প্রিয়জন: 'রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা শুরু করতেই ক্লান্তি চলে গেল'
প্রিয় শ্রোতা ভাই-বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও আমি একটি হাদিস শুনিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। আহলে বাইতের অষ্টম ইমাম হযরত আলী ইবনে মূসা রেজা (আ.) বলেছেন, "প্রত্যেক মানুষের বন্ধু ও সঙ্গী হচ্ছে তার বিবেক-বুদ্ধি আর শত্রু হচ্ছে তার অজ্ঞতা।"
আকতার জাহান: আমরা সবাই বিবেক-বুদ্ধিকে কাজে লাগানোর পাশাপাশি অজ্ঞতা দূর করার চেষ্টা করব- এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জ শহরের খড়ম পট্টি থেকে। আর লিখেছেন শরিফা আক্তার পান্না। তিনি এ চিঠিতে তার একদিনের অনুষ্ঠান শোনার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। লিখেছেন-
নাসির মাহমুদ: গত ২৬ জুন শুক্রবার ছিল প্রিয়জন প্রচারের তারিখ। আর আমি পারিবারিক একটি কাজে পরিবারের সবাই মিলে ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবায় গিয়েছিলাম। ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। আমরা যখন ভৈরব সেতু পার হচ্ছি, তখন রেডিও তেহরানের অনুষ্ঠান শুরু হয়। প্রিয়জন আমরা কেউ মিস করতে চাইনি। তাই মোবাইলে, ইন্টারনেটে শুনলাম। মাইক্রোবাসে বসে পরিবারের সবাই মিলে অনুষ্ঠান শোনার মজাই আলাদা। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম। রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা শুরু করতেই ক্লান্তি চলে গেল। অনুষ্ঠান শুনতে শুনতে কিশোরগঞ্জ শহরের কাছে চলে এলাম। দারুণ ভালো কেটেছে একটি ঘণ্টা। ধন্যবাদ রেডিও তেহরানকে।
আশরাফুর রহমান: রেডিও তেহরানের অনুষ্ঠান আপনাদের ভ্রমণজনিত ক্লান্তি দূর করেছে জেনে খুব ভালো লাগছে। আমাদের অনুষ্ঠান আপনাদের নিত্য দিনের সঙ্গী হোক এ কামনা করি।
আসরের পরের চিঠিটি এসেছে বগুড়ার চাঁদনি বাজার থেকে। আর লিখেছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক সাইফুল ইসলাম। তিনি লিখেছেন, ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান বরাবরই আমার বেশ প্রিয়। গত ২০ জুন 'ইরান ভ্রমণ' অনুষ্ঠান বেশ মনোযোগ সহকারে শুনলাম। এতে কাশানের ঐতিহ্যবাহী স্থাপনা ও বাগিচা সমৃদ্ধ শহর 'খনসর' সম্বন্ধে বিস্তারিত জানলাম।
আকতার জাহান: ২২ জুন তারিখে প্রচারিত প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে এ শ্রোতাবন্ধু আরেকটি ইমেইল পাঠিয়েছেন। লিখেছেন, প্রিয়জন অনুষ্ঠানে কয়েকজন নিয়মিত শ্রোতার চিঠির জবাবের পাশাপাশি চুয়াডাঙ্গার আবদুল্লাহ ভাইয়ের একটি চমৎকার সাক্ষাৎকার শুনলাম। পুরো আসরটি দারুণ উপভোগ্য। চিঠির একাংশে তিনি একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন ইরানে কি জাম এবং তাল পাওয়া যায়?
নাসির মাহমুদ: না ভাই, ইরানে জাম কিংবা তাল পাওয়া যায় না। আমরা নিজেরাও এই ফল দুটো মিস করি। তো চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
নারায়ণগঞ্জের বন্দর থানার আলী সাহারদীর উৎস ডিএক্স কর্ণার থেকে এই চিঠিটি পাঠিয়েছেন এইচ, এম, তারেক। লিখেছেন- সপ্তাহের প্রতি সোম ও শুক্রবার আমার ভীষণ প্রিয়। কারণ ওই দুইদিন আমার প্রিয়- প্রিয়জন অনুষ্ঠান প্রচারিত হয়।
আশরাফুর রহমান: এরপর তারেক ভাই লিখেছেন, গত ২৩ জুন ঐতিহাসিক পলাশী ট্রাজেডি দিবস উপলক্ষে প্রচারিত ‘পলাশীর বিপর্যয় এর জন্য মূলত ব্রিটেনই দায়ী ছিল’ শীর্ষক-পরিবেশনাটি শুনে অনেক অজানা তথ্য জানলাম।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে জাকির হোসেন লিখেছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন- আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি। ঢাকা ও কলকাতা থেকে সংবাদদাতার পাঠানো রিপোর্ট শুনতে ভালোই লাগছে। আপনাদের অনুষ্ঠান অনলাইনে আসার পর থেকে আমার খুব ভালো হয়েছে। কারণ যেখানেই থাকি না কেন অনুষ্ঠান শুনতে কোনো অসুবিধা হয় না। সবশেষে এ শ্রোতাভাই তার মোবাইল নম্বর পাঠিয়ে আমাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন।
আকতার জাহান: ভাই জাকির হোসেন, আপনার মোবাইল নম্বর আমরা যত্ন করে রেখে দিয়েছি। সময়মতো ফোন করে কথা বলব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশের কিশোরগঞ্জের শ্রোতাবন্ধু মোঃ শাহাদত হোসেনর সঙ্গে।

আশরাফুর রহমান: বাংলাদেশের যশোর জেলার শার্শা থানার নাভারন রেল বাজার থেকে মো. নূর আলম পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আপনাদের রিসিপশন রিপোর্টের মেইলটি পেয়েছি। আমিও রিসিপশন রিপোর্ট পাঠাতে চাই। জানতে চাচ্ছি- কয়দিনের রিপোর্ট একসাথে পাঠানো যাবে?
