জুন ৩০, ২০২০ ১১:৩৪ Asia/Dhaka

নাসির মাহমুদ: সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি যথারীতি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আকতার জাহান: প্রত্যেক আসরের মতো আজও আমরা প্রথমেই একটি হাদিস শোনাব। বিশ্বনবী (সা.) বলেছেন, ‘দয়া করো সেই সম্মানিতের ওপর যে লাঞ্ছিত হয়েছে; সেই ধনীর ওপর যে নিঃস্ব হয়েছে আর ওই জ্ঞানীর ওপর যে মূর্খদের কবলে পড়েছে।‘

আশরাফুর রহমান: চমৎকার একটি হাদিস শুনলাম। আমরা সবাই যেন এই হাদিসটি  নিজেদের জীবনে কাজে লাগাতে পারি- এ কামনায় চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের বগুড়া জেলার শেরপুরের প্রথম আলো বেতার শ্রোতা ক্লাব থেকে। আর লিখেছেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সম্পদ কুমার পোদ্দার বলরাম।

তিনি লিখেছেন, করোনাভাইরাইসের ক্রান্তিকালে আমরা অনাথ, গরিব-দুঃখী ও ছিন্নমূল মানুষের মাঝে চাল, ডাল, তেল, নুন, আটাসহ নগদ অর্থ বিতরণ করেছি। এতে করে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে। আশারাখি অন্যান্য শ্রোতাক্লাবও এমনটি করতে উৎসাহিত হবে।

নাসির মাহমুদ: করোনা ভাইরাসের এই অসময়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোয় আপনাদের ক্লাবের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

আসরের পরের চিঠিটি পাঠিয়েছেন এস,  এম,  ছবেদ  আলী। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের 'প্রত্যাশা বেতার শ্রোতা সংঘের সভাপতি। তিনি লিখেছেন- গত ১লা জুন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনলাম। খবর,  দৃষ্টিপাত,  কথাবার্তা, জীবনশৈলী ও প্রিয়জন অনুষ্ঠান বেশ ভালো লাগল। তবে প্রিয়জনে আরও বেশি চিঠি ও সাক্ষাৎকার আরেকটু বড় হলে ভালো হতো।

আকতার জাহান: ভাই এস এম ছবেদ আলী, প্রিয়জন অনুষ্ঠান এখন কেবল শ্রোতাদের চিঠি দিয়েই সাজানো হয়। আর সাক্ষাৎকারও প্রচার করা হয় বড় করে। আপনি নিশ্চয়ই ইতোমধ্যে তা লক্ষ্য করেছেন। চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ভট্টপুকুর, নিবেদিতা সংঘ থেকে এই ইমেইলটি পাঠিয়েছেন প্রদীপ চন্দ্র কুণ্ডু। তিনি লিখেছেন-

আশরাফুর রহমান: 'আমি রেডিও তেহরানের বাংলা ও ইংরেজি অনুষ্ঠান আশির দশক থেকে শুনে আসছি। একাধিকবার আমার সাক্ষাৎকারও প্রচার হয়েছে। যাই হোক, বর্তমানে আপনাদের বাংলা বিভাগের অনুষ্ঠানে একটা নতুন উদ্দীপনা লক্ষ্য করছি। প্রিয়জন নতুন আঙ্গিকে আকর্ষণীয় হয়েছে। সামাজিক মাধ্যমকে সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে। শর্টওয়েভ অনুষ্ঠান এখন বেশিরভাগ দিন ভালো শোনা যায়। আবার কোনো কোনোদিন শোনাই যায় না। এমনটা কেন হয়- প্রকৌশলী বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।' চিঠিতে তিনি একদিনের শ্রবণমান রিপোর্টও পাঠিয়েছে। 

নাসির মাহমুদ: ভাই প্রদীপ চন্দ্র কুণ্ডু, শ্রবণমান উন্নত করার বিষয়ে আমি কারিগরি বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করি নিয়মিত শ্রবণমান রিপোর্ট পাঠিয়ে আমাদের সহযোগিতা করবেন।

২০ জুন প্রচারিত অনুষ্ঠানের শ্রবণমানের প্রশংসা করে মেইল পাঠিয়েছেন টাঙ্গাইলের শ্রোতাবন্ধু আবু তাহের, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এস এম নাজিমুদ্দিন, রাজশাহীর সাইফুল ইসলাম থান্দার ও ছত্তিশগড় থেকে আনন্দ মোহন বাইন। তো, কষ্ট করে অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট পাঠানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ।

Image Caption

 

আকতার জাহান: অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সৌদি প্রবাসী এক বাংলাদেশি শ্রোতা জাফুরুল ইসলাম জাফরের সঙ্গে টেলিফোনে কথা বলব।

নাসির মাহমুদ: সাক্ষাৎকারের পর আমরা আবারো ফিরে এলাম চিঠিপত্রের দিকে। বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জগন্নাথদীর ইন্ডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাবের পরিচালক কামাল হোসাইন পাঠিয়েছেন এই ইমেইলটি। সালাম জানানোর পর তিনি লিখেছেন, রেডিও তেহরান আবার নতুন উদ্যমে শুরু হয়েছে। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আকতার জাহান: এ শ্রোতাভাই মনে হয় নতুন আঙ্গিকে শুরু হওয়া প্রিয়জন অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করেছেন!

