আগস্ট ২৮, ২০২০ ১৩:২৩ Asia/Dhaka
  • কথাবার্তা: চীনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়াল কীভাবে হবে?

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ আগস্ট শুক্রবারে কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নব্য জেএমবির শীর্ষস্থানীয় জঙ্গি গ্রেপ্তার: সিটিটিসি-দৈনিক প্রথম আলো
  • দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী: ওবায়দুল কাদের- কালেরকণ্ঠ
  • গাজায় হামাস ঘাঁটিতে যুদ্ধবিমান-ট্যাংক হামলা ইসরাইলের- দৈনিক যুগান্তর
  • কবে আসবে করোনার টিকা -দৈনিক ইত্তেফাক
  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৭ জনের মৃত্যু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • ভয়ঙ্কর অসুস্থ পরিবেশের মধ্যে আছি: রিজভী’-দৈনিক মানবজমিন
  • চীনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়াল কীভাবে হবে?-দৈনিক নয়া দিগন্ত

 

ভারতের শিরোনাম:   

  • রক্ত সঞ্চালন স্বাভাবিক, চলছে ফুসফুস ও কিডনির চিকিৎসা, প্রণব এখনও ভেন্টিলেটরেই-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • কলেজ–বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে, ইউজিসির নির্দেশিকা বহাল রাখল সুপ্রিম কোর্ট-দৈনিক আজকাল
  • জঙ্গি তৈরির কারিগররাই আজ সন্ত্রাসের শিকার বলে কান্নাকাটি করছে, পাকিস্তানকে খোঁচা জয়শংকরের-দৈনিক সংবাদ প্রতিদিন-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

 

নব্য জেএমবির শীর্ষস্থানীয় জঙ্গি গ্রেপ্তার: সিটিটিসি-দৈনিক প্রথম আলো

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বলছে, আইএসপন্থী নব্য জেএমবির শীর্ষস্থানীয় এক সদস্যকে তারা গ্রেপ্তার করেছে। সিটিটিসির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শিব্বির আহমাদ (২২)। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্ব বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে মুঠোফোন, জিহাদি বই ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ বই উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। সিটিটিসি বলছে, শিব্বির আহমাদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে শিব্বির জানিয়েছেন, তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থ সংগ্রহ করে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছিলেন। নব্য জেএমবির একসময়কার আমির মুসার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী: ওবায়দুল কাদের- কালেরকণ্ঠ

কোনোভাবেই দলে অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী।

আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীরা কখনো দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করে না। সাম্প্রতিককালে দেখা গেছে, দলের ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী।

গাজায় হামাস ঘাঁটিতে যুদ্ধবিমান-ট্যাংক হামলা ইসরাইলের- দৈনিক যুগান্তর

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ দল হামাসের ঘাঁটি লক্ষ্যবস্তু করে যুদ্ধবিমান ও ট্যাংক দিয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। শুক্রবার ভোর হওয়ার আগেই ইহুদি এ অবৈধ রাষ্ট্রের সেনাবাহিনীর হামলায় কেঁপে ওঠে গাজা।এক টুইট বার্তায় ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের গাজা থেকে বেলুন বোমা হামলার জবাব দিতেই হামাসকে লক্ষ্য করে এমন সামরিক হামলা চালানো হয়েছে।

ফিলিস্তনের একটি সূত্র জানায়, ইসরাইলি বিমান থেকে গাজা ও রাফায় ফিলিস্তিনি প্রতিরোধী দল হামাসের সশস্ত্র শাখা ইজ আদ-দিন-আল-কাসাম ব্রিগেডের একটি ঘাঁটি ও পর্যবেক্ষণ চৌকিতে হামলা চালিয়েছে।

টুইটারে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে ছয়টি রকেট হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে গাজায় খাদ্য ওষুধ ছাড়া সবধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী। পাশাপাশি গাজার মৎস্য আহোরণ কেন্দ্রটিও বন্ধ করে দেওয়া হয়। করোনার সময়ে ইসরাইলি অবরোধ ফিলিস্তিনিদের চরম দুর্দশায় ফেলেছে।

