ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১২:০৯ Asia/Dhaka

প্রিয় শ্রোতা ভাই-বোনেরা। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশিদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান। 

আশরাফুর রহমান: চিঠিপত্রের দিকে নজর দেয়ার আগে আজও আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন: "যে ব্যক্তি সবার চেয়ে প্রিয় হতে চায়, তার উচিত আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি চায় সবচেয়ে শক্তিশালী হতে, তার উচিত আল্লাহর ওপর ভরসা করা। আর যে ব্যক্তি চায় সবচেয়ে ক্ষমতাবান হতে, তার উচিত নিজের কাছে যা আছে তার চেয়ে আল্লাহর কাছে যা আছে তার ওপর বেশি নির্ভর করা।”

আকতার জাহান: মূল্যবান একটি হাদিস শুনলাম। আমরা সবাই যেন এ হাদিসের আলোকে নিজেদেরকে পরিচালনা করতে পারি- এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে কিশোরগঞ্জের খড়ম পট্টি থেকে। আর পাঠিয়েছেন  বিশিষ্ট ডিএক্সার, বেতার শ্রোতা সংগঠক মোঃ শাহাদত হোসেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে ইসলামি রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং বা আইআরআইবি ফ্যান ক্লাবের কিশোরগঞ্জ শাখা গঠিত হয়েছে। এটি বাংলাদেশে গঠিত দ্বিতীয় আইআরআইবি ফ্যান ক্লাব। মোঃ শাহাদত হোসেনকে সভাপতি ও মাসুম কবির সানিকে সাধারণ সম্পাদক মনোনীত করে ইতোমধ্যে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

গাজী আবদুর রশিদ: কিশোরগঞ্জে আইআরআইবি ফ্যান ক্লাব গঠনের খবরটি শুনে খুব ভালো লাগল। রেডিও তেহরানের বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে অন্যান্য এলাকার শ্রোতাবন্ধুরাও আইআরআইবি ফ্যান ক্লাব গঠনে এগিয়ে আসবেন- এই আমাদের প্রত্যাশা।

বাংলাদেশের পর এবার ভারত থেকে আসার একটি মেইল পড়ে শোনাচ্ছি। এটি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা সংঘ থেকে এস এম নাজিম উদ্দিন। 

তিনি লিখেছেন, “১৮ জানুয়ারি তারিখে আমাদের অতি প্রিয় ও চির আকাঙ্ক্ষিত প্রিয়জন-এর আসরটি উপভোগ করলাম। এতে বাংলাদেশের শ্রদ্ধেয় আফজাল আলী খান সাহেবের ইমেইলের মাধ্যমে জানতে পারলাম যে, আমার সাক্ষাৎকারটি ওনার ভালো লেগেছে এবং ওনার মনের কথাই উচ্চারিত হয়েছে। আমি এই মেইলের মাধ্যমে শ্রদ্ধেয় আফজাল আলী খান ভাইকে কৃতজ্ঞতা জানাই যে, আমার কথাগুলো মন দিয়ে শোনার যোগ্য বলে বিবেচনা করেছেন। আপনার সাক্ষাৎকারও শুনতে চাই প্রিয়জন অনুষ্ঠানে। আশা করি এ প্রত্যাশা পূরণে রেডিও তেহরান তৎপরতা দেখাবেন।”

আশরাফুর রহমান: আফজাল আলী খান ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব আমরা। তো ইমেইল করার জন্য নাজিমউদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বগুড়ার চাঁদনী বাজার থেকে মো. সাইফুল ইসলাম পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, “২০২০ সাল গোটা বিশ্বের জন্য খুব একটা ভালো কাটেনি। কাটেনি আমারও খুব একটা ভালো। প্রায় তিন মাস অলস সময় কেটেছে বাড়িতে। করোনায় গোটা পৃথিবীটায় বিষাদময় হয়ে উঠেছিল। অতঃপর আল্লাহর অশেষ মেহেরবানীতে তা কমতেও শুরু করে। ইতিমধ্যে আবিষ্কার হয়েছে এর প্রতিষেধক টিকাও। থেমে থাকে না পৃথিবীর কোনো কিছুই। তাইতো একটু দেরিতে হলেও আমি সবাইকে জানাই ইংরেজি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা আর অভিনন্দন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি এবং সমৃদ্ধি। ২০২১ সালে করোনা মুক্ত হোক গোটা বিশ্ব।”

