অক্টোবর ২৬, ২০২০ ১৭:১৯ Asia/Dhaka

শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি বাংলাদেশ ও ভারতসহ পৃথিবীর যে প্রান্তে বসেই আমাদের অনুষ্ঠান শুনছেন না কেন- সবাই ভালো ও সুস্থ আছেন। প্রতি সপ্তার মতো আজও প্রিয়জন উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমেনিন হযরত আলী (আ.) বলেছেন, "যার পিতা-মাতা মারা গেছে সে এতিম নয়, প্রকৃত এতিম সে যার মধ্যে জ্ঞান ও বিবেক নেই।"

আকতার জাহান: আমরা সবাই জ্ঞানী ও বিবেকবান হওয়ার চেষ্টা করব- এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি পাঠিয়েছেন বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। বর্ধিত আকারে প্রচারিত প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, ২৮ সেপ্টেম্বর সোমবার বর্ধিত কলেবরে প্রচারিত প্রথম প্রিয়জন অনুষ্ঠানটি ঐতিহ্য অনুযায়ী একটি হাদিস দিয়েই শুরু হয়। হাদিসের পর প্রিয়জন সম্পর্কে কিছু তথ্য জানিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। শ্রোতাদের বৈচিত্রময় চিঠি পড়ার সাথে সাথে আপনারা আপনাদের নিজেদের মতামতও দিচ্ছিলেন। সেজন্যে আড্ডাটা বেশ প্রাণবন্ত হয়ে উঠছিল। এছাড়াও ভারতের মুর্শিদাবাদের শ্রোতাবন্ধু এস এম জাকির হোসেনের সাক্ষাৎকার এবং অনুষ্ঠান শেষে তৌহিদুল ইসলামের কণ্ঠে 'শুধু ভালোবাসা' শীর্ষক গানটি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে। এমন বৈঠকি একটি আড্ডা আমাদেরকে উপহার দেয়ার জন্যে রেডিও তেহরানকে আবারো ধন্যবাদ জানাই।

নাসির মাহমুদ: শাহাদত ভাই আরও লিখেছেন, এতসব প্রাপ্তির মাঝে একটু বেদনাও আছে। জানতে পারলাম, এখন থেকে প্রিয়জন সপ্তাহে একদিন প্রচারিত হবে। কিন্তু আমরা যে সপ্তাহে দু’দিনই প্রিয়জনকে চাই। একদিনে আমাদের আকাঙ্ক্ষা মেটে না। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুর রহমান ভাই বলেছেন যে, নতুন ফার্সি বছর থেকে প্রিয়জন আবারো সপ্তাহে দু’দিনই হতে পারে। তাঁর কথা যেন সত্যি হয়; বাস্তবে রূপ নেয়- সে প্রত্যাশাই করি।

আশরাফুর রহমান: নতুন আঙ্গিকে এবং বর্ধিত কলেবরে শুরু হওয়া প্রিয়জন সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগল। আর হ্যাঁ, নতুন ফার্সি বছরে প্রতি সপ্তাহে দু'টি প্রিয়জন প্রচারের পরিকল্পনা আমাদের রয়েছে। চিঠি ও মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আকতার জাহান: বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমীী এন্ড কলেজের প্রভাষক ফিরোজ আলম লিখেছেন পরের মেইলটি। শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জনকে নতুন আঙ্গিকে সাজানো এবং জনপ্রিয় করায় ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, "বিশ্বের বিভিন্ন বেতার কেন্দ্র, টেলিভিশন ও পত্রিকা শিশুদের বিকাশ ও উন্নয়নে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে। তাতে থাকে না ঈমানী শক্তি বৃদ্ধির কোনো উপকরণ, মানবিক বিকাশ বা সততার শিক্ষা। কিন্তু রেডিও তেহরান একমাত্র কেন্দ্র যার অনুষ্ঠান শুনলে শিশুরা ইহলৌকিক ও পারলৌকিক জীবনের জন্য উপযুক্ত হয়ে গড়ে উঠবে। শুধু শিশু বিষয়ক অনুষ্ঠান নয়, রেডিও তেহরানের সকল অনুষ্ঠান এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। শ্রোতাবন্ধুদের প্রতি আহ্বান জানাই তারা যেন নিয়মিত শিশুদের রেডিও তেহরান শুনতে দেন।"

