প্রিয়জন: সঠিক ও তরতাজা তথ্য পাওয়ার একমাত্র উৎস হলো রেডিও তেহরান
নাসির মাহমুদ: শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আকতার জাহান: আজকের আসরের শুরুতেই আমি একটি মূল্যবান হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.) বলেছেন, "কোনো উত্তম কাজই লোক দেখানোর উদ্দেশ্যে করো না আর লজ্জার বশে তা পরিত্যাগ করো না।"
আশরাফুর রহমান: এই হাদিসের আলোকে আমরা সবাই প্রতিযোগিতার মানসিকতা নিয়ে উত্তম কাজে এগিয়ে যাব- এ আশাবাদ ব্যক্ত করে নজর নিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি ইমেইল করে পাঠিয়েছেন মোঃ শাহাদত হোসেন। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক।প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন-
নাসির মাহমুদ: আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। এসব অনুষ্ঠান থেকে আমি শুধু আনন্দই পাই না, অনেক কিছু জানতেও পারি। বিশেষ করে, ইসলামী বিশ্ব সম্পর্কে সঠিক ও তরতাজা তথ্য পাওয়ার একমাত্র উৎস হলো রেডিও তেহরান। আমি কখনো শর্টওয়েভে, কখনো ইন্টারনেটে আপনাদের অনুষ্ঠান শুনি। শুধু তাই নয়, মাঝেমধ্যে আপনাদের ওয়েবসাইটও পরিদর্শন করি।
আকতার জাহান: এরপর কথাবার্তা অনুষ্ঠানের প্রশংসা করে এ শ্রোতাবন্ধু লিখেছেন, "একজন ব্যক্তির পক্ষে অনেকগুলো দৈনিক পত্রিকা রাখা সম্ভব নয়। ব্যয়বহুল আর মফস্বলে তো পাওয়ারই সুযোগ নেই। আবার সবসময় সবার পক্ষে অনলাইনেও দেখা সম্ভব নয়। এমতাবস্থায় রেডিও তেহরান একজন ব্যক্তির দৈনিক পত্রিকার চাহিদা মেটাতে পারছে ‘কথাবার্তা’ অনুষ্ঠান শোনার মাধ্যমে। সবশেষে তিনি লিখেছেন নতুন আঙ্গিকে ‘প্রিয়জন’ সবার প্রিয় হয়ে উঠবে, সে প্রত্যাশাই করি।
আশরাফুর রহমান: ভাই মোঃ শাহাদত হোসেন, রেডিও তেহরান সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগল। আশা করি চিঠি লিখা অব্যাহত রাখবেন।
আসরের পরের চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফ্যামিলি রেডিও লিসেনার্স ক্লাব থেকে আর লিখেছেন নিজামুদ্দিন শেখ। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন পুরোনো শ্রোতা। আশির দশক থেকে আমি আপনাদের অনুষ্ঠান শুনছি। কিন্তু সময়ের অভাবে নিয়মিত লিখতে পারি না। আবারও মাসিক কুইজ প্রতিযোগিতা নিয়ে রেডিও তেহরান ফিরে আসছে জেনে খুব খুশি হলাম। আপনাদের অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
নাসির মাহমুদ: আশির দশক থেকে শুনছেন মানে তিনি আমাদের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন শ্রোতা। এত দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান শুনছেন জেনে খুব ভালো লাগছে। আশাকরি চিঠি লেখা এবং অনুষ্ঠান শোনা অব্যাহত রাখবেন।

আকতার জাহান: একে একে বাংলাদেশে ও ভারতের দুটো চিঠি তো পড়া হলো- এ পর্যায়ে আমরা একজন শ্রোতার সকণ্ঠে আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানতে চাই। এ পর্বে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের চুয়াডাঙ্গার শ্রোতাবন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ।
আশরাফুর রহমান: বাংলাদেশের রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর থেকে এবারের চিঠিটি পাঠিয়েছেন মো. সাইফুল ইসলাম থান্দার। সালাম ও শুভেচ্ছা জানানোর পর তিনি একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন- ইরানে ডাব উৎপন্ন হয় কিনা? সেখানে কি সারা বছর ডাব এবং নারিকেল পাওয়া যায়?
