কথাবার্তা: স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রভাবশালী সিন্ডিকেটের কথা স্বীকার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশে করোনায় একদিনে আরও ৩৩ জন মারা গেছেন-দৈনিক যুগান্তর
- করোনার নমুনা পরীক্ষা আরও বাড়ানোর আহ্বান সেতুমন্ত্রীর-বাংলাদেশ প্রতিদিন
- সুখবর, আগস্টেই বাজারে মিলবে প্রথম করোনার ভ্যাকসিন!-কালের কণ্ঠ
- করোনার বিরুদ্ধে মানুষের প্রতিরোধ ক্ষমতা বেশিদিন টিকে না: গবেষণা-দৈনিক ইত্তেফাক
- ডা.সাবরিনা দোষ চাপাচ্ছেন স্বামীর ওপর -দৈনিক সমকাল
- করোনা পরীক্ষা জালিয়াতি মামলায় সাবরিনাকে ডিবিতে হস্তান্তর-দৈনিক প্রথম আলো
- ভোটারশূন্য বগুড়ার উপনির্বাচন, জাল ভোটের অভিযোগ-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ভারতে করোনা আক্রান্ত ৯ লাখ ছাড়াল-আনন্দবাজার পত্রিকা
- ‘বিজেপি বিধায়কের মৃত্যুর তদন্তে কোনও রাজনৈতিক প্রভাব নয়’, আশ্বাস স্বরাষ্ট্রসচিবের-সংবাদ প্রতিদিন
- সংখ্যা জোটেটি ব্যকফুটে পাইলট, চাপে গেহলটও-আজকাল
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ভোটারশূন্য বগুড়ার উপনির্বাচন, জাল ভোটের অভিযোগ। প্রশ্ন হচ্ছে- এই জালভোটের কী প্রয়োজন?
২. ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে রাশিয়া বলেছে, আমেরিকা মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করছে অথচ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায়। বিষয়টিতে আপনি কী বলবেন?
বিশ্ব করোনার আপডেট খবর: ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ লাখ ৭৬ হাজার ২৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৫৪৮ জন। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬০ হাজার।
দৈনিক যুগান্তরসহ বেশ কযেকটি দৈনিকে পরিবেশিত বাংলাদেশের করোনা আপডেট খবর। একদিনে আরও ৩৩ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৬৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন এবং মোট সুস্থ ১ লাখ ৩ হাজার ২২৭ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৬৩জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫১ শতাংশ।
করোনার বিরুদ্ধে মানুষের প্রতিরোধ ক্ষমতা বেশিদিন টিকে না: গবেষণা-দৈনিক ইত্তেফাক যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে,
করোনায় আক্রান্ত থেকে সুস্থ হওয়ার পর একজন মানুষের দেহে তৈরি হওয়া অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা মাত্র কয়েক মাস স্থায়ী হয় । লন্ডনের কিংস কলেজের তত্ত্বাবধানে পরিচালিত এক গবেষণায় এমনটি বলা হয়েছে।
গবেষণাটিতে বলা হয়, সংক্রমিত হওয়ার পর শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি মাত্র দুই থেকে তিন মাস স্থায়ী হয়। ফলে করোনার বিরুদ্ধে লড়াইয়ের মূল অস্ত্রটি যদি হয় অ্যান্টিবডি তাহলে ঋতু পরিবর্তনের সময়কার সর্দি-কাশির মতো মানুষ একাধিকবার ভাইরাসটিতে সংক্রমিত হতে পারে। সেক্ষেত্রে টিকাও হয়তো বেশিদিন সুরক্ষা দিতে পারবে না। তবে গবেষকরা বলছেন, আক্রান্ত ব্যক্তিরা যদি দ্বিতীয় বা তৃতীয়বার ভাইরাসের সংস্পর্শে আসে, তবে কী হয় তা দেখার জন্য আরও গবেষণার প্রয়োজন।
গবেষণাটির সমীক্ষায় অংশ নেওয়া ৯০ জনের সবার মধ্যে শনাক্তকরণযোগ্য অ্যান্টিবডি ছিল। ওই গবেষণায় বলা হয়েছে, উপসর্গ দেখা দেওয়ার পর ভাইরাসের সঙ্গে লড়াই চূড়ান্ত পর্যায়ে থাকার সময় ৬০ শতাংশ মানুষের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়। তবে সুস্থ হওয়ার তিন মাস পর মানুষের দেহে সেই অ্যান্টিবডি থাকে মাত্র ১৭ শতাংশ নেমে যায়। বেশিরভাগের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্টিবডির মাত্রা ২৩ গুণ পর্যন্ত কমে যায়।
এ নিয়ে গবেষক দলের প্রধান ড. কেটি ডোরস বলেন, যদি সংক্রমিত হওয়ার পর শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি মাত্র দুই থেকে তিন মাস স্থায়ী হয় এবং তারপর হ্রাস পায় তবে টিকা দেওয়া হলেও সম্ভবত একই অবস্থা হবে। তাই হয়তো মানুষকে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর এক ডোজ টিকা নেওয়াই হয়তো যথেষ্ট হবে না। গার্ডিয়ান, সায়ন্সফোকাস।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেটের মেম্বার যে প্রভাবশালীরা-দৈনিক মানবজমিন