নাসির মাহমুদ: আশা করি শ্রোতাবন্ধুরা আপনার আহ্বানে সাড়া দিয়ে পরিবারের ছোটদেরকে আমাদের অনুষ্ঠান শুনতে উদ্বুদ্ধ করবেন। চমৎকার একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আপনাকে ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে। আর লিখেছেন নাফিসা খাতুন। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা। বর্ধিত কলেবরে নতুন আঙ্গিকে প্রিয়জন অনুষ্ঠান শুনলাম আজ। চিঠিপত্রের জবাব, প্রাপ্তি স্বীকার, গানের অনুরোধসহ সাক্ষাৎকার। সব মিলিয়ে জমজমাট একটি সুন্দর আসর উপহার পেলাম। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান নিয়ে শ্রোতারা কী ভাবছেন তার অভিব্যক্তি প্রকাশ করেছেন এ অনুষ্ঠানে। আসলে এসব মতামত থেকে কোনো কোনো দিনের মিস করা অনুষ্ঠানের পুনঃআলোচনার মাধ্যমে আরো একবার জানার সুযোগ ঘটে। যাইহোক শ্রোতাদের দীর্ঘদিনের প্রত্যাশা, বড় আকারে প্রিয়জন প্রচারের ব্যবস্থা আজ পূর্ণতা পেল।”

সবশেষে এ শ্রোতাবোন ইরানে বহুল প্রচলিত একটি ফার্সি গান প্রচারের অনুরোধ করেছেন।

আশরাফুর রহমান: বোন নাফিসা খাতুন, প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে মতামতের জন্য ধন্যবাদ। আর আপনার অনুরোধের গানটি অনুষ্ঠানের শেষের দিকে প্রচারের ইচ্ছে রইল। আশাকরি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।

আকতার জাহান: বগুড়ার চাঁদনী বাজার থেকে মোঃ সাইফুল ইসলাম পাঠিয়েছেন এবারের মেইলটি। শিশু-কিশোরদের জনপ্রিয় অনুষ্ঠান 'রংধনু আসর' সম্পর্কে মতামত জানাতে গিয়ে তিনি লিখেছেন, গত ২৪ সেপ্টেম্বরের রংধনু'র আসরে শুনলাম চমৎকার একটি গল্প। গল্পটি হচ্ছে- এক তরমুজ চাষী ও বাদশা আব্বাসের গল্প। গল্পটি আমার ভীষণ ভালো লেগেছে। এ ধরনের চমৎকার গল্প আগামীতেও শুনতে চাই। ভালো লেগেছে ঢাকার সপ্তম শ্রেণির বন্ধু কারিমা ফেরদৌসী কেকা'র সাক্ষাৎকারটিও। কেকা বেশ চটপটে। সে কম্পিউটার প্রোগামিং নিয়ে কাজ করছে বলে জানলাম। তার জন্য শুভ কামনা রইল। চমৎকার আয়োজন ছিল এই দিনের রংধনু'র। অজস্র ধন্যবাদ রেডিও তেহরানের বাংলা বিভাগকে। পরবর্তী আসর শোনার অপেক্ষায় রইলাম।

নাসির মাহমুদ: রংধনু আসরের গল্প ও সাক্ষাৎকার আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। চিঠি লেখার জন্য সাইফুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Image Caption

 

আসরের এ পর্যায়ে আমরা সরাসরি মতামত জানব সিনিয়র শ্রোতাবন্ধু খোন্দকার রফিকুল ইসলামমের কাছ থেকে যিনি দীর্ঘ ত্রিশ বছর ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন।  