নাসির মাহমুদ: আমারও তাই মনে হচ্ছে। যাইহোক, এই চিঠিতে কামাল হোসাইন ভাই লিখেছেন, মাসিক কুইজ চালুর ফলে শ্রোতাসংখ্যা বৃদ্ধি পাবে। তবে কুইজ- শ্রোতাসংখ্যা বৃদ্ধি করে না, ভালো মানের অনুষ্ঠানই শ্রোতাসংখ্যা বৃদ্ধি করে। যা আমরা রেডিও তেহরান থেকে পেয়ে যাচ্ছি। বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনের বেতার কেন্দ্র শ্রোতাবান্ধব হতে দূরে সরে যাচ্ছে, সেখানে রেডিও তেহরান শ্রোতাদের আকৃষ্ট করছে। নিশ্চয়ই শ্রোতাবন্ধুরা এর মূল্যায়ন করবেন।

আশরাফুর রহমান: ভাই কামাল হোসাইন, ভালো মানের অনুষ্ঠান উপহার দেওয়ার পাশাপাশি আমরা শ্রোতাদের সঙ্গে সম্পর্কও বৃদ্ধির চেষ্টা করছি। আশা করি শ্রোতাবন্ধুরা আমাদের সাথেই থাকবেন।

এবারে ১৮ জুন প্রচারিত রংধনু আসর সম্পর্কে মতামত ফেসবুকে কয়েকজন শ্রোতার মতামত তুলে ধরছি।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর শ্রোতা আবদুল কুদ্দুছ মাস্টার লিখেছেন, রংধনু শিশু-কিশোরদের হলেও আমার কাছেও এটা একটা শিক্ষণীয় ও মজার অনুষ্ঠান।

আকতার জাহান: এ সম্পর্কে টাঙ্গাইলের শ্রোতা আবু তাহেরের মন্তব্যটি আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, রংধনু আসরে শিক্ষণীয় মজার মজার গল্প প্রচার খুব ভালো লাগছে। ধন্যবাদ আশরাফুর রহমান ভাইকে সমৃদ্ধ ও তথ্যভিত্তিক অনুষ্ঠান উপহার দেবার জন্য।

নাসির মাহমুদ: রংধনু আসর সম্পর্কে কুষ্টিয়া খাদিমপুর বাজারের শ্রোতাবন্ধু এবং বাংলাদেশ ডি-এক্স ক্লাব ইন্টারন্যাশনালের মহাপরিচালক মোঃ মোখলেছুর রহমান লিখেছেন,

রংধনু শিশুদের জন্য কিন্তু শিশুরা শোনে না! শোনে শিশুদের বাবারা....  বাবারা শুনলেই চলবে। কারণ প্রত্যেকটি শিশুর বাবা যদি রংধনুর অনুষ্ঠান শুনে তাদের ছেলে মেয়েদের নীতি আদর্শ শিক্ষা দেন, তাহলে অনুষ্ঠানটি প্রচার স্বার্থক হবে।

আশরাফুর রহমান: রংধনু আসর আপনাদের ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। মন্তব্য করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, আজকের আসরে আর কোনো চিঠি পড়া সম্ভব হবে না। তবে অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করছি।

  • উৎস ডিএক্স কর্ণারের প্রেসিডেন্ট এইচ, এম, তারেক লিখেছেন নারায়ণগঞ্জের আলী সাহারদি থেকে
  • এম শামসুল ইসলাম লিখেছেন আটমুল আউড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, শিবগঞ্জ, বগুড়া থেকে

আকতার জাহান:

  • গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় মধুমতি বেতার শ্রোতা সংঘ থেকে লিখেছেন বি,এম, কৌশিক আহমেদ (সুজন)
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়ার ‘ভি আর এল ক্লাব’ থেকে   এস এম জাকির হোসেন

নাসির মাহমুদ:

  • মোঃ হোসাইন মুসা লিখেছেন নরসিংদী জেলার ‘বানিয়াছল বেতার বন্ধু সংসদ' থেকে।
  • কিশোরগঞ্জের পাকুন্দিয়ার লাভ লেটার ক্লাব থেকে গোলাপ আমিন
  • এবং নরসিংদীর বেলাব থানার ভাবলা গ্রাম থেকে  মোঃ আকতার হোসেন বাহাদুর

আশরাফুর রহমান: তো চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অনুষ্ঠানে ও ওয়েবসাইট সম্পর্কে মতামত জানিয়ে আবারো চিঠি লিখবেন।

আকতার জাহান: তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে গুটিয়ে নিচ্ছি প্রিয়জনের আজকের আসর।

নাসির মাহমুদ: কথা হবে আবারো আগামী আসরে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।