গাজী আবদুর রশিদ: ভাই সাইফুল ইসলাম, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। সেইসাথে গোটাবিশ্ব করোনা মুক্ত হোক- আমাদের প্রত্যাশাও তাই। তো মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আকতার জাহান: আপাতত আর কোনো চিঠি নয়। আসরের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব ভারতের শ্রোতা ও সবার পরিচিত ডিএক্সার আনন্দমোহন বাইনের সঙ্গে।

আকতার জাহান: সাক্ষাৎকারের পর আবারো চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রাম থেকে হারুন অর রশীদ পাঠিয়েছেন এই মেইলটি। 

তিনি লিখেছেন, “রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানসমুহ শুনে এতোটাই মুগ্ধ হচ্ছি যে, আমার কাছে রেডিও তেহরানের একেকটি অনুষ্ঠানকে মনে হয় যেন একেকটি গণমাধ্যম কিংবা একেকটি আলোকিত প্রতিষ্ঠান। বস্তুনিষ্ঠ সংবাদ, প্রিয়জন, ইরান ভ্রমণ, রংধনুসহ প্রতিটি অনুষ্ঠানই যেন তথ্য, বিনোদন ও জানার পরিধিকে বাড়িয়ে দিয়ে জীবনকে নানাভাবে সমৃদ্ধ করে যাচ্ছে। রেডিও তেহরান কেবলমাত্র একটি রেডিও স্টেশন নয় বরং মানব জীবনের জন্য অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ এক প্লাটফর্ম- যাতে সবার সংযুক্ত থাকা প্রয়োজন বলে আমি মনে করি।” 

গাজী আবদুর রশিদ: ভাই হারুন অর রশীদ, রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন আমাদেরকে প্রাণিত করেছে। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের রাজবাড়ি জেলার খোশবাড়ি গ্রামের ‘রংধনু বেতার শ্রোতা সংঘ’ থেকে। আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি শাওন হোসাইন।

তিনি লিখেছেন, “রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানমালার মধ্যে ইরান ভ্রমণ আমার নিকট বিশেষভাবে প্রিয়। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে ইরানের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে আমি জানতে পারি। এটাকে বিনা খরচে ইরান ভ্রমণ বললে ভুল হবে না। গত ২৩ জানুয়ারি ইরান ভ্রমণ অনুষ্ঠানে ইরানের কিশ দ্বীপ সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানের বর্ণনা শুনে আমার মনটা চলে গিয়েছিল নয়নাভিরাম কিশ দ্বীপে। সাগরের নীল জলরাশি যেন হাতছানি দিয়ে আমায় ডাকছিল। ধন্যবাদ রেডিও তেহরানকে কিশ দ্বীপের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবার জন্য।”

আশরাফুর রহমান: কিশ দ্বীপ সম্পর্কে আলোচনাটি শোনার পর চমৎকার করে মতামত জানানোয় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুর ঘাট থেকে বিধান চন্দ্র সান্যালের ৭/৮টি মেইল আমার হাতে রয়েছে। একটি মেইলে তিনি লিখেছেন, “রেডিও তেহরান আজ আমাদের জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। এ বেতার অক্ষম, বিত্তহীন ও নিরক্ষরের নিত্যসাথী। সংবাদপত্র পাঠে অক্ষম নিরক্ষর মানুষকে বিশ্ববার্তা সরবরাহ করে। মানুষের মধ্যে সুস্থ ও রুচিশীল সাংস্কৃতিক চেতনা গড়ে তোলে। শুধু তাই নয়, রেডিও তেহরান কুসংস্কার, প্রাদেশিকতা এবং সাম্প্রদায়িকতার পথ থেকে সাধারণ মানুষকে নিয়ে যায় মানবতার স্মরণিতে।”

আকতার জাহান: রেডিও তেহরান সম্পর্কে শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সান্যালের কথাগুলো আমাদের খুব ভালো লেগেছে। চিঠি লেখার জন্য ধন্যবাদ।
আজকের আসরের শেষ মেইলটি পাঠিয়েছেন বাংলাদেশের গাজীপুরের টঙ্গী থেকে। আর পাঠিয়েছেন সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের প্রভাষক ফিরোজ আলম। তিনি তার চিঠিতে শ্রোতারা যেসব কারণে রেডিও তেহরান শোনেন তা উল্লেখ করেছেন।  

গাজী আবদুর রশিদ: ফিরোজ ভাই দেখছি এক এক করে ১১টি কারণ উল্লেখ করেছেন!

