জুলাই ২০, ২০২০ ১১:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনায় দুর্নীতিরি অভিনবত্বে এগিয়ে বাংলাদেশ-দৈনিক প্রথম আলো
  • বাংলাদেশে করোনায় ২৪ ঘন্টায় ৫০ জনের মৃত্যু, আক্রান্ত ২৯২৮ জন-দৈনিক যুগান্তর
  • ডা.সাবরিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ, জামিন নামঞ্জুর-কালের কণ্ঠ
  • ব্রাক্ষণবাড়িয়ায় এ এসআই হত্যা মামলার প্রধান আসামি বন্দুক যুদ্ধে নিহত-দৈনিক ইত্তেফাক
  • অভিন্ন অপরাধে সাহেদ-সাবরিনাকে  মুখোমুখি জিজ্ঞাসাবাদ-দৈনিক সমকাল
  • সরকার অবৈধভাবে আসার কারণেই শাহেদ-সাবরিনাদের উত্থান’-দৈনিক মানবজমিন
  •  লাদাখে উত্তেজনা, রাফায়েল নিয়ে জরুরি বৈঠকে বসছে ভারত -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • সচিনরা কোথায় ফের মানেসরের রিসর্টে রাজস্থান পুলিশের হানা-আনন্দবাজার পত্রিকা 
  • করোনায় ভাঙল অতীতের সব রেকর্ড, ২৪ ঘন্টায় ৪০ হাজার ছাড়াল-সংবাদ প্রতিদিন
  • ফের অত্যাচারিত দলিত পরিবার, বাইক ছোঁয়ায় বিবস্ত্র করে মারধর কর্নাটকে-আজকাল

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. মাইনাস জামায়াত, ইতিবাচক খালেদা। এটি মানবজমিনের শিরোনাম। আপনার বিশ্লেষণ কী?

২. ইরান ও চীনের মধ্যে কৌশলগত চুক্তি হতে যাচ্ছে। এ নিয়ে আমেরিকাসহ পশ্চিমা মিত্রদের মধ্যে এক রকমের অস্বস্তি দেখা যাচ্ছে। কারণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

করোনায় ভুয়া সনদ কাণ্ড নিয়ে আজও দৈনিক প্রথম আলোসহ প্রায় সব দৈনিকে বিশেষ গুরুত্বসহ খবর পরিবেশিত হয়েছে।

করোনায় দুর্নীতির অভিনবত্বে এগিয়ে বাংলাদেশ-দৈনিক প্রথম আলো

করোনায় দুর্নীতির অভিনবত্বে বাংলাদেশ এগিয়ে

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া কোভিড-১৯-এর প্রাদুর্ভাব ঠেকাতে হিমশিম খাচ্ছে। হাসপাতাল থেকে সুরক্ষাসামগ্রী চুরি হয়ে যাচ্ছে, আর তা পাওয়া যাচ্ছে খোলাবাজারে। দক্ষিণ আফ্রিকায় অর্থ ও লোকবলের অভাবে নার্সদের ক্লিনারের কাজ করতে হচ্ছে আর চিকিৎসকেরা করছেন লন্ড্রির কাজ। নিম্নমানের পরীক্ষার কিট কেনার দায়ে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রীর চাকরি চলে গেছে। নতুন রোগী ভর্তি করলে আয় বেশি, এ জন্য পুরোনো রোগীদের রোগমুক্তির সনদ দিয়ে বিদায় করে দেওয়ার অভিযোগে একটি হাসপাতালের বিরুদ্ধে তদন্ত করছে গ্রিস পুলিশ।

গত মার্চে লন্ডন পুলিশ কোভিড-১৯ শনাক্তের জাল কিট তৈরির অভিযোগে ফ্রাঙ্ক লুডলো নামের ৫৯ বছরের এক ব্যক্তিকে আটক করে। পাশের দেশ ভারতের অমৃতসরে ইএমসি নামের এক বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যবান ও সুস্থদের করোনা ‘পজিটিভ’ বানিয়ে ভর্তি করে অতিরিক্ত অর্থ আদায় করেছে।

