প্রিয়জন: 'রেডিও তেহরান ছোট-বড় সব শ্রোতাকে সমান গুরুত্ব দিয়ে থাকে'
শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। প্রতি সপ্তার মতো আজও অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। রাসূলেখোদা (সা.) বলেছেন, "মিথ্যা পরিহার করো। কারণ, মিথ্যা মুখে কালিমা এনে দেয়, আর সে আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়। আর সত্য মুখ উজ্জ্বল করে আর আল্লাহর কাছে সত্যবাদী বলে লিপিবদ্ধ হয়। জেনে রাখ, সত্য হলো কল্যাণময়, আর মিথ্যা অমঙ্গলকর।"
আকতার জাহান: আমরা সবাই সত্যের পথে চলব- এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে। আর পাঠিয়েছেন এস এম নাজিম উদ্দিন। তিনি লিখেছেন- "ইসলামী প্রজাতন্ত্র ইরানকে জানা ও বোঝার জন্যে খুব সুন্দর একটি সাপ্তাহিক পরিবেশনা হলো, 'ইরানের পণ্য-সামগ্রী' অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মাধ্যমে ইরানে উৎপাদিত নানা সামগ্রীর কথা জানতে পারি। গত ৬ অক্টোবর অনুষ্ঠানে আলোচনা হলো- ইরানের মৃৎ-শিল্প সম্পর্কে। এই অনুষ্ঠান থেকে ইরানি পণ্যের একটি ভিন্ন দিক শুনতে পেরে খুব ভালো লাগল।"
এছাড়া, ৭ অক্টোবর তারিখে ইমাম হোসাইন (আ.)'র পবিত্র চেহলাম বার্ষিকীর বিশেষ আলোচনাটিও ভালো লেগেছে বলে তিনি জানিয়েছেন।
নাসির মাহমুদ: ভাই নাজিম উদ্দিন, ইরানের পণ্যসামগ্রী ও ইমাম হোসাইন (আ.)'র পবিত্র চেহলাম বার্ষিকীর অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। চিঠি ও মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আসরের পরের চিঠিটি এসেছে রাজবাড়ীর খোশবাড়ী গ্রাম থেকে আর পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক শাওন হোসাইন। তিনি লিখেছেন, "বাংলাদেশে বর্তমানে নারীর প্রতি সহিংসতা ভয়ানকভাবে বেড়ে গেছে যা আমাদেরকে খুবই উদ্বিগ্ন করছে। রেডিও তেহরান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করছে এবং ঢাকার প্রতিনিধি আব্দুর রহমান এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করছেন। আশা করি নারীর প্রতি সহিংসতা রোধে জনমত তৈরিতে রেডিও তেহরান তার ভূমিকা অব্যাহত রাখবে।"
আশরাফুর রহমান: এই চিঠিতে শাওন ভাই একটি প্রশ্নও করেছেন। জানতে চেয়েছেন- ইরানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি?
আকতার জাহান: ইরানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। তবে, এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি ইরানের ধর্মীয়নগরী কোমে অধ্যয়নরত বাংলাদেশি গবেষক ও ইসলামি চিন্তাবিদ মুহাম্মাদ আনওয়ারুল কবির আরিফের সঙ্গে। তিনি জানালেন-
নাসির মাহমুদ: আরিফ ভাই, আপনি ইরানের সংবিধানের ধারা উল্লেখ করে জানালেন যে, এ দেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু এই দণ্ডটা কিভাবে কার্যকর করা হয়- তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আসে। এ বিষয়ে কিছু বলবেন কি?
