কথাবার্তা: লাদাখ থেকে সরেনি চীনা সেনা, চিন্তার ভাঁজ ভারতের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১ আগস্ট শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে মসজিদে ঈদের জামাত-দৈনিক প্রথম আলো
- ঈদুল আজহায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা,বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান-দৈনিক মানবজমিন
- ঈদের শক্তি হোক জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যায়-ওবায়দুল কাদের-দৈনিক সমকাল
- অশ্রুঝরা-বেদনাবিধুর শোকাবহ আগস্টের প্রথম দিন আজ-দৈনিক যুগান্তর
- কোরবানির চামড়া সংগ্রহে আসছে না কেউ-কালের কণ্ঠ
- বিশ্বে একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড, ফের বাড়ছে আতঙ্ক-বিশ্ব স্বাস্থ্য সংক্থা-ইত্তেফাক
- সরিয়ে না নিয়ে লাদাখ সীমান্তে উল্টো সেনা বাড়াচ্ছে চীন, চিন্তায় ভারত-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৭ হাজার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- গোমাংস পাচারকারী সন্দেহে গুরুগ্রামে এক যুবককে হাতুড়ি দিয়ে মার গোরক্ষকদের -দৈনিক আজকাল
- রাম মন্দিরের ভূমিপুজোয় আমন্ত্রিত উমা ভারতী, এখনও ডাক পেলেন না আডবানী-জোশী!-সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
প্রথমে বিশ্ব করোনার আপডেট খবর: বিশ্বে করোনায় বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু ৬ লাখ ৮৩ হাজার ছাড়াল এবং আক্রান্তও ১ কোটি ৭৭ লাখ ৭৮ হাজারের বেশি।
ভারতের করোনা আপডেট খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ছাড়াল। টেস্ট ৫ লক্ষাধিক। মৃত্যু ছাড়াল ৩৬ হাজার। একদিনে মুত্যু ৫৭৬৪। মোট আক্রান্ত প্রায় সতের লাখ। আক্রান্ত মৃত্যুর সংখ্যা বৃদ্ধির আশঙ্কার মধ্যে স্বস্থি দিচ্ছে সুস্থতার হার। মোট সুস্থ প্রায় ১১ লাখ।
বাংলাদেশে গত- ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে২১ জনের। নতুন শনাক্ত ২ হাজার ১৯৯ জন। এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ৩ হাজার১৩২ জন।
করোনা নিয়ে দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, করোনাকালে ট্রান্সফ্যাটযুক্ত খাদ্য পরিহার করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে একদিনে করোনায় ২ লাখ ৯২ হাজার ৫২৭ জন আক্রান্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এজন্য উদ্বেগ প্রকাশ করেছে। আর অক্সফোর্ডের করোনা টিকা পরীক্ষা হবে পাকিস্তানে- এ খবরে লেখা হয়েছে, বছরের শেষ নাগাদ অক্সফোর্ডের টিকা সফলতা পেয়ে বাজারে আসতে পারে। অক্সফোর্ড ইউনিভার্সিটির এই টিকার আপাতত নাম দেয়া হয়েছে এজেডএম ১২২২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী এই টিকাকে প্রতিযোগিতায় থাকা শীর্ষ স্থানীয় টিকা বলে আখ্যায়িত করেছেন।
সাহেদ –পাপিয়া সমাচার নিয়ে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, শাহেদ-পাপিয়া’র আশ্রয়-প্রশ্রয় দাতাদের হাত ভেঙ্গে দিয়ে আইনের আওতায় আনার দাবি জানালেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, শাহেদ -পাপিয়ারা কিভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোন ফাঁকফোকর আছে?