আকতার জাহান: হ্যাঁ, আমি এখন সেগুলোই তুলে ধরব। ফিরোজ ভাইয়ের দৃষ্টিতে শ্রোতারা যেসব কারণে অনুষ্ঠান শোনেন সেগুলো হচ্ছে ১. সঠিক বিশ্ব সংবাদ ও বিশ্ব ব্যবস্থার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ইত্যাদি বিষয়ে জানা। ২. আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সঠিক চরিত্র সম্পর্কে জানা। ৩. মহান আল্লাহ ও পবিত্র কুরআন সম্পর্কে সঠিক জ্ঞানলাভ ও ঈমান বৃদ্ধির জন্য। ৪. নবী (স.) রাসুলগণ (আ) সম্পর্কে সকল ভ্রান্তি দূর করে সঠিক জ্ঞান অর্জন ও বেলায়েতের ধারা সম্পর্কে জানা। ৫. ইমাম মাহদী (আ) সম্পর্কে জানা। ৬. বিজ্ঞান, বিজ্ঞান ও ধর্মের যোগসূত্র জানা। ৭. আহলে বাইত (আ) সম্পর্কে সঠিক জ্ঞান লাভ। ৮. চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কে জানা। ৯. ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির পথ জানা। ১০. চিকিৎসা, স্বাস্থ্য ও সঠিকভাবে জীবনযাপনের উপায় খুঁজে পাওয়া। এবং ১১. ইরান সম্পর্কে জানা ও বিশ্ব রাজনীতিতে ইরানের সাথে থাকা।

আশরাফুর রহমান: ফিরোজ ভাইকে ধন্যবাদ গবেষণামূলক চিঠিটির জন্য। আশা করি নিয়মিত লিখবেন।

আসরের এ পর্যায়ে বিশ্ব বেতার দিবস ২০২১-এর শুভেচ্ছা জানিয়ে যারা ইমেইল করেছেন তাদের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  • চাঁদপুরের মতলব থেকে রোজিনা আক্তার ও জোসনা রহমান 
  •  ঢাকার এলিফ্যান্ট রোড থেকে নুসরাত জাহান ও কার্ণিজ ফাতেমা ছানু
  •  মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে আছিয়া আক্তার ইতি ও মারিয়া খানম মৌরি
  •  নারায়ণগঞ্জের আলী সাহারদি থেকে সাঈফ আহমেদ উৎস, তাজরীন আহমেদ তমা ও আমেনা খানম শেলী।

গাজী আবদুর রশিদ: শ্রোতাবন্ধুরা, এবার আমরা আরও কয়েকজন শ্রোতার নাম জানাতে চাই যারা আমাদের কাছে চিঠি লিখেছেন কিন্তু সময়ের অভাবে তাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না। 

  • বিধান চন্দ্র টিকাদার, গোপালগঞ্জের জলিরপাড় থেকে
  • লালমনিটরহাটের রামদাস রেডিও শ্রোতা ক্লাব থেকে মো. সবুজ মিয়া
  • শরিফা আকতার পান্না কিশোরগঞ্জ থেকে
  • এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসএম জাকির হোসেন ও এসএম নাজিমউদ্দিন

আকতার জাহান: যারা কষ্ট করে চিঠি লিখেছেন এবং এই অনুষ্ঠান শুনছেন তাদের সবার জন্য এখন রয়েছে ইরানের প্রকৃতি নিয়ে একটি কবিতা। এটি লেখক ও আবৃত্তিকার রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক নাসির মাহমুদ। 

আশরাফুর রহমান: নাসির মাহমুদের চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলেন। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।

গাজী আবদুর রশিদ: কথা হবে আবারো আগামী আসরে। #
 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।