আকতার জাহান: তিন দিনের রিসেপশন রিপোর্ট পাঠালেই আমরা ই-কিউএসএল পাঠাই। সেটা একসাথেও পাঠাতে পারেন আবার আলাদাভাবেও পাঠানো যায়।
নাসির মাহমুদ: এ শ্রোতাভাইয়ের চিঠি কিন্তু এখনও শেষ হয়নি। তিনি লিখেছেন- রেডিও তেহরানের কাছে আমাদের একটি দাবি আছে আর তা হলো ফেসবুক লাইভে আপনাদের সরাসরি দেখতে চাই।
আশরাফুর রহমান: এ দাবিটি অবশ্য আমাদের অসংখ্য শ্রোতাবন্ধুর। এ নিয়ে আমরা কাজও করে যাচ্ছি। সবকিছু ঠিকমতো এগোলে অচিরেই আপনাদের সঙ্গে দেখা হবে ফেসবুক লাইভে।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর থেকে মো. সাইফুল ইসলাম থান্দার পাঠিয়েছেন পরের মেইলটি। এ চিঠিতে তিনি একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন- খেজুর উৎপাদনে বিশ্বে ইরানের স্থান কত নম্বরে? আর খেজুর ছাড়া ইরানের প্রধান প্রধান কৃষি পণ্যগুলো কী কী?
আকতার জাহান: ইরানে কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি পণ্য হলো খেজুর। বিশ্ব খাদ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী- খেজুর উৎপাদনের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ইরান। ইরানের উল্লেখযোগ্য কৃষিপণ্যগুলো হলো- ধান, গম, চিনি, চা, জাফরান, ক্যাভিয়ার, মধু, কিশমিশ, আঙুর, পেস্তা বাদাম, আখরোট প্রভৃতি।
নাসির মাহমুদ: আসরের পরের চিঠিটি এসেছে, নারায়ণগঞ্জের আলী সাহারদির ‘শিক্ষার্থী শ্রোতা পরিষদ’ থেকে। আর লিখেছেন ক্লাবের প্রেসিডেন্ট ‘সাঈফ আহমেদ উৎস’। তিনি লিখেছেন, জীবনশৈলীর ৩৪তম পর্বে ‘ওয়াদা ও প্রতিশ্রুতি পালন’ বিষয়ক পরিবেশনা শুনে অনেক উপকৃত হলাম। আমার মতে, জীবনশৈলী, আদর্শ জীবনযাপন- এগুলো বই আকারে প্রকাশ করে শ্রোতাদের মাঝে বিতরণ করলে সবাই উপকৃত হবে।
আশরাফুর রহমান: আসরের এ পর্যায়ে আমাদের কাছে লেখা কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তিস্বীকার করছি।
- টাঙ্গাইলের আকন্দের বাইদ থেকে মোবারক হোসেন ফনি
- ইফতেখার লিখেছেন কক্সবাজার থেকে
- শাওন হোসাইন লিখেছেন রাজবাড়ি জেলার খোশবাড়ি গ্রাম থেকে
- ফরিদপুরের আলফাডাঙ্গার হেলেঞ্চা পশ্চিমপাড়া থেকে মো. লাল মিয়া
আকতার জাহান: আমাদের অনুষ্ঠান শুনে রিসেপশন রিপোর্ট পাঠিয়েছেন এমন কয়েকজন শ্রোতার নাম-ঠিকানা আমি জানিয়ে দিচ্ছি।
- সিরাজগঞ্জ থেকে ফিরোজ আলম
- আবু তাহের টাঙ্গাইল থেকে
- আবদুল কুদদ্দুস মাস্টার কুড়িগ্রাম থেকে এবং
- মুর্শিদাবাদ থেকে মুহাম্মদ নাজিমউদ্দিন
নাসির মাহমুদ: তো যারা অনুষ্ঠানে শুনে চিঠি ও শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আশরাফুর রহমান: কথা হবে প্রিয়জনের আগামী আসরে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।