিং ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল বলে বিতর্কিত মন্তব্য করেছেন। গণমাধ্যমে তার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

খ. তার এ খবর প্রসঙ্গে রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরের অন্যতম মন্তব্য হলো ভারতবাসী কারা? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সবাই। গাধার মত কথা বললে চলবে না বৎস ?

বহলুল: বটে এ সব মন্তব্যে কি বুদ্ধি খুলবে বৎসদের! কে জানে!

ক. এদিকে সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়া বন্ধ করুন শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২১ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়া বন্ধ করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। পাশাপাশি তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর রাশিয়া নতুন করে বিমান হামলা চালিয়েছে।

খ. রেডিও তেহরানের ওয়েবসাইটে প্রকাশিত এ খবরের দু'টো মন্তব্য তুলে ধরছি। এ দু'টো মন্তব্য করেছেন পাঠক বন্ধু জহির । তিনি লিখেছেন, তুর্কি সরকার দুমুখো সাপ। দ্বিতীয় মন্তব্য হলো, সারা দুনিয়াতে দুমুখো ভাব রাখে। একবার আমেরিকা, একবার রাশিয়া, একবার ইউরোপ। পরিশেষে বলছি, কেউ তুর্কি জাতিকে বিশ্বাস করে না।

বহলুল: চমৎকার সব মন্তব্যের মধ্য দিয়ে মানুষ জেগে আছে সে কথাই আবার পরিষ্কার হয়ে উঠল। এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে।

খ. হ্যা সময় শেষ হয়ে এসেছে, শ্রোতা বন্ধুরা এবার আসর গুটানোর পালা। চিঠি, ইমেইল পাঠানো এবং অনুষ্ঠানে আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ক. কথা হবে আবারো আগামী আসরে সে পর্যন্ত সবাই ভাল থাকুন।#