একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৯ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকা:
রাবি অধ্যাপক হত্যায় গ্রেপ্তার হওয়া শিবির নেতার মৃত্যু- প্রথম আলো
আটক চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা - যুগান্তর
ক্ষমতায় যেতে ইসরায়েলের দ্বারস্থ বিএনপি : হানিফ- কালের কন্ঠ
ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না: সেলিম ওসমান- সমকাল
সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট পেছাল -বাংলাদেশ প্রতিদিন
‘স্বাধীন বিচার বিভাগ না থাকলে কেউ নিরাপদ থাকব না'’-ইত্তেফাক
সুন্দরবন বিনাসে সরকার জনবিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে : আনু মুহাম্মদ - নয়া দিগন্ত
জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরকারের হুবহু মিল রয়েছে : রিজভী- কালের কন্ঠ
কোলকাতা:
পাঁচ রাজ্যের ভোটে সব থেকে ক্ষতিগ্রস্ত কংগ্রেস, স্বস্তি বিজেপি-র- আনন্দবাজার
ভূত' তাড়াল জনতা, বাংলা জুড়ে মমতা!- এইসময় অনলাইন
তো শ্রোতাবন্ধুরা/ পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যেকোনো সময়ের চেয়ে ভালো' –বাংলাদেশ প্রতিদিন
খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো রয়েছে। সামান্য চুরি, ডাকাতি, হত্যা এই ধরনের অপরাধ এখন অনেক কম হচ্ছে। আমাদের মতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক নিয়ন্ত্রণে রয়েছে।' নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছিতের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, 'আমরা সবাই শিক্ষকদের শ্রদ্ধা করি। আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামনে পেলে পায়ে ধরে সালাম করি। সেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশের কিছু করার নেই। এই ঘটনায় আদালতে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে যদি আমাদের কিছু করার থাকে তবে আমরা অবশ্যই তা করবো।'
শিক্ষামন্ত্রীর ঘোষণা-শ্যামল কান্তির বহিষ্কার বেআইনি, স্বপদে বহাল থাকবেন-যুগান্তর
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে বরখাস্তের সিদ্ধান্তকে বেআইনী ঘোষণা করে তাকে স্বপদে বহাল রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কাল্পনিক অভিযোগে শিক্ষক শ্যামলকে বহিষ্কার করায় বিদ্যালয়টির পরিচালনা কমিটিকে বিলুপ্ত করার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে, প্রথম আলোর খবর-‘তারছেড়া শিক্ষক’স্বেচ্ছায় কান ধরেছেন: সেলিম ওসমান
শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ‘তারছেড়া’উল্লেখ করে স্থানীয় সাংসদ সেলিম ওসমান বলেছেন, শিক্ষক ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। জীবন বাঁচানোর জন্য তিনি স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন সাংসদ সেলিম ওসমান।
সাংবাদিকেরা জানতে চান, এ ঘটনায় সারা দেশের লোক ‘সরি স্যার বলছে। সাধারণ জনগণ ও রাজনৈতিক মহল থেকে সাংসদের ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। আপনি ক্ষমা চাইবেন কি না ?এতে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে সাংসদ বলেন, ‘আমি কার কাছে ক্ষমা চাইব? আল্লাহর কটাক্ষকারীর সাজা হয়েছে। আমি যদি মরেও যাই তাও ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।’
আর সমকাল তার এই বক্তব্যকে শিরোনাম করেছে-ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না
সমকাল লিখেছে, সংবাদ সম্মেলনে সেলিম ওসমান বলেন, আমি কার কাছে ক্ষমা চাইব? আল্লাহর কটাক্ষকারীর সাজা হয়েছে। আমি যদি মরেও যাই তাও ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।
উৎকণ্ঠা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে-বাংলাদেশে প্রতিদিন
অনিয়মের শীর্ষে সেবাখাতগুলো। মাঠে নেমেছে দুদক । হাজার হাজার কোটি টাকা লুটপাটের তদন্ত । চলছে গ্রেফতার অভিযান
