জুলাই ০২, ২০২০ ১০:১৭ Asia/Dhaka

প্রিয় শ্রোতা ভাই-বোনেরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। প্রত্যেক আসরের মতো আজও আপনাদের সঙ্গে আছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি মূল্যবান হাদিস শোনাতে চাই। বিশ্বনবী (সা.) বলেছেন, ‘জ্ঞানীদের কাছে প্রশ্ন করো, প্রজ্ঞাবানদের সাথে সংলাপ করো আর দরিদ্রদের সাথে ওঠাবসা করো।’

আকতার জাহান: সত্যিই অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। আমরা সবাই যেন হাদিসটির আলোকে নিজেদেরকে গড়ে তুলতে পারি- এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি লিখেছেন শরিফা আক্তার পান্না। এ শ্রোতাবোনের ঠিকানা হচ্ছে- খড়ম পট্টি, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

তিনি লিখেছেন, রেডিও তেহরান নতুন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার শুরু করেছে। এটি আমাদের খুব ভালো লাগছে।  

নাসির মাহমুদ: এ শ্রোতাবোন একটি নতুন অনুষ্ঠান চালুর প্রস্তাব দিতে গিয়ে লিখেছেন, রেডিও তেহরান থেকে মহিলাদের জন্যে আলাদা কোনো অনুষ্ঠান প্রচার করা হয় না। আমার মনে হয়, শুধুমাত্র মহিলাদের জন্যে বিশেষ একটি অনুষ্ঠান প্রচার করা হলে মহিলা শ্রোতারা আরো আগ্রহ সহকারে আপনাদের অনুষ্ঠান শুনবে। এই যেমন- রান্না বা ফ্যাশন বিষয়ক কোনো অনুষ্ঠান। বিশেষত ইরানি ও বাংলাদেশি রান্না নিয়ে দারুণ একটি অনুষ্ঠান হতে পারে। আশা করি, আমার প্রস্তাবটি বিবেচনা করে দেখবেন।

আশরাফুর রহমান: বোন শরিফা আক্তার পান্না, রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো নারী-পুরুষ সবার জন্য। তারপরও আপনি যে প্রস্তাব দিয়েছেন তা আমাদের বিবেচনায় থাকল। চিঠি লিখার জন্য আপনাকে ধন্যবাদ।

আসরের পরের চিঠিটি পাঠিয়েছেন নারায়ণগঞ্জের আলী সাহারদির উৎস ডিএক্স কর্ণারের প্রেসিডেন্ট এইচ, এম, তারেক। তিনি লিখেছেন, আমি নিয়মিত রেডিও তেহরারের ওয়েবসাইট দেখে থাকি। আপনাদের ওয়েবসাইট খুবই আপডেটেড ও নানা তথ্যে ভরপুর। জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়াবে- সংবাদটি শুনে ভীষণ ভালো লাগল। একজন নিরাপরাধ লোককে হত্যার জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে।

আকতার জাহান: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি এম. জামাল আহমেদ সুবর্ণ পাঠিয়েছেন এই ইমেইলটি। তিনি বর্তমানে ঢাকার গুলশানে অবস্থান করছেন। এ শ্রোতাবন্ধু লিখেছেন, বর্তমানে বেতারের আন্তর্জাতিক সম্প্রচার বিলুপ্ত হওয়ার পথে। পৃথিবীর বিখ্যাত ও জনপ্রিয় সব বেতার কেন্দ্র- প্রচলিত বেতার সম্প্রচার বাদ দিয়ে বা সীমিত করে ইন্টারনেটভিত্তিক সম্প্রচার শুরু করেছে। ফলে অনেক ডিএক্সার এখন শুধু শ্রোতায় পরিণত হয়েছেন। অথবা রেডিও শোনা বাদ দিয়েছেন।

আশরাফুর রহমান: এ শ্রোতাবন্ধু আরও লিখেছেন, এরকম হতাশার সময়ে রেডিও তেহরানও অনলাইন বেতার সম্প্রচারের পাশাপাশি শ্রোতাদের পছন্দের প্রচলিত সম্প্রচার কার্যক্রম অব্যাহত রাখা ও উন্নয়নে মনোযোগ দিয়েছে। ফলে রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ডিএক্সারগণ নব উদ্যোমে বেতার কার্যক্রমে অংশ নিচ্ছেন। এটি নিঃসন্দেহে বেতার বন্ধুদের জন্যে সুখবর। আশা করি রেডিও তেহরান শ্রোতাদেরকে সঠিক মূল্যায়ন করবে এবং শ্রোতাদেরকে তার অনুষ্ঠানে মনোনিবেশ করার জন্য সকল ভূমিকা পালন করবে।

নাসির মাহমুদ: জামাল আহমেদ সুবর্ণ, রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন ও প্রত্যাশার কথা জেনে ভালো লাগলে। আশা করি আবারো লিখবেন।

এবারের চিঠিটি লিখেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মিতালী লিসেনার্স ক্লাব থেকে শিবেন্দু পাল। তেহরানের সকল কলাকুশলী এবং শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখা শুরু করেছেন তিনি।

