‘১৬ বছরে অর্ধশত অপকর্ম করেছেন শিক্ষক ফেরদৌস’
পাঠক! আমাদের প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৯ মে রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
প্রথম আলো অনলাইন: মাদকাসক্ত যুবককে পুলিশে দিল পরিবার, ছয় মাসের কারাদণ্ড
মানবজমিন অনলাইন: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানকে হস্তক্ষেপ না করার আহ্বান
ইত্তেফা অনলাইন: ১৬তম সংশোধনী: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন
ভারতের খবর:
আনন্দবাজার: ভোটটা ঠিক জায়গায় পড়েছে তো, মুচলেকা তলব তৃণমূলেই
বর্তমান অনলাইন: ভোটের মতো গণনাতেও কড়া নজরদারির ব্যবস্থা কমিশনের
তো, শ্রেতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের - সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি।
চতুর্থ দফার ইউপি নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী এ পর্যন্ত মোট ৮ জন নিহত হয়েছে বলে এনটিভি অনলাইনের খবরে বলা হয়েছে। তবে বাংলাদেশ প্রতিদিন লিখেছে নিহত ৭। এ সম্পর্কে প্রথম আলোর খবর-চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চার জেলায় সহিংসতায় মোট পাঁচজন নিহত হয়েছেন।
দৈনিকটির অন্য একটি খবর-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের নামে যা ঘটছে তাতে মানুষ নির্বাচন শব্দটা আর বেশি সম্মানের সঙ্গে নেবে না। এরপর মানুষ নির্বাচনের কথা আর শুনতে চাইবে না। নির্বাচন শব্দটি গালি হয়ে যাচ্ছে।
আর মানবজমিনের খবর-আবারও রক্তাক্ত হলো ভোটের মাঠ। সংঘর্ষ, সংঘাত, হামলা, আক্রমণ আর গুলিতে ঝরে পড়লো ৬ প্রাণ। আর কেন্দ্রে কেন্দ্রে ব্যালটে সিল মারা, প্রভাবশালীদের দাপট, প্রশাসনের পক্ষপাতিত্ব ছিল প্রকাশ্যে। শেষ তিন ধাপের ধারাবাহিকতা বজায় ছিল চতুর্থ ধাপেও।
আর নয়া দিগন্তের খবর-ইউপি নির্বাচন নিয়ে সংঘাত সংঘর্ষে এ পর্যন্ত ৭১ জন লোক মারা গেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা মহাশ্মশাণে পরিণত হয়েছে।সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি শতকরা ৯০ ভাগ ইউপিতে জয়ী হতো বলে মন্তব্য করেন রিজভী।
.......
আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়-যৌন হয়রানির কথা স্বীকার করে শিক্ষকের জবানবন্দি: এ শিরোনামটি দৈনিক প্রথম আলোর। আর মানবজমিন ফেরদৌসের জবানবন্দি শিরোনামে লিখেছে, অবশেষে ছাত্রী নির্যাতনের কথা কবুল করেছেন শিক্ষক মাহফুজুর রশীদ ফেরদৌস। গতকাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ফেরদৌস বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ল্যাব ও তার অফিস কক্ষেই ছাত্রীদের যৌন নির্যাতন করতেন। এ পর্যন্ত সাত-আট জন ছাত্রীকে যৌন নির্যাতনের বিষয় স্বীকার করেছেন। স্বীকারোক্তিতে অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ে চাকরির শুরু থেকেই যৌন নেশায় মাতাল হয়ে যান এই ফেরদৌস। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসমা মিলি জানান, মাহফুজের কর্মকাণ্ড ছিল অত্যন্ত জঘন্য। চাকরি জীবনের শুরু থেকে অর্থাৎ গত ১৬ বছরে অর্ধশত অপকর্ম করছিলেন তিনি।
......
