সেপ্টেম্বর ২৮, ২০২০ ২০:০৯ Asia/Dhaka

শ্রোতান্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান:  আজও আমি একটি হাদিস শুনিয়ে আসর শুরু করতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, "ধন্য সেই ব্যক্তি যার খোদা-ভীতি তাকে মানুষের ভয় থেকে বিরত রাখে, যার রোজগার পবিত্র, অন্তর পরিশুদ্ধ, বাহ্যিক দিকও সুন্দর এবং চরিত্র সঠিক।"

আকতার জাহান: আমরা সবাই যেন এই সৎ গুণাবলী অর্জনের মাধ্যমে নিজেদেরকে ধন্য করতে পারি- এ আশাবাদ ব্যক্ত করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

নাসির মাহমুদ: চিঠিপত্রের দিকে নজর দেওয়ার আগে আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা শ্রোতাদের জানানো দরকার।

আকতার জাহান: ঠিক আছে, ঘোষণাটি যেহেতু গুরুত্বপূর্ণ সেহেতু সেটাই আগে জানিয়ে দিন।

নাসির মাহমুদ: ঘোষণাটি হচ্ছে- শ্রোতাবন্ধুদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান দেখিয়ে আজ থেকেই চিঠিপত্রের আসর প্রিয়জন প্রতি সোমবার প্রায় ১৮ মিনিটব্যাপী সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি আকর্ষণীয় করে সাজাতে কোনো পরামর্শ থাকলে দিতে পারেন। সেইসাথে আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে আগের চেয়েও বেশি বেশি চিঠি লিখতে পারেন শ্রোতাবন্ধুরা।  

আশরাফুর রহমান: শ্রোতাবন্ধুদের দাবি যেহেতু পূরণ হয়েছে তাই তারাও মনের মতো করে দু'হাত খুলে চিঠি লিখবেন এটাই স্বাভাবিক। এছাড়া, ইরানসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নও পাঠাতে পারেন, জানাতে পারেন গানের অনুরোধও।

যাইহোক, আসরের প্রথম চিঠিটি এসেছে ভারতের ছত্তিশগড়ের দুর্গ জেলার 'পরিবার বন্ধু শর্টওয়েভ লিসেনার্স  ক্লাব' থেকে। আর লিখেছেন আনন্দ মোহন বাইন। তিনি লিখেছেন- রেডিও তেহরানের খবর, দৃষ্টিপাত ও কথাবার্তা আমার খুব ভালো লাগে। কথাবার্তা অনুষ্ঠানে ভারত-বাংলাদেশের পত্রপত্রিকার মতামত তুলে ধরা হয় এটা আমার মতো শ্রোতাদের কাছে একটা বড় পাওনা। কারণ আমার এখানে ওই সব পত্রপত্রিকা পাওয়া যায় না।

আকতার জাহান: এরপর এ শ্রোতাবন্ধু লিখেছেন, রংধনু অনুষ্ঠানটি ছোট-বড় সবাই শোনে এবং পছন্দ করে। তবে সাম্প্রতিক একটি অনুষ্ঠান শুনে আমার মনে হয়েছে বিষয়বস্তু নির্বাচনের সময় মনে রাখতে হবে যে, যাদের জন্য এই অনুষ্ঠান তাদের বয়স ১২ বছর বা তারও কম।

নাসির মাহমুদ: রংধনু আসর ছোটদের উপযোগী করে তৈরির চেষ্টা করা হয়। যদিও আমরা জানি ছোটদের চেয়ে বড়রাই এই অনুষ্ঠান বেশি শোনেন। আপনি ঠিক কোন্‌ পর্বটির কথা বলছেন তা উল্লেখ করলে বুঝতে সুবিধা হতো। তো, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন পরের চিঠিটি। তিনি লিখেছেন, গত ৮ আগস্ট শনিবারে বিশ্বসংবাদ ও দৃষ্টিপাতের পর ‘ঈদে গাদির: ইসলামী ঐক্য ও পূর্ণতার উৎসব’ শীর্ষক বিশেষ একটি অনুষ্ঠান প্রচারিত হয়। আসলে এর আগে ঈদে গাদির সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। এ অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে, মহানবী (সা.) বিদায় হজের কয়েকদিন পর আল্লাহর নির্দেশে হযরত আলী (আ.)-কে নিজের খলিফা বা প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন। হিজরি ১০ সালের জিলহজ মাসে মহানবী (সা.) বিদায় হজ সমাপনের পর মদীনার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে জিলহজ মাসের ১৮ তারিখে গাদির-এ-খুম নামক স্থানে উপস্থিত হলে সুরা মায়েদার ৬৭ নম্বর আয়াত নাজিল হয়। উক্ত আয়াতের নির্দেশনা অনুযায়ী মহানবী (সা.) হযরত আলী (আ.)-কে খলিফা বা প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি আমাদের খুব ভালো লেগেছে। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য এভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্যে রেডিও তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আশরাফুর রহমান: ভাই শাহাদত হোসেন, ঐতিহাসিক একটি ঘটনা আপনি মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি চিঠি লিখে মতামত জানিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের পঞ্চগড়ের দশমাইল থেকে। আর পাঠিয়েছেন মোঃ জুয়েল। শোকাবহ মহররম উপলক্ষে প্রচারিত অনুষ্ঠানের প্রশংসা করে তিনি লিখেছেন, গত ৩০ আগস্টের অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনলাম। সত্যি পবিত্র মহররমকে কেন্দ্র করে সাজানো অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। যদিও এটা আমাদের জন্য অত্যন্ত শোকাবহ ছিল। তবুও অনুষ্ঠানটি আমার কাছে বেশ ভালো লেগেছে।

