লকডাউন
গণটিকা চলছে তবে লকডাউন শিথিল করায় বিপদের আশঙ্কা বিশেষজ্ঞদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ আগস্ট সোমবার কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- ১৫ আগস্টের মধ্যে আরও ৫৪ লাখ টিকা আসছে: স্বাস্থ্যমন্ত্রী -ইত্তেফাক
- মতামত-আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যুর দায় কার-প্রথম আলো-প্রথম আলো
- টিকা নেয়া মানুষ করোনায় সংক্রমিত হওয়ার কতটা ঝুঁকিতে!-মানবজমিন
- সিলেটের জকিগঞ্জে ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান-যুগান্তর
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ১০ জনের মৃত্যুদণ্ড বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ -কালের কণ্ঠ
- নিখোঁজ অধ্যক্ষের লাশের ৬ টুকরা উদ্ধার, গ্রেফতার ৩-বাংলাদেশ
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- অভিষেকের জীবন বিপন্ন ছায়ার মতো ওকে অনুরসণ করছে শাহের গুন্ডারা, দাবি মমতার-আনন্দবাজার
- অসম-মিজোরাম দ্বন্দ্ব: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অসমের মুখ্যমন্ত্রীর, সাক্ষাৎ অমিত শাহের সঙ্গেও -সংবাদ প্রতিদিন
- ঝাড়খণ্ডে বিচারকের খুন: সিবিআই তদন্তের পর্যবেক্ষন করবে রাজ্যের হাইকোর্ট, সুপ্রিম নির্দেশ-আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
১৫ আগস্টের মধ্যে আরও ৫৪ লাখ টিকা আসছে: স্বাস্থ্যমন্ত্রী-ইত্তেফাক
১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এতে সুবিধা হবে। টিকা কার্যক্রম যে গতিতে চলছে, সেটা বজায় রাখা যাবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা এ মাসে পাওয়া যাবে বলে জানান তিনি।
লকডাউন শিথিল করায় বিপদের আশঙ্কা বিশেষজ্ঞদের-স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিলেন তারা-ইত্তেফাক
কঠোর লকডাউনেও মানুষের আচরণের পরিবর্তন হয়নি। অনেকে স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক পরেনি। এ কারণে কঠোর বিধিনিষেধ সত্ত্বেও সংক্রমণ ও মৃত্যুতে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। হাসপাতালগুলোতে ঠাঁই নেই। একটি আইসিইউ বেডের জন্য এখনই ৪০ জন গুরুতর করোনা রোগীকে অপেক্ষা করতে হচ্ছে। তার ওপর এবার এসেছে লকডাউন শিথিলের ঘোষণা। করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হওয়া লকডাউনের বিধিনিষেধ ১১ আগস্ট থেকে বেশির ভাগ ক্ষেত্রেই তুলে নেওয়া হচ্ছে। এমন অবস্থায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেই আশঙ্কায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে না চললে সামনের দিনগুলোতে মহাবিপদ অপেক্ষা করছে। অর্থনীতি সচল রাখতে লকডাউন শিথিল করায় আগামীতে করোনার সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে।লকডাউন শিথিলের কারণে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জনচলাচল বৃদ্ধি পেলে সংক্রমণ ঊর্ধ্বমুখীর আশঙ্কা প্রকাশ করে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, লকডাউন কোনো স্থায়ী সমাধান নয়। লকডাউন দিয়ে সীমিত সময়ের জন্য করোনা সংক্রমণ রোধ করা যায়। টিকা-গ্রহীতারাও নিরাপদ নন। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর ভ্যাকসিনের কাজ শুরু হয়। তাই এখন স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরতেই হবে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। মাস্ক না পরলে জেল-জরিমানার ব্যবস্থা করতে হবে। ইউরোপসহ বিশ্বের অনেক দেশে অনেকেই টিকা নেননি, কিন্তু তারা মাস্ক পরছেন। দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে চরম অবহেলা দেখা যাচ্ছে। গত ৩০ দিনে সংক্রমণের যে চিত্র দেখা যাচ্ছে, তাতে উল্লেখ করার মতো বড় কোনো পরিবর্তন হয়নি।
টিকা নেয়া মানুষ করোনায় সংক্রমিত হওয়ার কতটা ঝুঁকিতে!-মানবজমিন
যুক্তরাষ্ট্র ও বৃটেনসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে শীর্ষ সংস্থাগুলো বলছে, করোনার টিকা নেয়ার পরও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। টিকা নেননি এমন ব্যক্তিরা যেভাবে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন, একই রকমভাবে টিকা নিয়েছেন এমন ব্যক্তিরাও আক্রান্ত হয়ে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন। নোভেল করোনাভাইরাস বিশ্ববাসীর জন্য যেমন শারীরিক, তেমনি মানসিক অনাকাঙ্খিত এক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। যদিও করোনা ভাইরাসের টিকা সময়মতো আবিষ্কার হয়েছে এবং তা কার্যকর প্রমাণিত হয়েছে, কিন্তু সেই টিকা নেয়ারও পরও সংক্রমিত হওয়া এখন বড় এক উদ্বেগের সৃষ্টি করেছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ডেল্টা ভ্যারিয়েন্টের ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পুরোপুরি টিকা নেয়া বহু মানুষ আবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে হালকা থেকে মাঝারি লক্ষণ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে ভয়াবহ ঝুঁকি হ্রাস পেয়েছে।