আশরাফুর রহমান: প্রিয়জনের আসরে অংশ নিয়ে শ্রোতাবন্ধু শাওন হোসাইনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুহাম্মাদ আনওয়ারুল কবির আরিফ- আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বগুড়ার চাঁদনী বাজার থেকে মোঃ সাইফুল ইসলাম পাঠিয়েছেন পরের ইমেইলটি। চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, গত ৫ অক্টোবরের 'প্রিয়জন' এর আসরটি শুনলাম। আসর শুরু করলেন হযরত আলী (আ.)-এর একটি চমৎকার হাদিস দিয়ে। এরপর নতুন বর্ধিত কলেবরের 'প্রিয়জন'কে স্বাগত জানিয়ে যেসব শ্রোতা চিঠি পাঠিয়েছেন তাদের কয়েকজনের চিঠি পড়ে শোনালেন। ছিল ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের শ্রোতা সোহরাব হোসেনের একটি সুন্দর সাক্ষাৎকারও। অনুষ্ঠানের শেষে রিসেপশন রিপোর্ট যারা পাঠিয়েছিল তাদের প্রাপ্তি স্বীকারের পর একটি গানও শোনানো হয়। মোহাম্মাদ ফয়সাল এর কণ্ঠে ‘মা’ শিরোনামের গানটি ভীষণ ভালো লেগেছে। সব মিলিয়ে দারুণ উপভোগ্য ছিল এই দিনের 'প্রিয়জন' এর আসর।
আকতার জাহান: ভাই সাইফুল ইসলাম প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগল। আশা করছি চিঠি লেখা অব্যাহত রাখবেন।
কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের চিঠিটি। গত ১০ অক্টোবর প্রচারিত অনুষ্ঠান শোনার পর লেখা চিঠির কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, বিশ্বসংবাদের পর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে বাংলাদেশের ঢাকায় শুধু মহিলাদের থাকার হোটেল চালুর বিষয়ে প্রতিবেদনটি দারুণ ভালো লেগেছে। এরপর ইরান ভ্রমণে সজদে বা সহজদে মোহন বাগিচা সম্পর্কে সুন্দর বিবরণ দেয়া হয়, যা শুনে সেই বাগিচায় ভ্রমণের আগ্রহ জন্মায়। আর কথাবার্তায় বাংলাদেশের উপ-নির্বাচন নিয়ে সিরাজুল ইসলামের বিশ্লেষণ ছিল যৌক্তিক ও তথবহুল। তাঁর কথা থেকে এদেশের নির্বাচন ব্যবস্থার একটি চিত্র ফুটে উঠেছে, ফুটে উঠেছে এদেশের জনগণের অক্ষমতার চিত্রও।
একইদিন ‘ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস’ অনুষ্ঠানে বায়তুল মোকাদ্দাস অভিযানের রাজনৈতিক অর্জন নিয়ে আলোচনা করা হয়। এ অনুষ্ঠান থেকে জানতে পারি যে, ইরান-ইরাক যুদ্ধে বায়তুল মোকাদ্দাসের চেয়ে বড় কোনো অভিযান পরিচালিত হয়নি।
নাসির মাহমুদ: বোন শরিফা আক্তার পান্না, অনুষ্ঠান শোনার পর সুন্দরভাবে সাজিয়ে-গুছিয়ে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের পর আবারো ভারত থেকে আসা একটি চিঠির দিকে নজর দিচ্ছি। এটি এসেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া শিমুলিয়া থেকে। আর পাঠিয়েছেন ভিআরএল ক্লাবের সভাপতি এস এম জাকির হোসেন।
এ শ্রোতাবন্ধু লিখেছেন, “বর্তমানে অনলাইনে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান সম্প্রচারের কারণে শ্রোতা সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনলাইন কুইজ, প্রিয়জনের নতুনত্ব এবং ইরানিদের জীবন ব্যবস্থা নিয়ে ঢেলে সাজানো অনুষ্ঠান- সবার মন জয় করেছে। রেডিও তেহরান ছোট-বড় সব শ্রোতাকে সমান গুরুত্ব দিয়ে থাকে।”
সবশেষে এ শ্রোতা বন্ধু সবার উদ্দেশে একটি আহ্বান জানিয়েছেন। লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনুন এবং ইসলামিক কালচার ও সঠিক সংবাদের মাধ্যমে গোটা বিশ্বকে জানুন।
আশরাফুর রহমান: ভাই জাকির হোসেন, আশা করি রেডিওপ্রেমী শ্রোতাবন্ধুরা আপনার আহ্বানে সাড়া দিয়ে আমাদের অনুষ্ঠান শোনা অব্যাহত রাখবেন।
আসরের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব বাংলাদেশি শ্রোতা হারুন অর রশিদের সঙ্গে।

