জুলাই ২২, ২০২০ ১৯:০২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনায় ৪২ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় শনাক্ত ২ হাজার ৭৪৪ জন-দৈনিক ইত্তেফাক
  •  উচ্চ পর্যায়ে আলোচনা করেই নতুন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক কালের কন্ঠ
  • স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালককে সরানোর সিদ্ধান্ত-দৈনিক প্রথম আলো
  • শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নীলনকশা অব্যাহত- ওবায়দুল কাদেরর দাবি-দৈনিক
  • যুগান্তরযুক্তরাষ্ট্রে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ, প্রতিশোধের হুমকি বেইজিংয়ের-কালের কণ্ঠ
  • চীনের করোনা টিকার চূড়ান্ত পরীক্ষা শুরু ব্রাজিলে-দৈনিক সমকাল
  • সাহেদের বিরুদ্ধে দুদকের অর্থ আত্মসাতের মামলা-দৈনিক মানবজমিন
  • ‘পরীক্ষায়’ স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • ভারতে করোনায় আক্রান্ত ১২ লাখ-আনন্দবাজার পত্রিকা 
  • বাজারে অনিশ্চয়তার জের, সর্বকালের সব রেকর্ড বেঙে দিল সোনা রুপোর দাম-সংবাদ প্রতিদিন
  • সাংবিধানিক সঙ্কট' বলছেন স্পিকার, রাজস্থান মামলা এবার সুপ্রিম কোর্টে -আজকাল

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১.সাহেদের ভঙ্গুর রিজেন্ট হাসপাতাল ছিল অধিদপ্তরের ভরসা। দৈনিক প্রথম আলোর রিপোর্ট সম্পর্কে আপনি কি বলবেন?

২. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হয়েছে। একথা জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। কি সেই বার্তা? কোনো ধারণা দিতে পারবেন আপনি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

স্বাস্থ্যের ডিজির পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হচ্ছে-দৈনিক প্রথম আলো

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন প্রথম আলোকে এ তথ্য জানান। শেখ ইউসুফ হারুন বলেন, ‘এখন পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে। প্রক্রিয়াটি শেষ হলেই পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি বলা যাবে।’চুক্তিতে থাকা আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন। সরকারি সূত্রগুলো বলছে, আবুল কালাম আজাদের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই ছিল। অপসারিত হওয়ার চেয়ে পদত্যাগ সম্মানজনক। আবুল কালাম আজাদ পদত্যাগের সুযোগ নিয়েছেন।

আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভগ্নস্বাস্থ্যের কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন আবুল কালাম আজাদ। তাঁর চলে যাওয়ার কথা, নতুন মহাপরিচালক খোঁজার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে।

২০১৯ সালের এপ্রিলে আবুল কালাম আজাদের মহাপরিচালক পদের মেয়াদ শেষ হয়। এরপর তিনি দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। আগামী বছর এপ্রিলে বাড়তি মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মহাপরিচালক হওয়ার আগে বেশ কয়েক বছর তিনি অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তার আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার অভিযোগ সব সময় ছিল। করোনা মহামারির সময় এসব অভিযোগ আরও বড় আকারে দেখা দেয়। স্পষ্ট হয়ে ওঠে মন্ত্রণালয় ও অধিদপ্তরের অদক্ষতা, ব্যর্থতা। জেকেজি ও রিজেন্টের দুর্নীতিতে মানুষ হতবাক হয়। কিছু মানুষ মনে করে, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত না থাকলে এই মাত্রার দুর্নীতি করা সম্ভব না। কিছু মানুষ মনে করে, দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও উচ্চপদস্থ কর্মকর্তারা দায় এড়াতে পারেন না।

মহামারি মোকাবিলায় যে ধরনের নেতৃত্ব দরকার, তা দিতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর। রোগ শনাক্তকরণ, চিকিৎসা, কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন, কোয়ারেন্টিন—সব ক্ষেত্রে অব্যবস্থাপনার ছাপ স্পষ্ট। নন-কোভিড রোগীরা হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না, অথচ কোভিড হাসপাতালে ৭২ শতাংশ শয্যা খালি। এসব ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। গতকাল মঙ্গলবার একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

উচ্চ পর্যায়ে আলোচনা করেই নতুন ডিজি নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, উচ্চ পর্যায়ে আলোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ করা হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব। আমরা দরকার হলে প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করে নেব। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বর্তমান মহাপরিচালকের পদত্যাগপত্রের বিষয়ে তিনি বলেন, নিয়মানুযায়ী এটা জনপ্রশাসনে গিয়েছে, পরবর্তী পদক্ষেপ নিয়ে জনপ্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আগে পদত্যাগপত্রের বিষয়ে আমাদের কাছে সব সিদ্ধান্ত আসুক, তার পরে আমরা চিন্তাভাবনা করে এবং আরো উচ্চ পর্যায়ে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিতে পারব।

উল্লেখ্য, করোনাকালে মাস্ক, পিপিই এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে মন্ত্রণালয়।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে এই তথ্য জানান।স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘তিনি (আমিনুল হাসান) আর এই পদে থাকছেন না, এটি নিশ্চিত। আজকের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।’বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন। চুক্তিতে থাকা আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন প্রথম আলোকে এই তথ্য জানান।

সাহেদ ও রিজেন্ট সমাচার: সাহেদের ভঙ্গুর রিজেন্ট হাসপাতাল ছিল অধিদপ্তরের ভরসা-দৈনিক প্রথম আলো