যে নেতার হাত ধরে ঢোকে সেই নেতার হাতকে ভেঙ্গে দিতে হবে। শুধু শাহেদ -পাপিয়াদের হাত ভাঙ্গলে চলবে না, তাদেরকে যারা দরজা দিয়ে ঢুকায় তাদের হাত গুড়িয়ে দিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগকে রক্ষা করতে হবে। তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নানকের কথাটা খুব পছন্দ হয়েছে-একথা বলেছেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন,শাহেদ -পাপিয়ারা কিভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোন ফাঁকফোকর আছে? যে নেতার হাত ধরে ঢোকে সেই নেতার হাতকে ভেঙ্গে দিতে হবে। তিনি আরো বলেছেন, যে তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে কারণেই তিনি এসব কথা বলেন না কেন, এটা খুব পছন্দ হয়েছে আমার। এটাই জনগণের কথা। তবে বাস্তবায়ন হবে বলে বিশ্বাস হয় না।
লাদাখ উত্তেজনা নিয়ে বাংলাদেশ প্রতিদিনের একটি খবরের শিরোনাম এরকম-সরিয়ে না নিয়ে লাদাখ সীমান্তে উল্টো সেনা বাড়াচ্ছে চীন, চিন্তায় ভারত
ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দিয়েছে। কেননা, বিরোরধপূর্ণ সীমান্ত থেকে সেনা সরিয়ে না নিয়ে বরং সেখানে আরও অতিরিক্ত সেনা মোতায়েন করছে চীন, যা ভারতকে নতুন করে চিন্তায় ফেলেছে।বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, বেশ কিছু দিন ধরে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে দফায় দফায় আলোচনা চালিয়ে আসছে চীন ও ভারত। দুইপক্ষ এ বিষয়ে একমত হতে পেরেছে বলেও উভয়পক্ষের কর্মকর্তারা দাবি করে আসছেন। তবে বাস্তবতা তেমনটা নয় বলেই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো
কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত ৩ মাদক কারবারি-কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা তিনজন নিহত হয়েছে। পুলিশের ভাষ্য, নিহত তিনজন মাদক কারবারি ও সন্ত্রাসী ছিলেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বানিয়াছড়ার পাহাড়ের আমতলী গর্জনবাগান এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়। পুলিশের ভাষ্য, এ ঘটনায় চকরিয়া থানার ওসিসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছে।দৈনিক ইনকিলাব, বাংলা ট্রিবিউন, মানবজমিনসহ বেশ কয়েকটি দৈনিকে খবরটি ছাপা হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
গোমাংস পাচারকারী সন্দেহে গুরুগ্রামে এক যুবককে হাতুড়ি দিয়ে মার গোরক্ষকদের-দৈনিক আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, এবার গুরুগ্রামে গোরক্ষকদের দাপাদাপি। প্রকাশ্য রাস্তায় হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করা হল লুকমান নামের এক যুবককে। প্রাণ বাঁচাতে চিৎকার করল সে। কিন্তু নীরব দর্শকের ভূমিকা নিল পুলিশ। শুক্রবার সকালের এই ঘটনা ফের হরিয়ানার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠল । লুকমান নামের ওই গাড়ির চালক একটি ছোট গাড়িতে মাংস নিয়ে যাচ্ছিলেন। একদল যুবক পুলিশের সামনেই তাকে মারধর করে অথচ পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুধু অজ্ঞাতপরিচয় কিছু যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। লুকমানের গাড়ি থেকে বাজেয়াপ্ত মাংস পাঠানো হয়েছে ল্যাবে পরীক্ষার জন্য। যদি সেটা গোমাংস হয়ে থাকে তাহলে লুকমানের বিরুদ্ধেও শুরু হবে তদন্ত।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বাক স্বাধীনতার পরিপন্থী' আদালত অবমাননার আইন বাতিলের দাবিতে মামলা সুপ্রিম কোর্টে
আদালত অবমাননার আইন বাতিলের দাবি। অর্থাৎ আদালতের অধিকার খর্ব করার চেষ্টা। সেই দাবি নিয়ে মামলা আবার সেই আদালতেই। ‘বিচিত্র’ এই ভারতীয় গণতন্ত্রে যে সবই সম্ভব, তা আরও একবার প্রমাণ করে দিলেন বিশিষ্ট সাংবাদিক এন রাম (N Ram), প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি (Arun Shourie) এবং বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ(Prashant Bhushan)। আদালত অবমাননার আইন বাতিলের দাবিতে শীর্ষ আদালতে (Supreme Court) মামলা দায়ের করলেন তাঁরা। তিন হেভিওয়েট মামলাকারীর দাবি, ১৯৭১ সালে চালু হওয়া এই আদালত অবমাননার আইন আসলে দেশের সংবিধানের মূল ভিত্তির বিরোধী।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১