আকতার জাহান:  শোকাবহ মহররম উপলক্ষে প্রচারিত অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। চিঠি লিখার জন্য ধন্যবাদ।

রংপুরের 'আলোকিত মানুষ চাই, আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব'-এর সভাপতি এ টি এম আতাউর রহমান রঞ্জু লিখেছেন এবারের চিঠিটি। আশুরা দিবস সম্পর্কে তিনি লিখেছেন, "বিশ্বব্যাপী শোকাবহ দশ মহরম আশুরা দিবস পালিত হলো ব্যথিত মনে। হজরত ইমাম হোসাইন ও উনার পরিবারসহ অসংখ্য বীর যুদ্ধ করে শহীদ হয়েছেন কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে। সেদিনের সেই হৃদয় বিদারক, মর্মান্তিক, নিষ্ঠুর দিন সামনে এলেই আমাদের মন ডুকরে ডুকরে কাঁদে। শোক পালন করি আমরা।"

এরপর রঞ্জু ভাই রেডিও তেহরানের আগস্ট মাসের শ্রেষ্ঠ শ্রোতা শাহাদাত ভাইকে  আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

নাসির মাহমুদ: শাহাদত ভাইকে আমরাও প্রিয়জনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সেইসাথে জানিয়ে রাখছি যে, এ বছর আমরা মাসিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার দেওয়ার পাশাপাশি দুজনকে বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছর সর্বাধিক চিঠি, রিসিপশন রিপোর্ট এবং সোস্যাল মিডিয়ায় রেডিও তেহরানের পক্ষে প্রচারণা চালাবেন- এমন দুজনকে এই পুরস্কার দেওয়া হবে এদের মধ্যে একজন বাংলাদেশ থেকে আরেকজন ভারত থেকে মনোনীত হবেন 

আশরাফুর রহমান: আসরের পরের চিঠিটি এসেছে বগুড়ার চাঁদনী বাজার থেকে। আর লিখেছেন মোঃ সাইফুল ইসলাম। তিনি লিখেছেন-  মহররম মাসের শুরু থেকেই রেডিও তেহরান প্রচার করেছে 'চির ভাস্বর কারবালার মহাবিপ্লব' নামে বিশেষ অনুষ্ঠান। একে একে এর ১০টি পর্ব প্রচারিত হয়েছে। আশুরা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান উপহার দেয়ার জন্য রেডিও তেহরানকে অজস্র ধন্যবাদ।

আকতার জাহান: ঠিকানাবিহীন এই ইমেইলটি পাঠিয়েছেন মোজাম্মেল হক। তিনি লিখেছেন, আমি একসময় রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা ছিলাম। কাকার সাথে অনুষ্ঠান শুনতাম। কিন্তু চাকরির সুবাদে কাকার কর্মস্থল পরিবর্তন হওয়ায় আমি রেডিও তেহরান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। তবে গত কিছু দিন ধরে আপনাদের ইউটিউব চ্যানেলের সন্ধান পাই। পরে সেখান থেকে ওয়েবসাইটের লিংক খুঁজে বের করি। এখন নিয়মিতই অনলাইনে খবর পড়ি। আমি আপনাদের উপস্থাপনাসহ সকল কার্যক্রমের জন্য মুগ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশ করি।

নাসির মাহমুদ: ভাই মোজাম্মেল হক, আপনার মেইল পেয়ে সত্যিই ভালো লাগল। আশা করি এখন থেকে নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি চিঠি লিখবেন। আসরের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাবন্ধু জাকির হোসেনের সঙ্গে।  

আকতার জাহান: তো ভাই জাকির হোসেন, প্রিয়জনের আসরে অংশ নেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার হ্যাঁ, পরবর্তী আসরে আমরা আপনার ছেলেও সঙ্গেও কথা বলব। জানব রেডিও তেহরান সম্পর্কে তার মূল্যায়ন।

