সেপ্টেম্বর ২২, ২০২০ ১৩:০২ Asia/Dhaka

শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আজও আমি একটি বাণী শুনিয়ে আসর শুরু করতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার থেকে সবচেয়ে দূরে যে কৃপণ, কটুভাষী ও গালমন্দকারী’। 

আকতার জাহান: আমরা সবাই কৃপণতা ও কটুভাষা থেকে দূরে থাকব- এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আলী সাহারদি থেকে। আর লিখেছেন আমল শ্রোতা সংঘের সভাপতি সেলিনা তারেক। তিনি লিখেছেন, নিজের প্রয়োজনেই আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। নতুন ধারাবাহিক ‘পাশ্চাত্যে জীবন ব্যবস্থা’র প্রথম পর্ব শুনলাম। এতে পাশ্চাত্যের গণমাধ্যম কিভাবে ইসলামি মূল্যবোধ ধ্বংসের পাঁয়তারা করছে- তা ফুটে উঠেছে। অনুষ্ঠানটি আমাদেরকে সঠিক জীবনযাপনের পথ দেখাবে। এমন একটি অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বলে শেষ করা যাবে না।

নাসির মাহমুদ: বগুড়ার চাঁদনী বাজার থেকে সাইফুল ইসলাম লিখেছেন আসরের পরের চিঠিটি। সালাম ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, গত ৬ আগস্ট জনপ্রিয় শিশু কিশোরদের ‘রংধনু’ আসরে শুনলাম 'সুখ' নিয়ে খুবই সুন্দর একটি গল্প। গল্পটি ভীষণ ভালো লেগেছে। এরপর সাক্ষাৎকার পর্বে শুনলাম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার প্লে-নার্সারিতে পড়ুয়া ছোট্ট বন্ধু মাসুমা জাহরা'র কথা। তার কবিতা পাঠ এবং গান অসাধারণ লেগেছে। স্বীকার করতেই হয়, তার কন্ঠ ভারী মিষ্টি। বেজায় চটপটে জাহরা 'বাবুদের তালপুকুরে' কবিতাটি এতো সুন্দরভাবে বললেন, কি বলবো ভীষণ ভীষণ ভালো লেগেছে। দুটি গানও গেয়েছে খুব সুন্দরভাবে। তার জন্য শুভ কামনা রইল। 

আশরাফুর রহমান: সিরাজগঞ্জের শাহজাদপুর থানার সূচনা সমাজকল্যাণ সংঘ থেকে মো. মিজানুর রহমান পাঠিয়েছেন এই চিঠিটি। ইহুদিবাদি ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কুটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সমালোচনা করে তিনি লিখেছেন, “বর্তমানে কিছু আরব দেশ ইসরাইলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে। এর উদ্দেশ্য একটাই সেটা হলো- মধ্যপাচ্য থেকে ইরানের শক্তি রহিত করা। ইরান যেভাবে আধুনিক সামরিক সরঞ্জাম উদ্ভাবন করছে তা সারা বিশ্বে তাক লাগানোর মতো ব্যাপার। সৌদি যুবরাজ মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করতে চায়। সেই জন্য আমেরিকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ক্রয়ের মাধ্যমে নিজেকে শক্তিশালী করতে চাইছে। কিন্তু সেটা কি কখনও সম্ভব হবে? আমাদের ধর্মগ্রন্থে বলা আছে- তোমরা কখনও ইহুদিদের সাথে বন্ধুত্ব করো না, অথচ আমরা সেটাই করছি। আমার মনে হয় ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি।"

আকতার জাহান:  ভারতের নয়াদিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, “নিয়মিত শ্রোতা হিসেবে রেডিও তেহরান বাংলা পরিষেবার সকল সদস্যকে আমার কৃতজ্ঞতা জানাই। কোভিড-১৯ মহামারীর সংকটময় সময়েও রেডিও তেহরান আমাদের পরিবার ও সকলের জন্য যে তথ্যবহুল এবং উচ্চমানের প্রোগ্রাম, দরকারি তথ্য এবং প্রয়োজনীয় বিনোদন পরিবেশন করছে তা অভাবনীয়।”

নাসির মাহমুদ: এরপর জয়ন্তী চক্রবর্তী লিখেছেন, “এটা জানতে পেরে আনন্দিত যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বাস্তববাদী নেতৃত্ব এবং দক্ষ স্বাস্থ্যসেবার ব্যবস্থার কারণে অন্যান্য অনেক দেশের তুলনায় করোনাভাইরাসকে দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সংক্রমণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণভাবে বেড়ে ওঠা মোকাবেলা করতে এবং তা নিয়ন্ত্রণে রাখতে ইরান প্রাথমিকভাবে সক্রিয় প্রতিক্রিয়া জানিয়ে নিবিড়ভাবে পরীক্ষা চালিয়ে এবং কৌশলগতভাবে যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সক্রিয় হয়ে উঠেছে। ইরানের বাস্তববাদী সরকার নাগরিকদের কল্যাণ ও স্বাস্থ্য ব্যবস্থা  সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।” ইরান এখন বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে প্রশংসা পাচ্ছে বলেও এ শ্রোতাবন্ধু উল্লেখ করেছেন।