নাসির মাহমুদ: ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের চ'বাহার এলাকায় ডাব তথা নারিকেল উৎপন্ন হয়। সেখান থেকেই সারা ইরানে নারিকেল সরবরাহ করা হয়। তবে সব জায়গায় ডাব পাওয়া যায় না।
আকতার জাহান: তো ভাই, সাইফুল ইসলাম থান্দার, প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আসরের এই ইমেইলটি এসেছে বাংলাদেশের যশোর জেলার শার্শা থানার নাভারন রেল বাজার এলাকার ‘ইন্টারন্যাশনল রেডিও ফ্রেন্ডস ক্লাব এন্ড লাইব্রেরী’ থেকে। আর পাঠিয়েছেন মোহাম্মদ নুর আলম।
আশরাফুর রহমান: নুর আলম ভাইতো আমাদের একনিষ্ঠ শ্রোতাদের একজন। তিনি আমাদের রেডিওর খবরাখবর নিয়মিত ফেসবুকে শেয়ার করে থাকেন। তো কী লিখেছেন তিনি এই মেইলে?
নাসির মাহমুদ: রেডিও তেহরান থেকে কুইজ প্রতিযোগিতা চালুর প্রশংসা করে নুর আলম ভাই লিখেছেন, আপনাদের কুইজ প্রতিযোগিতার খবরটি আমি ইতিমধ্যে পঞ্চাশটি গ্রুপ এবং ফ্যান পেইজে শেয়ার করেছি। আশা করছি রেডিও তেহরানের ওয়েবসাইট ও অনুষ্ঠান সম্পর্কে শ্রোতারা জানতে পারবে এবং নতুন শ্রোতাদের আগমন ঘটবে।
আকতার জাহান: নুর আলম ভাই অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। আশা করি সবসময় এভাবেই আপনাকে পাশে পাব। চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসরের এবারের চিঠিটি পাঠিয়েছে এ, টি, এম, আতাউর রহমান রঞ্জু। তিনি বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার শ্রোতা এবং আলোকিত মানুষ চাই ও আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাবের সভাপতি। তার বর্তমান ঠিকানা অবশ্য ঢাকার বনানীতে।
আশরাফুর রহমান: রঞ্জু ভাই ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে রেডিও তেহরানের পক্ষে বেশ তৎপরতা চালাচ্ছেন।
নাসির মাহমুদ: তিনি নিজেও বিষয়টি মেইলে উল্লেখ করেছেন। লিখেছেন, ফেসবুকে রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শেয়ার করি, সাথেই আছি সবসময়। এরপর তিনি একটু অভিযোগের সুরের লিখেছেন, আমি প্রায় ইমেইল করি কিন্তু উত্তর পাই না।
আকতার জাহান: ইমেইল করার পর উত্তর না পেলে খারাপ লাগারই কথা। তবে, কোনো শ্রোতার ইমেইল বা চিঠি যাতে বাদ না পড়ে সে বিষয়ে আমরা আরও যত্মবান হওয়ার চেষ্টা করছি।
আশরাফুর রহমান: তো চিঠি লিখার জন্য রঞ্জু ভাই আপনাকে ধন্যবাদ।
চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল থানার সোনামনসা গ্রাম থেকে মো. আবদুল মান্নান পাঠিয়েছেন এই ইমেইলটি। তিনি লিখেছেন, আমি আপনাদের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। বর্তমানে শ্রবণমান খুবই চমৎকার।
নাসির মাহমুদ: শ্রবণমান জানিয়ে আরও যারা ইমেইল করেছেন তাদের কয়েকজনের নাম আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। তারা হলেন, মুর্শিদাবাদের মিতালি লিসনার্স ক্লাবের শিবেন্দু পাল, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর শাপলা শর্টওয়েভ রেডিও লিসনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল কুদ্দুস মাস্টার এবং ঢাকার মিরপুর-১, ভয়েস অব ডিএক্সিং থেকে ইঞ্জিনিয়ার মো. মঞ্জুরুল আলম রিপন।
আকতার জাহান: যারা কষ্ট করে অনুষ্ঠানে শুনে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।
আশরাফুর রহমান: এবারে আমি কয়েকজন শ্রোতা নাম উল্লেখ করতে চাই যারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে সংক্ষেপে মতামত জানিয়েছেন। সময়ের অভাবে তাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না বলে দুঃখিত।
বর্তমানে সৌদি আরব থেকে জাফুরুল ইসলাম জাফর, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার জেলার বশিরহাট থেকে আনারুল ইসলাম, মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়া থেকে এসএম জাকির হোসাইন এবং গড়বেতা থেকে মহম্মদ ঘোরী শাহ।
নাসির মাহমুদ: তো যারা চিঠি দিয়েছেন, মতামত জানিয়েছেন, শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন এবং এতক্ষণ ধৈর্য ধরে অনুষ্ঠানে শুনলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আশরাফুর রহমান: কথা হবে চিঠিপত্রের আগামী আসরে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।