রিজেন্ট হাসপাতাল

রিজেন্ট হাসপাতালে চিকিৎসক নেওয়া হবে, ফেসবুকে মো. সাহেদের এমন পোস্ট দেখে যোগাযোগ করেন এক নারী চিকিৎসক। এই হাসপাতালের মিরপুর শাখায় চাকরি হলেও মাস দেড়েক পর তিনি পালিয়ে আসেন। ঘুমানো ছাড়া দিনের বাকি সময় পুরোটাই তাঁকে কাজ করতে হতো। ওই হাসপাতালে তখন তিনিই ছিলেন একমাত্র চিকিৎসক। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও সেখানে ছিল না।কিন্তু জোড়াতালির এই হাসপাতালটিতেই ভরসা খুঁজে পায় স্বাস্থ্য অধিদপ্তর। রিজেন্ট ও অধিদপ্তরের মধ্যে যে চুক্তি হয়েছিল, তাতে হাসপাতালটিকে একটি অত্যাধুনিক হাসপাতাল হিসেবে উল্লেখ করা হয়েছিল। ওই নারী চিকিৎসক এখন গুলশানের একটি হাসপাতালে কর্মরত আছেন। পাওনা টাকা আদায়ে মামলা করবেন বলে এখনই নাম প্রকাশ করতে চাননি। তিনি বলেন, তাঁর চাকরি হওয়ার এক মাস পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেখানে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি এক ভোরবেলায় পালিয়ে আসেন। কিন্তু ১০ দিন পর গাড়ি পাঠিয়ে তাঁকে আবারও নিয়ে যাওয়া হয়। এবার তাঁকে উত্তরা শাখায় নিয়োগ দেওয়া হয়। দৈনিক আট কর্মঘণ্টা হিসেবে মাসিক বেতন ৫০ হাজার টাকা ঠিক হলেও দেড় মাস পর তাঁকে দেওয়া হয় ৩০ হাজার টাকা। একপর্যায়ে তিনি উত্তরা থেকেও পালিয়ে আসেন। তিনি জানান, সরকারি হাসপাতালের চিকিৎসকেরাও সেখানে থাকতে পারেননি।

আমার স্বামী পাপুল ‘ষড়যন্ত্রের শিকার’: এমপি সেলিনা-দৈনিক যুগান্তর

পাপুল এবং তার স্ত্রী সেলিনা ইসলাম

অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম ওরফে পাপুল ‘ষড়যন্ত্রের শিকার’ বলে দাবি করেছেন তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম। বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সামনে এ দাবি করেন তিনি।

পাপুলের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অংশ হিসেবে এদিন সকালে স্ত্রী সেলিনা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাংবাদিকদের সেলিনা বলেন, কুয়েতে পাপুলের প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কাজ করে। সেই প্রতিষ্ঠানে কাজ করে দেশের বহু শ্রমিক; কোটি কোটি টাকার রেমিটেন্স পাঠাচ্ছে। ‘সেখানে একটি পক্ষের ষড়যন্ত্রের কারণে কুয়েতে তিনি সমস্যার সন্মুখীন হয়েছেন। মূলত পাপুল ষড়যন্ত্রের শিকার। আমাদের ভাবমূর্তি নষ্ট করতে এসব করা হচ্ছে।’

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের বিষয়গুলো নিয়ে দুদকের কাছে লিখিত বক্তব্য দিয়েছে।’ ‘আমাদের কোনো গোপন সম্পদ নেই, অবৈধ সম্পদও নেই। যা আছে তার বিবরণ দুদককে দিয়েছি। আমরা আইনের পক্ষে। এই তদন্তে দুদককে সব ধরনের সহযোগিতা করব।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

‌সাংবিধানিক সঙ্কট’, রাজস্থান মামলা এবার সুপ্রিম কোর্টে-দৈনিক আজকাল 

সচিন পাইলট ও স্পিকার সিপি যোশি

বিস্তারিত খবরে লেখা হয়েছে, স্পিকার এবং শচীন পাইলটের বিবাদ অব্যাহত। মামলার জল এবার গড়াল সুপ্রিম কোর্টে। স্পিকার সিপি যোশির মতে, রাজস্থানে ‘সাংবিধানিক সঙ্কট’ তৈরি হতে চলেছে। তাই তিনি সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছেন। বিদ্রোহী শচীন এবং তাঁর অনুগামীদের বিধায়ক পদ কেন খারিজ করা হবে না, তা জানতে চেয়ে নোটিস দিয়েছিলেন স্পিকার। হাইকোর্টে সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন শচীন এবং তাঁর সহযোগীরা। শুক্রবার সেই মামলার রায় ঘোষণা হবে বলে জানিয়েছে আদালত। তত দিন পর্যন্ত শচীন ও বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিপি যোশি।

দৈনিক আনন্দবাজারের শিরোনাম-লাদাখে তীক্ষ্ণ নজরদারি, বিশ্বের সবচেয়ে হালকা ও দ্রুতগতির ড্রোন পেল ভারতীয় সেনা-দৈনিক আনন্দবাজার পত্রিকার

ভারত  ড্রোন

খবরটিতে লেখা হয়েছে, ক্ষিপ্র গতি, অথচ বিশ্বের সবচেয়ে হালকা। চূড়ান্ত ঠান্ডা আবহাওয়ায় উড়তে পারে, অথচ নিশানায় নিখুঁত। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন সেনার গতিবিধি নিখুত ভাবে নজর রাখতে এমনই ড্রোন ভারতীয় সেনাকে দিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই নজরদার ড্রোনের এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘ভারত’। ‘ভারত’ হাতে পাওয়ার পর প্যাংগং লেক, গালওয়ান উপত্যকা-সহ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের কর্তৃত্ব অনেকটাই বাড়বে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

ভারতে করোনার আপডেট খবর: ভারতে করোনায় মোট আক্রান্ত ১২ লাখ ছুঁইছুঁই করছে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৮ হাজার। এ সময় মারা গেছেন ৬৪৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৭২৪ জন।#  

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২