সব মিলিয়ে কোভিড-১৯-এর সময়ে অনেক দেশই দুর্নীতি নিয়ে কমবেশি সংকটে আছে। সরকারি কিছু কর্মচারী, বেশ কিছু ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী, বেসরকারি খাতের অনেক উদ্যোক্তা এসব দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। বেশি অভিযোগ বেশি দরে পণ্য কেনাকাটার। কিন্তু দুর্নীতির ক্ষেত্রে অভিনবত্বের পরিচয় দিয়েছে বাংলাদেশ। সুরক্ষা পণ্য কেনাকাটায় দুর্নীতি, কাজ দেওয়ায় অনিয়ম এবং অসহায় ও দুস্থদের ত্রাণ বিতরণে দুর্নীতি তো আছেই। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে ভুয়া পরীক্ষার কেলেঙ্কারি। নতুন ধরনের এই দুর্নীতির কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত সংবাদের শিরোনাম হচ্ছে ‘বিগ বিজনেস ইন বাংলাদেশ: সেলিং ফেক করোনাভাইরাস সার্টিফিকেট’।

স্বাস্থ্যে অনিয়মের দায় নিচ্ছে না কেউ-প্রথম আলো- করোনা মহামারির মধ্যে দেশের স্বাস্থ্য খাতে নানা অনিয়ম ও বিশৃঙ্খলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কারা জড়িত, তা চিহ্নিত করা হচ্ছে না, বরং একে অপরকে দোষারোপ করে মন্ত্রণালয় ও অধিদপ্তর দায় এড়ানোর চেষ্টা চালাচ্ছে।

দায় নিচ্ছে না কেউ:  বাংলাদেশ থেকে যাওয়া বেশ কয়েকজন যাত্রীর করোনা ধরা পড়ার পর ঢাকা থেকে জাপান, কোরিয়া ও ইতালির ফ্লাইট বন্ধ হয়। বিদেশে যাওয়ার পর বিমানবন্দরেই প্রবাসী বাংলাদেশিদের শরীরে করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বাংলাদেশের করোনা পরীক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দেয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে গত ১৩ এপ্রিল থেকে জেকেজি হেলথ কেয়ার বুথের মাধ্যমে করোনা শনাক্তের নমুনা সংগ্রহ শুরু করে। কিন্তু জেকেজির বিরুদ্ধে বাসা থেকে টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা ছাড়াই নমুনার ফল দেওয়ার অভিযোগ ওঠে।

তেজগাঁও থানার পুলিশ গত ২৩ জুন জেকেজির সিইও আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে। ১২ জুলাই গ্রেপ্তার করা হয় জেকেজির চেয়ারম্যান সাবরিনা চৌধুরীকে। জিজ্ঞাসাবাদে সাবরিনা ও আরিফ দুজনই জানিয়েছেন, তাঁদের কাজ পেতে স্বাস্থ্য অধিদপ্তরের দুজন পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুজন অতিরিক্ত সচিবের সহায়তা পেয়েছেন।

করোনা চিকিৎসার জন্য সরকার নির্ধারিত রিজেন্ট হাসপাতালে ৬ জুলাই অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দেয় র‌্যাব। চুক্তি ভঙ্গ করে করোনা রোগীদের কাছ থেকে বিল আদায়, ভুয়া প্রতিবেদন তৈরিসহ নানা অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য খাতে অনিয়মের ঘটনায় এখনো স্বাস্থ্য বিভাগের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সাহেদের বিরুদ্ধে ২ দিনে ১০ কোটি টাকা বাগানোর অভিযোগ-দৈনিক প্রথম আলো

করোনা কাণ্ডের নায়ক মোহ সাহেদ

মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে দুই দিনে কমপক্ষে ১০ কোটি টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার খবর এসেছে র‌্যাবের হটলাইন নম্বরে। কিন্তু সাহেদ ঠিক কী পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, গতকাল রোববার পর্যন্ত সে তথ্য পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তদন্তকারীদের ধারণা, সাহেদ বিদেশে টাকা পাচার করেছেন। এর মধ্যে যুক্তরাজ্য থেকে ই-মেইলে টাকা পাচারের তথ্য পাঠিয়েছে একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে সাহেদ টাকা পাঠিয়েছেন এমন খবরও পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।যুক্তরাজ্যের ট্রান্স গ্লোবালনেক্সাস থেকে এ মেহতা নামের এক ব্যক্তি সাহেদের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ করেছেন। এই প্রতিষ্ঠান এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আনা-নেওয়া ও খালাসের কাজ করে থাকে। র‌্যাব ও পুলিশ টাকা পাচারের তথ্য যাচাই করে দেখবে।