কবে আসবে করোনার টিকা -দৈনিক ইত্তেফাক

করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কারের চেয়ে প্রতিষেধক হিসেবে এর ভ্যাকসিন বা টিকা আবিষ্কারেই গুরুত্ব দিচ্ছেন বিজ্ঞানীরা। বিশ্বের ১৭০টিরও বেশি গবেষক দল টিকা আবিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। তবে গতকাল পর্যন্ত কোনো টিকারই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। ফলে নির্দিষ্ট করে কবে টিকা আসবে তা বলতেও পারছেন না বিশেষজ্ঞরা। যদিও চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে কার্যকর টিকা বাজারে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী, ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে আছে ১৭০টির বেশি উদ্যোগ। একেকটি ভ্যাকসিনের পরীক্ষাপর্ব সারতেই সাধারণত বছরের পর বছর সময় লাগে। তবে কোভিড-১৯-এর ক্ষেত্রে তা ১২ থেকে ১৮ মাসে নামিয়ে আনার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৭ জনের মৃত্যু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৭৪ জনে। এছাড়াও একই সময়ে আরও ২ হাজার ২১১ জন করোন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬ হাজার ৭৯৪। শুক্রবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৮০৬ জন।

ভয়ঙ্কর অসুস্থ পরিবেশের মধ্যে আছি: রিজভী-দৈনিক মানবজমিন

আমরা একটি ভয়ঙ্কর অসুস্থ পরিবেশের মধ্যে আছি। সুস্থ গণতন্ত্র নেই বলে আমাদেরকে নানাভাবে নানা কৌশলে কথাগুলো বলতে হচ্ছে। কথার মধ্যে যদি কোন ব্যত্যয় ঘটে তবে নিস্তার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ডিজিটাল আইন আছে, সরকারের অনেক অস্ত্র আছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা এটি একটি অস্ত্র, নানা ধরনের গালাগালি এটি একটি অস্ত্র, ডিজিটাল আইন এটি একটি অস্ত্র। এরপর আরও বড় অস্ত্র আছে বিচারবহির্ভূত হত্যা। এগুলো সব সরকারের হাতে প্রয়োজনে বিরোধীদলের কণ্ঠকে রুদ্ধ করার জন্য, মিছিল বন্ধ করার জন্য, রাজনৈতিক তৎপরতা বন্ধ করার জন্য সরকারের যখন যে অস্ত্র ব্যবহার করা দরকার সেই অস্ত্র তারা নির্বিঘেœ ব্যবহার করছে। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ছাত্রদল মুন্নিজান হল শাখার সাবেক সভানেত্রী দিলরুবা শওকত এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

চীনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়াল কীভাবে হবে?-দৈনিক নয়া দিগন্ত

অনেকদিন ঝুলে থাকার পর অবশেষে করোনাভাইরাস প্রতিরোধে চীনা কোম্পানির ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে।

চীনা কোম্পানির টিকার বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়ালের কাজটি করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোভিড-১৯’র চিকিৎসার জন্য নির্ধারিত সাতটি হাসপাতালের নিজ থেকে আগ্রহ প্রকাশকারী চার হাজার দুইশ জন স্বাস্থ্যকর্মী বাছাই করে তাদের এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।

যত দ্রুত সম্ভব তা শুরু করার জন্য উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশে ট্রায়ালের পদ্ধতি

আইসিডিডিআরবি-র কর্মকর্তারা বলেছেন, বিশ্বের অন্যান্য দেশে যেভাবে পরীক্ষা চালানো হয়েছে, সেই নিয়ম অনুসরণ করে বাংলাদেশের জন্য একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে। যাদের ওপর ট্রায়াল চালানো হবে, তাদের একদলকে দেয়া হবে করোনাভাইরাস প্রতিষেধক উপাদানসহ আসল টিকা। আরেকদলকে এমন কিছু দেয়া হবে, যাতে আসল টিকার কোনো উপাদান থাকবে না (যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্ল্যাসিবো বলা হয়)। কিন্তু কাউকেই জানানো হবে না কাদের আসল টিকা আর কাদের প্ল্যাসিবো দেয়া হচ্ছে। দুটি দলকেই পর্যবেক্ষণে রাখা হবে ছয় মাস।

এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি টেলিমেডিসিন ইউনিট ইতোমধ্যেই গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টা তা চালু থাকবে।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

রক্ত সঞ্চালন স্বাভাবিক, চলছে ফুসফুস ও কিডনির চিকিৎসা, প্রণব এখনও ভেন্টিলেটরেই-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ফুসফুস ও কিডনির সমস্যা রয়েছে। তবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক। শুক্রবার দিল্লির সেনা হাসপাতালের তরফে এমনটাই জানানো হল।এ দিন হাসপাতালের তরফে বুলেটিন প্রকাশ করে বলা হয়, ‘‘চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ফুসফুসে সংক্রমণ এবং কিডনির অকার্যকরিতার চিকিৎসা চলছে তাঁর। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল।’’তিন সপ্তাহ হতে চলল দিল্লির সেনা হাসপাতালে ভর্তি প্রণব মুখোপাধ্যায়। গত ৯ অগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তাঁর। পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।

কলেজবিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে, ইউজিসির নির্দেশিকা বহাল রাখল সুপ্রিম কোর্ট-দৈনিক আজকাল

কলেজ–বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে। রাজ্য সরকারগুলির বিরোধিতা উপেক্ষা করে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের সিদ্ধান্তকে একপ্রকার শিলমোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত সাফ জানিয়ে দিল, পরীক্ষা ছাড়া পড়ুয়ারা পরের ক্লাসে উঠতে পারে না। তাই রাজ্য সরকারগুলিকে কলেজ–বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিতেই হবে। তবে, প্রয়োজন পড়লে ৩০ সেপ্টেম্বরের ডেডলাইন পিছিয়ে দেওয়া যেতে পারে।

করোনা আবহে সেই মার্চ মাস থেকেই বন্ধ স্কুল–কলেজ। এই পরিস্থিতিতে স্কুল এবং কলেজের প্রায় সব স্তরের পরীক্ষাই বাতিল করতে হয়েছে। ব্যতিক্রম শুধু চূড়ান্ত বর্ষের পরীক্ষা। ইউজিসির দাবি ছিল, নিয়ম অনুযায়ী কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা না নিয়ে কোনও পড়ুয়াকে ডিগ্রি দেওয়া সম্ভব নয়। তাই, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে। গত ৬ জুলাই এক নির্দেশিকা জারি করে ইউজিসি ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার ডেডলাইনও ঘোষণা করে। কিন্তু ক্রমবর্ধমান করোনা আতঙ্কের মধ্যে অনেক রাজ্যই এই পরিস্থিতিতে পরীক্ষা নিতে রাজি হয়নি। করোনা সংক্রমণের কারণে পরীক্ষা বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে।

জঙ্গি তৈরির কারিগররাই আজ সন্ত্রাসের শিকার বলে কান্নাকাটি করছে, পাকিস্তানকে খোঁচা জয়শংকরের-দৈনিক সংবাদ প্রতিদিন

বৃহস্পতিবারই পুলওয়ামা হামলার মূলচক্রী মাসুদ আজহারকে আশ্রয় দেওয়ার জন্য ইসালামাবাদের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তার ঠিক পরেরদিনই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।  

শুক্রবার সকালে ১৯তম দরবারি শেঠ মেমোরিয়াল শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। তার মাঝেই জঙ্গিদের মদত দেওয়ার জন্য পাকিস্তানকে তীব্র কটাক্ষ করেন। ইমরানের প্রশাসনের সমালোচনা করে ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘যে দেশ সারা বিশ্বের কাছে জঙ্গিদের জন্ম দেওয়ার জন্য পরিচিত, বিভিন্ন দেশে জঙ্গিদের পাঠিয়ে নাশকতার ঘটনা ঘটায়। তারাই আজ নিজেদের সন্ত্রাসবাদের শিকার বলে কান্নাকাটি করছে। এভাবেই সবার চোখে ধুলো দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

পার্সটুডে/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।