আগস্ট ১৮, ২০২১ ১২:৪১ Asia/Dhaka

শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে বেদনাবিধুর মহররমের শোক ও সমবেদনা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আবদুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। কারবালা বিপ্লবের মহানায়ক ইমাম হুসাইন (আ.) বলেছেন, বেহেশত ছাড়া অন্য কিছু মানুষের জীবনের মূল্য হওয়া উচিত নয়। তাই জান্নাত ছাড়া অন্য কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করো না।

আকতার জাহান: খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা যেন আমাদের জীবনের মূল্য উপলব্ধি করতে পারি এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি পাঠিয়েছেন এসএম নাজিমউদ্দিন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়ার শ্রোতা।

নাজিমউদ্দিন ভাই ইমাম হুসাইন (আ.)-এর আশুরা বিপ্লব সম্পর্কে একটি লেখা পাঠিয়েছেন তার লেখার কিছু অংশ পড়ে শোনাচ্ছি নাজিম ভাই লিখেছেন,

গাজী আবদুর রশীদ: "কারবালা বা আশুরা- মুসলিম উম্মাহর মধ্যে মহিমান্বিত ও তাৎপর্যময় একটি দিনফোরাত নদীর তীরে অবস্থিত কারবালার ঘটনা ইসলামের ইতিহাসের সব ঘটনাকে অতিক্রম করে একটি শোকাবহ স্মৃতি নিয়ে আজও মুসলমানদের বুক বিদীর্ণ করছে। স্মরণকালের ইতিহাসে কারবালার দুঃখজনক ঘটনার সঙ্গে আশুরার সম্পর্ক যেন একাকার হয়ে গেছে। কারবালার মর্মান্তিক স্মৃতি থেকে মুসলমানরা শুধু শোকের আবহই লাভ করছেন না, তাঁরা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও চেতনা খুঁজে পাচ্ছেন। মহররম ও আশুরা আমাদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে শেখায়। সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য অসত্য ও অন্যায়কে প্রতিরোধ করার সাহস জোগায়। আশুরা আমাদের আল্লাহর ওপর ভরসা করে জুলুমের বিরুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য সদা প্রস্তুত থাকার চেতনায় উদ্বুদ্ধ করে।"

আশরাফুর রহমান:  নাজিমউদ্দিন ভাইকে ধন্যবাদ সময়োপযোগী একটি বিষয়ে লেখা পাঠানোর জন্য।

বাংলাদেশের কিশোরগঞ্জের খড়ম পট্টি থেকে শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন পরের মেইলটি। প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, “১ আগস্ট প্রচারিত ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানে পারিবারিক শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা সম্পর্কে আলোচনা করা হয়। আমি মনে করি, যারা এ অনুষ্ঠান শুনছেন তারা এ থেকে খুবই উপকৃত হচ্ছেন। আর যারা এ অনুষ্ঠানটি শুনছেন না, তাদেরকে শোনার আমন্ত্রণ জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, যে কেউ এর যে কোনো দুটি পর্ব শুনলে পরবর্তী পর্বগুলো আর না শুনে থাকতে পারবেন না।”  

আকতার জাহান: বোন শরিফা আক্তার পান্না, আপনার আহ্বানে সাড়া দিয়ে আমাদের সকল শ্রোতাবন্ধু ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটি নিয়মিত শোনার চেষ্টা করবেন বলে আমরা বিশ্বাস করি। চিঠি লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গাজী আবদুর রশীদ আসরের পরের চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আর পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল। তিনি লিখেছেন, রেডিও তেহরানের রংধনু অনুষ্ঠান শুনে শিশু-কিশোররা কেমন মুগ্ধ হয়ে যায় তা নিজের বাড়ির অষ্টাদশী কন্যা বিনীতা সান্যাল এবং ৯ বছরের কন্যা বনসারি সান্যালের আত্মতৃপ্তির চোখ দেখেই বুঝতে পারি। কিন্তু শিশু-কিশোরদের পাশাপাশি আমার মতো ৫২ উত্তীর্ণ বয়স্কদেরও কিভাবে শিশু-কিশোরে পরিণত করে তার আত্মোপলব্ধি কথা কী আর বলব! ফিরে যাই সেই ছোট্ট বেলায়---------।

