৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজপথ ছাড়লো শিক্ষার্থীরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i100354-৪৮_ঘণ্টার_আল্টিমেটাম_দিয়ে_রাজপথ_ছাড়লো_শিক্ষার্থীরা
গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার (হাফ পাস) দাবি মেনে নিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে শিক্ষার্থীরা আজ অপরাহ্নে রাজপথ ছড়ে যায়।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
নভেম্বর ২৩, ২০২১ ১৫:৩১ Asia/Dhaka
  • ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজপথ ছাড়লো শিক্ষার্থীরা

গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার (হাফ পাস) দাবি মেনে নিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে শিক্ষার্থীরা আজ অপরাহ্নে রাজপথ ছড়ে যায়।

টানা কয়েক দিনের মতো আজ মঙ্গলবারও গণপরিবহনের হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর রাস্তায় নামেন। রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হন। এসময় শিক্ষার্থীদের স্লোগান ছিল  ‘হাফ পাস আমার অধিকার, নয় কোনো আবদার’

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধার করে প্রজ্ঞাপন জারির দাবিতে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে আজ হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির শেষ পর্যায়ে দুই দফায় শিক্ষার্থীদের ওপর হামলা হয়৷

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, হামলার আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বিরুদ্ধে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে তর্ক বাধানো কথা-কাটাকাটির মধ্যেই লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়৷ কিছু শিক্ষার্থী এই হামলার শিকার হন৷

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার শিক্ষার্থীরা অভিযোগ করেছেন,  কর্মসূচির শেষ পর্যায়ে সায়েন্স ল্যাব থেকে নিউমার্কেটের মোড় ঘুরে ফের সায়েন্স ল্যাব পর্যন্ত একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা৷ ওই মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে হামলা চালান৷

শিক্ষার্থীরা বলছে, প্রথম দফা হামলার পর সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শিক্ষার্থীরা জড়ো হলে তাঁদের ওপর আরেক দফা হামলা করে ছাত্রলীগ। এই হামলার সময় রাস্তায় স্কুল-কলেজের পোশাক পরা সব শিক্ষার্থীকেই মারধর করা হয়৷ হামলার পর 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে দিতে তাঁরা ঢাকা কলেজের ভেতরে চলে যান৷

এদিকে, হাফ পাসের দাবিতে চলমান আন্দোলন থেকে পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের একছাত্রকে ধরে নিয়ে যাওয়া অভিযোগ পাওয়া গেছে।

পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।