সিলেটের জকিগঞ্জে ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান-যুগান্তর
সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এটি দেশের ২৮তম গ্যাসক্ষেত্র। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। উত্তোলনযোগ্য মজুদ ৫০ বিলিয়ন ঘনফুট, দৈনিক ১০ মিলিয়ন করে যুক্ত হবে গ্রিডে। ১০ থেকে বারো বছর গ্যাস উত্তোলন সম্ভব, যার দাম ১২৭৬ কোটি টাকা। এর আগে জুনে জকিগঞ্জে আরেকটি গ্যাসক্ষেত্রের সন্ধান পায় বাপেক্স। বাংলাদেশে এখন পর্যন্ত ২৮টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এসব ক্ষেত্রে প্রমাণিত মজুতের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ। আরও ৬ টিসিএফ সম্ভাব্য মজুত রয়েছে।
মতামত-আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যুর দায় কার-প্রথম আলো
তাজরীন ফ্যাশনসে ভয়াবহ আগুনের ১০ বছর পার হওয়ার আগেই হাসেম ফুডসের কারখানায় আগুনে পুড়ে প্রাণ গেল আরও অর্ধশতাধিক শ্রমিকের। এত নামীদামি একটি কারখানা এত বছর ধরে দেশের আইনকানুন আর কর্তৃপক্ষের তোয়াক্কা না করে কীভাবে ব্যবসা চালিয়ে গেল, তা খতিয়ে দেখা প্রয়োজন। শ্রমিকের জীবনের নিরাপত্তায় আমাদের যা আইনকাঠামো আছে, তাতে ঘাটতি রয়ে গেছে, নাকি কর্তৃপক্ষের দক্ষতার ঘাটতি, নাকি স্বচ্ছতার অভাব—এসব প্রশ্নের উত্তর বের করাও জরুরি।অগ্নিদুর্ঘটনায় প্রথমেই নজরে আসে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভূমিকা। তবে আগুন লাগলে তা নেভানো এবং উদ্ধারকাজের পাশাপাশি আগুনের ঝুঁকি প্রতিরোধের ব্যবস্থা জোরদার করাও কিন্তু এই অধিদপ্তরের দায়িত্ব। আইন অনুযায়ী বহুতল ভবনসহ যেকোনো বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে ফায়ার লাইসেন্স ইস্যু করা এবং তা বছর বছর পরিদর্শন করে নবায়ন করার কথাও এ অধিদপ্তরের। কিন্তু হাসেম ফুডসের কারখানার আগুনের ঘটনায় দেখা গেল, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভাতে গিয়েই বরং প্রথম জানতে পারলেন, কোনো ন্যূনতম অগ্নিনির্বাপণের ব্যবস্থাই কারখানাটিতে ছিল না। খতিয়ে দেখা দরকার, এ কারখানায় যদি কোনো ফায়ার লাইসেন্স থেকে থাকে, তবে সেই লাইসেন্স কোন বিবেচনায় ইস্যু বা নবায়ন করা হয়েছিল; আর যদি লাইসেন্স না থাকে, তবে কী করে এত বড় একটি প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের নজর এড়িয়ে গেল। সে দায়দায়িত্বের প্রশ্নটিরও উত্তর খোঁজা দরকার।
নিখোঁজ অধ্যক্ষের লাশের ৬ টুকরা উদ্ধার, গ্রেফতার ৩-বাংলাদেশ প্রতিদিন
সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের (৩৬) লাশের ৬ টুকরা উদ্ধার করেছে র্যাব। গত ১৩ জুলাই থেকে নিখোঁজ এই কলেজ শিক্ষককে হত্যার পর লাশ টুকরা টুকরা করে স্কুলের মাঠে পুঁতে রাখা হয়েছিল বলে জানান র্যাব। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে তারা। নিহত মিন্টু চন্দ্র বর্মন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে। র্যাব বলছে, স্কুলের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁকে খুন করা হয়। ২৮ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
অসম-মিজোরাম দ্বন্দ্ব: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অসমের মুখ্যমন্ত্রীর, সাক্ষাৎ অমিত শাহের সঙ্গেও-সংবাদ প্রতিদিন
অসম-মিজোরাম (Assam-Mizoram) সীমান্ত সমস্যা নিয়ে গত একমাস ধরে উত্তপ্ত উত্তর-পূর্ব ভারত। দুই রাজ্যের সেই সমস্যা মেটাতেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারেন তিনি।এদিন দিল্লিতে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন অসমের মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন অসমের সাংসদরা। তারপরই তিনি চলে যান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। জানা গিয়েছে, অসম-মিজোরাম উত্তর-পূর্বের দুই রাজ্যের সীমান্ত সমস্যা নিয়ে কথা বলেন দু’জনে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সঙ্গেও দেখা করেন হিমন্ত বিশ্বশর্মা। সারেন গুরুত্বপূর্ণ বৈঠক।এদিকে, এদিনই আবার কৃষক সম্মান নিধির নবম কিস্তি দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ভারচুয়াল অনুষ্ঠানে সেই ঘোষণা করেন তিনি। এর ফলে লাভবান হবেন দেশের ৯.৭৫ কোটি কৃষক। প্রত্যেকে নিজেদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাবেন। উপকৃত হবেন বাংলার ২৬ লক্ষ কৃষক। আর এজন্য কেন্দ্রের খরচ হতে চলেছে ১৯,৫০০ কোটি টাকা।
