কথাবার্তা: বিশ্বাসঘাতক পাকিস্তান-বললেন মোদি, চীনের বিরুদ্ধে আমেরিকার হুঙ্কার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৬ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ১৬ দিনেই ১৩৬ কোটি ডলার রেমিটেন্স এসেছে-ইত্তেফাক
- গরুর চামড়ার দাম কমল ২২ শতাংশ , খাসির ২৫-দৈনিক যুগান্তর
- চার মামলায় ২৮ দিনের রিমান্ডে-রিজেন্ট সাহেদ-দৈনিক মানবজমিন
- করোনা হলো ভাইরাস, মহামারির নাম পুঁজিবাদ-দৈনিক প্রথম আলো
- করোনা ভ্যাকসিনকে পুঁজি করে শত কোটি ডলার পকেটে ভরেছেন কর্পোরেট নির্বাহীরা-বাংলাদেশ প্রতিদিন
- ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা-পাট নিয়ে কৃষক যাবেন কোথায়-দৈনিক সমকাল
- নানা দাবিতে শ্রমিকদের ঢাকা –টাঙ্গাইল মহাসড় অবরোধ-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- বিশ্বাসঘাতক পাকিস্তান’, নাম করেই মন কি বাত-এ আক্রমণ মোদীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ‘করোনাভাইরাস এখনও বিপজ্জনক, পূর্ণ সতর্কতার সঙ্গে লড়ুন’, পরামর্শ মোদির -দৈনিক আজকাল
- ভারত-বাংলাদেশ সম্পর্কের তুলনা অন্য কারও সঙ্গে হতে পারে না, বলছে ঢাকা-সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনা আপডেটই প্রধান খবর।
প্রথমে বিশ্ব করোনার আপডেট খবর: বিশ্বে করোনায় বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু ৬ লাখ ৪৮ হাজার ছাড়াল এবং আক্রান্তও ১ কোটি ৬২ লাখ ২৩ হাজারের বেশি। মোট সুস্থ হয়েছেন ৯৯লাখের বেশি মানুষ।
ভারতের করোনা আপডেট খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৪ লাখ। মৃত্যু ছাড়াল ৩২ হাজার। একদিনে মুত্যু ৫০০।
বাংলাদেশে করোনার আপডেট- ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫৪ জন। নতুন শনাক্ত ২ হাজার ২৭৫ জন। এখন পর্যন্ত দেশে ২ লাখ ২৩ হাজার ৫৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৯২৮ জন।
করোনা ভ্যাকসিনকে পুঁজি করে শত কোটি ডলার পকেটে ভরছেন করপোরেট নির্বাহীরা!-দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে দিশেহারা বিশ্বের ২১৩টি দেশ। সবচেয়ে শোচনীয় অবস্থা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার। ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলও পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে। এখনও পর্যন্ত কার্যকরী কোনও প্রতিধেষক আবিষ্কার সম্ভব না হওয়ায় বিশ্বব্যাপী বেপরোয়া হয়ে উঠেছে এই ভাইরাস। এমন পরিস্থিতিতে একটি সফল ও কার্যকরী ভ্যাকসিনের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু এরই মধ্যে করোনার ভ্যাকসিনকে পুঁজি করে বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল। ২৬ জুন হঠাৎ করেই সাউথ সান ফ্রান্সিসকোর প্রতিষ্ঠান ভাক্সার্ট ঘোষণা দিল-তারা করোনাভাইরাসের যে টিকা নিয়ে কাজ করছে সেটি যুক্তরাষ্ট্র সরকার অপারেশন র্যাপ স্পিডের (কেন্দ্রীয় সরকারের করোনার টিকার দ্রুত উন্নয়ন প্রকল্প) জন্য নির্বাচিত করেছে। ব্যস, এরপরই বাড়তে শুরু করে ভাক্সার্টের শেয়ারের দাম। কয়েক দিনের ব্যবধানে শেয়ারের দাম বাড়ল ছয় গুণ। কোম্পানি সুরক্ষা ফান্ডে তাৎক্ষনিক মুনাফা হিসেবে জমা হলো ২০ কোটি ডলার!
