গণঅধিকার পরিষদের নেতা রেজা কিবরিয়া এবং ভিপি নুরের ওপর হামলা
https://parstoday.ir/bn/news/bangladesh-i100114-গণঅধিকার_পরিষদের_নেতা_রেজা_কিবরিয়া_এবং_ভিপি_নুরের_ওপর_হামলা
প্রয়াত জননেতা মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে টাঙ্গাইলের সন্তোষে হামলার শিকার হয়েছেন নবগঠিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সংগঠনটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৭, ২০২১ ১৫:২৭ Asia/Dhaka
  • গণঅধিকার পরিষদের নেতা রেজা কিবরিয়া এবং ভিপি নুরের ওপর হামলা

প্রয়াত জননেতা মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে টাঙ্গাইলের সন্তোষে হামলার শিকার হয়েছেন নবগঠিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সংগঠনটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর এ হামলা করে বলে অভিযোগ করেন হামলার এক পর্যায়ে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরসহ নেতাকর্মীরা পুলিশ ভ্যানে আশ্রয় নেয় বলে জানান তিনি।

সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান অভিযোগ করেছেন, তাদের গাড়ী বহর দুপুর ১২টার দিকে মাওলানা ভাসানীর মাজারের কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর কয়েক দফায় হামলা চালায়।  এতে ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।এ সময় হামলাকারীরা রেজা  কিবরিয়া ও নূরের  বিরুদ্ধে  নানা স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবির পাল পালটা অভিযোগ করে বলেন,  ড. রেজা ও ভিপি নুর সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলো। ছাত্রলীগের পক্ষ থেকে তার প্রতিবাদ করায় তারা আমাদের উপর হামলা করেন। এতে ছাত্রলীগের চার সদস্য আহত হয়।

হামলার বিষয়ে টাঙ্গাইলের অতিরক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) সরওয়ার হোসেন বলেন, গণঅধিকার পরিষদের নেতারা মাওলানা ভাসানীর মাজারের কাছাকাছি পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এক পর্যায়ে ড. কিবরিয়া ও নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় ছাত্রলীগের বেশ কয়েক জন আহত হয়েছেন। আর প্রতিপক্ষের কেউ আহত হয়েছেন কি না তা তিনি বলতে পারেননি।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান / বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।