কথাবার্তা: বইমেলা হবে আগের মতোই, ভার্চুয়ালি নয়
প্রিয় পাঠক/শ্রোতা! ১৩ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
প্রথম আলো: ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র।
যুগান্তর: সার্বভৌমত্বে আঘাত এলে প্রতিঘাত করার জন্য প্রস্তুত থাকতে হবে-প্রধানমন্ত্রী
মানবজমিন: হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই।
সমকাল: বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তন করেছে ইউনেস্কো।
বাংলাদেশ প্রতিদিন: বাতাসে ভাসছে করোনা ভাইরাস, ক্যামেরায় দেখলেন বিজ্ঞানীরা।
ইত্তেফাক: ১৫জানুয়ারির পর দেশে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন-স্বাস্থ্যমন্ত্রী
কালের কণ্ঠ: বইমেলা হবে আগের মতোই, ভার্চুয়াল নয়।
ভারতের শিরোনাম:
আনন্দবাজার পত্রিকা: দিল্লি- জয়পুর জাতীয় সড়কে মিছিল বিক্ষুদ্ধ কৃষকদের।
সংবাদ প্রতিদিন: রাজ্য পুলিশকে 'নপুঙসক' বলে কটাক্ষ ফের বিতর্কে দিলীপ ঘোষ
আজকাল: অর্ধেক দেশ অনাহারে, সেখানে নতুন সংসদ ভবন কটাক্ষ কমল হাসানের
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রথমে বাংলাদেশ:
‘সার্বভৌমত্বে আঘাত এলে প্রতিঘাত করার জন্য প্রস্তুত থাকতে হবে’
দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, কোভিড-১৯ মহামারী মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে সশস্ত্রবাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়ানোয় তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে দেশের সার্বভৌমত্বে আঘাত এলে প্রতিঘাত করার জন্য প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর সদস্যদের তাগিদ দেন তিনি।
রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০ এর গ্রাজুয়েশন সেরিমনিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।
সশস্ত্রবাহিনীর সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার নির্দেশ দেন সরকার প্রধান।
মানবজমিন: হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই
হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার প্রেস সচিব মুফতি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নানা রোগে আক্রান্ত আল্লামা নূর হোসাইন কাসেমী কয়েকদিন ধরে ইউনাটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট আলেমরা।
নূর হোসাইন কাসেমি বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ছিলেন। এছাড়া কওমি ভিত্তিক আরো বহু মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সম্প্রতি তিনি হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হন।
বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত ইউনেস্কোর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কা। পুরস্কারটির নাম হবে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’।
ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২১০তম অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত সংক্রান্ত নথি ইউনেসকোর ওয়েবসাইটেই আপলোড করা হয়েছে। এতে জানানো হয়েছে, এই পুরস্কার বিশ্বব্যাপী সৃজনশীল অর্থনীতিতে যুবকদের উদ্যোগকে পুরস্কৃত করবে।
রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের আরেকটি সুখবর। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এ সুখবর। ইউনেস্কোর ওয়েবসাইটে গেলে আপনারা এটা দেখতে পাবেন। ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জা্তিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কালের কণ্ঠ: বইমেলা হবে আগের মতোই, ভার্চুয়াল নয়
ভার্চুয়ালি নয়, শারীরিক উপস্থিতেই অমর একুশে বইমেলা ফেব্রুয়ারি মাসে আগের মতোই অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে বৈঠক শেষে আজ রবিবার (১৩ ডিসেম্বর) জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে শারীরিক উপস্থিতিতে অমর একুশে বইমেলা আয়োজনের দাবি নিয়ে রবিবার বেলা সোয়া ১১টার দিকে বাংলা একাডেমিতে আসেন প্রকাশকরা। মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন প্রকাশকদের দুই সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতারা।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
দিল্লি-জয়পুর জাতীয় সড়কে মিছিল বিক্ষুদ্ধ কৃষকদের, মোতায়েন বিশাল পুলিশবাহিনী- আনন্দবাজার পত্রিকা
ক্রমেই ঝাঁঝ বাড়ছে কৃষক বিক্ষোভের। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানীর উপকণ্ঠে কৃষক বিক্ষোভ ১৮ দিনে পড়ল। রবিবার সকালে দিল্লি-জয়পুর জাতীয় সড়কে বিক্ষুব্ধ কৃষকদের বিশাল মিছিল শুরু হয়েছে। আগামী কাল, সোমবার কৃষকদের অনশন কর্মসূচি রয়েছে। কৃষকদের ৩২টি সংগঠনের সদস্যরা সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশনে বসবেন।
রবিবার দিল্লি-সিঙ্ঘু সীমানায় এক কৃষক বলেন, ‘‘শনিবার রাতে আমরা উপস্থিত হয়েছি। রাজস্থান, হরিয়ানা, পঞ্জাব থেকে আরও অনেক কৃষক আসছেন। ১৬ ডিসেম্বরের মধ্যে কৃষকদের নিয়ে কম করে ৫০০টি ট্রলি আসার কথা।’’
আজকাল: অর্ধেক দেশ অনাহারে, সেখানে নতুন সংসদ ভবন কটাক্ষ কমল হাসানের
আগামী বছরের তামিলনাড়ু বিধানসভা ভোটের জন্য নিজের দলের প্রচারের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের স্বভাবসিদ্ধ বাক্যবাণে বিঁধলেন কমল হাসান। রবিবার মাক্কাল নিধি মাইয়ম বা এমএনএম–এর প্রতিষ্ঠাতা তথা দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কমলের তির্যক প্রশ্ন, ‘১০০০ কোটির নতুন সংসদ কেন, যখন মহামারীর জন্য অর্ধেক দেশ ক্ষুধার্ত, জীবিকা হারিয়েছে। চীনের প্রাচীর তৈরির সময় কয়েক হাজার মানুষ মারা গিয়েছিলেন, তখন শাসক বলেছিলেন, সেটা নাকি মানুষদের নিরাপত্তার জন্য। কাকে বাঁচাতে আপনি ১০০০ কোটির নতুন সংসদ তৈরি করলেন? দয়া করে বলুন আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী।’
তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।