দেশসিন্ধিয়ার পর কংগ্রেস ছাড়ার পথেম শচিন পাইলট ! রাজস্থানের বিজেপি প্রধানের বক্তব্যে তুঙ্গে জল্পনা-সংবাদ প্রতিদিন
ফের শিরোনামে কংগ্রেস (Congress) নেতা তথা রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট (Sachin Pilot)। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পর শচীন পাইলটও কি যোগ দিতে চলেছেন বিজেপিতে? পশ্চিম ভারতের এই রাজ্যেও কি ভাঙতে চলেছে কংগ্রেসের ঘর? রবিবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা রাজস্থানের বিজেপির প্রধান এপি আবদুল্লাহকুট্টির বক্তব্যের পর এই নিয়েই তীব্র জল্পনা ছড়িয়েছে।
আজকালের খবর- কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করলেন অখিল গগৈ, তূণমূলে যোগ দিচ্ছেন ?
অভিষেকের জীবন বিপন্ন ছায়ার মতো ওকে অনুরসণ করছে শাহের গুন্ডারা, দাবি মমতার-আনন্দবাজার
অভিষেক বন্দোপাধ্যায়ের ফোনে আড়ি পাতার অভিযোগ আগেই উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য অভিষেকের জীবন পিবন্ন হতে বসেছে বলে অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তার অভিযোগ, অশিতের নির্দেশেই সরাক্ষণ অভিষেকের সঙ্গে ছায়ার মতো লেগে রয়েছে বিজেপির গুন্ডারা। ত্রিপুরা থেকে ফিরে আহত নেতাকর্মীদের দেখতে সোমবার এসএসকেএম এ যান মমতা। সেখান থেকে বেরিয়ে ঐ ঘটনার জন্য মমতা সরাসরি বিজেপি এবং অমিত শাহকে দায়ী করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই গোটা ঘটনা ঘটেছে। নইলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অত সাহস হতে পারে না।
মুখ্যমন্ত্রীর পদ টেকাতে মমতা এবার লড়বেন ভবানীপুর আসনে -আজকাল
কোনো আসনে না জিতেও স্বপদে বহাল আছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আইন অনুসারে ছয় মাসের মধ্যে কোনো একটি আসনে জিততে হবে মমতাকে। এবার তিনি লড়বেন ভবানীপুর থেকে।মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নির্বাচন করে হেরে গেছেন। হেরেছেন আবার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর কাছে। মাত্র ১ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে হেরেছিলেন তিনি। কিন্তু এই পরাজয় এখনও মেনে নেননি। এ নিয়ে মামলা চলছে। ফলে ধোঁয়াশা ছিল, কোথা থেকে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখবেন মমতা। এই ধোঁয়াশার অবসান হতে যাচ্ছে। দলীয় সূত্র বলছে, সাবেক আসন ভবানীপুর থেকেই আবার লড়বেন মমতা।
এবারের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে মমতার দল ২১৩টি আসন পায়। বিজেপি পায় মাত্র ৭৭টি আসন। শূন্য থাকে কংগ্রেস ও বাম দল। রাজ্য বিধানসভার নির্বাচনের ফল ঘোষিত হয়েছিল ২ মে। আর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা শপথ নিয়েছিলেন ৫ মে। সেই হিসাবে তাকে ৪ নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে রাজ্য বিধানসভায়। মমতা নন্দীগ্রাম থেকে লড়াই করায় এবার বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে লড়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি ২৮ হাজার ভোটে জয়ী হয়েছেন। এর পর গত ২১ মে পদত্যাগ করেন তিনি। লক্ষ্য, উপনির্বাচনে ওই আসন ছেড়ে দেবেন মমতার জন্য। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত উপনির্বাচনের তফসিল ঘোষণা করেনি। এই আসনে উপনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে দেনদরবার করে আসছে তৃণমূল। এদিকে উপনির্বাচনের তারিখ নিশ্চিত না হলেও দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় মমতার পক্ষে প্রচার শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। নতুন স্লোগান তৈরি করে গত রোববার থেকে মাঠে নেমেছেন তারা। এবার স্লোগান, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। স্লোগানটি তৈরি করেছে মমতার দলের অঙ্গসংগঠন জয় হিন্দ বাহিনী।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