আশরাফুর রহমান: বাংলাদেশের নওগাঁ জেলার সান্তাহার থানার সোর্স অফ নলেজ ক্লাবের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম। তিনি লিখেছেন, “করোনা ভাইরাসের প্রকোপ কমিয়ে বিশ্ব আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মানুষ আবার স্বরূপে ফিরতে ব্যস্ত। বিশ্বব্যাপী অর্থনীতির চাকা আবার সচল হতে শুরু করেছে। হয়তবা আরো কিছুটা সময় প্রয়োজন। আশা করব, বিশ্বের বিভিন্ন বেতার কেন্দ্রগুলো নিজ নিজ অনুষ্ঠান আগের মত অনবদ্যভাবে প্রচার করে যাবে। শ্রোতারাও আগের মত বেতারের অনুষ্ঠান শোনায় ব্যস্ত সময় পার করবে। নিজেদের মূল্যবান মতামত জানাবে বেতার কেন্দ্রগুলোর কাছে।” সবশেষে এ শ্রোতাবন্ধু একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন, ইরানে কি কি সামুদ্রিক মাছ পাওয়া যায়? পুকুরে চাষ হয়- এমন কিছু ছোট ও বড় জাতের মাছের নাম বলুন?

আকতার জাহান: ইরানে গ্রে মুলেটস, স্টারগন, কিল-কা, টুনা, চাইনিস কার্পস, রেইনবো ট্রয়ট এসব সামুদ্রিক মাছ পাওয়া যায়। ইরানে পুকুরে মাছ চাষের প্রচলন নেই বললেই চলে।  সমুদ্রের পানিতেই স্টিলের খাঁচার মতো বড় রকমের পাত্রে  মাছ চাষ করা হয়। আর ছোট মাছের মধ্যে খিলকা, চিংড়ি, পুটি, রুপচাঁদা এসব পাওয়া যায়।   

নাসির মাহমুদ: কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন লিখেছেন পরের চিঠিটি। ২৬ আগস্ট তারিখের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, আজকের কথাবার্তা বেশ ভালো লেগেছে। বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে পারলাম এ অনুষ্ঠান থেকে। গাজী আব্দুর রশিদের উপস্থাপনা ছিল চমৎকার, আর সিরাজুল ইসলামের বিশ্লেষণ ছিল খুবই উপভোগ্য। সিরাজুল ইসলাম খুব সুন্দরভাবে বিএনপি নেতা রিজভী আহমেদের বক্তব্যকে বিশ্লেষণ করেছেন। তাঁর মতামতের সাথে আমিও একমত। তাছাড়া তিনি মিয়ানমারের মুসলিম রাজনীতিবিদদের অযোগ্য ঘোষণা করার বিষয়ে যে বিশ্লেষণ করেছেন, তাও আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। সিরাজুল ইসলামের চমৎকার বিশ্লেষণের জন্যে তাঁকে ধন্যবাদ জানাই।  

আশরাফুর রহমান: অনুষ্ঠানের শেষ চিঠিটি এসেছে রাজশাহীর পুরান তাহিরপুর থেকে আর লিখেছেন মোঃ সাইফুল ইসলাম থান্দার। সবার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে এ শ্রোতাবন্ধু একটি গান শোনানোর অনুরোধ করেছেন।

আক্তার জাহান: অনেকদিন গান শোনা হয় না। তো থান্দার ভাই কোন্‌ গানটি শুনতে চেয়েছেন?

নাসির মাহমুদ: তিনি একটি নজরুল গীতি শোনানোর অনুরোধ করেছেন। শিল্পী মান্না দে'র গাওয়া গানটির প্রথম কলি হচ্ছে- যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে।

আশরাফুর রহমান: গানটা আমরা শোনাব একটু পর। তার আগে আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন যেসব শ্রোতা আমি তাদের কয়েকজনের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  • ইউক্রেন থেকে কোসতিয়ানতিন প্রাভোতোরোভ
  • ভারতের ছত্তিশগড় থেকে আনন্দমোহন বাইন
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে মুহাম্মদ নাজিমউদ্দিন
  • বাংলাদেশের রাজবাড়ি থেকে শাওন হোসাইন
  • টাঙ্গাইল থেকে আবু তাহের
  • শাহাদত হোসেন কিশোরগঞ্জ থেকে
  • এবং সিরাজগঞ্জ থেকে ফিরোজ আলম

আকতার জাহান: তো যারা মতামত ও শ্রবণমান রিপোর্ট জানিয়ে চিঠি পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

নাসির মাহমদু: তো শ্রোতাবন্ধুরা, আপনারা সাইফুল ইসলাম থান্দার ভাইয়ের অনুরোধের গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।

আশরাফুর রহমান: কথা হবে আবারো পরবর্তী আসরে। সে পর্যন্ত ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।