নাসির মাহমুদ: ঢাকার গুলশান থেকে এই চিঠিটি পাঠিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ‘ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব’র সভাপতি এম. জামাল আহমেদ সুবর্ণ। তিনি লিখেছেন, রেডিও তেহরানের সকল পরিবেশনা আমাকে মুগ্ধ করে। আর সে কারণেই রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে কখনোই মিস করি না। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ঢাকা থেকে শর্টওয়েভ মাধ্যমে শুনতে পাই না বিধায় বাধ্য হয়ে অনলাইনের মাধ্যমে শুনে থাকি। লেখার শেষ প্রান্তে বলি- পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ পরিবেশনাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

আশরাফুর রহমান: ভাই সুবর্ণ, মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি নিয়মিত চিঠি লিখবেন।

আসরের পরের চিঠিটি পাঠিয়েছেন নরসিংদীর বেতার শ্রোতা ফাউন্ডেশনের এডমিন মোঃ হোসাইন মুসা। তিনি লিখেছেন, রেডিও তেহরান উনবিংশ শতাব্দী থেকে শোনা শুরু করি তার নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী খবর পরিবেশনের জন্য। এখনও রেডিও তেহরান তার নীতিতে অটল থেকে খবর পরিবেশন করে চলছে। ভবিষ্যতেও খবর পরিবেশনের ক্ষেত্রে একই নীতিতে অবিচল থেকে রেডিও তেহরান খবর পরিবেশন করবেন বলে আশা রাখি।

আকতার জাহান: রেডিও তেহরানের বিশ্বসংবাদ সম্পর্কে হোসাইন মুসা ভাইয়ের মূল্যায়ন জেনে ভালো লাগল। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও তার মতামত জানতে পারব।

তো, আজকের অনুষ্ঠানের শেষ চিঠিটি পাঠিয়েছেন যশোর জেলার চৌগাছা উপজেলার বাড়ীয়ালী যুব পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নূরুল ইসলাম।

নাসির মাহমুদ: কিছুদিন আগেই তো এই শ্রোতাবন্ধুর সাক্ষাৎকার  প্রচার হলো প্রিয়জনের আসরে- তাই না!

আকতার জাহান: হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। শুধু তিনি নন তাঁর ছেলের সাক্ষাৎকারও প্রচার করেছি আমরা। সে যাইহোক, আমি বরং তার চিঠিটিই পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। ১৯৮৫ সাল হতে রেডিও তেহরান শুনে আসছি।  গত ১৭ আগস্ট আগস্ট প্রিয়জন অনুষ্ঠানে আমাদের বাড়ীয়ালী যুব পাঠাগারের নির্বাহী সদস্য মোঃ উবাঈদ হুসাইন আল্-সামির সাক্ষাৎকার প্রচার হয় এবং চলতি মাসের ২ সেপ্টেম্বর তারিখে আমাদের বাড়ীয়ালী যুব

পাঠাগারের শ্রোতাদের নিয়ে রেডিও তেহরানের ওয়েবসাইটে একটি ভিডিওচিত্র প্রকাশ করা হয়। রেডিও তেহরান আমাদের এই খবর প্রকাশ করার পর হতে আমাদের বাড়ীয়ালী যুব পাঠাগারের নিয়মিত শ্রোতা সংখ্যা আরও ৮ জন বৃদ্ধি পেয়ে ৪২ জন হয়েছে। রেডিও তেহরানকে ধন্যবাদ এমন সুন্দর আয়োজন করার জন্য।

আশরাফুর রহমান:  আমাদের ওয়েবসাইটে উবাঈদ হুসাইন আল্-সামির সাক্ষাৎকার প্রচার হওয়ায় শ্রোতাসংখ্যা বেড়েছে জেনে ভালো লাগল। আমাদের পক্ষ থেকে শ্রোতাবন্ধুদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।

নাসির মাহমুদ: অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাবন্ধুদের সুন্দর সুন্দর মতামত জানা হল। এবার আমরা আমাদের অনুষ্ঠানের শ্রবণমান জানিয়ে যেসব শ্রোতাবন্ধু রিপোর্ট জানিয়েছেন তাদের কয়েকজনের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।

     ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শিবেন্দু পাল ও মুহাম্মদ নাজিমউদ্দিন

•      ভারতের ছত্তিশগড় থেকে আনন্দমোহন বাইন

•      বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থেকে আবদুল কুদ্দুস মাস্টার।

•      এবং টাঙ্গাইল থেকে আবু তাহের

আকতার জাহান: তো যারা চিঠি লিখেছেন ও শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাই আজকের আসর থেকে।

আশরাফুর রহমান: বিদায় নেওয়ার আগে শ্রোতাবন্ধুদের জন্য রয়েছে একটি গান। 'শুধু ভালোবাসা' শিরোনামের গানটি লিখেছেন বিলাল হোসাইন নূরী, সূর করেছেন লিটন হাফিজ। আর গেয়েছেন তৌহিদুল ইসলাম।  

নাসির মাহমুদ: আপনারা গানটি শুনতে থাকুন। আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে। #

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।