রূপালী ব্যাংকের ১ হাজার কোটি টাকার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুধু রূপালী ব্যাংকই নয়, আর্থিক ও সেবা খাতের সব প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির তদন্তে নেমেছে দুদক। পর্যায়ক্রমে সব খাতেরই অনিয়ম-দুর্নীতি তদন্ত করবে প্রতিষ্ঠানটি। সেবা খাতগুলোর বর্তমান অনিয়ম ও দুর্নীতি নিয়ে খোদ সরকারের মধ্যেই উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। টাকা ছাড়া সেবা খাতের সরকারি প্রতিষ্ঠানগুলোর কোনো সেবা পাওয়া যায় না। সেগুলোয় মানুষ দিনের পর দিন হয়রানির শিকার। অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়েছে। এ অবস্থায় সেবা খাতগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে বর্তমান পরিস্থিতির উন্নয়নে খোদ সরকারপ্রধানই দুদককে নির্দেশ দিয়েছেন ওসব অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারপ্রধানের নির্দেশনার পর দুদক এখন ব্যস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে।
স্বাধীন বিচার বিভাগ না থাকলে কেউ নিরাপদ থাকব না'-ইত্তেফাক
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, বিচারক ও আইনজীবীদের মূল্যবোধ একই। এই মূল্যবোধ থেকে আমাদেরকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। তাই স্বাধীন বিচার বিভাগ না থাকলে আমরা কেউ নিরাপদ থাকব না।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে একটি মামলার শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, নারায়ণগঞ্জের স্কুল শিক্ষিককে কান ধরে উঠ-বস করানো সভ্য সমাজ ও সাংবিধানিক আইনের শাসনের পরিপন্থি।
ক্ষমতায় যেতে ইসরায়েলের দ্বারস্থ বিএনপি : হানিফ-কালের কন্ঠ
যারা নিজেদের বাংলাদেশের ইসলাম ধর্মের ধারক বাহক বলে দাবি করেন তারাই মুসলিম বিশ্বের ঘৃণিত দেশ হিসেবে চিহ্ণিত ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ জনগণের কাছে যায়। কিন্তু বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার লোভে ইসরায়েলের দ্বারস্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, মুসলিম বিশ্বের শত্রু হিসেবে যে দেশ চিহ্ণিত তার কাছে হাত-পায়ে ধরে দ্বারস্থ হতে হবে এমন হীন মানসিকতা ও লজ্জাজনক কর্মকাণ্ড শুধু বিএনপিরই হয়।
জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরকারের হুবহু মিল রয়েছে : রিজভী-কালের কন্ঠ
জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বর্তমান সরকারের আচরণেরই হুবহু মিল রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর শালবাগান এলাকায় নিহত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর পরিবারকে সমবেদনা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক রেজাউল হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, মানুষকে বিভ্রান্ত ও জনদৃষ্টিকে ঝাপসা করার জন্যে নয়, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
শ্রোতাবন্ধুরা!/পাঠক ! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।
ভূত' তাড়াল জনতা, বাংলা জুড়ে মমতা!- এইসময় অনলাইন
বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গি ফের শেষ হাসি হাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতায় নতজানু জোট। এবার দলকেও ঢেলে সাজাবেন মমতা।
মমতাকে শুভেচ্ছা-ফোন মোদীর- আনন্দবাজার
মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে গণনা শুরু হতেই একের পর এক কেন্দ্র থেকে তৃণমূলের জয়ের খবর আসতে শুরু করে। বেলা যত গড়িয়েছে, তৃণমূল সমর্থকদের হাসি তত চওড়া হয়েছে। তারই মধ্যে মমতাকে ফোন করেন মোদী। টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মমতাজির সঙ্গে কথা হয়েছে। অসাধারণ এই জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি।’এর পরেই তিনি জানিয়েছেন, ‘রাজ্যে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার জন্য তার প্রতি শুভ কামনাও রইল।’
বিধানসভা ভোট নিয়ে একনজরে আজকালের খবরে বলা হয়েছে, অসমে কংগ্রেসকে হারালো বিজেপি। কেন্দ্রশাসিত পুন্ডুচেরিতে কংগ্রেস ডিএমকে জোট জয়ী হয়েছে। তারা পেয়েছে ১৪টি আসন। এ আই এ ডি এম কে পেয়েছে ১০ আসন। তামিলনাড়ুতে ফের ক্ষমতায় ফিরছেন আম্মা। ২৩৪টি আসনের মধ্যে ১২৬টিতে জয়ী জয়ললিতার এ ডি এম কে। ১০৪ আসন পেয়েছে করুণানিধির ডি এম কে। তিন দশকে এই প্রথম কোনও দল পরপর দু’বার জয়ী হল সেখানে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