৩০ কোটি ডলার নেই তা জয়কেই প্রমাণ করতে হবে: রিজভী এ শিরোনামের খবরে ইত্তেফাকে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের কাছে ত্রিশ কোটি ডলার নেই বলে যে চ্যালেঞ্জ করা হয়েছে তা জয়কেই প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই অর্থ নিয়ে করা জয়ের চ্যালেঞ্জ নিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের প্রতিক্রিয়ায় শনিবার ঢাকায় এক আলোচনা সভায় বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গ তুলে রিজভী বলেন, 'তিনশ মিলিয়ন ডলারের কথা একটা তথ্যের ভিত্তিতে বিএনপি বলেছে, খালেদা জিয়া বলেছেন। প্রমাণ করার দায়িত্ব তো সজীব ওয়াজেদ জয় সাহেবের। এটা প্রমাণ করার দায়িত্ব তো বেগম খালেদা জিয়ার না। আপনারা সেটা প্রমাণ করেন।'
......
দৈনিক ইত্তেফাকের খবর, বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিলের বিষয়ে অব্যাহতি দিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ। দুদকের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজ এ আদেশ দেয়। হাইকোর্টের রায় বাতিল হয়ে যাওয়ায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগের তদন্ত চালাতে আর কোনো আইনি বাধা থাকল না।
......
প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তরসহ প্রায় সব দৈনিকের খবরে বলা হয়েছে, বিচারক অপসারণ ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আপিলে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন জানানো হয়েছে। সোমবার চেম্বার জজ আদালতে এই আবেদনের বিষয়ে শুনানি হতে পারে।
এর আগে বৃহস্পতিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়া হয়।
হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে বলা হয়েছে, আই্ন প্রণয়ন করে সংসদ। সংসদের ক্ষমতা সার্বভৌম। সার্বভৌম ক্ষমতার অংশ হিসেবেই এই আইন করা হয়েছে, যেটি সংবিধান পরিপন্থি নয়।
........
পুলিশপ্রধানের পদত্যাগ চাইলেন অভিজিতের বাবা- এ শিরোনামের খবরে দৈনিক সমকাল লিখেছে, লেখক-ব্লগার অভিজিৎ রায়ের খুনিরা গ্রেফতার না হওয়ায় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা অধ্যাপক অজয় রায়। একের পর এক হত্যাকাণ্ডে ব্যর্থতার দায় নিয়ে তিনি পুলিশপ্রধানের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, ‘তারা টার্গেট করে হত্যা করছে। জঙ্গিরা টার্গেট তালিকাও দিয়েছে। আপনারা রক্ষা করতে পারছেন না। এই ব্যর্থতা নিয়ে পুলিশের আইজির পদত্যাগ করা উচিত। আজই তার পদত্যাগ করা উচিত।’
......
বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্ব খবরের অংশবিশেষ তুলে ধরছি।
ফের দেশজুড়ে হামলার ছক দাউদের: এনআইএ- এ শিরোনামের খবরে দৈনিক বর্তমান লিখেছে, দেশজুড়ে দাঙ্গা-হাঙ্গামা ও গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা ছড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল দাউদ ইব্রাহিম। গুজরাতের ভারুচে বিজেপির দুই নেতাকে খুনের ঘটনা এবং গোটা দেশে দাঙ্গা তৈরি করার প্ল্যান ফাঁস হয়েছিল ৭ জনকে গ্রেপ্তার করার পর। আজ আমেদাবাদের আদালতে দাউদ ঘনিষ্ঠ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।
দৈনিক আনন্দবজারের খবর- তল্লাশির নামে বিএসএফের শ্লীলতাহীনি, আত্মঘাতী সপ্তম শ্রেণির ছাত্রী। খবরটিতে বলা হয়েছে, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় শ্লীলতাহানির ঘটনায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল সপ্তম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, ওই ছাত্রীকে তল্লাশির নামে শ্লীলতাহানি করে বিএসএফের চন্দ্রকান্ত নামের এক জওয়ান। এর পরেই ঘরে ফিরে গলায় দড়ি দেয় ১২ বছরের ছাত্রী রূপসানা খাতুন।
তো পাঠক! এই ছিল আমাদের কথাবার্তার আসরে সর্বশেষ খবরের গুরুত্বপূর্ণ অংশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন।#
গাজী আবদুর রশীদ/৮