আকতার জাহান: ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হাটশিমলা থেকে প্রদীপ বসাক লিখেছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানে যেসব অনুষ্ঠান প্রচার করা হয় তার মধ্যে ছোটদের অনুষ্ঠান রংধনু, পত্রপত্রিকার পাতা, দৃষ্টিপাত, ইরান বিষয়ক নানা অনুষ্ঠান এবং আমাদের সবারপ্রিয় প্রিয়জনসহ প্রায় অনুষ্ঠান আমার ভালো লাগে।  

নাসির মাহমুদ: চিঠির একাংশে তিনি লিখেছেন, আমরা যারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে রিসেপশন রিপোর্ট পাঠিয়ে থাকি আপনারা তাদেরকে বর্তমানে ইমেইলের মাধ্যমে কিউএসএল কার্ড দিয়ে থাকেন এতে করে শ্রোতাদের মনোবল কিছুটা দুর্বল হয় বলে মনে করি আপনারা যদি আগের মতোই শ্রোতাদের চিঠির মাধ্যমে কিউএসএল কার্ড পাঠান তাহলে শ্রোতাদের মনোবল বৃদ্ধি পাবে এবং চিঠি লিখতে উৎসাহ পাবেআশা করছি রেডিও তেহরান আমাদের এই ছোট্ট দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

আশরাফুর রহমান: তেহরান থেকে সরাসরি কিউএসএল কার্ড পাঠানোর বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আশা করি চিঠি লেখা এবং রিসেপশন রিপোর্ট পাঠানো অব্যাহত রাখবেন।

আসরের এবারের চিঠিটি পাঠিয়েছেন বগুড়ার শিবগঞ্জ থানার পীরব গ্রাম থেকে মোঃ মাসুদুর রহমান। তিনি সেখানকার 'বাংলা ইন্টারন্যাশনাল রেডিও অ্যান্ড নভেল ক্লাব'-এর প্রতিষ্ঠাতা সভাপতি।

মাসুদুর রহমান ভাই লিখেছেন, রেডিও তেহরান এমন এক বেতার এখানে ‘কুরআনের আলো’ অনুষ্ঠানে কুরআনের তাফসির শুনতে পাই, ‘আদর্শ জীবন যাপন’ অনুষ্ঠান শুনে আমরা আদর্শবান জীবন যাপনে অনুপ্রাণিত হই। ‘আসমাউল হুসনা’, ‘প্রাচ্যবিদদের চোখে মহানবী (সা)’, ‘ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস’, মওলানা রুমির বাবা বাহাউদ্দিনের জীবন ও অবদান- এরকম দামী মহামানবের কথা শুনতে পাই।

আকতার জাহান: এ শ্রোতাবন্ধু আরও লিখেছেন, রংধনুর আসর ছোটদের ও বিনোদনের মনের খোরাক জোগায়। রেডিও তেহরানে ইরানের সাংস্কৃতিক স্থাপনা সম্পর্কে জানতে পারি আর নিয়মিত খবরে একমাত্র রেডিও তেহরানই মার্কিন অগ্রাসনের বিরুদ্ধে, মুসলিমদের পক্ষে নির্ভয়ে কথা বলে। আমি এই বেতারের সাথে ফার্সিবর্ষ ১৩৭৭ হতে যুক্ত আছি, মাঝে মধ্যে কিছু প্রতিবন্ধকতা হয়েছে, বর্তমানে নিয়মিত শুনছি। রেডিও তেহরানের সাফল্য কামনা করে আজ শেষ করছি। 

নাসির মাহমুদ: ভাই মাসুদুর রহমান, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় থেকে রেডিও তেহরানের সাথে যুক্ত থাকায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত চিঠি লিখে আমাদের উৎসাহিত করবেন।

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার মধ্য গোবুরিয়া বিলপাড় গ্রামে থেকে এজি মোঃ ফাইজু মিয়া পাঠিয়েছেন এই চিঠিটি। তিনি অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত জানাননি। কেবল জানতে চেয়েছেন- তেহরান কিভাবে, কয়টায়, কোন ব্যান্ডে শোনা যায়?