করোনা টেস্ট কেলেঙ্কারির পর নতুন করে আলোচনায় এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রভাবশালী সিন্ডিকেট। যাদের নিয়ে কথা হয়েছে অনেক, কিন্তু ব্যবস্থা নেয়া হয়েছে সামান্যই। বছরের পর বছর ধরে তারাই সব কিছুর নিয়ন্ত্রণকর্তা। আর্থিক দুর্নীতি ছাড়াও রাজনৈতিক আর অন্যান্য প্রভাবও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। রিজেন্ট হাসপাতালের শাহেদ এবং জেকেজির সাবরিনা আরিফ ও আরিফুল হক চৌধুরী যে পথে কাজ ভাগিয়ে নেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকও সিন্ডিকেটের কথা কবুল করেছেন। তিনি বলেছেন, একটি শক্ত সিন্ডিকেট আছে, যার সঙ্গে মন্ত্রণালয় ও অধিদপ্তরের লোকজনও জড়িত৷ জার্মান ভিত্তিক ডয়চে ভেলে এর এক রিপোর্টে মন্ত্রীর এই বক্তব্য প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের মে মাসে পাঠানো এক নথিতে দেখা যায়, গত ১৫ বছরেরও বেশি সময় ধরে মিঠু নামে একজন এই সিন্ডিকেটের মূল নেতৃত্বে৷ মিঠু এখন দেশের বাইরে৷ তবে তার নিয়ন্ত্রণেই এখনো সিন্ডিকেট চলে৷ ওই নথিতে সিন্ডিকেটের অংশ হিসেবে একজন সাবেক মন্ত্রী, একজন বর্তমান মন্ত্রী, তার পিএস ও তার ছেলের নামও রয়েছে৷ নাম রয়েছে একজন অতিরিক্ত সচিবেরও৷ বর্তমান মন্ত্রী, তার পিএস এবং মন্ত্রীর ছেলে এই সময়ে নানা অর্ডার ও কেনাকাটায় প্রভাব খাটাচ্ছেন বলে নথিতে বলা হয়েছে৷ ওদিকে, বর্তমানে করোনা টেস্ট কেলেঙ্কারিতে নতুন করে দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবের বিষয়টি আলোচনায় এসেছে। মো. শাহেদ ওরফে শাহেদ করিম আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য বলে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের কোন কোন নেতা অবশ্য দাবি করেছেন তিনি এই পদে ছিলেন না। যদিও টকশোতে শাহেদ করিম সরকারের পক্ষে সরব ছিলেন। আওয়ামী লীগের প্রায় সব প্রভাবশালী নেতার সঙ্গেই তার ছবি রয়েছে । রিজেন্টের সঙ্গে চুক্তি নিয়ে অবশ্য এখন মন্ত্রণালয় ও অধিদপ্তর অনেকটা মুখোমুখি। অধিদপ্তর বিবৃতি দিয়ে এজন্য উর্ধ্বতন কতৃপক্ষকে দায়ী করেছে। অন্যদিকে, এর ব্যাখ্যা চেয়ে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে শোকজ করেছে মন্ত্রণালয়।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, সাহেব-সাবরিনা; নড়েচড়ে বসেছে কী দুদক।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, অশোক গহলৌতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় দলের কড়া শাস্তির মুখে পড়লেন সচিন পাইলট। তাঁকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। পাইলটের পাশাপাশি তাঁর অনুগামী ৩ মন্ত্রীকেও পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সূত্রের দাবি, লাগাতার পাইলটকে বুঝিয়ে দলে ফেরানোর চেষ্টা করা হলেও তিনি কোনও প্রস্তাবে সাড়া দেননি। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের মতো নেতাদের কথাতেও আমল দেননি তিনি।
ভারতে করোনার আপডেট খবর: এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত ৯ লাখ ছাড়াল। ২৪ ঘন্টা সংক্রমিত ২৮৪৯৮ জন। এসময় মৃত্যু ৫৬৩ জনের। মোট মারা গেছেন ২৩ হাজার ৭২৩ জন। আক্রান্ত মৃত্যু ধারাবাহিকভাবে বেড়ে চলায় সবমহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দৈনিক আনন্দবাজার পত্রিকাসহ বেশ কয়েকটি দৈনিকে এসব খবর পরিবেশিত হয়েছে। এদিকে প্রায় সব দৈনিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা সম্পর্কিত সতর্কবার্তায় বলা হয়েছে, করোনাভাইরাসের বিষয়ে অনেক দেশই ভুল পথে হাঁটছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে এই মহামারি আরও ভয়াবহ আকার ধারণ করছে। হু প্রধান প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বিশ্বের সব দেশের উদ্দেশে বলেন , স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যদি কঠোর পদক্ষেপ না গ্রহণ করা হয়, তা হলে আরও ভয়াবহ সঙ্কটের মুখে পড়তে হবে গোটা বিশ্বকে।
শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