এই চিঠিতে বিধান দা গত ২৯ জুলাইয়ের রংধনু অনুষ্ঠানটির প্রশংসা করেছেন। অনুষ্ঠানের প্রযোজক ও উপস্থাপকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আশরাফুর রহমান: রংধনু আসর সম্পর্কে চমৎকার মতামতের জন্য বিধান চন্দ্র সান্যাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনার ছোট্ট কন্যা বনসারি সান্যাল কিন্তু রংধনু আসরে অংশ নিতে পারে। সে আগ্রহী হলে আমাদেরকে জানাবেন। আমরাই ফোন করে তার সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থা করব।

আকতার জাহান: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রাম থেকে মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা পাঠিয়েছেন এবারের মেইলটি তিনি নিজেকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন, রেডিও তেহরানের মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জন করা যায়। তাই ইসলামপিয়াসু ভক্ত শ্রোতাবন্ধুরা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান খুব মন দিয়ে শুনে থাকেন। ভারতের অনেক শ্রোতা বন্ধু আছেন যারা হিন্দু ধর্মে বিশ্বাসী কিন্তু ইসলামী রিপাবলিক অব ইরানের অনুষ্ঠান নিয়মিত শুনে থাকেন এবং অনেক সুন্দর সুন্দর মতামত প্রদান করে থাকেন যা খুব ভালো লাগে।

এই চিঠিতে ভাই আব্দুল হাকিম তিনটি প্রশ্ন করেছেন। আজকের আসরে আমরা তার একটি প্রশ্নের জবাব দেবো। প্রশ্নটি হচ্ছে ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক কিনা?

গাজী আবদুর রশীদ: ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে পর্যায়ক্রমে হিজাব বাধ্যতামূলক করা হয়েছে। বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনি (রহ.) ঘোষণা করেছিলেন যে, নারীদের ইসলামী পোশাক বিধি মেনে চলা উচিতপরবর্তীতে ১৯৮০ সালে সকল সরকারি অফিসে হিজাব বাধ্যতামূলক করা হয় এরপর ১৯৮৩ সালে সকল নারীর অর্থাৎ অমুসলিম এবং বিদেশিসহ সবার জন্য হিজাব বাধ্যতামূলক করা হয়।

আশরাফুর রহমান: আব্দুল হাকিম ভাইয়ের প্রশ্নের জবাব দেওয়া হলো। আশা করি তার কৌতুহল মিটেছে। আসরের এ পর্যায়ে আমরা কথা বলব এক বাংলাদেশি শ্রোতাবন্ধুর সঙ্গে। তিনি একাধারে একজন কবি, সাংবাদিক ও ক্রীড়াবিদ।  

আকতার জাহান: সাক্ষাৎকারের পর আবারো ইমেইলের দিকে নজর দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন এবারের চিঠিটি।

তিনি লিখেছেন, “বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, খেলাধুলা, সিনেমা প্রভৃতি ছাড়াও বিশ্ব তোলপাড় করা অদৃশ্য শত্রু ‘করোনা’ ভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর খবর এবং বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো রেডিও তেহরানের প্রতিদিনের পরিবেশনাগুলো আমার কাছে অত্যন্ত উপভোগ্য লাগে। তাইতো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কখন সন্ধ্যা হবে। আর সন্ধ্যা হলেই তোমায় শুনতে বসব।”

এ চিঠিতে এ শ্রোতাবোন ১২ জুলাই প্রচারিত চিঠিপত্রের আসর প্রিয়জনের প্রশংসা করেছেন।

গাজী আবদুর রশীদ: বোন মনীষা রায়কে ধন্যবাদ তার ভালোলাগার অনুভূতি জানিয়ে চিঠি লিখার জন্য।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তিস্বীকার করছি। সময়ের অভাবে যাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না তাদের কয়েকজন হলেন-

  • ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা থেকে ভাস্কর পাল
  • মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে নিজামুদ্দিন সেখ
  • সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ থেকে তাছলিমা আক্তার লিমা
  • মোঃ শাহাদত হোসেন কিশোরগঞ্জ থেকে
  • একই জেলার বাজিতপুর থেকে মোঃ সাগর মিয়া
  • এবং হরিদাস রায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে

আশরাফুর রহমান: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আসর এখানেই শেষ করছি।

আকতার জাহান: কথা হবে প্রিয়জনের আগামী আসরে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।