আশরাফুর রহমান: রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এবং রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত। আর প্রচারিত হয় শর্টওয়েভ, ইন্টারনেট, স্মার্ট ফোন এবং স্যাটেলাইটে। বাংলাদেশ ও ভারতে সান্ধ্য অধিবেশন প্রচারিত হয় শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৯৬৫ কিলোহার্টসে এবং সৌদি আরবে ৩১ মিটারব্যান্ডে ৯৪৬৫ কিলোহার্টসে। আর নৈশ অধিবেশন প্রচারিত হয় শর্টওয়েভ ৪১ মিটার ব্যান্ডে ৭৩০৫ কিলোহার্টসে।

আকতার জাহান: ভাই ফাইজু মিয়া, আশা করি এখন থেকে নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে চিঠি লিখবেন।

ভারতের আসামের গোরালপাড়া জেলার সুপারী ভিটা গ্রাম থেকে মোঃ শাহাদত আলী লিখেছেন আসরের শেষ চিঠিটি। তিনি লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান ১৮ বছর ধরে শুনে আসছি। মাঝেমধ্যে আমি ইমেইল করে থাকি কিন্তু আজ পর্যন্ত কোনো জবাব পাইনি।

নাসির মাহমুদ: চিঠি লিখার পর জবাব না পেলে খারাপ লাগারই কথা। তবে আমরা গুরুত্বপূর্ণ কোনো চিঠি পেলে অবশ্যই তার জবাব দেওয়ার চেষ্টা করি। হতে পারে আপনার চিঠিতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছিল না অথবা আমরা জবাব দিয়েছি কিন্তু কোনো কারণে আপনি তা শুনতে পাননি। যাইহোক, ধৈর্য না হারিয়ে আবারো চিঠি লেখায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 

আকতার জাহান: এ শ্রোতাবন্ধুর চিঠি এখনও শেষ হয়নি। অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, আপনাদের সবগুলো অনুষ্ঠান আমার প্রিয়। তারমধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, চিঠিপত্রের আসর প্রিয়জন, কুরআনের আলো- এই চারটি অনুষ্ঠান আমার বিশেষ প্রিয়। আপনাদের কাছে যোগাযোগের জন্য আমি খুব আগ্রহী।

আশরাফুর রহমান: ভাই শাহাদত আলী, এই চিঠির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ শুরু হলো। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন।

অনুষ্ঠানের এ পর্যায়ে আমি কয়েকজন শ্রোতার নাম-ঠিকানা জানিয়ে দেবো যারা আমাদের অনুষ্ঠান শোনার পর শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • সাবের জাওয়াদ, সিদি হাজ্জাজ, মরক্কো থেকে।
  • চীনের চচিয়াং প্রদেশ থেকে লু দাচেঙ
  • একই দেশের কানসু প্রদেশ থেকে চেনহেঙ কাঙ

নাসির মাহমুদ: ভারত থেকে যারা শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তারা হলেন-

  •  আনন্দ মোহন বাইন ছত্তিশগড়ের দুর্গ থেকে
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শিবেন্দু পাল
  • উত্তর দিনাজপুর থেকে এস এম নাজিমউদ্দিন
  • প্রদীপ বসাক, হাটশিমলা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে

আকতার জাহান: বাংলাদেশ থেকেও কয়েকজন ভাই রিসিপশন রিপোর্ট পাঠিয়েছেন।

  •  সিরাজগঞ্জ থেকে ফিরোজ আলম
  • মোঃ শাহাদত হোসেন কিশোরগঞ্জে থেকে
  • রাজবাড়ি জেলার খোশবাড়ি থেকে শাওন হোসাইন।
  • এবং খোন্দকার রফিকুল ইসলাম নওগাঁ থেকে।

আশরাফুর রহমান: তো যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি রিসিপশন রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে মুর্শিদাবাদের শ্রোতাবোন নাফিসা খাতুনের অনুরোধের গান।  

নাসির মাহমুদ: ইরানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদে নূরির গাওয়া গানটি আপনারা শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।