সরকার অবৈধভাবে আসার কারণেই শাহেদ-সাবরিনাদের উত্থান’-রিজভীর অভিযোগ-দৈনিক মানবজমিন

ভোট ছাড়া রাতের অন্ধকারের সরকার ক্ষমতায় আছে বলেই শাহেদ-সাবরিনাদের উত্থান হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের কড়া সমালোচনা করে রিজভী বলেন, আপনি দিনের ভোট রাতে নিবেন, তাহলে কি সমাজে শাহেদ-সাবরিনার উত্থান হবে না? ভোট কেন্দ্রে ভোটাররা নেই, নির্বাচন কমিশন বলে দিল- সুষ্ঠু ভোট হয়েছে এবং ৪০ শতাংশ, ৪৫ শতাংশ, ৫০শতাংশ, ৬০শতাংশ, ৭০শতাংশ ভোট কাস্ট হয়েছে। অথচ ভোট কেন্দ্রে ভোটার নেই। চতুষ্পদ জন্তু ঘুরে বেড়াচ্ছে। সংবাদপত্র চাপের মধ্যেও, হুমকির মধ্যেও তারা এগুলো প্রকাশ করেছে, এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এগুলো প্রকাশ করেছে। তাহলে এই সমাজে শাহেদদের উত্থান হবে না কেন? যারা ভোট নিয়ে জালিয়াতি করে তারা মানুষের অসুস্থতা নিয়ে জালিয়াতি করবে না কেন? আর বাংলাদেশ প্রতিদিন লিখেছে, সাহেদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়।

‘ডা. সাবরিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ, জামিন নামঞ্জুর-দৈনিক কালের কণ্ঠ

জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার জামিন নামঞ্জুর, কারগারে পাঠানো হয়েছে

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আজ সোমবার সকালে রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে পাঠানো হয়। শুনানি শেষে আটকাদেশ মঞ্জুর করেন আদালত।

এর আগে সাবরিনা চৌধুরীকে রিমান্ড শেষে আজ আদালতে পাঠানো হয়। তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে ডা. সাবরিনার আইনজীবী তার জামিন আবেদন করেন।

শুক্রবার তেজগাঁও থানার প্রতারণা মামলায় দ্বিতীয় দফায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর) করেন। এরপর ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে দৈনিক সমকালের খবরে লেখা হয়েছে, করোনা কেলেঙ্কারীর অভিন্ন অভিযোগে  সাহেদ ও ডা. সাবরিনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে পরস্পরকে চেনে না বলে দাবি করেছে। কিন্তু এর আগে মিডিয়ার খবরে বলা হয়েছে তারা পরস্পরকে চিনত।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি: 

প্রধানমন্ত্রী মোদির সমালোচনায় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী

মোদির ‘ভুয়ো’ ৫৬ ইঞ্চির ভাবমূর্তিই দুর্বল করছে ভারতকে! প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর মন্তব্য,ক্ষমতায় আসার আগে ‘মজবুত নেতা’ হিসেবে নিজের একটা ‘ভুয়ো’ ভাবমূর্তি তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেটাই তাঁর শক্তি। কিন্তু মোদির সেই ভাবমূর্তিই চীনের সামনে দেশকে দুর্বল করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাতে'র ধাঁচে রাহুল সোশ্যাল মিডিয়ায় নিজের ‘জন কি বাত’শুরু করেছেন। যার দ্বিতীয় পর্বেই অনেকটা ‘মিছরির ছুরি'র ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

রাহুলের মতে চীনের (China) সঙ্গে ভারতের যে সমস্যা সেটা শুধু সীমান্ত সমস্যা নয়। সেটা বৃহত্তর সমস্যা। চীন, পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের উপর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। মোদির জন্য ফাঁদ পেতেছে চীন। সেই ফাঁদে পা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল বলছেন, চীন এখন ভারতের ভূখণ্ডে এসে বসে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে, হয় তুমি নিজের ৫৬ ইঞ্চির ভাবমূর্তি নষ্ট করে স্বীকার করে নাও, যে আমরা তোমাদের এলাকা দখল করেছি। আর নাহয় চুপচাপ আমারা যেটা বলছি সেটা মেনে চলো। প্রাক্তন কংগ্রেস সভাপতির দাবি, এটা চীনের ফাঁদ।