আকতার জাহান: শ্রোতাবন্ধু শিবেন্দু পাল লিখেছেন, নতুন আঙ্গিকের প্রিয়জন অনুষ্ঠান রেডিও তেহরানের শ্রোতাদের মনে জাগরণ সৃষ্টি করেছে। নিয়মিত শ্রোতাদের সাক্ষাৎকার, চিঠি পাঠ, প্রশ্নোত্তর, প্রাপ্তিস্বীকারসব বেশ সুন্দর একটা পরিবেশনা লক্ষ্য করছি যা ভীষণ ভালো লাগছে। সেই সঙ্গে প্রিয়জন অনুষ্ঠানে সাক্ষাৎকারদাতা শ্রোতাদের ছবিসহ সাক্ষাৎকার অংশের রেকর্ডিং ওয়েবসাইটে সংযোজন আলাদা মাত্রা এনেছে। এই ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ রইল। 

আশরাফুর রহমান: চিঠির একাংশে তিনি ৯ হাজার ৮১০ কিলোহার্টসে সান্ধ্য অনুষ্ঠানের শ্রবণমান যেন ধারাবাহিকভাবে ভালো থাকে সে ব্যাপারে কারিগরি বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।  

আরও যারা অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছে আমি তাদের কয়েকজনের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি। রতন কুমার পাল লিখেছেন- দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। অসমের জোরহাট রেডিও অ্যান্ড হবি ফাউন্ডেশন থেকে পৃথ্বিরাজ পুরকায়স্থ

নাসির মাহমুদ: বাংলাদেশ থেকে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জগন্নাথদীর ইন্ডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাবের পরিচালক কামাল হোসাইন, সিরাজগঞ্জ থেকে ফিরোজ আলম এবং বগুড়া শহর থেকে সাইফুল ইসলাম

সাক্ষাৎকারদাতা মাসুদার রহমান 

আকতার জাহান: আসরের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব ভারতের এক শ্রোতাবন্ধু মাসুদার রহমানের সঙ্গে।   

আশরাফুর রহমান: তো ভাই মাসুদার রহমান, প্রিয়জনের আসরে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

নাসির মাহমুদ: সাক্ষাৎকারের পর এবার রেডিও তেহরানের ফেসবুক পেইজে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেনের একটি মতামত তুলে ধরছি।

তিনি লিখেছেন, রেডিও তেহরানের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপনে বাংলাদেশের দৈনিক মানব জমিন পত্রিকার সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরীর মতামত প্রচার করা হয়েছে। তিনি খুব সুন্দরভাবে লাদাখ নিয়ে কথা বলেছেন। তাঁর মতামত শুনে আশ্বস্ত হলাম যে, দুটি দেশই যুদ্ধ চায় না, যুদ্ধে জড়াবে না। কারণ চীন-ভারত যুদ্ধ হলে বাংলাদেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই, জনাব মতিউর রহমান চৌধুরীর আশাবাদ যেন সত্য হয়, সে কামনাই করি।

আকতার জাহান: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার 'ঈশাখাঁ জাগরনী লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম. এইচ. মামুন রশীদ লিখেছেন এই চিঠিটি। তিনি লিখেছেন, "পৃথিবীর এই কঠিন দুর্যোগকালীন সময়ে আমার প্রিয় মানুষগুলো কেমন আছেন, বড্ড জানতে ইচ্ছে করছে। 

আপনারা কি জানেন...আমরা শ্রোতারা কতটা ভালোবাসি...কতটা আপন ভাবি আপনাদের.....? আপনাদেরকে নিজেদের পরিবারের একটা অংশ হিসাবে বিশ্বাস করি। শুধু হয়ে উঠছে না যোগাযোগ,  মনের গভীরে আপনাদের প্রতিচ্ছবি, কণ্ঠস্বরের দোলাচল চলতেই থাকে। ভালো থাকুন আমার প্রিয় মানুষগুলো, মহান সৃষ্টিকর্তার কাছে এই ফরিয়াদ। 

আশরাফুর রহমান: আপনিসহ আমাদের শ্রোতাবন্ধুরাও ভালো থাকুন মহান আল্লাহর কাছে এটাই প্রত্যাশা। আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে আরও যারা চিঠি দিয়েছেন তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  • রাজশাহীর দুর্গাপুর থানার পুরান তাহিরপুর তেকে মো. সাইফুল ইসলাম থান্দার
  • চাঁপাই নবাবগঞ্জ জেলার জয়নালপুর মধুমালা রেডিও ক্লাব থেকে মোঃ শাহাদাত হোসেন
  • মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গন্তব্য শ্রোতা সংঘ থেকে ফারিয়া খানম মুমু

নাসির মাহমুদ:

  • অমণি আহমেদ লিখেছেন নারায়ণগঞ্জের আলী সাহারদির উৎকৃষ্ট শ্রোতা সংঘ থেকে
  • নরসিংদী জেলার বেলাব থানার ভাবলা থেকে মোঃ আকতার হোসেন বাহাদুর
  • ফয়সাল আহমেদ সিপন লিখেছেন 'মধুমতি বেতার শ্রোতা সংঘ', ঘোড়াদাইড়, গোপালগঞ্জ থেকে।
  • ঢাকা সেনানিবাসের ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব থেকে লিখেছেন সোহেল রানা হৃদয়।

আকতার জাহান: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গোপালনগর কালিবাড়ি থেকে লিখেছেন সোমনাথ দাও।

আশরাফুর রহমান: তো, মতামত জানিয়ে চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

নাসির মাহমুদ: শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের সময় শেষ হয়ে এসেছে। আপনারা ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন এ প্রত্যাশায় গুটিয়ে নিচ্ছি প্রিয়জনের আজকের আসর।

আকতার জাহান: কথা হবে আবারো আগামী আসরে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।