আশরাফুর রহমান: সাক্ষাৎকারের পর আবারো চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। নারায়ণগঞ্জের আলী সাহারদির উৎস ডিএক্স কর্ণারের প্রেসিডেন্ট এইচ এম তারেক পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, "আজ রেডিও তেহরানের ওয়েবসাইট ভিজিট করতেই একটি আনন্দের সংবাদে আমার মনপ্রাণ ভরে গেল। সংবাদটি হল- প্রতিবেশী ১৫টি দেশে রপ্তানি হচ্ছে ইরানের শতকরা ৭০ ভাগ পণ্য। আরও জানলাম গত বছর ১৫টি প্রতিবেশী দেশে ইরান শতকরা ৬০ ভাগ এবং তার আগের বছর ৫৫ ভাগ পণ্য রপ্তানি করা হয়। চলতি ফারসি বছরে প্রতিবেশী দেশগুলোতে ১২ হাজার ৫০০ কোটি ডলারের পণ্য রপ্তানির সক্ষমতা রয়েছে। ইরানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমিও মনে করি-ইরানের এই রপ্তানি তৎপরতা মার্কিন চাপ প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করা হয়।"
সবশেষে এ শ্রোতাবন্ধু একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন, ইরানের কত ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে?
আকতার জাহান: ২০১৯ সালের আগস্ট মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী- ইরানের প্রায় ৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ছয় বছর বয়সী শিশুদের এই হিসাবের অন্তর্ভূক্ত করা হয়নি। সরকারি হিসাব অনুযায়ী- প্রায় ৬৪ ভাগ ইরানি ইন্টারনেট ব্যবহার করেন। আর উচ্চ শিক্ষিতদের শতকরা ৯৭ ভাগ ইরানি নাগরিক ইন্টারনেট ব্যবহার করে থাকেন। অবশ্য করোনাকালে অনলাইনে ক্লাস হওয়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বহু বেড়ে গেছে।
নাসির মাহমুদ: ভাই এইচ এম তারেক, গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর পেয়ে নিশ্চয়ই খুশি হয়েছেন। চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপী থেকে। আর পাঠিয়েছেন হাফিজুর রহমান। তিনি লিখেছেন, গত ২৩ অক্টোবর তারিখে অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াতের পর বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা, কথাবার্তা এবং আলাপন নিয়ে সাজানো পুরো অনুষ্ঠান দারুণভাবে উপভোগ করলাম। আকর্ষণীয় ও মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
আশরাফুর রহমান: আপনাকেও ধন্যবাদ জানাই চিঠি লেখার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তিস্বীকার করছি যারা বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মতামত জানিয়েছেন।
- মুন্সিগঞ্জের গজারিয়ার ইমামপুর থেকে মারিয়া খানম মৌরি।
- মৌলভীবাজারের কুলাউড়া শহর থেকে আবদুল হান্নান।
- রাজশাহীর বাগমারার বিনোদপুর থেকে মোঃ জাহাঙ্গীর আলম
- চাঁদপুর আহমাদিয়া ফাযিল মাদ্রাসা থেকে আল্লামা মিজানুর রহমান লাকসামী
আকতার জাহান: এবার আমি কয়েকজন শ্রোতার নাম-ঠিকানা জানাতে চাই যারা আমাদের অনুষ্ঠানের রিসিপশন রিপোর্ট পাঠিয়েছেন।
- ভারতের ছত্তিশগড় থেকে আনন্দ মোহন বাইন।
- পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে নাজিম উদ্দিন
- দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পাল
- খোন্দকার রফিকুল ইসলাম নওগাঁ জেলার সান্তাহার থেকে
- এবং কিশোরগঞ্জ থেকে শাহাদত হোসেন
নাসির মাহমুদ: তো শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের আসরও শেষ করব একটি গান শুনিয়ে। ‘মুমিন হতে চাই’ শিরোনামের গানটি লিখেছেন গোলাম কবির রনি। সুর ও সঙ্গীত পরিচালক মীর মাসুম। আর গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ, ইমরান ও বালাম।
আশরাফুর রহমান: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/ মো.আবুসাঈদ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।