সচিন পাইলট

রাজস্তানের রাজনীতি নিয়ে দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরের শিরোনাম-সচিনদের আবেদন আদালতের বিচার্য নয়, দাবি সিঙ্ঘভির। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাজস্থান বিধানসভার স্পিকার সি পি জোশীর নোটিস জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সচিন পাইলটসহ বিদ্রোহী ১৯ জন কংগ্রেস বিধায়কের আবেদনের শুনানিতে সোমবার সকালে জোধপুর হাইকোর্টের জয়পুর বেঞ্চে স্পিকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি স্পিকারের জারি করা নোটিস সম্পর্কে শুনানির ক্ষেত্রে আদালতের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘সচিন পাইলট বা তাঁর শিবিরের কারও বিধায়ক পদ এখন স্পিকার খারিজ করেননি। শুধুমাত্র তাঁদের রাজনৈতিক অবস্থান জানতে চেয়ে নোটিস দিয়েছেন। কোনও স্বীকৃত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচিত বিধায়কদের ক্ষেত্রে এমন নোটিস পাঠানোর সাংবিধানিক অধিকার স্পিকারের রয়েছে। এ নিয়ে শুনানি বিচার বিভাগের ক্ষমতা বহির্ভূত।’’

ভারতে করোনার আপডেট খবর: ভারতে করোনা সংক্রমণ অতীতের সব রেকর্ড ভেঙেছে। ২৪ ঘন্টায় ৪০ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ১১ লাখ ১৮ হাজার ছাড়াল। ২৪ ঘন্টায় মৃত্যু ৬৮১ জন । মোট মারা গেছেন ২৭ হাজার ৪৯৭ জন। দৈনিক সংবাদ প্রতিদিন ও আনন্দবাজারসহ সব দৈনিকে করোনার এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে সংক্রমণ ও মৃত্যুতে ফের রেকর্ড সৃস্টি হয়েছে। স্থানীয় লকডাউন বাড়াতে পারে প্রশাসন এবং আরও কড়া নজরদারি করা হবে।

কর্নাটকে দলিত নির্যাতন

বাইক ছোঁয়ার ‘অপরাধে’ অর্ধনগ্ন করে দলিতকে পেটালো উন্মত্ত জনতা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
উন্মত্ত জনতা লাঠি, জুতো দিয়ে মারছে মাটিতে লুটিয়ে পড়া এক ব্যক্তিকে। তাঁর প্যান্টও খুলে দেওয়া হয়েছে। তাঁকে ধরে রয়েছে কয়েক জন আর বাকিরা মারছে। মার খাওয়া ওই ব্যক্তি এক জন দলিত। তাঁর ‘অপরাধ’ উচ্চবর্ণের এক ব্যক্তির বাইক ছুঁয়ে ফেলেছেন। তাতে না কি দূষিত হয়েছে বাইক! সে জন্যই তাঁকে এ ভাবে মারছে দূরত্ব বিধি লাটে তোলা উন্মত্ত জনতা।

শনিবার এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরু থেকে ৫৩০ কিলোমিটার দূরে, কর্নাটকের বিজয়পুর জেলায়। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এই বিদ্বেষের বিরুদ্ধে সরব নেটাগরিকরা। অত্যাচারিত ওই দলিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলাও দায়ের করেছে পুলিশ।

সেখানকার পুলিশ অফিসার অনুপম আগরওয়াল বলেছেন, ‘‘মিনাজি গ্রামে এক দলিত ব্যক্তিকে নিগ্রহের জন্য নৃশংসতার মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, এক উচ্চবর্ণের ব্যক্তির বাইক ভুলবশত ছুঁয়ে ফেলেছিলেন তিনি। তার পর এক দল ব্যক্তি তাঁকে নিগ্রহ করে।’’ পুলিশে করা অভিযোগে ১৩ জন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে বলেও জানিয়েছেন ওই অফিসার। তাঁদের বিরুদ্ধে এসসি/এসটি আইন ও ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জন অভিযুক্তকে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

এই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেখানে দেখা যাচ্ছে, ওই দলিত ব্যক্তিকে ঘিরে গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছে এক দল লোক। কয়েক জন মিলে তাঁকে ধরে রয়েছে। দু’জন টেনে হিঁচড়ে তাঁর প্যান্ট খুলে নিল। তার পর লাঠি জুতো দিয়ে মারতে লাগল ওই উন্মত্ত জনতা। মাটিতে পড়ে মার খেলেন ওই দলিত ব্যক্তি। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০