করোনার টিকা উন্নয়নে এই মুহর্তে বিশ্বে প্রতিযোগিতায় আছে শতাধিক প্রতিষ্ঠান। করোনায় পর্যদুস্ত হয়ে মরিয়া বিশ্ববাসীর কাছে কোটি কোটি কিংবা শত শত কোটি ডোজ টিকা বিক্রি করে বিপুল পরিমাণ মুনাফা অর্জনের জন্য ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী বাজী ধরে রেখেছেন।
ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহী ও বোর্ড সদস্যরা টিকা উন্নয়নের এই গতিকে পুঁজি করছেন। ইতিবাচক উন্নয়ন ঘোষণা করে কোটি কোটি ডলার কামিয়ে নিচ্ছেন তারা। এর মধ্যে আবার তারা কাজে লাগাচ্ছেন সরকারের সহযোগিতাকে। তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইকুইলারের দেওয়া তথ্য বিশ্লেষণ করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অন্তত ১১টি প্রতিষ্ঠান এ ধরনের ঘোষণা দিয়েছে। এগুলোর অধিকাংশই ক্ষুদ্র প্রতিষ্ঠান, যাদের ভাগ্য প্রায়ই ঝুলে থাকে একটি ওষুধের সফলতা ও ব্যর্থতার ওপর। গত মার্চ থেকে এই প্রতিষ্ঠানগুলো ১০০ কোটি ডলারেরও বেশি কামিয়ে নিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কোম্পানির পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা শেয়ার নিয়মিত কেনাবেচা করে মুনাফা কামিয়েছেন। আবার কিছু ক্ষেত্রে শেয়ারের দাম যখন আকাশচুম্বি হয়ে ওঠে তখন জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্রুত তাদের প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে নগদ অর্থ কামিয়ে নিয়েছেন।
সাহেদ ২৮ দিনের রিমান্ডে-দৈনিক প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, চার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) এই আদেশ দেন। চারটি মামলায় রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকেও ২৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাসুদ পারভেজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে চার মামলায় ১০ দিন করে মোট ৪০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রতিটি মামলায় সাত দিন করে সাহেদ ও পারভেজের মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজনীতির খবর: দৈনিক মানবজমিনে লেখা হয়েছে, ‘শেখ হাসিনা নেতৃত্বে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে’-একথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এদেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক, তাই ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। অন্যদিকি জাতীয় পার্টিতে পদের রদবদলের খবরে লেখা হয়েছে, মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বসানো হয়েছে।পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে নিয়োগ দেন।
কৃষি এবং অর্থনীতির খবর:
দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, চলতি মাসের প্রথম ১৬ দিনে ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। কোরবানি ঈদকে সামনে রেখে এ প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সামনে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। তাই বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসতে পারে। ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
এদিকে, ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা-পাট নিয়ে কৃষক যাবেন কোথায়?- দৈনিক সমকালের এ খবরে লেখা হয়েছে, এ মাসের শুরুতে সরকারি সব পাটকল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি পাটকল আর পাট কিনবে না; বরং এসব মিলের হাতে থাকা মজুদ পাট বিক্রি করতে হবে। তাহলে কৃষক পাট বেচবেন কোথায়? বেসরকারি পাটকলগুলো কতটুকু কিনবে? পাটের ন্যায্য দাম কি পাওয়া যাবে? সারাদেশের পাটচাষিদের এমন প্রশ্ন আর উদ্বেগের মধ্যে ভিন্ন এক বাস্তবতায় ক্ষেত থেকে পাট উঠতে শুরু করেছে। কৃষি তথ্যসেবা সূত্রে জানা গেছে, ৪০ লাখ চাষি পাট চাষ করেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চার কোটি মানুষের জীবিকা পাটকে কেন্দ্র করে। দেশের প্রায় সব জেলাতেই পাট উৎপন্ন হয়। পাটচাষিদের মধ্যে পাট বিক্রি এবং ন্যায্য দর পাওয়া নিয়ে হতাশা তৈরি হয়েছে। চাষিদের সঙ্গে কথা বলে তাদের হতাশার কথা জানা গেছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
বিশ্বাসঘাতক পাকিস্তান’, নাম করেই মন কি বাত-এ আক্রমণ মোদীর-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ঘটনাচক্রে মিলে গিয়েছে দিনক্ষণ। রোববার ছিল কার্গিল যুদ্ধের ২১ তম বিজয় দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ‘মন কি বাত’-এ সেই ‘সুযোগের’ সদ্ব্যবহারও করলেন পুরোমাত্রায়। অটলবিহারী বাজপেয়ীয় জমানায় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাক হানাদারির প্রসঙ্গ তুলে তুলোধোনা করলেন ইসলামাবাদকে। সেই সঙ্গে তুলে ধরলেন ভারতীয় সেনার বীরত্বের কাহিনি। প্রধানমন্ত্রীর ৩৪ মিনিটের বক্তৃতায় এদিন একাধিকবার এসেছে পাকিস্তানের নাম। গত ২৮ জুন ‘মন কি বাত’-এ একই ভাবে পূর্ব লাদাখের গালওয়ানে বিহার রেজিমেন্টের বীর সেনাদের আত্মবলিদানের প্রসঙ্গ এসেছিল। ব্যতিক্রম শুধু একটাই, প্রধানমন্ত্রীর মুখে একবারও শোনা যায়নি হামলাকারী চীনা সেনার নাম। কার্গিল যুদ্ধের প্রসঙ্গে এদিন মন কি বাত অনুষ্ঠানে মোদীর মন্তব্য, ‘‘ভারতের বন্ধুত্বের প্রতিদানে পিছন থেকে ছুরি মারতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু আমাদের সেনারা এমন শিক্ষা দিয়েছে, তা ওরা চিরকাল মনে রাখবে।’’
দক্ষিণ চীন সাগর চিনের উপকূলীয় সাম্রাজ্য নয়, হুঙ্কার আমেরিকার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
নোভেল করোনা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই দক্ষিণ চীন সাগর নিয়ে তেতে উঠল চীন ও মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক। দক্ষিণ চীন সাগরে চীন বেআইনিভাবে আধিপত্য কায়েমের চেষ্টা চালাচ্ছে বলে আগেই অভিযোগ করেছিল আমেরিকা।
এ বার আরও এক ধাপ এগিয়ে তারা জানিয়ে দিল, দক্ষিণ চীন সাগরের ওই বিতর্কিত এলাকা চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়ো শনিবার এক এমনটি লেখেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