জুলাই ১৯, ২০২০ ১৫:২১ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৯ জুলাই রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:

বাংলাদেশের শিরোনাম:

  • করোনা আতঙ্ক নয়, আরো সতর্ক হোন-চিকিৎসক পরামর্শ- দৈনিক সমকাল
  • পরীক্ষার জন্য চীনের টিকা প্রয়োগ হবে বাংলাদেশের ২১০০ জনের ওপর-দৈনিক প্রথম আলো
  • ৯ আগস্ট থেকে একাদশে ভর্তি শুরু-দৈনিক বাংলাদেশ প্রতিদিনের
  • ডা. সাবরিনার তালাকনামা সাজানো, রিমান্ডে স্বামীকে বাঁচানোর চেষ্টা- দৈনিক জনকণ্ঠ
  • বৈশ্বিক সঙ্কটেও বিএনপি নেতারা দেশবিরোধী অপপ্রাচারে লিপ্ত-ওবায়দুল কাদের- দৈনিক ইনকিলাব
  • স্বাস্থ্যের ডিজিসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করবে দুদ- দৈনিক ইত্তেফাক
  • র‍্যাবের হটলাইনে সাহেদের বিরুদ্ধে একদিনে ৯২ অভিযোগ- দৈনিক মানবজমিন
  • সাবরিনা ও আরিফের ঘনিষ্ঠরা গোয়েন্দা নজরদারিতে- দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • ভারতে করোনার গোষ্ঠীসংক্রমণ চলছে আই এম এ- আনন্দবাজার পত্রিকা
  • মিথ্যাকে প্রতিষ্ঠানে পরিণত করেছে বিজেপি, দ্রুত এর মূল্য চোকাবে দেশ-রাহুলের হুঁশিয়ারি-দৈনিক আজকাল\
  • লাগামহীন করোনা, একদিনে প্রায় ৩৯ হাজার আক্রান্ত- দৈনিক সংবাদ প্রতিদিন

 

  • প্রিয় পাঠক/শ্রোতা‍! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
  • করোনা বিশ্ব এবং বাংলাদেশে করোনা নিয়ে রিজেন্ট ও জেকেজি কাণ্ডের আপডেট খবর।
বিশ্ব করোনা পরিস্থিতি

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে ১ কোটি ৪৪ লাখ ২৯ হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ৪ হাজার ৯৬৩ জন। আর সুস্থ্ হয়েছেন ৮৬ লাখ ২০ হাজার ৯৫৪ জন।

বাংলাদেশে করোনার আপডেট খবরে লেখা হয়েছে, একদিনে নতুন করে ৩৭ জন মারা গেছেন। এসময়ে আক্রান্ত হয়েছেন ২,৪৫৯ জন।

ভারতের দৈনিক সংবাদ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে,২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯০২ জন। মৃত্যু ৫৪৩। মোট মৃত্যু-২৬,৮১৬, মোট আক্রান্ত-১০,৭৭,৬১৮। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬,৭৭,৪২২ জন।

করোনা সম্পর্কে ইত্তেফাক, যুগান্তরসহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে আবার করোনায় একদিনে বিশ্বরেকর্ড। একদিনে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার। তবে বিশ্বে করোনায় মৃত্যু আক্রান্ত নিয়ে যেসব পরিসংখ্যান দেয়া হচ্ছে তা সম্পূর্ণ নয় বলে বিভিন্ন সংস্থার বরাত দিয়ে বিশ্ব মিডিয়ায় খবর এসেছে। এ সংখ্যা আরো বেশি বলে দাবি করা হয়েছে।

করোনা ভ্যাকসিন খুব শিগগিরি!

করোনায় আগামী বিশ্ব কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে নানা গবেষণা ও শঙ্কার খবর আসছে। বদলে যেতে পারে বিশ্ব পরিস্থিতি বলেও অনেক গবেষক মন্তব্য করেছেন। এদিকে, করোনা টিকার দিকে তাকিয়ে আছে বিশ্ব। টিকা আবিষ্কারের দিক দিকে সবচেয়ে এগিয়ে আছে অক্সফোর্ড বলে আজও বিভিন্ন দৈনিকে খবর এসেছে। সেসব খবরে বলা হয়েছে আগামী সেপ্টেম্বরে করোনার টিকা আসছে! আইরিশ বিজ্ঞানীরাও সেপ্টেম্বরে করোনার ভ্যাকসিন আসতে পারে বলে আশার কথা শুনিয়েছেন। তবে জাতিসংঘ মহাসচিব করোনা নিয়ে এক মন্তব্যে বলেছেন, অতি ক্ষুদ্র একটা ভাইরাস গোটা বিশ্বকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে।

করোনার প্রভাবে বাংলাদেশ:

করোনায় ওলট পালট করে দিচ্ছে সাধারণ এবং প্রান্তিক মানুষের জীবন-জীবিকা দুটোই। নিরন্তর সংগ্রাম করেও সাধারণ মানুষের শেষ রক্ষা হচ্ছে না। এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, সরকারি সহায়তার পরও বাংলাদেশে বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে রয়েছে পাঁচ কোটি মানুষ। নিম্ন আয়ের মানুষের কর্মহীনতা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। অর্থনীতিবিদরা বলছেন,কর্মহীন মানুষের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তাদের কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে। আর মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্রাড স্মিথ বলেছেন, এ বছর বিশ্বে চাকরি হারাতে পারে ২৫ কোটি মানুষ।

করোনা কাণ্ড: ডা.সাবরিনা, আরিফ চৌধুরী ও সাহেদ

করোনায় রিজেন্ট ও জেকেজি কাণ্ডের খবর আজও টক অব দ্যা কান্ট্রি। শুধু বাংলাদেশ নয় করোনা টেস্টের ভুয়া সনদ বিক্রির খবর বিশ্ব মিডিয়ায়ও তোলপাড় সৃষ্টি করেছে। তার জেরে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য একে একে কমপক্ষে চারটি দেশের দরজা বন্ধ হয়ে গেছে বলে খবর দিয়েছে দৈনিক প্রথম আলো। তাছাড়া রিজেন্ট হাসপাতাল ও জেকেজির চেয়ারম্যান সাহেদ ও ডা. সাবরিনাকে নিয়ে নানা খবর এসেছে বিভিন্ন দৈনিকে। ওই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল বলেও খবর দিয়েছে দৈনিক মানবজমিন। দৈনিকটি আরও লিখেছে, সাহেদ করোনার ভুয়া সনদ দিয়ে প্রতারণার বিষয়টি তার কর্মীদের ওপর চাপানোর চেষ্টা করেছিল। এদিকে র‍্যাবের হটলাইনে সাহেদের বিরুদ্ধে একদিনে ১৪০ টি অভিযোগ এসেছে। সাহেদ সম্পর্কে বলা হয়েছে, তাকে স্যার সম্বোধন না করলে তিনি নানাভাবে নাজেহাল করতেন কর্মীসহ বিভিন্ন জনকে। এদিকে মধ্যরাতে সাহেদকে নিয়ে উত্তরায় মহানগর গোয়েন্দা পুলিশ এক অভিযান পরিচালনা করে।সেখান থেকে মদ, ফেন্সিডিল ও অস্ত্র উদ্ধার করা হয়। ঐ ঘটনায় দুটি মামলা হয়েছে। আর ডা. সাবরিনা এখন দ্বিতীয় দফায় রিমান্ডে।  তার স্বামীকে তালাক দেয়ার বিষয়টি সাজানো ছিল। স্বামীকে বাঁচাতে সাজানো তালাকনামা দিয়েছিল বলে রিমান্ডে স্বীকার করেছে।

 এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

কংগ্রেস নেতা রাহুল গান্ধী

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনার খড়গ জারি রেখেছেন। তিনি আজ এক টুইটে বলেছেন, বিজেপি মিথ্যাকে প্রতিষ্ঠানে পরিণত করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতকে দ্রুত এর মূল্য দিতে হবে। তিনি করোনায় আক্রান্ত ও মুত্যুর সংখ্যা বৃদ্ধি এবং  লাদাখ উপত্যকায় চীনের সঙ্গে ভারতের উত্তেজনাসহ সেনা হতাহতের ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সরকারের পররাষ্ট্রনীতির দূর্বলতাকে দায়ী করেন রাহুল গান্ধী। তাছাড়া অর্থনীতির বেহাল দশা নিয়েও তিনি মন্তব্য করেন।দৈনিক আজকালসহ বেশ কয়েকটি দৈনিকে রাহুল গান্ধীর ওইসব বক্তব্য পরিবেশিত হয়েছে।

দৈনিক আনন্দবাজার পত্রিকার একটি খবরের শিরোনাম এরকম, রাজস্থান কাণ্ডে নিয়ম মেনে কি ফোনে আড়ি পাতা হয়েছিল এমন প্রশ্ন তুলেছে বিজেপি। তারা এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে পাল্টা সিট গঠন করেছে অশোক গহলৌত। আনন্দবাজারের আরেক খবরে লেখা হয়েছে, বিধায়ক কেনাবেচার প্রবল চাপানউতরের মধ্যে রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে দেখা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। আগামী সপ্তায় বিধানসভায় আস্থা প্রস্তাব পেশ করার জন্য রাজ্যপালকে তিনি বার্তা দিয়েছেন। বুধবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। সেখানে গহলৌত রাজ্য সরকারের আস্থা ভোটের প্রস্তুতির কথা খবরটিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। গত কয়েক দিন ধরে রাজস্থানের রাজনীতির নাটক চলছে।  এদিকে আজকালের একটি খবরে লেখা হয়েছে, সচিন পাইলটের ক্যাম্পের ১৮ বিধায়ক লাপাত্তা। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