বাংলাদেশে 'গুম'-এর সংস্কৃতি এখনই থামাতে বলেছে জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/bangladesh-i101678-বাংলাদেশে_'গুম'_এর_সংস্কৃতি_এখনই_থামাতে_বলেছে_জাতিসংঘ
বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে 'গুম'-এর যে সংস্কৃতি চালু হয়েছে তা এখনই থামাতে বলেছে জাতিসংঘ। এ সংক্রান্ত এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে গুরুতর ওই অপরাধ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে বলেছে গুমবিষয়ক জাতিসংঘ কমিটি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২১ ১৩:০২ Asia/Dhaka

বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে 'গুম'-এর যে সংস্কৃতি চালু হয়েছে তা এখনই থামাতে বলেছে জাতিসংঘ। এ সংক্রান্ত এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে গুরুতর ওই অপরাধ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে বলেছে গুমবিষয়ক জাতিসংঘ কমিটি।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বলেছে, বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমতাবলম্বীদের নিশানা করতে গুমকে অব্যাহতভাবে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। গুমের এসব অভিযোগের বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।

এ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ প্রতিনিধি দল বাংলাদেশে আসার জন্য দফায় দফায় চেষ্টা করেছে, কিন্তু ঢাকার তরফে সহযোগিতা দূরে থাক, সাড়া-ই মেলেনি।

বিষয়টি নিয়ে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং কমিটির ১২৫তম বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে হালনাগাদ হওয়া একটি রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে।

বিভিন্ন বেসরকারি সংস্থা ও গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্য এবং তাঁদের ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের ভিত্তিতে ওই পর্যালোচনার কাজ সম্পন্ন করে ওয়ার্কিং গ্রুপ।

গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে দেশে চলমান গুম-খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তারা সরকার এবং বিশেষ করে আইন-শৃংখলা বাহিনীকে অভিযুক্ত করে আসছিল। এখন জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট এবং র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তাদের সে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে।

তবে বাংলাদেশ সরকার জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট বরাবরের মতই অস্বীকার করেছে এবং উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে।

গত সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভায় আইনমন্ত্রী আনিসুল হক গুমের অভিযোগ খণ্ডন করে বলেছেন, বাংলাদেশে ঘন ঘন গুমের যে অভিযোগ করা হয় তার সঙ্গে সরকার একমত নয়। নানা কারণে নিখোঁজ ব্যক্তিদের ‘গুম’ হিসেবে চালিয়ে দেয়ার একটি প্রবণতা বাংলাদেশে লক্ষণীয়। মন্ত্রী পাল্টা অভিযোগ করেন এমন দাবি সরকারের অর্জন ও ভাব-মর্যাদাকে ক্ষুণ্ন করার হীনউদ্দেশ্যে করা হয়ে থাকে।

এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে অভিযোগ করেছেন, নিজেরাই নিজের দলের নেতাদের গুম ও হত্যা করে সেটার দায় সরকারের ওপর চাপানো বিএনপির দীর্ঘদিনের অপচেষ্টা। গুম নিয়ে দলটির নেতা-কর্মীদের মাঠ গরমের চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।