খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজনে ঊর্ধ্বতনের পরামর্শ নেব: স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i101802-খালেদা_জিয়ার_চিকিৎসায়_প্রয়োজনে_ঊর্ধ্বতনের_পরামর্শ_নেব_স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে প্রয়োজনে ঊর্ধ্বতনের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২১ ১৪:১৫ Asia/Dhaka
  • আসাদুজ্জামান খান কামাল
    আসাদুজ্জামান খান কামাল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে প্রয়োজনে ঊর্ধ্বতনের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার যে আবেদন করেছেন, তা আইনগত কি না- তা জানার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। সেখানে আইনমন্ত্রী একটা মতামত দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করছি। যদি আমরা প্রয়োজন মনে করি আরও ঊর্ধ্বতন জায়গায় পাঠিয়ে তাদের পরামর্শ নেব। এখন আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি, এটা নিয়ে আমাদের আরও কথা বলতে হবে। 

তিনি বলেন, আইনমন্ত্রী যেভাবে লিখেছেন, সেখানে বলা হয়েছে, আইনগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আমরা এখন বসে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেব। 

মানবিক দিক বিবেচনা করা হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মানবিক দিক বিবেচনা করেই ওই ব্যবস্থা নিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাঁর দণ্ড কার্যকর ছিল। তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। তারপরও তাঁর ছোট ভাই আবেদন করাতে তাঁকে আরও অধিকতর সুযোগ দেওয়ার জন্য মানবিক কারণে প্রধানমন্ত্রী দণ্ডাদেশ স্থগিত করে বাসায় রেখে চিকিৎসাসেবা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশের ভিতরে যেকোনো মেডিকেলে যেকোনো চিকিৎসকের চিকিৎসা খালেদা জিয়া নিতে পারবেন। এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার আবার আবেদন করেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাবেন। এ বিষয়ে আইনমন্ত্রীর কাছ থেকে মতামত আসছে যে, আইনে এর কোনো সুযোগ নেই। 

হাসপাতালে খালেদা জিয়া

'খালেদা জিয়ার শারীরিক অবস্থা কখনো ভালো, কখনো খারাপ'

এদিকে, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয় বলে মন করছেন তার চিকিৎসকরা। তারা বলছেন, সাবেক এ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা কখনো ভালো, আবার কখনো খারাপ। শারীরিক অসুস্থতার পাশাপাশি দিনদিন তার স্বাস্থ্যহানি ঘটার বিষয়টি নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবমিলিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশান্বিত হওয়ার মতো উন্নতি হয়নি। তাই তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা যাচ্ছে না।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে জানান, ম্যাডাম এখনো অসুস্থ। যেকোনো সময় ম্যাডামের যেকোনো কিছু হতে পারে। যেকোনো সময় তার শারীরিক অবস্থা খারাপ হতে পারে। তিনি সিসিইউতে আছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যাডামের চিকিৎসায় বিদেশ থেকে কোনো ওষুধ বা যন্ত্র আনা হয়নি। কোনো হাসপাতালে রোগী চিকিৎসাধীন থাকলে বিদেশ থেকে কিছু আনা কি সম্ভব? আপনি চাইলে বিদেশ থেকে কিছু এনে হাসপাতালের একটা ডিপার্টমেন্টে স্থাপন করতে পারবেন? এখন কেউ যদি কিছু লিখে দেন তখন আমাদের আসলে কিছু করার নেই।

খালেদা জিয়া গত ১৩ নভেম্বর থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়া সরকারি আদেশে মুক্ত থাকার মধ্যে এখন অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চায় বিএনপি। কিন্তু সরকারের সায় এখনও পায়নি। #

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।